খেলাধুলা
তেদেস্কোর কোচিংয়ে বেলজিয়াম দলে ফিরবেন না কোর্তোয়া
রবের্তা মার্তিনেস দায়িত্ব ছাড়ার পর দমিনিকো তেদেস্কোর তত্ত্বাবধায়নে ভালো নেই বেলজিয়াম। দলীয় অর্জন তো একেবারেই নেই, তার ওপর খেলোয়াড়দের সঙ্গেও দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এসেছে।
ইতালিয়ান বংশোদ্ভূত এই জার্মান কোচের তত্ত্বাবধায়নে জাতীয় দলে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান কোর্তোয়া।
বর্তমান ফুটবল বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যে একজন ৩২ বছর বয়সী এই বেলজিয়ান। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফিরে এসেই গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অথচ তার কিছুদিন পর শুরু হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে বেলজিয়াম দল থেকে বাদ পড়েন এই গোলরক্ষক। ফুটবল অঙ্গনের অনেকের ধারণা, কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরেই ইউরোতে তার খেলা হয়নি।
তবে রাখঢাক ছেড়ে এবার প্রকাশ্যে সেই ধারণার সত্যতা জানিয়ে দিলেন কোর্তোয়া নিজেই।
আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুইস গোলরক্ষক জমের
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘জাতীয় দলের জার্সিতে খেলা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এই জার্সি পরতে পারায় নিজেকে গর্বিত মনে করি আমি। আমার অদ্ভুত স্বপ্নগুলোতেও কখনও জাতীয় দলের জার্সি পরে ১০০ ম্যাচ খেলার কথা ভাবিনি।’
‘তবে দুর্ভাগ্যজনকভাবে কোচের সঙ্গে কিছু ঘটনা এবং সেসবের প্রতিফল বিবেচনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, তার (তেদেস্কো) অধীনে আমি জাতীয় দলে আর ফিরব না। এ বিষয়ে আমি নিজের দিক থেকে সব দায় নিচ্ছি। তবে তার প্রতি আমার আস্থার ঘাটতি হলেও (তার প্রতি) আন্তরিকতার পরিবেশ বজায় রাখতে কোনো অসুবিধা হবে না।’
এ নিয়ে বেলজিয়াম ফুটবল ফেডারেশনের সঙ্গেও আলোচনা করেছেন জানিয়ে কোর্তোয়া লিখেছেন, ‘ফেডারেশনের সঙ্গে এ নিয়ে অনেকবার আলোচনার পর অবশেষে তারা আমার এই পীড়াদায়ক সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। তবে আমার মনে হয়, (বেলজিয়াম) দলের জন্য এটাই এখন সবচেয়ে ভালো পদক্ষেপ। কারণ এটি বিতর্ক থামিয়ে দলকে লক্ষ্য অর্জনে মনোযোগী হতে সহযোগিতা করবে।’
ভক্ত-সমর্থকদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’
৬৫০ দিন আগে
মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
ডান পায়ের পেশীতে চোট পেয়ে নতুন মৌসুমের শুরুতেই ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তার চোটে চিন্তার ভাঁজ পড়েছে ইংল্যান্ড জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির কপালেও।
শুক্রবার (২৩ আগস্ট) বেলিংহ্যামের ইনজুরির বিষয়ে এক বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ।
বিবৃতিতে বলা হয়, ‘জুড বেলিংহ্যামের ওপর রিয়াল মাদ্রিদ মেডিকেল সার্ভিসের পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডান পায়ের পেশীতে চোট ধরা পড়েছে। তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বেলিংহ্যামকে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি ট্রেনিংয়ে ফিরতে পারেন।
এ কথা সত্যি হলে লিগে কয়েক ম্যাচে তাকে পাচ্ছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি।
আরও পড়ুন: আক্রমণভাগে পরিবর্তন আসায় দলে ভারসাম্যের অভাব দেখছেন আনচেলত্তি
গত সপ্তাহে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। আগামী রবিবার রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ওই ম্যাচের আগে অনুশীলন করতে গিয়েই চোট পেয়েছেন তিনি।
