খেলাধুলা
২৭ সেকেন্ডের গোলে ম্যাচ জিতেও টাইব্রেকারে আতলেতিকোর হার, কোয়ার্টারে রিয়াল
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলতে নামা আতলেতিকো মাদ্রিদ ম্যাচ শুরু হতেই পেয়ে গেল সমতাসূচক গোল। সেই গোলে ম্যাচটি জিতলেও টাইব্রেকারে কপাল পুড়েছে দলটির। আর পুরো ম্যাচজুড়ে গোল না পেলেও টাইব্রেকারে দুবার ভাগ্য সহায়তায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়াদ এয়ার মেত্রোপলিতানোয় বুধবার (১২ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ গোলে হারে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের ২৭তম সেকেন্ডে রদ্রিগো দে পলের গোলমুখে বাড়ানো ক্রস জালে জড়িয়ে দিয়ে আতলেতিকোকে এগিয়ে নেন কনর গ্যালাগার। এরপর ম্যাচের ৬৯তম মিনিটে রিয়ালকে পেনাল্টি দিয়ে বসেন ক্লেমন লংলে। তবে সেই পেনাল্টি শটটি উড়িয়ে মেরে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র।
এরপর আর কোনো গোল না হলে অগ্রগামিতায় ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত নব্বই মিনিটের খেলা। পরে অতিরিক্তি ৩০ মিনিটেও দুদলের কেউ গোল করতে না পারলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
আরও পড়ুন: লামিন, রাফিনিয়ার রেকর্ডের রাতে সবার আগে কোয়ার্টারে বার্সেলোনা
এরপর দুই দলই নিজেদের প্রথম দুটি স্পট কিকে সফল হলেও হুলিয়ান আলভারেসের নেওয়া শটে আতলেতিকোর দ্বিতীয় গোলটি বাতিল করে দেয় ভিএআর।
কিক নেওয়ার মুহূর্তে পা পিছলে পড়ে যাওয়ার মুখেও বল ঠিকানায় পাঠাতে সক্ষম হন হুলিয়ান, কিন্তু ভিএআর জানায়, কিক নেওয়ার সময় তার দুই পা-ই বলে স্পর্শ করেছে। ফলে গোলটি বাতিল করে দিলে স্বয়ংক্রিয়ভাবে ২-১ গোলে পিছিয়ে পড়ে আতলেতিকো।
তৃতীয় কিকে দুই দলই সফল হওয়ার পর রিয়ালের চতুর্থ কিকটি ফিরিয়ে দেন ইয়ান ওবলাক। ফলে ফের ৩-৩ সমতায় ফেরার সুযোগ তৈরি করে দলটি। কিন্তু মার্কোস ইয়োরেন্তের নেওয়া আতলেতিকোর তৃতীয় শটটি ক্রসবারে লেগে মাটিতে আছড়ে পড়েও বাইরে চলে আসে। ফলে সমতায় ফেরা আর হয়ে ওঠে না তাদের।
এরপর আন্টোনিও রুয়েডিগারের চতুর্থ শটটি ওবলাকের হাতে লাগলেও তিনি তা ঠেকিয়ে রাখতে পারেননি। ফলে ৪-২ গোলে জয় নিশ্চিত করে উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
দিনের অপর ম্যাচে পিএসভি আইন্ডহোভেনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেও ৯-৩ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করা আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এছাড়া মঙ্গলবার রাতে লিভারপুলকে টাইব্রেকারে হারানো পিএসজি কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাস্টন ভিলাকে। প্রথম লেগে ৩-১ গোলে জয়ের পর ফিরতি লেগেও ৩-০ গোলে জিতে ৬-১ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে উনাই এমেরির দল।
আরও পড়ুন: টাইব্রেকারে হেরে লিভারপুলের বিদায়, শেষ আটে পিএসজি
নকআউটের অপর পাশে থাকা বার্সেলোনা শেষ আটে তাদের প্রতিপক্ষ পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। প্রথম লেগে ১-১ গোলে সমতার পর ফিরতি লেগে ঘরের মাঠে লিলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে নিকো কোভাকের শিষ্যরা। আর ফিরতি লেগে ফেয়েনুর্ডকে ২-১ গোলে হারিয়ে ৪-১ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইন্টার মিলান পড়েছে বায়ার্ন মিউনিখের সামনে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ এপ্রিল। এরপর ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগের ম্যাচ।
৩৫৯ দিন আগে
এবার মাহমুদউল্লাহর অবসরের ঘোষণা
