বিশ্ব
হংকংয়ে ভবনের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮, গ্রেপ্তার আরও ৮
হংকংয়ের বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ভবন পুড়ে যাওয়ার ঘটনায় শুক্রবার বাসায় বাসায় তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর ফলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে।
এ ঘটনায় আরও ৭৯ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ২০০ জন। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে ভবন সংস্কারকাজে যুক্ত আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে এক দিনেরও বেশি সময় লাগে এবং পুরোপুরি নেভাতে সময় প্রায় ৪০ ঘণ্টা লেগে যায়। অগ্নিকাণ্ড শুরুর দুই দিন পরেও দগ্ধ ভবনগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
হংকং ফায়ার সার্ভিসের পরিচালক অ্যান্ডি ইয়ুং বলেন, কমপ্লেক্সের কিছু অগ্নি-সতর্কীকরণ অ্যালার্ম পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো অকেজো ছিল। তবে ঠিক কতগুলো অ্যালার্ম অকেজো ছিল বা বাকিগুলোও কার্যকর ছিল কিনা, এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ইয়ুং বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তা এক ভবন থেকে আরেকটিতে ছড়িয়ে পড়ে। কারণ, নির্মাণকাজে ব্যবহৃত স্টাইরোফোমের প্যানেল ও জালে ঢাকা বাঁশের মাচায় (স্ক্যাফোল্ডিং) আগুন লেগে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে, শুক্রবার ৪০ থেকে ৬৩ বছরের মধ্যে সাত জন পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা-ইন্ডিপেনডেন্ট কমিশন অ্যাগেইনস্ট করাপশন (আইসিএসি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্ক্যাফোল্ডিংয়ের সাব-কন্ট্রাক্টর, একটি ইঞ্জিনিয়ারিং পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক এবং সংস্কার কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা প্রকল্প ব্যবস্থাপকেরা।
৯৭ দিন আগে
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৩১
শ্রীলঙ্কায় গত সপ্তাহ থেকে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের কারণে দেশটির বিভিন্ন এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, নিহতদের মধ্যে ১৮ জনই রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে কেন্দ্রীয় প্রদেশের চা বাগান এলাকা বাদুল্লা ও নুয়ারা ইলিয়ায় ভূমিধসে প্রাণ হারিয়েছেন। ভূমিধসের কারণে এখন পর্যন্ত ওই অঞ্চলে আরও অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছেন।
সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া ভারী বর্ষণে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়কে বন্যার পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জলাশয় ও নদী প্লাবিত হয়ে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। প্লাবনের ফলে কিছু প্রাদেশিক সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কারণে পাথর, কাদামাটি ও গাছপালা রেললাইনের ওপর পড়ায় সেখানে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, শ্রমিকরা লাইনের ওপর জমে থাকা মাটি-পাথরের স্তুপ সরানোর চেষ্টা করছেন। কিছু এলাকায় বন্যার পানিতে রেললাইন তলিয়ে গেছে।
আরও দেখা যায়, নৌবাহিনীর যানবাহনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কলম্বো থেকে প্রায় ৪১২ কিলোমিটার পূর্বে আম্পারা শহরের কাছে বন্যার স্রোতে একটি গাড়ি ভেসে যাচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, গভীর নিম্নচাপজনিত এই বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
৯৯ দিন আগে
কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব, সরকারের কাছে ব্যাখ্যা চাইল পিটিআই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে পিটিআই। পাশাপাশি অবিলম্বে ইমরান খান ও তার পরিবারের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে দলটি।
গত কয়েক সপ্তাহে একাধিকবার ইমরান খানের সঙ্গে তার বোনদের সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী কোথায় এবং কেমন আছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বোনেরা। এ ছাড়া তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচিও পালন করছেন তারা।
এদিকে, বেশ কিছু এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) থেকে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে এক্স-এ ‘Where is Imran Khan?’ বা ‘ইমরান খান কোথায়?’ ট্রেন্ড চলছিল।