এছাড়া সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া উয়েফা নেশন্স লিগের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচেও তাকে পাচ্ছেন না গ্যারেথ সাউথগেটের চলে যাওয়ার পর থ্রি লায়ন্সদের দ্বায়িত্ব সামলানো অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি।
আগামী মাসের ৭ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে নেশন্স লিগের ‘বি’ লিগে নিজেদের যাত্রা শুরু করবে সদ্য শেষ হওয়া ইউরো রানার্স-আপরা। এরপর ১০ তারিখে ফিনল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ-২ এ তাদের অপর প্রতিপক্ষ গ্রিস। নেশন্স লিগের পরবর্তী আসরের মূল পর্বে জায়গা করে নিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই তাদের।
প্রসঙ্গত, সবশেষ ইউরোর ফাইনালে হারের দুই দিন পর ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। দীর্ঘ ৮ বছর পর কোচের পদ খালি হলেও এখনও কাউকে সাউথগেটের স্থলাভিষিক্ত করতে পারেনি ইংলিশ ফুটবল ফেডারেশন। তার অবর্তমানে এখন পদটি সামলাচ্ছেন সহকারী কোচ কার্সলি।
উল্লেখ্য, গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহ্যাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
৬৫০ দিন আগে
বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির
দেশের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এ পর্যন্ত ১১টি জেলায় ৪৪ লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশের এমন সংকটকালে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইতোমধ্যে ব্যক্তিগত পর্যায়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটারদের অনেকে। এবার সাংগঠিনকভাবে বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছে বিসিবি।
শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলছেন, ‘বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা করতে আমরা প্রস্তুত।’
তিনি আরও বলেছেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহবান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’
আরও পড়ুন: বন্যায় ১৩ জনের মৃত্যু, ১১ জেলায় ৪৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
৬৫০ দিন আগে
রাহিম স্টার্লিং পরিকল্পনায় নেই, স্পষ্ট জানিয়ে দিলেন মারেসকা
নতুন কোচের তত্ত্বাবধায়নে বেশ কিছুদিনের অনিশ্চয়তায় পর এবার রাহিম স্টার্লিং জানতে পারলেন, চেলসিতে তিনি একেবারেই ব্রাত্য। সদ্য শুরু হওয়া মৌসুমে দলের পরিকল্পনায় তিনি যে একেবারেই নেই, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোচ এনসো মারেসকা।
তবে প্রাক-মৌসুমে চেলসির ম্যাচগুলোতে দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র। যুক্তরাষ্ট্র সফরকালে ছয় ম্যাচের সবকটিতে খেলানো হয়েছে স্টার্লিংকে। কিন্তু লিগের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির মতো প্রতিপক্ষের বিপক্ষ শুরুর একাদশ তো দূরের কথা, স্কোয়াডেও রাখা হয়নি তাকে।
তাছাড়া, উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফ ম্যাচের আগে মূল স্কোয়াডের সঙ্গেও অনুশীলনে দেখা যায়নি স্টার্লিংকে।
চেলসিতে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর থাকলেও কোচের এমন সিদ্ধান্তে খানিকটা অস্পষ্টতায় ভুগছিলেন স্টার্লিং। তাই তাকে নিয়ে ক্লাবের সিদ্ধান্ত জানতে চেয়ে বিবৃতি দিয়েছিলেন ২৯ বছর বয়সী এই উইঙ্গার।
এর পরিপ্রেক্ষিতে কোচ মারেসকা জানালেন, আগেই স্টার্লিংয়ের কাছে তিনি সব স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন।
আরও পড়ুন: অবশেষে ‘ঠিকানা’ খুঁজে পেলেন ফেলিক্স