ওয়ানডে ক্রিকেটকে মুশফিকুর রহিম বিদায় জানানোর ঠিক এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ইতি টানলেন এই অলরাউন্ডার।
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের অবসরের সিদ্ধান্ত জানান মাহমুদউল্লাহ।
বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’
‘আমি আমার সকল সতীর্থ, কোচ ও বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’
তিনি আরও লিখেছেন, ‘আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে ধন্যবাদ, যিনি শৈশব থেকে আমার কোচ ও মেন্টর হিসেবে সবসময় আমার পাশে রয়েছেন।’
‘অবশেষে আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ, যারা সবরকমভাবে আমাকে আকুণ্ঠ সমর্থন দিয়েছে। আমি জানি, লাল-সবুজ জার্সিতে রাঈদ আমাকে মিস করবে।’
সবশেষে বাংলাদেশের ক্রিকেট ও দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু আপনি স্বীকার করে নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন।’
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিলেন মুশফিক
২০২১ সালের জুলাইতে ‘ফিনিশার’ খ্যাত এই ক্রিকেটার দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন। আর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে তাকে সবশেষ দেখা গেছে গত বছরের অক্টোবরে ভারত সফরকালে। তারপর থেকে শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
সদ্যসমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের স্কোয়াডে ছিলেন মাহমুদউল্লাহ। গ্রুপ পর্বে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটি হয়ে থাকল আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শেষ স্মৃতি।
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। এরপর ২৩২ ম্যাচে ৩৫ দশমিক ৩৩ গড়ে এবং ৭৭ দশমিক ৮৭ স্ট্রাইক রেটে মোট ৫ হাজার ৩৮৬ রান করেছেন তিনি।
১৮ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৮টি ফিফটির পাশাপাশি করেছেন চারটি সেঞ্চুরি। বল হাতে ১৫৫ ইনিংসে ৪ দশমিক ৯৮ ইকোনমি রেটে মোট ৮২ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন মাহমুদউল্লাহ। এছাড়া বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করার রেকর্ডটির পাশেও তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার ১০৩ রানের ইনিংস এবং পরে রুবেল-মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ইংল্যান্ডকে হারিয়ে বিজয়োল্লাস করে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার সেই স্মৃতি ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
গত সোমবার বিসিবির ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নেন মাহমুদউল্লাহ। তাকে রাখা হয়েছিল ‘বি’ ক্যাটাগরিতে। তখন থেকেই গুঞ্জন ছিল, ২২ গজ থেকে বিদায় নিয়ে নিতে পারেন তিনি। অবশেষে সেটিই সত্যি হলো।
৩৫৯ দিন আগে
পাঁচ ম্যাচ নিষিদ্ধ আতলেতিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড
অবশেষে আশঙ্কাই সত্যি হলো। রেফারিকে অপমানজনক কথা বলায় লাল কার্ডের শাস্তিসসহ মোট পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়াকে।
ঘটনাটি এই রবিবারের (৯ মার্চ)। সেদিন গেতাফের মাঠে গিয়ে জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল দিয়েগো সিমিওনের শিষ্যদের। ম্যাচের ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে গিয়েও ৮৮তম ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল খেয়ে ম্যাচ হেরে সুযোগ হাতছাড়া করে দলটি।
তবে প্রথম গোল খাওয়ার কয়েক সেকেন্ড আগে গেতাফে ডিফেন্ডার দিয়েনেকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন কোররেয়া। পরে ভিএআর রিভিউতে তা লাল কার্ডে উন্নীত হলে মাঠ ছাড়তে হয় এই ফরোয়ার্ডকে।