এ বিষয়ে আজ সকালে এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পিটিআই জানায়, ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে আফগান ও ভারতীয় গণমাধ্যমসহ বিদেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ‘নিকৃষ্ট প্রকৃতির গুজব’ ছড়ানো হচ্ছে।
দলটির দাবি, ‘বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে ও পরিষ্কারভাবে এসব গুজব খণ্ডন করে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিক। সেই সঙ্গে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের তাৎক্ষণিক ব্যবস্থা করুক।
‘ইমরান খানের স্বাস্থ্য, নিরাপত্তা ও তার বর্তমান অবস্থান সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া উচিত।’
এ ছাড়া, যারা ‘সংবেদনশীল’ এসব গুজব ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ‘জাতির সামনে সত্য উপস্থাপন করার’ দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে সতর্ক করে পিটিআই আরও বলেছে, ‘জাতি তাদের নেতার (ইমরান খান) অবস্থা নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা সহ্য করবে না। ইমরানের নিরাপত্তা, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব।’
একই সঙ্গে দলটি ‘এসব গুজবের মোকাবিলা এবং সত্য উন্মোচনে সব ধরনের আইনি ও রাজনৈতিক পদক্ষেপ’ নেওয়ারও ঘোষণা দিয়েছে।
এদিকে, আজ দুপুরে পিটিআই নেতা ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির মেয়ে মেহের বানো কুরেশি এক্স-এ লিখেছেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ছড়ানো গুজব উদ্বেগজনক।
তিনি বলেছেন, ‘খান সাহেবের নিরাপত্তার দায়িত্ব সরকারের এবং জাতির সামনে হালনাগাদ তথ্য প্রকাশের বাধ্যবাধকতাও তাদের রয়েছে। এসব গুজবের সমাপ্তি টানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হচ্ছে তার বোনদের, আইনজীবী ও দলীয় সদস্যদের তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া।’
এর আগে, গতকাল (বুধবার) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও পিএমএল-এন নেতা খাজা আসিফ এক্স-এ ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রতিক্রিয়ায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কারাগারে থাকাকালীন সুযোগ-সুবিধা দাবি করায় সমালোচনা করেছিলেন ইমরান খান। অথচ, তিনি নিজেই জেলকক্ষে টিভি ব্যবহার করেন। তার খাবারও আসে কারাগারের বাইরে থেকে। সেখানে তার জন্য ব্যায়াম করার যন্ত্রপাতিও রয়েছে।
নিজের কারাভোগের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ বলেন, ‘আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম। জেলের রান্না করা খাবারই খেতাম। জানুয়ারি মাসে আমাদের মাত্র দুটি কম্বল দেওয়া হয়। গরম পানি ব্যবহারের কোনো সুযোগ ছিল না।’
এর বিপরীতে ইমরানের জন্য ‘ডবল বেড ও মখমলের বিছানা’ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, জেল সুপার নিজেই ইমরানের দেখভাল করেন।
আসিফ আরও বলেন, ‘ইমরান খানের উচিত কারাগারের লাউডস্পিকারে তার নিজের বক্তৃতাগুলো শোনা। তার খোদাকে ভয় করা উচিত।’
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ক্ষমতা হারানোর পর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের অভিযোগসহ বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন তিনি। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
৯৯ দিন আগে
দ্বিতীয় দিনও জ্বলছে হংকংয়ের বহুতল ভবন কমপ্লেক্স, নিহত বেড়ে ৫৫
আগুন লাগার এক দিন পরও হংকংয়ের তাই পো এলাকার বহুতল ওয়াং ফুক কোর্ট ভবন কমপ্লেক্স থেকে ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরেও ফায়ার সার্ভিসকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ব্যস্ত থাকতে দেখা গেছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ইতোমধ্যে ৫৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মীও আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।
হতাহতের ব্যাপারে আজ (বৃহস্পতিবার) কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থল থেকে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কমপ্লেক্সের আটটি বহুতল ভবনের মধ্যে সাতটিতে আগুন লেগেছিল। ইতোমধ্যে চারটি ভবনের আগুন নেভানো সম্ভব হয়েছে। বাকি তিনটি ভবনের আগুনও নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যার মধ্যে অভিযান শেষ করতে পারবে বলে আশা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শদাতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