বৃহস্পতিবার রাতে সার্ভেত্তের বিপক্ষে প্লে-অফ খেলতে নামবে চেলসি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্টালিংয়ের প্রতি কোচ ‘নিষ্ঠুর’ আচরণ করছেন কি না, তা জানতে চান এক সাংবাদিক।
জবাবে মারেসকা বলেন, ‘আমার একদমই তা মনে হয় না। আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। সিটি ম্যাচের আগেই আমি রাহিমের সঙ্গে কথা বলেছি, এটা স্পষ্ট না হলে আমি আবারও বলতে পারি।’
‘আমি তাকে পরিষ্কার বলেছি যে, এ মৌসুমে তাকে দলে সুযোগ পেতে ভুগতে হবে। আর সে কারণেই সে (সিটির বিপক্ষে) স্কোয়াডে নেই।’
ম্যানচেস্টার সিটিতে সাত বছর কাটানোর পর ২০২২ সালে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্টার্লিংকে দলে ভেড়ায় চেলসি। যে প্রত্যাশা নিয়ে তাকে এনেছিল ক্লাবটি, তিনি তা পুরোপুরি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। ব্লুজদের জার্সিতে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৮১ ম্যাচ খেলে মাত্র ১৯ গোল করেছেন এই ইংলিশ ম্যান।
মারেসকা বলেন, ‘সিটি ম্যাচের আগে আমি তাকে পরিস্থিতি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি। আমার যদি আবার তার সঙ্গে কথা বলতে হয়, আমি সেই কথাগুলোই বলব। তাকে বলার মতো নতুন কিছু আমার কাছে নেই।’
গত কয়েক মৌসুমে প্রচুর পরিমাণে খেলোয়াড় কেনায় চেলসির স্কোয়াডে বর্তমানে ৪২ জন ফুটবলার রয়েছেন। তবে সবাইকে নিয়ে ভাবছেন না বলে জানালেন ৪৪ বছর বয়সী ইতালিয়ান এই কোচ।
‘আমি কোনোমতেই ৪২-৪৩ জন খেলোয়াড় নিয়ে কাজ করতে যাচ্ছি না। আপনি বলতে পারেন যে, আমাদের স্কোয়াডে এত খেলোয়াড় রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে, তাদের ১৫ জনেরও বেশি আলাদাভাবে অনুশীলন করছে। তারা (আমার) দলে নেই। তাই বাইরে থেকে যতটা জটিল দেখা যায়, পরিস্থিতি ততটা জটিল নয়।’
আরও পড়ুন: চেলসি থেকে আতলেতিকো মাদ্রিদে গ্যালাগার
শুধু স্টার্লিং নয়, ইংলিশ লেফট ব্যাক বেন চিলওয়েলের ব্যাপারেও একই ধরনের কথা শোনালেন তিনি।
‘আমি বলছি না যে সে ভালো ফুটবলার নয়, তবে আমার দলে সে যথেষ্ট সুযোগ পাবে না। আমি নির্দয় নই, তবে স্রেফ সত্যিটা বলছি।’
আগামী ৩০ আগস্ট প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদল মৌসুম শেষ হচ্ছে। কোচের এমন সিদ্ধান্তের পর তাই এই সময়ের মধ্যেই অনেক খেলোয়াড় অন্যত্র বিক্রি করে দেওয়ার চেষ্টায় থাকবে চেলসি।
ইএসপিএনের খবর অনুসারে, স্টার্লিকে দলে টানতে আগ্রহী ইতালির ক্লাব ইউভেন্তুস। এছাড়া আরও দুয়েকটি ক্লাবও তার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে গুঞ্জন রয়েছে।
আরও পড়ুন: প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ: ব্রাজিল পুলিশের তদন্তে নির্দোষ আন্তোনি
৬৫১ দিন আগে
প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ: ব্রাজিল পুলিশের তদন্তে নির্দোষ আন্তোনি
সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে হওয়া মামলার প্রাথমিক তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলীয় ফরোয়ার্ড আন্তোনি। তবে প্রাথমিক তদন্ত শেষ হলেও মামলাটির কার্যক্রম চলবে বলে জানা গেছে।
গত বছরের সেপ্টেম্বরে আন্তোনির সাবেক প্রেমিকা গাব্রিয়েলা কাভালিন তরুণ এই ফুটবলারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। অবশ্য শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন আন্তোনি। সেসময় তিনি গ্রেপ্তার না হলেও ব্রাজিল ও ইংল্যান্ডে তার বিরুদ্ধে মামলা ও অপরাধের তদন্ত চলছে।
খেলোয়াড়ের আইনজীবীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (২০ আগস্ট) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে নিশ্চিত করা যাচ্ছে যে, বিবাদী অ্যান্তোনি মাথিউস দস সান্তোসের বিরুদ্ধে (ব্রাজিল) পুলিশের তদন্তটি কোনো অভিযোগ না পেয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিবাদীপক্ষ সবসময় বিশ্বাস করে যে, তদন্তগুলো আন্তোনিকে নির্দোষ প্রমাণ করবে।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমালেন ভারান