লাল কার্ডে সিদ্ধান্ত শুনে নিয়ন্ত্রণ হারান কোররেয়া। রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন। এরপর তিনি যখন মাঠ ছাড়ছেন, তখনও রেফারিকে কিছু বলতে বলতে চলে যেতে দেখা যায় তাকে।
আরও পড়ুন: প্রথমে গোল পেয়েও হেরে সুযোগ হাতছাড়া করল আতলেতিকো
পরে স্প্যানিশ মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে রেফারি গিয়েরমো কুয়াদ্রা ফের্নান্দেস জানান, কোররেয়া তাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছেন। সেসব কথার প্রতিটি শব্দ তিনি তৎক্ষণাৎ নিজের নোটবুকে টুকে রাখেন এবং ম্যাচ শেষে লিগ কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করেছেন।
পরে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে রেফারির সঙ্গে করা আচরণের জন্য ক্ষমা চান আতলেতিকো ফরোয়ার্ড।
তবে কোররেয়ার বিরুদ্ধে যেসব শব্দ প্রয়োগের অভিযোগ রেফারি তোলেন, তা সত্যি হয়ে থাকলে আইন অনুসারে তিনি সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন বলে ফুটবল পাড়ায় আলোচানা-সমালোচনা হয়। অবশ্য সর্বোচ্চ শাস্তি না পেলেও অন্তত পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় তিনি যে পড়বেন, অনেকেই এ ব্যাপারে মত দেন।
অবশেষে অভিযোগ বিশ্লেষণ করে তাকে স্পেনের ঘরোয়া লিগে পরবর্তী পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এই পাঁচ ম্যাচের প্রথমটি লাল কার্ডের শাস্তি হিসেবে এবং রেফারির সঙ্গে অভব্য আচরণের জন্য বাকি চার ম্যাচের শাস্তি দেওয়া হয়েছে।
এর ফলে, লা লিগা ও কোপা দেল রেতে আসন্ন ম্যাচগুলোতে তাকে পাবে না আতলেতিকো মাদ্রিদ। এর মধ্যে আগামী রবিবার লা লিগার টেবিলের চূড়ায় থাকা বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না আনহেল। এরপর লিগে এস্পানিওলের বিপক্ষে ম্যাচেও তিনি থাকতে পারবেন না।
আরও পড়ুন: আতলেতিকোর অপরাজেয় যাত্রা থামিয়ে ‘মাইলফলক’ রাঙাল রিয়াল
আতলেতিকোর তৃতীয় ম্যাচটি কোপা দেল রেতে। সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার বিপক্ষে ফের তাকে বাদ রেখে স্কোয়াড সাজাতে হবে দিয়েগো সিমিওনেকে। এরপর লা লিগায় সেভিয়া ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে দুটি ম্যাচেও তাকে খেলতে দেখা যাবে না।
তবে এই নিষেধাজ্ঞা স্পেনের বাইরে আরোপ না হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লোগে আজ (বুধবার) রাতে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে বাধা নেই দলটির।
প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউতে ২-১ গোলে হারে আতলেতিকো। ফলে ফিরতি লেগে আজ রাতের ম্যাচটি জয়ের বিকল্প নেই তাদের সামনে।
৩৫৯ দিন আগে
টাইব্রেকারে হেরে লিভারপুলের বিদায়, শেষ আটে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে দাপুটে পারফরম্যান্স দিলেও নকআউটে এসে নিজেদের হারিয়ে ফেলল লিভারপুল। প্রথম লেগে কোনোমতে জিতলেও ফিরতি লেগে আর পারল না। এরপর টাইব্রেকারেও হেরে বিদায় নিতে হলো আর্নে স্লটের দলকে।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ইউরোপের এলিটদের প্রতিযোগিতার শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির কাছে ১-০ গোলে হারে লিভারপুল। এরপর ১-১ অগ্রগামিতায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধান গড়তে ব্যর্থ হয় উভয় দল। পরে টাইব্রেকারে ৪-১ গোলে লুইস এনরিকের দলের কাছে হেরেছে মার্সিসাইড কাউন্টির দলটি।
এর ফলে প্রথম পর্বের শুরুর দিকে তিনটি ম্যাচে হেরে এবং একটিতে ড্র করে যেখানে শেষ ষোলো খেলার সম্ভাবনাই ফিকে হয়ে গিয়েছিল পিএসজির। নতুন বছরে ঘুরে দাঁড়িয়ে তারাই টুর্নামেন্টের সেরা দলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল।
