খেলাধুলা
ইতালির স্কোয়াডে জায়গা হারিয়ে বুটজোড়া তুলে রাখলেন বনুচ্চি
‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনিয়ো বলেছিলেন, ‘মি. কিয়েল্লিনি ও মি. বনুচ্চি কীভাবে ডিফেন্ড করতে হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার ওপর ক্লাস নিতে পারেন।’ ২০২৩ সালের ডিসেম্বরে ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন জর্জিও কিয়েল্লিনি। এবার নিজের বুটজোড়া তুলে রাখছেন লিওনার্দো বনুচ্চিও।
২০২৩-২৪ মৌসুমের দ্বিতীয়ার্ধে উনিয়ন বার্লিন ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচেয় যোগ দেন বনুচ্চি। আসন্ন ইউরোয় ইতালির স্কোয়াডে নিজেকে রাখতে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেন তিনি। তবে লুসিয়ানো স্পালেত্তির বাছাই করা স্কোয়াডে জায়গা হয়নি তার। ফলে পেশাদার ফুটবল আর চালিয়ে যেতে চান না ৩৭ বছর বয়সী এই কিংবদন্তি।
এক্সে একটি ভিডিও পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ওই ভিডিওতে বনুচ্চি বলেন, ‘ছোটবেলায় আমি এমন একটি গল্প বলার স্বপ্ন দেখেছিলাম। নিজের ওপর আস্থা রেখে সমস্ত বাধা-বিপত্তি সহসিকতার সঙ্গে মোকাবিলা করে বড় বড় অর্জন আলিঙ্গন করতে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম।’
আরও পড়ুন: পর্তুগালের ইউরো স্কোয়াডে ৪১ বছর বয়সী পেপে
ইন্টার মিলানে খেলোয়াড়ি জীবন শুরু করলেও ইউভেন্তুসেই ক্যারিয়ারের শীর্ষে চড়েন বনুচ্চি। মাঝে এক মৌসুম এসি মিলানে খেলা এই ডিফেন্ডার ওল্ড লেডিদের সাদাকালো জার্সিতে খেলেছেন ১৩টি মৌসুম। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ইতালিয়ান ফুটবলে রীতিমতো শাসন করেন তিনি। এর মধ্যে পাঁচটি বছর রক্ষণভাগে বারজায়লি ও কিয়েল্লিনির সঙ্গে ঐতিহাসিক ‘বিবিসি’ ত্রয়ী সৃষ্টি করেন। ওই সময়ে খেলা ১৯০ ম্যাচে মাত্র ১১১ বার তাদের পরাস্ত করতে সক্ষম হয় প্রতিপক্ষ।
ইউভেন্তুসের হয়ে ৫ শতাধিক ম্যাচ খেলা বনুচ্চি জেতেন ৯টি সেরি-আ, ৪টি কোপা ইতালিয়া ও ৫টি ইতালিয়ান সুপারকাপ।
আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছেন সফলতার সাক্ষর। ইতালির জার্সি গায়ে ১২১ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এরে মধ্যে ২০২০ সালের ইউরো ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে ইতালিয়ান ফুটবলে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
বনুচ্চির বিদায়ী বার্তার পর ওল্ড লেডি এক বার্তায় বলেছে, ‘ইউভেন্তুসের আধুনিক ইতিহাস গড়ার অন্যতম কারিগর ফুটবল বিশ্বকে বিদায় জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত আমাদের হৃদয়ের গভীরে স্পর্শ করেছে। কারণ সেখানে লিওর নাম খোদাই করা রয়েছে।
‘সম্পর্কের যে সুঁতোয় তার সঙ্গে আমরা বাঁধা পড়েছি, তা ছেড়ার নয়। লিও তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তাকে শুভকামনা জানাই।’
৭৩৫ দিন আগে
মেসি গোল পেলেও হারল মায়ামি
টানা ১০ ম্যাচ জেতার পর অবেশেষে হারল লিওনেল মেসির ইন্টার মায়ামি। হারল তাও এমন প্রতিপক্ষের কাছে যারা সবশেষ ৯ ম্যাচ জিততে পারেনি। সমীকরণ এমন হলেও মাঠের খেলায় তার প্রভাব দেখা গেল না একটুও। সমানে লড়াই চালিয়ে জয় তুলে নিল আটালান্টা ইউনাইটেড।
বৃহস্পতিবার ভোরে মায়ামির মাঠেই তাদের ৩-১ গোলে হারিয়েছে আটালান্টা। ম্যাচের দুই অর্ধে দুই গোল করেন সাবা লবসানিদসে। মাঝে একটি গোল করে ম্যাচে ফেরার আভাস দেন মেসি। তবে ৭৩ মিনিটে জামাল থিয়ারের গোলের পর আর তা করে উঠতে পারেননি মায়ামির খেলোয়াড়রা।