তবে পুলিশি তদন্তে কোনো অভিযোগ পাওয়া না গেলেও মামলাটি এখনও বাতিল করা হয়নি। কারণ বাদীপক্ষ থেকে এখনও এটি পর্যালোচনা করা হচ্ছে। শুধু থাই নয়, এ বিষয়ে আরও একটি তদন্ত শুরু হতে পারে, যা শেষ হওয়ার পরই (আদলত থেকে) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে ৮২ মিলিয়ন পাউন্ডের (৯৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে ডাচ ক্লাব আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন আন্তোনি। এটি সেসময় ডাচ লিগের সর্বোচ্চ দলবদল ফি ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডেরও দ্বিতীয় সর্বোচ্চ দলবদল ফি ছিল এটি।
এর এক বছর পর ২০২৩ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় আন্তোনির বিরুদ্ধে ওই অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল।
এরপর রায়সা দে ফ্রেইতাস ও ইনগ্রিদ লানা নামের দুই নারীও তার বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ তোলেন। ম্যানচেস্টারের একটি হোটেলে এই অভিযোগগুলোর একটি ঘটেছে বলে জানায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
আরও পড়ুন: ইউটিউবে যাত্রা শুরু রোনালদোর
সেসময় ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়, তারা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে।
পরবর্তীতে ওই বছরের ১০ সেপ্টেম্বর আন্তোনিকে পুরো বেতনসহ ছুটি দেয় ক্লাবটি। এরপর ম্যানচেস্টার পুলিশের কাছে জেরার পর ২৯ সেপ্টেম্বর থেকে পুনরায় প্রশিক্ষণ শুরু করেন তিনি। পরে অক্টোবরের শুরুতে তিনি মাঠে ফেরেন।
এ বছরের জানুয়ারিতে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ জানান, ওই ঘটনা আন্তোনির ফর্মে প্রভাব ফেলেছে।
৬৫১ দিন আগে
ইউটিউবে যাত্রা শুরু রোনালদোর
দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল মাঠে রাজত্ব করে চলা পর্তুগিজ মহাতরকা ক্রিস্তিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই সক্রিয়। এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেছেন তিনি।
ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে আগে থেকেই সক্রিয় ছিলেন রোনালদো। এর মধ্যে ইনস্টাগ্রাম ও ফেসবুকে তো অনুসারীর সংখ্যায় তার ধারেকাছেও কেউ নেই। ইউটিউবে যোগ দেওয়ার পরও দেখা গেল একই ধারা।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেল ‘ইউআর ক্রিস্তিয়ানো’ খোলার ঘোষণা দেন রোনালদো। এরপর থেকেই চ্যানেলটিতে হুমড়ি খেয়ে পড়ে তার ভক্ত-সমর্থকরা।
চ্যানেলটি খোলার প্রথম ঘণ্টাতেই ৩৯ বছর বয়সী এই মহাতারকার অনুসারীর সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লাখ ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইউটিউবে দ্রুততম এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনের রেকর্ড এটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চ্যানেলটির মোট সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে। শুধু তাই নয়, ফুটবল অঙ্গনে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে তিনি অতিক্রম করেছেন মাত্র দুই ঘণ্টার মধ্যেই।
আরও পড়ুন: রোনালদোর অর্জনের মুকুটে আরও একটি পালক
ইউটিউব চ্যানেল খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লেখেন, ‘অপেক্ষার প্রহর শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল এসেছে।’
নিজের ট্রেডমার্ক উদযাপন সিউ…-এর ভঙ্গিতে অনুসারীদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘সাবস্ক্রাইব করে নতুন এই যাত্রায় আমার সঙ্গে থাকুন।’