অপরদিকে, টুর্নামেন্টে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেই বিদায় নিতে হলো লিভারপুলের।
প্রথম লেগে ১-০ গোলে হারের পর জিততে মরিয়া হয়ে ফিরতি লেগে মাঠে নামে পিএসজি। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে তারা। এর ধারাবাহিকতায় ম্যাচের দ্বাদশ মিনিটে গোল করে অগ্রগামিতায় দলকে সমতায় ফেরান উসমান দেম্বেলে।
আরও পড়ুন: ২৭ শট নিয়েও ব্যর্থ পিএসজি, লিভারপুলের বাজিমাত
এরপর দুই দলই চেষ্টা করেছে বেশ কয়েকবার, বারবার ভীতি ছড়িয়েছে প্রতিপক্ষের রক্ষণে, কিন্তু জয়সূচক গোলের দেখা আর পাওয়া হয়ে ওঠেনি। পরে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও অব্যাহত থাকে একই ধারা। শেষে টাইব্রেকারের দারস্থ হতে হয়।
টাইব্রেকারে প্রথম শটে উভয় দলই সফল হলেও লিভারপুলের পরের দুটি শট ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুম্মা। আর পিএসজি তাদের প্রথম চারটি শটের সবগুলো গোলে পরিণত করলে ৪-১ ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়ে যায়।
এখন আগামীকাল অনুষ্ঠিত হতে চলা ক্লাব ব্রুজ ও অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে এনরিকের শিষ্যরা। যদিও প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকায় ভালো অবস্থানে রয়েছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা, তারপরও দুই লেগ মিলিয়ে বিজয়ী দলটির সঙ্গে আগামী ৮ বা ৯ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে প্যারিসের দলটি।
দিনের অপর ম্যাচে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে ৪-১ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে বার্সেলোনা। এছাড়া ২-০ গোলে জিতে অগ্রগামিতায় ৫-০ ব্যবধানে লেভারকুজেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।
আরও পড়ুন: লামিন, রাফিনিয়ার রেকর্ডের রাতে সবার আগে কোয়ার্টারে বার্সেলোনা
শেষ আট নিশ্চিত করেছে ইন্টার মিলানও। ডাচ ক্লাব ফেয়েনুর্ডে বিপক্ষে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে সিমোনে ইনজাগির দল। এর ফলে ৪-১ অগ্রগামিতায় পরের ধাপে পৌঁছেছে মিলানের দলটি। ৮ বা ৯ এপ্রিল সেমিফাইনালের লড়াইয়ে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখকে।
৩৬০ দিন আগে
লামিন, রাফিনিয়ার রেকর্ডের রাতে সবার আগে কোয়ার্টারে বার্সেলোনা
প্রথম লেগে একজন খেলোয়াড় কম নিয়ে প্রায় পুরো ম্যাচজুড়ে ভুগতে থাকার পরও কোনোমতে ১-০ গোলে জেতার পর ফিরতি লেগে যেন সব ক্ষোভ উগরে দিল বার্সেলোনা। তাতে পুড়ে অঙ্গার হয়ে শেষ ষোলো থেকে প্রথম দল হিসেবে বিদায় দিল বেনফিকা, আর সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল হান্সি ফ্লিকের শিষ্যরা।
কাতালুনিয়ার অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার (১১ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পর্তুগিজ দলটিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এর ফলে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে উঠেছে কাতালান জায়ান্টরা।
ম্যাচের সবগুলো গোলই এসেছে প্রথমার্ধে। বার্সার তিনটি গোল আসে ১১, ২৭ ও ৪২তম মিনিটে। এর মধ্যে প্রথম ও তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। আর বাকি গোলটি আসে লামিন ইয়ামালের পা থেকে।
অপরদিকে বেনফিকার একমাত্র গোলটি করেন নিকোলাস ওতামেন্দি।
এর ফলে নতুন বছরে অপরাজেয় যাত্রায় অব্যাহত রাখল বার্সেলোনা। টানা ১৭ ম্যাচ হারেনি দলটি।