বিশ্রাম শেষে এদিন সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজও ফেরেন মায়ামির একাদশে। তবে কাজের কাজটি করতে পারেননি তারা।
আরও পড়ুন: জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন মেসি, কিন্তু তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর কয়েকটি সুযোগ হাতছাড়া করে আটালান্টাও। প্রধমার্ধের শেষের দিকে গোল করে দলকে এগিয়ে রেখে বিরতিতে যান লবসানিদসে। ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে আবারও পান জালের দেখা। এর ৩ মিনিট পর চিরচেনা বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান কমান মেসি। তবে মিনিট দশেক পর থিয়ারে গোল পাওয়ার পর জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায় আটালান্টার।
এদিন পুরো ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ থিয়াগো আলমাদা। অসাধারণ ড্রিবলিং আর ক্ষিপ্রতায় মায়ামির ডিফেন্ডারদের তটস্থ করে রাখেন আটালান্টার এই অ্যাটাকিং মিডফিল্ডার।
দল জিততে না পারলেও ব্যক্তিগত হিসাব সমৃদ্ধ হয়েছে মেসির। এ নিয়ে লিগের সর্বোচ্চ ১১টি গোল করলেন তিনি। সুয়ারেজও অবশ্যই একই সংখ্যক গোল করেছেন। তবে মেসির নামের পাশে রয়েছে আরও ১২টি অ্যাসিস্ট।
আরও পড়ুন: মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
গোল পেয়েও মেসির এই হার ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের পর এই প্রথম। তবে ক্লাব ফুটবলে সেটি আরও দীর্ঘ। বার্সেলোনায় থাকাকালে ২০২১ সালের মে মাসে সেল্তা ভিগোর বিপক্ষে গোল পেয়েও হেরে গিয়েছিল তার দল। তারপর প্যারিস ঘুরে মেজর সকার লিগের (এমএলএস) দ্বিতীয় মৌসুমে এমন হার দেখলেন তিনি।
হেরে গেলেও এমএলএসের ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা সিনসিনাটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩।
৭৩৫ দিন আগে
বার্সার দায়িত্ব নিয়ে শিরোপা জিততে বদ্ধপরিকর ফ্লিক
খবরটা জানা গিয়েছেল আগেই। শাভিকে বরখাস্ত করার দিনই ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছিলেন, ফ্লিকই হচ্ছেন বার্সেলোনার পরবর্তী কোচ। এমনকি চুক্তির বিষয়গুলোও বলে দিয়েছিলেন সেসময়। সবকিছু তার কথামতো ঘটে বুধবার কাতালুনিয়ার ক্লাবটির দায়িত্ব নিয়েছেন হান্সি ফ্লিক।
আর্থিক বিপর্যয়ে থাকা ক্লাবটির জন্য শুরুতেই সাফল্য পেতে তাকে বেগ পেতে হবে- বিদায়বেলায় সেকথা বলে গিয়েছেন বার্সার কিংবদন্তি ফুটবলার শাভি এর্নান্দেস। তবে দলকে জয়ের ধারায় ফিরিয়ে শিরোপা সফলতাও এনে দেওয়ার প্রত্যয় ঝরল ফ্লিকের কণ্ঠে।
দায়িত্ব নেওয়ার পর বার্সা টিভিকে ৫৯ বছর বয়সী এই জার্মান বলেন, ‘এই ক্লাবটির কোচ হওয়া আমার কাছে স্বপ্নের মতো, সম্মানেরও। অসাধারণ এই ক্লাবটিতে কাজ করার জন্য আমার তর সইছে না।
‘এখানে আসার পর থেকে দেখছি, ক্লাবটিকে সবাই খুব ভালোবাসে। ক্লাবের সাফল্যের জন্য সবাই নিজের সেরাটা দেয়।’
আরও পড়ুন: শাভি বরখাস্ত, বার্সার নতুন কোচ হচ্ছেন ফ্লিক
নিজের খেলোয়াড়ি দর্শন বার্সেলোনার সঙ্গে মিলে যায় জানিয়ে তিনি বলেন, ‘বল দখলে রেখে খেলা, আক্রমণাত্মক ফুটবল- এর সবই আমার দর্শনের সঙ্গে যায়। এগুলো নিয়েই আমি কাজ করব।’
লা মাসিয়ার অসাধারণ বৈশিষ্ট্যের কথা বলতেও ভুললেন না তিনি। বললেন, ‘লা মাসিয়া বিশ্বের সেরা মেধা বের করা অ্যাকাডেমিগুলোর একটি। অর্থাৎ, এখানে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ একটি স্কোয়াড রয়েছে। এই স্কোয়াডের উন্নতি কীভাবে করা যায়, সেটিই দেখব আমি।