উল্লেখ্য, এক্সে ১১ কোটি ২৫ লাখ, ফেসবুকে ১৭ কোটি এবং ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৬০ লাখ অনুসারী পাঁচবার ব্যালন দ’র জয়ী এই ফুটবলারের।
ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে কয়েক বছর আগে সৌদি আরবে ফুটবল খেলছেন রোনালদো। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আজ রাতে আল-রাইদের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর আল নাসর।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
৬৫১ দিন আগে
চেলসি থেকে আতলেতিকো মাদ্রিদে গ্যালাগার
প্রথমে চুক্তি একেবারেই চূড়ান্ত হয়ে গিয়েও ভেস্তে যায়। এরপর কিছুদিনের অনিশ্চয়তা। তারপর সব অনিশ্চয়তা কাটিয়ে সেই আতলেতিকো মাদ্রিদেই নাম লেখালেন ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাগার।
৪২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে চেলসি থেকে ওয়ান্দা মেত্রোপলিতানোয় নিয়ে এসেছে আতলেতিকো মাদ্রিদ। পাঁচ বছরের জন্য মাদ্রিদের এই ক্লাবটির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
গ্যালাগারকে পেতে টটেনহ্যাম হটস্পার ও অ্যাস্টন ভিলাও চেষ্টা চালিয়েছিল। তবে আতলেতিকো মাদ্রিদকেই বেছে নিয়েছেন তিনি।
শৈশবের ক্লাব ছেড়ে যাওয়ার আগে ভক্ত-সমর্থকদের উদ্দেশে আবেগী বিদায় বার্তা লিখেছেন তিনি।
‘আমার স্বপ্ন সত্যি করতে চেলসির সবাইকে ধন্যবাদ। প্রতিবার যখনই আমি এই ক্লাবের জার্সি গায়ে চড়িয়েছি, ততবারই সম্মানিত বোধ করেছি। তাছাড়া অসংখ্যবার অধিনায়কের ভূমিকা পালন করতে পারাটাও ছিল আমার কাছে স্বপ্নের মতো।’
‘আমি (এখানে) প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই স্মৃতি আজীবন আমার হৃদয়ে থাকবে। ভক্তদের কাছ থেকে যে পরিমাণ সমর্থন ও ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। (স্ট্যামফোর্ড) ব্রিজে আমার নামে জয়ধ্বনি শুনতে পাওয়া সত্যিই এক বিশেষ অনুভূতি ছিল।’
‘সবকিছুর জন্য ধন্যবাদ! ক্লাবের ভবিষ্যতের জন্য আমার শুভকামনা। আশা করি, স্ট্যামফোর্ড ব্রিজে খুব শিগগিরই দেখা হবে।’
এদিকে এক অফিশিয়াল বিবৃতিতে চেলসি লিখেছে, ‘ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া গ্যালাগারকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা।’
আরও পড়ুন: আলভারেস আতলেতিকোর ডিএনএর সঙ্গে পুরোপুরি মানানসই: সিমিওনে
মাত্র আট বছর বয়স থেকে চেলসির অ্যাকাডেমিতে বেড়ে উঠে গত মৌসুমে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন গ্যলাগার। তবে চেলসির অ্যাকাডেমিতে বড় হলেও পেশাদার ফুটবলে চেলসির শার্ট পরতে বেশ অপেক্ষা করতে হয় এই মিডফিল্ডারকে। শুরুতে চার্লটন, সোয়ানসি, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ও ক্রিস্টাল প্যালেসের মতো ক্লাবে তাকে ধারে খেলতে পাঠায় চেলসি। এরপর ২০২২ সালে তিনি চেলসির সিনিয়র দলের শার্ট পরার সুযোগ পান।
তারপর গত মৌসুমে লিগে ৩৭ ম্যাচে শুরুর একাদশে থেকে মাঠে নামেন গ্যালাগার। বাকি একটি ম্যাচ শৃঙ্খলাজনিত শাস্তির কারণে খেলা হয়নি তার। শুধু তাই নয়, রিস জেমস ও বেন চিলওয়েলের চোটের কারণে অধিকাংশ ম্যাচেই অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।
৬৫২ দিন আগে
এবার বিদায় বলে দিলেন নয়ার
বয়স বেড়ে চললেও বিশ্রাম নেওয়ার কথা যেন ভুলেই গিয়েছিলেন জার্মান ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল নয়ার। তবে জাতীয় দলের জার্সিতে ১৫টি বসন্ত পার করে এবার আন্তার্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