ম্যাচজুড়ে এদিন মোট ২০টি শট নেয় বার্সেলোনা, যার প্রথমার্ধে নেওয়া ৬টি শট ছিল লক্ষ্যে। অপরদিকে, আটটি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে বেনফিকা। বল দখলের লড়াইয়েও ছিল বার্সেলোনার প্রত্যাশিত আধিপত্য। দলটির ৬৫ শতাংশ পজেশনের বিপরীতে বেনফিকার ছিল ৩৫ শতাংশ।
আরও পড়ুন: অসীম ধৈর্য্য ও স্টান্সনির কৃতিত্বে জিতে ফিরল ১০ জনের বার্সেলোনা
এদিন ম্যাচের শুরু থেকেই কেউ কাউকে ছেড়ে কথা না বলার ইঙ্গিত দিলেও প্রথম শটটি নেয় বার্সেলোনা। পেদ্রির বাড়ানো পাস ধরে ষষ্ঠ মিনিটে গোলে শট নেন লামিন, তবে সহজেই তা লুফে নেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন।
দশম মিনিটে লামিনের পাস ধরে বক্সের মাঝ থেকে লেভানডোভস্কির নেওয়া আরও একটি শট প্রতিহত করেন ত্রুবিন। তবে পরের মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি এই ইউক্রেনীয় গোলরক্ষক।
একাদশ মিনিটে ডান পাশ দিয়ে প্রতিপক্ষের কয়েক খেলোয়াড়কে ড্রিবল করে বক্সে ঢুকেই বিপরীত পাশ দিয়ে এগোতে থাকা রাফিনিয়াকে লক্ষ্য করে একটি নিখুঁত ক্রস বাড়ান লামিন। এরপর ট্যাপ-ইনে তা ঠিকানায় পাঠিয়ে দেওয়া রাফিনিয়ার জন্য ছিল জলের মতো সরল।
৩৬০ দিন আগে
আতলেতিকোকে টপকে ফের বার্সেলোনাকে ধরল রিয়াল
গত সপ্তাহে রিয়ালের হারের সুযোগ কাজে লাগিয়ে যেমন দুইয়ে উঠেছিল আতলেতিকো, এ সপ্তাহে ঘটেছে তার ঠিক উল্টো ঘটনা। আতলেতিকোর হারের সুযোগ কাজে লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। আর তাতে করে শিরোপার লড়াইয়ে ফের বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে তাদের পাশে বসেছে মাদ্রিদ জায়ান্টরা।
সান্তিয়াগো বের্নাবেউতে রবিবার (৯ মার্চ) লা লিগার ২৭তম রাউন্ডের ম্যাচে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
এদিন ম্যাচের ৩০ ও ৩৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর বিরতির আগে একটি গোল পরিশোধ করে ভায়েকানো।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের নিষ্প্রভ পারফরম্যান্সের সুযোগ কাজে লাগিয়ে একের পর এক চেষ্টাও চালায় সফরকারীরা। তবে কিছুতেই আর রিয়ালের জালে বল পাঠাতে পারেনি তারা। ফলে ২-১ গোলের হার নিয়েই ঘরে ফিরতে হয়েছে ভায়েকানোকে।
আরও পড়ুন: প্রথমে গোল পেয়েও হেরে সুযোগ হাতছাড়া করল আতলেতিকো
প্রথমার্ধে চেনা ছন্দে খেললেও বিরতির পর আর খুঁজে পাওয়া যায়নি রিয়ালের আক্রমণের ধার। প্রথমার্ধে ৫৬ শতাংশ সময় পজেশন ধরে রেখে মোট আটটি শট নেওয়া মাদ্রিদিস্তারা, যার পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অথচ বিরতির পর শট নেয় মাত্র দুটি, যার একটিও লক্ষ্যে ছিল না।
দ্বিতীয়ার্ধে বল দখলেও আধিপত্য বিস্তার করে ভায়েকানোর খেলোয়াড়রা। রিয়ালের ৩৭ শতাংশের বিপরীতে ৬৩ শতাংশ সময় পজেশন ধরে রেখে আটটি শট নেয় দলটি, যার তিনটি লক্ষ্যে ছিল। সব মিলিয়ে এদিন রিয়ালের গোলের উদ্দেশ্যে মোট ২০টি শট নিয়ে তাক লাগিয়ে দেয় ভায়েকাসের দলটি।
তাই জিতলেও চলতি মৌসুমে অন্য এক আশঙ্কার ইঙ্গিত দিয়ে রেখেছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৫১ গোল হজম করেছে রিয়াল। লা লিগার দলগুলোর মধ্যে এই সংখ্যাটি তৃতীয় সর্বোচ্চ। পয়েন্ট টেবিলের ১৬তম দল ভালেন্সিয়ার সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রিয়াল। তাদের চেয়ে বেশি গোল খাওয়া দল কেবল জিরোনা (৫২) ও রিয়াল ভায়াদোলিদ (৬৮)।
৩৬২ দিন আগে
২৫ বছর পর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরল ভারত
সেই ২০০০ সালে তৎকালীন আইসিসি নক-আউট ট্রফির ফাইনালে ভারতকে চার উইকেটে হারিয়ে প্রথম এবং ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ২৫ বছর পর আরও একবার ফাইনালের দেখায় সেই নিউজিল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ভারত।
রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের চার উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল।
এর ফলে টুর্নামেন্টের ইতিহাসের এক মাত্র দল হিসেবে সর্বোচ্চ তিনবার সেরাদের এই শিরোপা ঘরে তোলার গৌরব অর্জন করল ভারত।
এদিন টস জিতে শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টিম ইন্ডিয়া।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংস-সর্বোচ্চ ৭৬ রান করে ভারতের জয়ে ভিত্তি গড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া প্রথম ইনিংসে বোলারদের সঠিকভাবে ব্যবহার করে নিউজিল্যান্ডের ইনিংস বড় হতে না দেওয়ার পেছনেও দারুণ ভূমিকা ছিল তার নেতৃত্বের। ফলে ফাইনালের ম্যাচসেরার পুরস্কারটি তার হাতেই উঠেছে।
তিনি ছাড়াও মিডল অর্ডারে দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার (৪৮) ও অক্ষর প্যাটেল (২৯)। এরপর শেষের দিকে বাকি কাজটুকু সারেন লোকেশ রাহুল (৩৪*)।
অন্যদিকে, দশ ওভার বোলিং করে একটি মেইডেনসহ মাত্র ২৬ রানের খরচায় দুই উইকেট তুলে নিলেও দলকে জেতাতে পারেননি মিচেল ব্রেসওয়েল।
৩৬২ দিন আগে
প্রথমে গোল পেয়েও হেরে সুযোগ হাতছাড়া করল আতলেতিকো
ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ায় গেতাফেকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল আতলেতিকো মাদ্রিদের সামনে। সে লক্ষ্যে প্রথমে গোল করে এগিয়েও গিয়েছিল তারা, কিন্তু শেষের কয়েক মিনিটে সবকিছু হয়ে গেল এলোমেলো। লাল কার্ড ও দুই গোল খেয়ে ম্যাচটি তো হেরেছেই, পাশাপাশি টেবিলের তিনে নেমে যাওয়ার শঙ্কায় পড়েছে দলটি।
রবিবার (৯ মার্চ) মাদ্রিদের কলিসেউম স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে পেপে বোরদালাসের গেতাফে।
এর ফলে আতলেতিকোর বিপক্ষে টানা ২৪ ম্যাচ জয়বঞ্চিত (২০ হার ও ৪ ড্র) থাকার পর সেই খরা কাটাল গেতাফে। আর ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আপাতত দুইয়েই রইল সিমিওনের শিষ্যরা।
দিনের অপর ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিততে পারলে আতলেতিকোর সমান ম্যাচে বার্সেলোনার সমান ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠবে রিয়াল।
আরও পড়ুন: দশজনের সোসিয়েদাদকে বিধ্বস্ত করে ফের চূড়ায় বার্সেলোনা
এদিন ম্যাচের প্রথমার্ধে দুদলের কেউ গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ৭৪তম মিনিটে সফরকারীদের পেনাল্টি দিয়ে বসে গেতাফে। তা থেকে গোল করে দলকে এগিয়ে নেন আতলেতিকোর বদলি নামা স্ট্রাইকার আলেকজান্ডার সোরলথ। এর ফলে চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বদলি নেমে গোল করাদের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন সোরলথ (৭)।
তবে মিনিট দশেক পেরোতেই ধাক্কাটা খায় আতলেতিকো মাদ্রিদ। প্রতিপক্ষের ডিফেন্ডার দিয়েনেকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড এবং পরে ভিএআর রিভিউতে তা লাল কার্ডে উন্নীত হলে ৮৮তম মিনিটে মাঠ ছাড়তে হয় আনহেল কোররেয়াকে। এর ফলে বার্সেলোনার বিপক্ষে পরবর্তী ম্যাচে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে পাবে না মাদ্রিদের দলটি।
কোররেয়া মাঠ ছাড়ার পরপরই মাউরো আরামবারির গোলে সমতায় ফেরে গেতাফে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও এক গোল করে সমর্থকদের আনন্দে ভাসান তিনি।
দশ মিনিটের যোগ করা সময় ১১ মিনিটে গিয়ে শেষ হলেও পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। ফলে হার নিয়েই ঘরে ফিরতে হয়েছে তাদের।
আরও পড়ুন: আর্জেন্টাইন স্পাইডারম্যানের গোলে শীর্ষে উঠল আতলেতিকো মাদ্রিদ