‘বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকাকালে আমি বেশ কয়েকটি শিরোপা জিতি। শিরোপা জেতার সেই ক্ষুধা আরও বেড়েছে। আশা করছি, সবাইকে সঙ্গে নিয়ে এখানেও অনেক শিরোপা জিতব।’
সমর্থকদের উদ্দেশে ফ্লিক বলেন, ‘কুলের্স, আমার এই যাত্রায় আপনারাই সবচেয়ে বড় প্রেরণা। ক্লাবে আমার যত সফলতা আসবে, তা আপনাদের প্রচেষ্টার কারণেই আসবে। তাই আপনাদের সঙ্গে নিয়েই আমি সফলতার পথে অনেক দূর হাঁটতে চাই।
‘ভিসকা এল বার্সা!’
আরও পড়ুন: মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
উল্লেখ্য, ফ্লিকের তত্ত্বাবধায়নে ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জেতে বায়ার্ন মিউনিখ। সেবার জার্মানির বর্ষসেরা কোচও হন তিনি। এরপর সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ ও পরবর্তীতে ক্লাব বিশ্বকাপ জিতে বায়ার্নকে প্রথমবারের মতো সেক্সট্রাপল জেতান তিনি।
দুই মৌসুম বায়ার্নের দায়িত্বে থাকাকালে ক্লাবটিকে ৭টি শিরোপা (দুটি বুন্দেসলিগা, একটি করে ডিএফবি পোকাল, সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ) জেতান তিনি। ফ্লিকের আমলে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৭ ম্যাচে হার দেখে বায়ার্ন মিউনিখ।
৭৩৬ দিন আগে
কোম্পানিকেই কোচ বানাল বায়ার্ন
কোচ নিয়ে অবশেষে দুশ্চিন্তা কাটল বায়ার্ন মিউনিখের। একজন যোগ্য কোচের অনুসন্ধানে অসংখ্য দুয়ারে টোকা দিয়ে অবশেষে ভিনসেন্ট কোম্পানির দরজা খুলতে পেরেছে জার্মানির ক্লাবটি।
বুধবার (২৯ মে) বায়ার্ন মিউনিখের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির এই সাবেক মিডফিল্ডার।
ক্লাবের ওয়েবসাইটে কোম্পানির নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বায়ার্নের প্রধান নির্বাহী (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিজেন বলেন, ‘ক্লাবের সবাই একমত যে, ভিনসেন্ট কোম্পানিই আমাদের কোচ হিসেবে সঠিক ব্যক্তি। তার সঙ্গে আমরা কাজ করতে চাই।’
এদিকে বায়ার্নের মতো বড় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেও উচ্ছ্বসিত কোম্পানি। ৩৮ বছর বয়সী এ বেলজিয়ান বলেন, ‘বায়ার্নের চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। আন্তর্জাতিক ফুটবলে বায়ার্ন একটি প্রতিষ্ঠান। তাই এই ক্লাবটির সঙ্গে কাজ করা হবে সম্মানের।
আরও পড়ুন: কোম্পানিকে কোচ হিসেবে চায় বায়ার্ন
‘একজন কোচ হিসেবে আগে বুঝতে হবে ব্যক্তি হিসেবে আপনি কেমন। আমি বল দখলের খেলা পছন্দ করি, আমাদের সৃজনশীল ও একইসঙ্গে আক্রমণাত্মক হয়ে মাঠে সাহসিকতার সঙ্গে খেলতে হবে।
‘ফুটবলের গোড়ার দিকটাতেই আমি শুরুতে নজর দেব। সেটি হচ্ছে- খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, একটি দল গঠন করা। ভিত্তি তৈরি হয়ে গেলে সাফল্য এমনিতেই আসবে।’
৭৩৬ দিন আগে
বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে রানার্সআপ ঢাকা মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা মোহামেডান।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের রানার্সআপ ঢাকা মোহামেডান এসসি সদ্য সমাপ্ত বিপিএলে ১৮ লিগ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। অন্যদিকে ছয়বারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হয়েছে।
মৌসুমের তিনটি বড় ফুটবল ট্রফি - স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ এবং বিপিএল জিতে প্রথমবারের মতো ট্রেবল জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছে বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বুধবার বিকালের এই ম্যাচের ১৩তম মিনিটেই নীল-আকাশিদের এগিয়ে নেন মিডফিল্ডার ব্রাজিলিয়ান ব্রুনো গনকালভেস। ২৯তম মিনিটে খেলায় সমতা নিয়ে আসেন সাদা-কালোর ফরোয়ার্ড বাংলাদেশি আরিফ হোসেন।