২০০৯ সালে জার্মানির জাতীয় দলে অভিষেক হয় ৩৮ বছর বয়সী এই গোলরক্ষকের। এরপর থেকে দলটির গোলপোস্টের নিচে এতদিন একক আধিপত্য বিস্তার করে ছিলেন তিনি। মাঝে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ২০১৪ সালের বিশ্বকাপও জেতেন তিনি।
গত ১৫ বছরে জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন নয়ার, যার মধ্যে ৪৯ ম্যাচেই গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে নয়ার লেখেন, ‘জার্মান জাতীয় দলে আমার শেষ দিন আজ। আমাকে যারা চেনেন, তারা নিশ্চয় জানেন যে কতটা গুরুত্বের সঙ্গে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
‘শারীরিকভাবে আমি এখনও পুরোপুরি ফিট, তাই আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সবাই আমাকে (দলে) থেকে যেতে বলেছিলেন। তবে আমার কাছে জাতীয় দলের অধ্যায় শেষ করার এটাই উপযুক্ত সময় বলে মনে হয়েছে।’
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
নয়ারের অবসরের ঘোষণার পর জার্মান ফুটবল ফেডারেশন থেকে তাকে ‘সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন’ খেতাব দিয়ে বিদায় জানানো হয়েছে।
এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘তোমার জন্য লেখা সব শব্দই ছোট হয়ে যাবে। তবে তার সবই হৃদয় থেকে লিখছি: ধন্যবাদ মানু (মানুয়েল)।’
‘তোমার অনন্য, অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন। বিশেষ করে দল ও সতীর্থদের জন্য তোমার উৎসর্গ, বন্ধুত্ব এবং কোটি কোটি ভক্ত ও ফুটবলারদের জন্য তুমি অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গোলকিপিংয়ের ধরনই বদলে দিয়েছ তুমি, যেমনটি করেছ দলের খেলায়। একজন অধিনায়ক হিসেবে, রোল মডেল হিসেবে, বিশ্বচ্যাম্পিয়ন ও একজন বন্ধু হিসেবে আমরা তোমাকে মিস করব।’
মাঠে নেমে শুধু গোলপোস্ট রক্ষা করাই নয়, একজন ডিফেন্ডারের কাজও করে গোলকিপিংয়ে নতুন যুগের সূচনাকারীদের একজন হয়ে ওঠেন নয়ার। তিনি মাঠে থাকলে বাড়তি সুবিধা পায় তার সতীর্থরা।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
তার জার্মান সতীর্থ ইলকাই গুন্ডোগান অবসরের ঘোষণা দেওয়ার দুদিন পর তিনিও বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে দিলেন।
এর আগে, ইউরো আসর শেষে অবসরের ঘোষণা দেন টমাস মুলার ও টনি ক্রুস। তারপর থেকে জার্মান জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলাররা একে একে অবসরের ঘোষণা দিতে শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন নয়ার।
তবে জাতীয় দল ছাড়লেও ক্লাবে খেলা চালিয়ে যাবেন তিনি।
৬৫২ দিন আগে
বার্সেলোনা থেকে আবারও সিটিতে গুন্ডোগান
শৈশবের স্বপ্নপূরণে গত গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে অনেক কাঠখড় পুড়িয়েছিলেন ইলকাই গুন্ডোগান। ম্যানচেস্টার সিটিতে সুখে থাকার পরও বার্সেলোনার আহ্বান আসামাত্রই সে ডাকে সাড়া দিয়েছিলেন তিনি। এজন্য আর্থিক সমস্যায় ভুগতে থাকা বার্সেলোনাকে দলবদল সম্পন্ন করতে আর্থিকভাবে সহযোগিতাও করেছিলেন তিনি। তবে এক মৌসুম শেষেই স্বপ্নভঙ্গ হয়েছে এই জার্মান মিডফিল্ডারের। প্রিয় ক্লাব তাকে আর রাখতে চায় না।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তাকে ছেড়ে দিতে বার্সেলোনা এতটাই মরিয়া যে, আরও দুই বছর চুক্তির মেয়াদ থাকলেও কোনোপ্রকার ট্রান্সফার ফিও নিতে চায় না তারা।
মূলত লাইপসিগ থেকে দানি অলমোকে দলে ভেড়ালেও ফেয়ার প্লে নিয়ম অনুসারে আর্থিক অবস্থা ১:১ এ নিতে না পারায় এখনও তাকে লা লিগায় নিবন্ধন করতে পারেনি বার্সা। তাছাড়া চলতি দলবদল শেষ হওয়ার আগে আরও একজন উইঙ্গার দলে টানতে চায় ক্লাবটি। তাকে নিবন্ধন করতেও দলের ভেতর থেকে আরও খেলোয়াড় ছেড়ে (বেতন) জায়গা খালি করার প্রয়োজন হবে তাদের।
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