এ ব্যাপারে স্থানীয় পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট আইলিন চুং বলেছেন, ‘আমরা ধারণা করছি, নির্মাণ কোম্পানিটির দায়িত্বশীল ব্যক্তিদের গুরুতর অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’
ভবন কমপ্লেক্সের সংস্কার কাজের দায়িত্বে থাকা প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির কার্যালয়ও আজ (বৃহস্পতিবার) তল্লাশি করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেখানে থেকে নথিপত্রভর্তি বাক্স জব্দ করা হয়েছে। তবে প্রেস্টিজের অফিসে ফোন করা হলেও অ্যাসোসিয়েট প্রেসের সেই ফোনকলে কেউ সাড়া দেয়নি।
কর্তৃপক্ষের ধারণা, বহুতল ভবনগুলোর বাইরের দেওয়ালে এমন কিছু নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছিল, যেগুলোর অগ্নিরোধী মান ছিল না। এ কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পরও অক্ষত থাকা পাশের একটি ভবনের প্রতিটি তলার লিফট লবির জানালার পাশে স্টাইরোফোম পেয়েছে পুলিশের তদন্ত দল, যা অত্যন্ত দাহ্য পদার্থ। ধারণা করা হচ্ছে, নির্মাণ কোম্পানিই এগুলো লাগিয়েছিল, কিন্তু এসব স্টাইরোফোম ব্যবহারের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এগুলো নিয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছেন হংকংয়ের নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং।
৯৯ দিন আগে
হংকংয়ে ৭টি বহুতল ভবনে আগুন, নিহত ১৩
হংকং’র নিউ টেরিটরিজের তাই পো এলাকায় একটি আবাসিক কমপ্লেক্সের সাতটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৯ জন ঘটনাস্থলেই নিহত হন, বাকিরা হাসপাতালে মারা যান। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রাণ বাঁচাতে প্রায় ৭০০ বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।
আগুন কমপ্লেক্সের বাইরের বাঁশ ও নির্মাণ জাল বরাবর দ্রুত ছড়িয়ে পড়েছে।
কমপ্লেক্সে ৮টি আবাসিক ব্লক রয়েছে, প্রায় ২,০০০ অ্যাপার্টমেন্টে প্রায় ৪,৮০০ জন বসবাস করেন।
একটি ভিডিওতে দেখা গেছে একাধিক ভবনে একসাথে আগুন লেগে ধোঁয়া ও শিখা ছড়িয়ে পড়ছে। ফায়ার ক্রু ল্যাডার ট্রাক ব্যবহার করে উপরের দিকে পানি ছিটিয়েছে।
অগ্নিকাণ্ডের সময় একজন ফায়ারফাইটার নিহত হয়েছেন।
অগ্নিনির্বাপনে ১২৮টি ফায়ার ইঞ্জিন ও ৫৭টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, অনেক বাসিন্দা আগুনে আটকা পড়ে ফোন করেন।
স্থানীয় কাউন্সিলের একজন সদস্য জানিয়েছেন, আটকে পড়াদের মধ্যে বেশিরভাগই প্রবীণ।
তাই পো হলো চীনের শেনজেন সীমান্তের নিকটে একটি শহরতলি।
১০০ দিন আগে
আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ নাকচ করল পাকিস্তান
আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ এ অভিযোগ নাকচ করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দাবি করেন, পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে এ হামলা চালিয়েছে। এতে ১ জন নারীসহ ৯টি শিশু মারা গেছে।
তিনি আরও দাবী করেন, কুনার ও পাকতিয়া প্রদেশে পৃথক হামলায় আরও ৪ জন আহত হয়েছে।
মুজাহিদ এ আক্রমণকে নৃশংস উল্লেখ করে একে আফগান ভূখন্ডের ওপর হুমকি হিসেবে মন্তব্য করেছেন। এই হামলার জন্য পাকিস্তানকে সঠিক সময়ে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, রাওয়ালপিণ্ডির গ্যারিসন শহরে সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমদ শরিফ চৌধুরী হামলায় সংশ্লিষ্ঠতার অভিযোগ অস্বীকার করে বলেন, পাকিস্তান কখনও সাধারণ জনগনকে হামলা করে না। দেশে সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী পাকিস্তানের তালেবানদের টার্গেট করে এ অভিযান শুরু হয়েছিল বলে জানান তিনি।
এর আগে, চলতি বছরের অক্টোবরে কাতার ও তুরস্কের মধ্যস্ততায় যুদ্ধবিরতির চুক্তি হয়। তবে, দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। কাতার ও তুরস্ক এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি, ইরান বিবাদমান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছে।
ইরানের জাতীয় সুপ্রিম সিকিউরিটি কাউন্সিরের সেক্রেটারি আলী লারিজানি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, সাম্প্রতিক পাকস্তান সফরে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাৎ করেছেন।
এ হামলার আগের দিন (সোমবার) সকালে ২ জন আত্মঘাতী বোমা হামলাকারী ও ১ জন বন্ধুকধারী পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের শহর পেশোয়ারের ফেডারেল কন্সটেবুলারিতে হামলা চালিয়েছিল। এতে সংস্থাটির ৩ জন কর্মকর্তা নিহত ও ১১ জন আহত হয়।