২৭তম রাউন্ডের ম্যাচে শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বার্সেলোনার। কিন্তু ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে দলটির প্রধান চিকিৎসক কার্লেস মিনিয়েরো গার্সিয়ার আকস্মিক মৃত্যু হয়। এ ঘটনায় দুই দলের অনুরোধের পর সব দিক বিবেচনায় নিয়ে ম্যাচটি স্থগিত করে লা লিগা। পরবর্তীতে ফাঁকা সূচিতে ম্যাচটির আয়োজন করা হবে বলে লা লিগার এক বিবৃতিতে জানানো হয়েছে।
আগামী রবিবার বার্সেলোনার বিপক্ষে লা লিগার পরবর্তী রাউন্ডে মাঠে নামবে আতলেতিকো। তার আগে আসছে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে দলটি।
৩৬২ দিন আগে
ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ডের লড়াকু পুঁজি
শুরুতে রাচিন রবীন্দ্রর উড়ন্ত শুরুর পর ভারতের স্পিনারদের দাপট, এরপর শেষের দিকে ফের কিউই ব্যাটারদের ঘুরে দাঁড়ানোয় লড়াকু পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড।
রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল সান্টনার। এরপর ড্যারিল মিচেলের ধৈর্যশীল ইনিংস ও মিচেল ব্রেসওয়েলের ক্যামিওতে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছে দলটি।
দুবাইয়ের এই পিচে যে আড়াই শ বা তার আশপাশে তোলা সংগ্রহ প্রতিপক্ষের জন্য ভালো একটি চ্যালেঞ্জ, তা এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত অন্যান্য ম্যাচগুলো থেকেই স্পষ্ট। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথম ইনিংসে আড়ই শ-ও করতে ব্যর্থ হয় ভারত (২৪৯)। এমনকি ওই রান করেও কিউইদের বিপক্ষে ৪৪ রানে জেতে তারা।
আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি, পাকিস্তানকে বিপদে ঠেলে সেমির পথে ভারত
এদিন পুরো ম্যাচজুড়ে দেখা গেছে ভারতীয় স্পিনারদের দাপট। দুই পেসার— মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া যেখানে ১২ ওভার বোলিং করে এক উইকেটের বিনিময়ে গড়ে ৮.৬৭ রান রেটে ১০৪ রান দিয়েছেন, সেখানে ৩৮ ওভারে ১৪৭ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন স্পিনাররা। তাদের ইকোনমিক রেটও চোখে পড়ার মতো; ৩৮ ওভারে গড়ে ৩.৮৭ রান রেটে বোলিং করেছেন কুলদীপ, বরুণ, অক্ষর ও জাদেজারা।
ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে উড়ন্ত শুরু এনে দেন রাচিন, আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন অপর ওপেনার উইল ইয়াং। এই দুই ব্যাটারের কল্যাণে টুর্নামেন্টে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে প্রথমবার কোনো দল প্রথম উইকেটজুটিতে ৫০ বা তার বেশি রান করতে সক্ষম হয়।
এরপর অষ্টম ওভারের পঞ্চম বলে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইয়াং। ফেরার আগে ২৩ বলে ১৫ রান করেন তিনি।
ইয়াং ফিরে গেলে কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে প্রথম পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ৬৯ রান তোলেন রাচিন। কিন্তু ব্যক্তিগত ২৮ ও ২৯ রানে পরপর দুবার জীবন পেয়েও ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি তিনি। পাওয়ার প্লের পর প্রথম ডেলিভারিতেই কুলদীপের বলে বোল্ড হয়ে যান এই ব্যাটার। ২৯ বলে একটি ছক্কা ও চারটি চারের সাহায্যে ৩৭ রান করে ফিরতে হয় তাকে।
এরপর পাওয়ার প্লে শেষ হতেই আসে আরেক ধাক্কা, ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে কুলদীপের কাছে কট অ্যান্ড বোল্ড হয়ে যান উইলিয়ামসনও।
পটাপট দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড, আর এই সুযোগে স্পিন অ্যাটাক দিয়ে দলটির ব্যাটারদের কাবু করে ফেলেন রোহিত শর্মা।