খেলার ঠিক শেষ মুহূর্তে এই আরিফ হোসেনই সাদা-কালোর জয় এনে দেন মোহামেডানের ও নিজের হয়ে দ্বিতীয় গোলে।
দিনের অন্য ম্যাচে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল কেসিকে ৩-১ গোলে হারিয়েছে।
ম্যাচের ১৪ মিনিটে সার্ভিয়ান ফরোয়ার্ড ভি বালাবানোভিচ দারুণ গোলে শেখ রাসেল কেসিকে এগিয়ে দেন। ৪৭ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা দামাসেনো বসুন্ধরা কিংসের হয়ে সমতা আনেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে পঞ্চম শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস
৭৬ মিনিটে কিংসের হয়ে দ্বিতীয় গোল করেন দেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। ২ মিনিট পরেই স্ট্রাইকার শেখ মোরসালিন কিংসের হয়ে তৃতীয় গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন।
এই ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যা লিগ রানার্সআপ মোহামেডান এসসির চেয়ে ১০ পয়েন্ট বেশি। মোহামেডান ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট অর্জন করেছে।
দিনের অন্য ম্যাচে ফরটিস এফসি ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, রহমতগঞ্জ এমএফএস ২-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং বাংলাদেশ পুলিশ এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
৭৩৬ দিন আগে
এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি
কিলিয়ান এমবাপ্পে-পিএসজি নাটকে নতুন মোড়। চুক্তির মেয়াদ না বাড়ানোয় এবার নাকি এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
ফরাসি দৈনিক লে’কিপের খবর, এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি এমবাপ্পেকে। সেইসঙ্গে গত ফেব্রুয়ারিতে যে (চুক্তি সম্পন্ন করার) আনুগত্য বোনাস পাওয়ার কথা ছিল তার, সেটিও পাননি। ফলে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন আধুনিক ফরাসি ফুটবলের এই ‘পোস্টার বয়’।
সংবাদমাধ্যমটির খবর, বেতন ও বোনাস মিলিয়ে পিএসজির কাছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো পাবেন এমবাপ্পে।
এ খবর সত্যি হলে ৭ বছর ধরে পিএসজির জার্সি গায়ে ক্লাবটিকে অসংখ্য শিরোপা জেতানো এমবাপ্পের প্যারিস থেকে সুখের বিদায় নেওয়া হচ্ছে না।
মেসি-রোনালদো-পরবর্তী যুগের মহাতারকা হতে চলা এমবাপ্পেকে নিয়ে কম টানাহেঁচড়া করেনি পিএসজি। ক্লাবটির গোয়ার্তুমির জন্য কয়েক বছর ধরে ভুগতে হচ্ছে তাকে। স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দিতে চাইলেও বারবার আটকে দেওয়া হয়েছে তার পথ। অবশেষে চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আর তা নতুন করে বাড়াতে চাননি।
আরও পড়ুন: চেলসির কোচ হচ্ছেন মারেসকা, নাপোলিতে কন্তে
গত ১০ মে এক্স-এ একটি ভিডিওবার্তা পোস্ট করে আনুষ্ঠানিকভাবে তিনি ভক্তদের জানিয়ে দেন, চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে শেষ হচ্ছে তার পথচলা।
ফুটবলবিশ্বে গুঞ্জন রটেছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতোমধ্যে চুক্তির সব বিষয় চূড়ান্ত করে ফেলেছেন তিনি। আগামী ৫ মৌসুমের জন্য ফুটবলের রাজকীয় সাদা জার্সি গায়ে জড়াতে চলেছেন এমবাপ্পে।