গুন্ডোগান বার্সেলোনার সর্বোচ্চ বেতনভোগীদের একজন। এ কারণেই তাকে ছেড়ে দিতে চায় বার্সেলোনা। শুরুতে তিনি ক্লাবে চুক্তির দুই বছরই থেকে যেতে অটল থাকলেও শেষ পর্যন্ত ক্লাবের মঙ্গলে সে সিদ্ধান্ত থেকে সরে গিয়েছেন। এমনকি বার্সার কাছ থেকে চুক্তির অবশিষ্ট দুই বছরের বেতনও ছেড়ে দিয়েছেন তিনি।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর খবর, তাকে পেতে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখালেও ম্যানচেস্টার সিটিতেই ফিরছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। কাতার থেকে এই জার্মান মিডফিল্ডারের জন্য বড় আকারের আর্থিক অঙ্কের প্রস্তাব এসেছিল। তবে গুরু গার্দিওলার কাছেই ফিরতে চেয়েছেন তিনি।
ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, গুন্ডোগানের বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানার পরপরই সিটি বস পেপ গার্দিওলা তাকে ফোন করেন। কোচের কাছে ফেরার আগ্রহের কথা জানালে তাকে দলে ভেড়াতে ক্লাব কর্তৃপক্ষকে কার্যক্রম শুরু করতে বলেন গার্দিওলা। এরপর বার্সেলোনার কোনো আর্থিক দাবি না থাকায় চুক্তিটি পাকাপাকি হওয়ার খুব কাছাকাছি রয়েছে।
রোমানোর তথ্যানুসারে, আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন ক্লাবটির সাবেক এই অধিনায়ক। তবে আরও এক মৌসুম চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে বার্সেলোনা সতীর্থদের কাছ থেকে গুন্ডোগান বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন রোমানো।
আরও পড়ুন: বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাবে রোনালদিনিয়োর ছেলে
উল্লেখ্য, ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাটাকিং মিডফিল্ডার হুলিয়ান আলভারেসকে আতলেতিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দেওয়ার পর মাঝমাঠে সিটির স্কোয়াডের গভীরতা কমে গেছে। তাছাড়া তরুণ মিডফিল্ডার অস্কার বব চোটে ছিটকে যাওয়ায় অবস্থা আরও শোচনীয় হয়েছে দলটির। এমন সময়ে গুন্ডোগানের মতো অভিজ্ঞ মিডফিল্ডারের বিকল্প ছিল না প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটি যোগ দিয়ে সাতটি মৌসুম ম্যানচেস্টারের এই ক্লাবটির হয়ে খেলেছেন গুন্ডোগান। এই সময়ে ৩০৪ ম্যাচে ৬০ গোল করেছেন এই মিডফিল্ডার। পাশাপাশি জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ, চারটি ক্যারাবাউ কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড ও একটি চ্যাম্পিয়ন্স লিগহস মোট ১৪টি ট্রফি।
৬৫২ দিন আগে
সংস্কার ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেন নতুন বিসিবি সভাপতি
ক্রিকেটার হিসেবে দুই দশকেরও বেশি সময় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে প্রায় এক দশক কাটানোর পর বিসিবির নতুন সভাপতি হয়ে ফিরেছেন ফারুক আহমেদ।
দায়িত্ব পেয়েই ফারুক গণমাধ্যমে বলেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে বোর্ডের মধ্যে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, যা গত এক দশক ধরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জর্জরিত।
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন খাতে পরিবর্তন আসছে। এরই ধারাবাহিকতায় পরিবর্তনের ঢেউ লেগেছে বিসিবিতেও। বিসিবি সভাপতির পথ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় দায়িত্ব পান ফারুক।
এরপর সংবাদ সম্মেলনে এসে ধৈর্য্য ধরে সাংবাদিকদের একের পর এক পশ্নে উত্তর দেন তিনি।
আরও পড়ুন: পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি হিসেবে নিজের নিয়োগ এবং ক্রিকেটার ও জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের অতীতের কথা তুলে ধরে ফারুক বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত। খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।’