এ হামলায় পাকিস্তানের সন্দেহের তীর সশস্ত্র গোষ্ঠী তালেবান বা তাহরিক-ই-তালেবান’র (টিটিপি) দিকে।
ফেডারেল কনস্টেবুলারি হলো পাকিস্তানের একটি আধা-সামরিক বাহিনী, যা সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত।
এ বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্র শরিফ চৌধুরী দাবি করেন, আফগানিস্তান থেকে আগত ৩ জঙ্গি এই হামলা চালিয়েছে।
টিটিপি তালেবান থেকে পৃথক একটি গোষ্ঠী।
তবে পাকিস্তানের দাবি, আফগান তালেবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই গোষ্ঠীর। টিটিপির অনেক নেতা আফগানিস্তানে লুকিয়ে আছে বলেও ধারণা তাদের।
এর আগে ২০২২ সালে কাবুল টিটিপি এবং পাকিস্তানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সশস্ত্র গোষ্ঠীটি যুদ্ধবিরতি ভেঙে দেয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযান জোরদার করেছে। জানুয়ারি থেকে, পাকিস্তানের জঙ্গিবিরোধী এই অভিযানে ১ হাজার ৮৭৩ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এই মুখপাত্র।
মঙ্গলবার, সেনাবাহিনী জানিয়েছে যে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পখতুনখোয়া প্রদেশের বান্নুতে ‘ভারত-সমর্থিত’ যোদ্ধাদের একটি আস্তানায় অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী ২২ জন জঙ্গিকে হত্যা করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে নিহত বিদ্রোহীদের আফগানিস্তান এবং ভারত সমর্থিত খাওয়ারিজ হিসেবে উল্লেখ করেছ। তবে কাবুল এবং নয়াদিল্লি এই ধরনের গোষ্ঠীগুলিকে সহায়তা প্রদানের কথা অস্বীকার করেছে।
১০১ দিন আগে
রাশিয়ায় মোবাইল ইন্টারনেট বন্ধ, ক্ষুব্ধ জনগণ
রাশিয়ায় মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় দৈনন্দিন কাজে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে দেশটির নাগরিকেরা। গণপরিবহনের ভাড়া দেওয়া থেকে শুরু করে অসুস্থ শিশুদেরও কর্মক্ষেত্র থেকে পর্যবেক্ষণ করতে পারছে না তাদের বাবা-মায়েরা।
দেশটির সরকারের দাবি, ইন্টারনেটের এই শাটডাউন ইউক্রেনের ড্রোন হামলা থেকে তাদের রক্ষা করার জন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাটডাউনের এই পদ্ধতি ড্রোন আক্রমণ কমাতে পারে না।
ইন্টারনেট ব্ল্যাকআউটের চলাকালে সরকার অনুমোদিত কিছু তালিকাভুক্ত ওয়েবসাইটে কেবল প্রবেশ করা যাচ্ছে। এর ফলে জনগণের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং ডিজিটাল স্বাধীনতা হারানোর ব্যাপারে জনমনে উদ্বেগ বাড়ছে।
নতুন এই বিধিনিষেধের কারণে বিদেশি ও অব্যবহৃত সিম কার্ড বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ, গ্যাস, পানির মতো জরুরি পরিষেবার মিটার ও গাড়িসহ বিভিন্ন ডিভাইস, যেগুলো মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল, সেগুলো চালাতে সমস্যা হচ্ছে।
বার্তা আদানপ্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চালাতেও সমস্যা হচ্ছে। এর পরিবর্তে রাশিয়ার নিজস্ব বার্তা আদানপ্রদানের অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারে উৎসাহিত করছে সরকার, যাকে ব্যক্তি-নিরাপত্তার হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এমনকি এই অ্যাপ ব্যবহারকারীর তথ্য শেয়ার করতে পারে বলেও জানিয়েছেন তারা।
রাষ্ট্র-আরোপিত এই বাধাকে উপেক্ষা করে অনেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট চালাচ্ছেন। তবে তাদেরও নিয়মিতভাবে ব্লক করে দিচ্ছে সরকার।
বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে সরকার জনগণকে রাষ্ট্র অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহারের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আসতে পারে।
১০৩ দিন আগে
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে দেশটির পূর্বের ‘শাসনপদ্ধতি পরিবর্তন (রিজিম চেঞ্জ) বা রাষ্ট্র গঠন’ নীতির সমাপ্তি হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত ‘মানামা ডায়ালগ’ নিরাপত্তা সামিটের আগে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা এ সম্মেলন আয়োজন করে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, তুলসীর এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যের পুনরাবৃত্তি।
যুক্তরাষ্ট্রের পূর্বের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ। তবে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা পরিবর্তিত হয়ে ‘অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা’কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর মধ্যে রয়েছে— গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ সমাপ্তি।