এ সময় টম ল্যাথামকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। তবে দলীয় ১০৮ রানের মাথায় ৩০ বলে মাত্র ১৪ রান করে ফিরে যেতে হয় ল্যাথামকেও। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে বধ করেন রবীন্দ্র জাদেজা।
পরে গ্লেন ফিলিপসের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন মিচেল। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪.৩ ওভার থেকে আসে ওই রান। মূলত প্রথম পাওয়ার প্লের পর থেকেই নিউজিল্যান্ডের রানের গতি একেবারে পড়ে যায়।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্ষতে প্রলেপ দিয়ে ফাইনালে ভারত
দলীয় ১৬৫ রানে বরুণের বলে ফিলিপসও বোল্ড হয়ে গেলে ক্রিজে আসেন মিচেল ব্রেসওয়েল। তাকে নিয়ে ভালো সংগ্রহের দিকে এগোতে থাকেন ড্যারিল মিচেল। দুই ব্যাটারই এ সময় রান তোলায় মনোযোগী হন। তবে ব্রেসওয়েলের সঙ্গে বেশিক্ষণ থাকা হয়নি মিচেলের। ইনিংসের ২৬ বল বাকি থাকতে তাকে ফেরান শামি। আর এর মধ্য দিয়ে ১০১ বলে ৬৩ রানের ধৈর্যশীল একটি ইনিংসের পরিসমাপ্তি হয়।
পরবর্তীতে ব্রেসওয়েলের ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ২৫১ রান তুলে বিরতিতে যায় নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২৫১/৭ (মিচেল ৬৩, ব্রেসওয়েল ৫৩*, রাচিন ৩৭; কুলদীপ ২/৪০, বরুণ ২/৪৫)।
৩৬২ দিন আগে
দুর্দান্ত বায়ার্নের সামনে মুখ থুবড়ে পড়ল লেভারকুজেন
সেই ২০২২ সালের অক্টোবরে শাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকেই বুন্দেসলিগায় দাপট দেখানো বায়ার্নের বিপক্ষে অজেয় হয়ে উঠেছিল লেভারকুজেন। তবে আড়াই বছরের বেশি সময় পর দলটি এমনভাবে হারল যে তা অসহায় আত্মসমর্পণের মতো হয়ে গেল।
আলিয়ান্স আরেনায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরেছে বায়ের লেভারকুজেন।
এই হারের ফলে দলটির কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নও মলিন হয়ে গেছে। টুর্নামেন্টে নিজেদের যাত্রা আরও দীর্ঘায়িত করতে হলে আগামী মঙ্গলবার ফিরতি লেগে ঘরের মাঠে অসাধ্য সাধন করতে হবে আলোনসোর শিষ্যদের।
এদিন ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি লেভারকুজেন। ম্যাচজুড়ে মাত্র ৩৫ শতাংশ পজেশন ধরে রাখা লেভারকুজেন প্রথমার্ধে তিনটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখলেও দ্বিতীয়ার্ধে কোনো শটই নিতে পারেনি। অন্যদিকে, ৬৫ শতাংশ সময় বলের ওপর নিয়ন্ত্রণ রেখে ম্যাচজুড়ে মোট ১৭টি শট নেয় বায়ার্ন। এর মধ্যে লক্ষ্যে রাখা ৬টি শটের তিনটি থেকে গোল আদায় করে নেয় তারা।
ম্যাচের নবম মিনিটেই হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ওই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে (৫৪তম মিনিটে) ব্যাবধান বাড়ান জামাল মুসিয়ালা।
এর আট মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে নর্ডি মুকিয়েলে মাঠ ছাড়লে বাকি সময়ের জন্য ১০ জনের দলে পরিণত হয় লেভারকুজেন। পরে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করে আলোনসোর শিষ্যদের আরও হতাশ করেন কেইন।
দিনের অপর ম্যাচে শুরুর দিকে দশজনের দলে পরিণত হয়েও বেনফিকার মাঠ থেকে ১-০ গোলে জিতে ঘরে ফিরেছে বার্সেলোনা। এছাড়া, ম্যাচ একপেশে করে ফেলেও লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি।
এর আগে, দিনের প্রথম ম্যাচে ফেয়েনুর্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারের পথ পরিষ্কার করেছে ইন্টার মিলান।
আরও পড়ুন:
> অসীম ধৈর্য্য ও স্টান্সনির কৃতিত্বে জিতে ফিরল দশজনের বার্সেলোনা
> ২৭ শট নিয়েও ব্যর্থ পিএসজি, লিভারপুলের বাজিমাত
> ফেয়েনুর্ডকে হারিয়ে শেষ আটে এক পা ইন্টারের
৩৬৬ দিন আগে