এমনকি তিনি মাদ্রিদে ১৫ মিলিয়ন পাউন্ডে একটি বাড়িও কিনেছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। শুধু তা-ই নয়, তাকে মাদ্রিদের সংস্কৃতি ও স্প্যানিশ ভাষা শেখার ব্যাপারে তাকে সাহায্য করছেন সেভিয়ায় ক্যারিয়ারের শেষসময় কাটানো রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সের্হিয়ো রামোস।
সবকিছু যখন অনুমিতভাবেই চলছে, তখন ফের বাগড়া দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।
পিএসজির জার্সিতে ৭ মৌসুমে ছয়টি লিগ আঁ শিরোপা, তিনটি ফরাসি কাপসহ আরও অনেক ট্রফি জিতেছেন তিনি। তবে পিএসজির মতো এমবাপ্পের কাছেও অধরা থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি।
সবশেষ চলতি মৌসুমেও সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নভঙ্গ হয় পিএসজির।
প্যারিসের এ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ১০৮টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
বিদায়ী মৌসুমে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৪৪টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের ইউরোপীয় সংস্করণে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।আরও পড়ুন: হেরে পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
৭৩৬ দিন আগে
চেলসির কোচ হচ্ছেন মারেসকা, নাপোলিতে কন্তে
অপ্রত্যাশিতবাবে মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাই করার পর লেস্টার সিটির এনসো মারেসকাকে পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিতে চলেছে চেলসি।
দায়িত্ব নিয়েই দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া লেস্টারকে আগামী মৌসুমের জন্য ফের প্রিমিয়ার লিগে তুলেছেন ৪৪ বছর বয়সী এই ইতালিয়ান। শুধু তাই নয়, চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ (দ্বিতীয় বিভাগ) জিতে প্রিমিয়ার লিগে উঠেছে তার দল।
ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানোর দেওয়া তথ্যানুসারে, মারেসকাকে ইতোমধ্যে ৫ বছরের জন্য চুক্তির অফার দিয়েছে চেলসি। আগামী ২০২৯ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চাইলে আরও এক বছর স্ট্যামফোর্ড ব্রিজে থেকে যেতে পারবেন তিনি।
আরও পড়ুন: শেষ ম্যাচ জিতলেন শাভি, বললেন অনেক কিছু
পজেশনাল ফুটবল-দর্শনের এই কোচকে দলে টানতে ১০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হচ্ছে লন্ডনের দলটির।
চেলসিতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মারেসকা নিজেও। ফলে কাজটি সহজ হয়েছে ব্লুজদের।
৭৩৬ দিন আগে
ঝড়ে ক্ষতবিক্ষত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৩ দিন। এরইমধ্যে প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চল। ঝড়ের কবলে পড়ে ক্ষতবিক্ষত হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাওয়া ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামও।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্রবল ঝড়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈরি আবহাওয়া ও মাঠটি অনুপযুক্ত হয়ে পড়ায় বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটিও।
আরও পড়ুন: টাইগারদের অনুশীলন শিবিরে যোগ দিলেন মুশফিক-মিরাজ ও সাইফউদ্দিন
ওই অঞ্চলজুড়ে বর্তমানে বজ্রসহ শক্তিশালী ঝড়, টর্নেডো, এমনকি আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজন নিয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ভেন্যুটির সীমানা (ফেন্স) ও গ্যালারির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্বোধনী ম্যাচ আয়োজন নিয়ে আশঙ্কা নেই।
সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টিতে যুক্তরাষ্ট্রে অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে স্থাপনা ভেঙে আহত হয়েছেন শতাধিক মানুষ। ঝড়ে এলোমেলো হয়ে গেছে দেশটির বহু অঞ্চল।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, রাজ্যটির এক-তৃতীয়াংশের বেশি এলাকা বিপর্যস্ত হয়েছে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন শহীদ আফ্রিদি
মঙ্গলবার সকালে প্রবল ঝড়ের পর রাতে ভারী বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়।
২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের পর্দা উন্মোচন করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৮ জুন। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা।
৭৩৭ দিন আগে
শেষ ম্যাচ জিতলেন শাভি, বললেন অনেক কিছু
শাভিকে বরখাস্ত করার ব্যাপারটি ‘ডেকে এনে অপমান’ করার মতো মনে হতে পারে অনেকের কাছেই। বিষয়টি খোদ শাভিকেও যে ভালো অনুভূতি দেয়নি, বিদায় বেলায় তা-ই ঝরল তার কণ্ঠে।
রবিবার সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে চলতি মৌসুমের দাঁড়ি টানে বার্সেলোনা। এর মাধ্যমে জয়ের হাসিতেই শেষ হয়েছে শাভির বার্সেলোনা ক্যারিয়ার। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তাই দলটির দায়িত্ব নেওয়ার সময় থেকে শুরু করে ক্লাবের ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন তাকে।
এ সময় নিজের অনুভূতি প্রকাশ করতে কোনো রাখঢাক রাখেননি বার্সার এ কিংবদন্তি খেলোয়াড়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই বার্সেলোনার দায়িত্ব নেওয়ার একেবারের শুরুতে ফিরে গেলেন তিনি। বিপর্যয় সামাল দিয়ে যেভাবে তিনি দলটিকে বর্তমান অবস্থানে তুলে এনেছেন, এর কোনো মূল্যায়নই তিনি পাননি বলে জানালেন।
‘আমার মনে হয় না, যে কাজগুলো আমরা করেছি, সেসবের যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে, বিশেষ করে যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছিলাম।
‘আমরা যখন আসি, তখন (পয়েন্ট) টেবিলের ৯ নম্বরে ছিল বার্সা। সেখান থেকে আমরা রানার্স-আপ হয়ে লিগ শেষ করি। প্রথম পূর্ণাঙ্গ মৌসুম হিসেবে দায়িত্বে থাকাকালে (গত মৌসুমে) আমরা দুটি শিরোপা (লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ) জিতি।’
তবে এই মৌসুমে ক্লাবের প্রত্যাশা পূরণ না করতে পারার কথাও স্বীকার করেন তিনি। বলেন, ‘বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের সুক্ষ্ম কিছু বিষয় (ক্লাব কর্তৃপক্ষের) বিবেচনায় নেওয়া উচিত ছিল। অন্তত ৪টি ম্যাচে আমরা দারুণ খেলেও শেষটা ভালোভাবে করতে পারিনি। ‘যেভাবে সব হলো (বরখাস্ত), এটা খুবই বিব্রতকর। আমি হতাশ। তবে কোচদের জীবনই এমন।’
আরও পড়ুন: যে ৬ কারণে স্বপ্নযাত্রা থামল লেভারকুজেনের
জানুয়ারিতে যখন দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন, তারপর থেকে বেশ কয়েকবার তিনি সংবাদ সম্মেলনে বলেন যে, ক্লাবে কাজ করার উপযুক্ত পরিবেশ পাননি তিনি। বিদায়লগ্নেও তার কণ্ঠে ঝরল একই অভিযোগ।
‘গত আড়াই বছরে আমরা যা করেছি, তাতে ভূমিকম্প হয়ে গেছে বলে আমি মনে করি। নানা সময়ে আমাকে ‘টার্গেট’ বানানো হয়েছে। শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি।
‘এক মাস আগেই আমাদের দাবি ছিল (ক্লাবে) স্থিতিশীলতা যেন থাকে। সেই প্রতিশ্রুতি পেয়েই আমরা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই। আরও কঠোর পরিশ্রম করতে আমরা মুখিয়ে ছিলাম। কিন্তু...’