তুলসী গ্যাবার্ড বলেন, ‘দশক ধরে আমাদের বৈদেশিক নীতি— রিজিম চেইঞ্জ বা রাষ্ট্র গঠনের—এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল। এটি ছিল একমাত্রিক ও একরূপ নীতি।’
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক বলেন, শাসক পরিবর্তনের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা অন্য দেশে চাপানো এবং নানা সংঘাতে অজাচিত হস্তক্ষেপের কারণে মিত্রের চেয়ে অধিক শত্রু তৈরি হয়েছে।
হাওয়াইয়ের সাবেক কংগ্রেস সদস্য এবং ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক এই সদস্য বলেন, এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলার ব্যয়, অগণিত প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে।
তুলসীর এই মূল্যায়ন ট্রাম্পের নিজস্ব ভাবনার সঙ্গে মিলে যায়, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রতিফলিত হয়েছিল।
ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল, যা বাইডেন প্রশাসনের সময়ে ২০২১ সালে বিশৃঙ্খলভাবে শেষ হয়। এছাড়া, তিনি সিরিয়ার সাময়িক প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে গ্রহণ করেছেন। আল-শারা আল-কায়দার সাবেক সদস্য এবং ইরাকে আমেরিকান কারাগারে ছিলেন।
তবে গ্যাবার্ড ট্রাম্পের দক্ষিণ আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন, মাদকবহনের অভিযোগ তুলে জাহাজে হামলা এবং ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর বিষয়ে মন্তব্য করেননি।
মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি এখনও চ্যালেঞ্জের মুখোমুখি। গ্যাবার্ড বলেন, গাজায় যুদ্ধবিরতি এখনও ‘ভঙ্গুর’। এদিকে, ইরান সম্প্রতি পারমাণবিক স্থাপনায় নতুন কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, `সামনের পথ সহজ বা সরল হবে না, তবে ট্রাম্প এই পথে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।‘
১২৪ দিন আগে
উগান্ডায় মহাসড়কে একসঙ্গে চার গাড়ি দুর্ঘটনায়, নিহত ৪৬
আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ এক মহাসড়কে একসঙ্গে একাধিক যানবাহন দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে কামপালা-গুলু মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়ানোর পর তাদের সঙ্গে একটি লরি ও একটি কারও দুর্ঘটনায় পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে উগান্ডার পুলিশ।
তাদের তথ্যমতে, বিপরীত দিক থেকে আসা দুটি বাস একসঙ্গে অন্য যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করার সময় কিরিয়ানডঙ্গো শহরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ শুরুতে ৬৩ জন নিহত হয়েছে বলে জানালেও পরে সংখ্যা কমায়। তারা বলে, প্রাথমিকভাবে অচেতন অনেককেই তারা মৃত ধরে নিয়েছিলেন।
দুর্ঘটনায় নিহতের পাশাপাশি অনেকেই আহত হয়েছে। তাদের বেশিরভাগকেই কাছাকাছি একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর পুলিশ গাড়িচালকদের ‘বিপজ্জনক ও বেপরোয়া ওভারটেকিং’ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে। দেশে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এই ওভারটেকিং বলেও দাবি করেন তারা।
১৩৫ দিন আগে
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
নেপালে বিক্ষোভ ১৯ জনের মৃত্যুর পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ (কে পি) শর্মা অলি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
এর আগে, বিক্ষোভ ও সহিংসতার পর গতকাল (সোমবার) সন্ধ্যায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ দেশটির অন্তত সাতটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়, বিক্ষোভকারীদের বেশির ভাগই তরুণ বা জেন-জি প্রজন্মের।
কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা একপর্যায়ে পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে নেপালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে গুলিও চালানো হয়।
আরও পড়ুন: ১৯ মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল নেপাল সরকার
বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার।
গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান–প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। নতুন নিয়মনীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিয়ম মানায় টিকটকসহ পাঁচটি প্রতিষ্ঠান বিধিনিষেধের আওতার বাইরে ছিল। এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হয়।
১৭৮ দিন আগে