আমাদের দেশের ক্রিকেটে প্রচুর সম্ভাবনা রয়েছে জানিয়ে তা অর্জনে যথাসাধ্য চেষ্টা করার কথা জানিয়েছেন তিনি।
‘বাংলাদেশের মতো সম্ভাবনাময় একটা দেশের যতটা করার দরকার ছিল, আমরা ততটা পারিনি। আমাদের সাফল্য একদম কম নেই। তবে সুনির্দিষ্টি কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করার দরকার ছিল, আমরা পারিনি। আমাদের দায়িত্ব হবে, এই সিস্টেমটাকে পুনর্গঠন করা।’
আগের বোর্ডের অনিয়মের কথা তুলে ধরে তিনি বলেন, ‘অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক বাইরের চাপ থাকে। আশা করব যে, এবার আমি সভাপতি থাকার অবস্থায়, যতটুকু সম্ভব, এটা সুন্দর সিস্টেম দাঁড় করাতে চাই।’
‘একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে আমি পদত্যাগ করেছিলাম। আমার কাছে তাই এটিই সবচেয়ে বড় প্রাধান্য পাবে যে, সিস্টেম তৈরি করতে চাই।’
নতুন বিসিবি সভাপতি বলেন, ‘সত্যিকার অর্থেই যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায়, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। ১৮ কোটি মানুষের দেশে, আমাদের খেলোয়াড়, দর্শক, আপনারা (সংবাদমাধ্যম), সবাই এত বেশি খেলাপাগল ও ক্রিকেটপাগল, সেখানে অনেক উপাদান ঢুকে যায় এবং ক্রিকেট বোর্ড অনেক গ্ল্যামরাস হয়ে যায়। সবাই এটার অংশ পেতে চায়। আমি চাইব, আমাদের প্রথম প্রাধান্য হবে ক্রিকেটের উন্নতি।’
তিনি বলেন, ‘প্রতিটি সেক্টরে বাংলাদেশ এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি। আমরা সবাই বাংলাদেশের মানুষ। প্রতিটি সংস্থায় যে দুর্নীতির কথা শুনেছি, ক্রিকেট বোর্ড এটির বাইরে নয়। যদি এরকম কিছু থাকে, অবশ্যই আমরা খোঁজ নেব। দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যাবে না। কেউ যদি এটা বলে, আমি বিশ্বাস করব না। তবে একটা সিস্টেম চালু করতে হবে, যেখানে এসব (দুর্নীতি) আমরা কমাতে পারব।’
‘আমার মেয়াদ কতদিন হবে, এটা জানি না। তবে আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, আমার সময়কাল যতদিন থাকবে, ততদিন সর্বোচ্চ চেষ্টা থাকবে এই জিনিসগুলোর খেয়াল রাখা।’
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি মুখে অনেক কিছু বললাম, অনেক স্বপ্ন দেখালাম, কিন্তু দেখতে গিয়ে যদি দেখেন যে, কথার কাছাকাছি কিছু আমি করতে পারিনি, তাহলে তো হবে না। এজন্য কথা কমিয়ে দিয়ে, ক্রিকেটের জন্য যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ, ওই জায়গাগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করব।’
ক্রিকেটে যথেষ্ট কৌশলগত দক্ষতা না থাকলেও দল নির্বাচনে নিজের প্রভাব খাটিয়ে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতেন। তবে দল নির্বাচনে হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক।
অবশ্য দল নির্বাচন নিয়ে মাঝেমধ্যে নিজের মতামত প্রকাশ করতে পারেন বলেও এসময় ইঙ্গিত দেন তিনি।
সভাপতি বলেন, ‘আমি নির্বাচকদের সর্বোচ্চ স্বাধীনতা দেব।’ উদাহরণ হিসেবে তিনি রিশাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে তিনি উপযুক্ত হবেন। তবে আমি আমার প্রস্তাব নির্বাচকদের স্পষ্ট করে বলব না।’
এর আগে, টাইগারদের প্রধান কোচ হিসেবে চণ্ডিকা হাথুরুসিংহের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ফারুক। সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে আগের মতামত পুনর্ব্যক্ত করেন তিনি।
হাথুরুসিংহের ভবিষ্যতের ব্যাপারে ফারুক বলেন, ‘চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে।’
‘তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট এক ওভারে ৩৯ রানের রেকর্ড
৬৫২ দিন আগে