সেধে সেধে রেখে দেওয়ার পরও এভাবে কেন ছাঁটাই করা হলো, তা শাভিরও অজানা। বলেন, ‘(বরখাস্ত করার) পেছনের কারণ বা উদ্দেশ্য ব্যাখ্যা করার দায়িত্ব আমার নয়। ক্লাব সভাপতি তা করতে পারেন। আমার স্রেফ সিদ্ধান্ত মেনে নেওয়া এবং সম্মান জানানো ছাড়া উপায় নেই। তাদের কথার সঙ্গে আমি একমত কি না- এসবেরও কোনো মূল্য নেই। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, পেছন ফিরে তাকানোর আর উপায় নেই। সবার ওপরে ক্লাব।’
আরও পড়ুন: শাভি বরখাস্ত, বার্সার নতুন কোচ হচ্ছেন ফ্লিক
তিনি বলেন, ‘আমি অবশ্যই থাকতে চেয়েছিলাম। তবে আমাকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সেটিকে সম্মান করা উচিৎ বলে মনে করেছি। সিদ্ধান্তটি খুবই হতাশাজনক; খুব পরস্পরবিরোধী ও মিশ্র অনুভূতি হয়েছে।
‘এই মৌসুমে ট্রফি জিততে না পারলেও ইতিবাচক কাজের মধ্যেই ছিলাম আমরা। মনে হচ্ছিল, আমরা সঠিক পথেই আছি এবং আমার এখনও তা-ই মনে হয়।
‘তবে এখন এসব বলে লাভ নেই। সিদ্ধান্ত হয়ে গেছে। তবে আমরা যা করেছি তাতে আমি খুশি, গর্বিত ও সন্তুষ্ট। ক্লাবের এমন কঠিন সময়ে এসে আড়াই বছরে দুটি ট্রফি জিতেছি- এটিই বাস্তবতা।’
বার্সার বর্তমান পরিস্থিতিতে নতুন যেকোনো কোচের জন্যই যে কাজটি আরও কঠিন হবে, তা আগেভাগেই জানিয়ে রাখলেন তিনি।‘তাদের জেনে রাখা উচিত, (এখানকার) পরিস্থিতি খুবই কঠিন। কারণ, বার্সেলোনা এমনিতেই খুব কঠিন ক্লাব, তার ওপর এখন প্রতিকূল আর্থিক অবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল। ফলে তাদের কাজটা মোটেও সহজ হবে না, ভুগতে হবে।
‘তবে ধৈর্য রাখতে হবে। কেবল টানা জিততে পারলেই তারা নিরাপদ থাকতে পারবে। তারা আগে ক্লাবের অংশ ছিল কি না- এসবের কোনো মূল্য নেই।’
বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড় হয়ে দলের কোচিংয়ে আসায় বিষয়টি শাভিকে আরও চাপে রেখেছিল বলেও জানালেন।‘আমাকে সবসময় আতশ কাঁচের নিচে রাখা হয়েছে। নির্দিষ্ট একটা পর্যায়ের প্রত্যাশা আমার কাছ থেকে সবসময়ই ছিল। কারণ সর্বকালের সেরা বার্সা দলে খেলেছি আমি। এটা মোটেও আমার পক্ষে যায়নি।’
আরও পড়ুন: আবেগী শাভির বিদায়বার্তা
৭৩৮ দিন আগে
২৬ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে 'বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট' শুরু হচ্ছে।
রবিবার (২৬ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত চতুর্থ আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার --- তিন মহাদেশের ১২টি দেশ অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
শনিবার (২৫ মে) বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে অংশগ্রহণকারী ১২টি দেশের অধিনায়কদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
এদিন ম্যানেজার সভায় টুর্নামেন্টের গ্রুপিং ও খেলার সময়সূচিও চূড়ান্ত করা হয়।
উদ্বোধনী দিনের ৪টি ম্যাচের একটিতে গত তিনবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বিশ্বকাপের শেষ দুইবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া।
উদ্বোধনী দিনের প্রথম দিনের প্রথম ম্যাচে সন্ধ্যা ৫টায় নেপাল ও সন্ধ্যা ৬টায় ইরাক ও সন্ধ্যা ৭টায় থাইল্যান্ড উগান্ডার মুখোমুখি হবে।
আরও পড়ুন: বাংলাদেশে কবে কাবাডি লিগ টুর্নামেন্ট হবে!
এরই মধ্যে সব দল ঢাকায় এসে পৌঁছেছে।
প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।
যে গ্রুপে যে দলগুলো-
'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
'বি' গ্রুপে রয়েছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান।
১ জুন গ্রুপের খেলা শেষ হলে দুই গ্রুপের শীর্ষ দুই দল ২ জুন সেমিফাইনাল খেলবে। ৩ জুন ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
আরও পড়ুন: এশিয়ান গেমস কাবাডি: থাইল্যান্ডের বিপক্ষে সান্ত্বনার জয় বাংলাদেশের
৭৪০ দিন আগে