বিশ্ব
শান্তিচুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ, আটক ৩২
গাজায় শান্তিচুক্তি ও বন্দিমুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে আন্দোলন তীব্র হয়েছে। রবিবার (১৭ আগস্ট) আন্দোলনকারীরা দেশব্যাপী ধর্মঘট পালন করেছেন। এ সময় যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়; ৩২ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি ব্যক্তি ও নিহতদের পরিবারের দুইটি সংগঠন ‘দ্য ডে অব স্টপেজ’ শীর্ষক এই কর্মসূচি আয়োজন করে। কয়েক সপ্তাহ আগে হামাস ইসরায়েলি বন্দিদের ভিডিও প্রকাশ করেছিল। এদিকে ইসরায়েল গাজা পূর্ণ দখলে সামরিক অভিযান শুরুর পরিকল্পনা জানিয়েছে। এমন পরিস্থিতিতেই এই কর্মসূচি আয়োজিত হয়েছে।
আন্দোলনকারীরা আশঙ্কা করছেন, আবার সংঘাত শুরু হলে হামাসের হাতে থাকা ৫০ জন বন্দির জীবন ঝুঁকিতে পড়তে পারে। তবে অনেকের ধারণা, বন্দিদের মধ্যে মাত্র ২০ জন বেঁচে আছেন। এ সময় আন্দোলনকারীরা ‘আমরা বন্দিদের মৃতদেহের ওপর যুদ্ধ জিতব না’ সহ নানা স্লোগান দেন।
রবিবার পুরো ইসরায়েলজুড়ে বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা রাজনৈতিক নেতাবৃন্দের বাড়ির সামনে, সামরিক সদর দপ্তর ও প্রধান মহাসড়কগুলোতে সমবেত হন। তারা রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন, এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেশ কিছু হোটেল, রেস্টোরেন্ট ও সিনেমা হল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, দেশব্যাপী এই কর্মসূচি থেকে ৩২ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। হামাসের বন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়া আরবেল ইয়েহুদ নামের একজন আন্দোলনকারী বলেন, সামরিক চাপ বন্দিদের মুক্তি দেয় না। বরং এটি তাদের আরও মৃত্যুর দিকে নিয়ে যায়। তাদের ফিরিয়ে আনার একমাত্র উপায় শান্তিচুক্তিতে বসা।
তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসান নিকট ভবিষ্যতে হচ্ছে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বন্দিদের দ্রুত মুক্তির দাবি করলেও তিনি বিরোধী দলগুলোর চাপের মধ্যে রয়েছেন। নিজের জোটের মধ্যে বিদ্রোহের সম্ভাবনা নিয়ে তিনি বিব্রত। নেতানিয়াহুর মন্ত্রিপরিষদের অতি ডানপন্থী সদস্যরা ইতোমধ্যেই জানিয়েছেন, তারা হামাসের সঙ্গে কোনো ধরনের চুক্তি সমর্থন করবেন না।
গাজায় আগ্রাসন শুরুর প্রস্ততি চলছে
এদিকে, ইসরায়েলে আন্দোলনকারীরা যুদ্ধবিরতির দাবি জানালেও গাজার শহর ও অন্যান্য জনবহুল এলাকায় আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ)।
গাজায় মানবিক সাহায্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোগাট জানিয়েছে, অঞ্চলটিতে ত্রাণ সহায়তা বিতরণ পুনরায় শুরু হবে। তবে গাজা থেকে বাসিন্দাদের ‘বাধ্যতামূলক সরানোর’ পরিকল্পনা চলছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত
২০২৩ সালে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়। এরপর থেকে গাজায় আগ্রাসন শুরু করে আইডিএফ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ৬১ হাজার ৮৯৭ জন নিহত হয়েছে, তাদের প্রায় অর্ধেকই নারী ও শিশু। রবিবার গাজায় পুষ্টিহীনতার কারণে দুটি শিশু মারা গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭।
২০১ দিন আগে
ইউক্রেন দোনেৎস্ক ছেড়ে দিলে শান্তিচুক্তি সম্ভব: ট্রাম্প
ইউক্রেনে যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেজন্য রাশিয়া ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সম্পূর্ণ ভূখণ্ড দাবি করেছেন বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটি চুক্তি করা উচিত। কারণ, রাশিয়া খুব বড় একটি শক্তি। তারা (ইউক্রেন) তা নয়।’
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প।
শুক্রবার (১৫ আগস্ট) প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। সেখানে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুতিন দনবাসের পুরো দোনেৎস্ক অঞ্চল দাবি করেছেন বলে সংশ্লিষ্ট এক সূত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছে।
বৈঠক শেষে ট্রাম্প ইউরোপীয় নেতাদের বলেন, ‘জেলেনস্কি যদি দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেন, তাহলে একটি শান্তিচুক্তি সম্ভব হতে পারে।’ তবে, দোনেৎস্ক ছেড়ে দেওয়ার এই প্রস্তাব প্রত্যাখান করেছেন জেলেনস্কি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইউক্রেনের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত দোনেৎস্ক অনেক আগে থেকে মস্কোর প্রধান লক্ষ্যবস্তু। ২০১৪ সালে প্রথমবারের মতো এ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী।
আরও পড়ুন: ‘শূন্য হাতে’ পুতিনকে নিয়ে আলাস্কা ছাড়লেন ট্রাম্প
দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে দনবাস অঞ্চলটি গঠিত। এর মধ্যে লুহানস্ক প্রায় পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরসহ দোনেৎস্কের গুরুত্বপূর্ণ অংশগুলো এখনো ধরে রেখেছে ইউক্রেন।
শুক্রবারের বৈঠকে পুতিন ট্রাম্পকে বলেন, দোনেৎস্ক ও লুহানস্কের বিনিময়ে তিনি দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলে সম্মুখযুদ্ধ স্থগিত রাখতে এবং আর না এগোতে রাজি রয়েছেন।
ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা এর আগে যুদ্ধবিরতি চুক্তি করতে চাইলেও ট্রাম্প চাইছেন সরাসরি শান্তিচুক্তি। শনিবার ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় সরাসরি শান্তিচুক্তিতে যাওয়া, সবপক্ষ থেকেই এটা নির্ধারণ করা হয়েছে। এটা যুদ্ধ বন্ধ করবে। যুদ্ধবিরতি অনেক সময় টেকে না।
এদিকে, যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেছেন, ইউক্রেনের ভুখণ্ড নিয়ে যেকোনো সিদ্ধান্ত তারাই নেবে। জোর করে আন্তর্জাতিক সীমানা পরিবর্তন করা যাবে না।
বৈঠকের পর জেলেনস্কির সঙ্গেও কথা বলেছিলেন ট্রাম্প। এরপর এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, চলমান পরিস্থিতিতে সব অবস্থান পরিষ্কার হয়েছে। রাশিয়ার আগ্রাসনের আরেক দফা সাময়িক বিরতি নয় বরং প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যেটি স্থায়ী হবে।
এ সময় অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, সব ইউক্রেনীয় যুদ্ধবন্দী ও বেসামরিক নাগরিকদের মুক্তি দিতে হবে এবং রাশিয়ার অপহৃত শিশুদের ফিরিয়ে দিতে হবে।
এ ছাড়া যুদ্ধবিরতি ছাড়া সরাসরি শান্তিচুক্তিতে গেলে সেটি পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক বিবৃতিতে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: রাশিয়াকে ভুখণ্ড দিয়ে দেওয়ার ইঙ্গিত, ট্রাম্পের কূটনীতিতে পূর্ব ইউক্রেনে আতঙ্ক
তবে প্রাথমিক যুদ্ধবিরতি বাদ দিয়ে সরাসরি শান্তিচুক্তিতে যাওয়া আরোচনায় মস্কোকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
আগামীকাল (সোমবার) ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এ সময় ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
২০২ দিন আগে
‘শূন্য হাতে’ পুতিনকে নিয়ে আলাস্কা ছাড়লেন ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে কোনো চুক্তি নিশ্চিত করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের জন্য আলাস্কায় লাল গালিচা বিছিয়েও নির্বাচনী প্রচারে ‘ইউক্রেন যুদ্ধ বন্ধে’ নিজের অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। এক প্রকার ‘শূন্য হাতেই’ পুতিনকে সঙ্গে নিয়ে আলস্কা ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেন নিয়ে নিজেদের মধ্যে একটা ‘বোঝাপড়া’ হয়েছে বলে রুশ প্রেসিডেন্টের দাবির পর ট্রাম্প বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো চুক্তিই কার্যকর না।’
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের একটি চুক্তিতে সম্মত হওয়া উচিত বলেও জানান তিনি। দুপক্ষের মধ্যে যে অগ্রগতি তৈরি হচ্ছে, ইউরোপ যাতে তাতে বাধা হয়ে না দাঁড়ায় সেই হুশিয়ারিও দিয়েছেন পুতিন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের ফোন করে এ বিষয়ে জানাবেন বলে দাবি করেছেন ট্রাম্প। দীর্ঘমেয়াদী, মাঝারি বা স্বল্প মেয়াদি ইউক্রেনে কোনো ধরনের যুদ্ধবিরতির চুক্তি ছাড়াই আলাস্কার অ্যাঙ্করেজে এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটি ছেড়েছেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ আগস্ট) প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করলেও কেউই সাংবাদিকদের প্রশ্ন নেননি। ট্রাম্প বলছেন, তার ও পুতিনের মধ্যে কিছু বিষয়ে ‘ব্যাপক অগ্রগতি’ হয়েছে, তবে সেটা কী তার কোনো ইঙ্গিতই দেননি, স্বভাবসুলভভাবে বিশ্বকে এক ধরনের ধন্দে রেখেছেন।
তিনি বলেন, ‘আমরা (সমঝোতায়) পৌঁছাতে পারিনি।’ কিন্তু যে লোক নিজেকে ‘পিসমেকার’, ‘ডিলমেকার’ বলতে ভালোবাসেন, তাকে যে ঝুলিতে শান্তি বা চুক্তি, দুটির কোনোটি নেওয়া ছাড়াই আলাস্কা ছাড়তে হল!
পুতিন হালকা স্বরে ‘পরেরবার মস্কোতে’ বললেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সঙ্গে নিয়ে পরবর্তী একটি শীর্ষ সম্মেলন হচ্ছেই, এমন আভাসও শুক্রবার পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভারতকে কি চীনের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প?
অবশ্য আলাস্কার এ বৈঠক থেকে রাশিয়া বা ইউক্রেনের তুলনায় ট্রাম্পের প্রাপ্তির আকাঙ্ক্ষা এমনিতেই ছিল কম। আগেই তিনি বলেছিলেন, বৈঠকটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ।
সে বিচারে শেষ পর্যন্ত এটি তার সুনামে চিড় ধরাল বলে মনে করছেন বিবিসির উত্তর আমেরিকা প্রতিনিধি অ্যান্থনি জার্চার। বৈঠকের পর সংবাদ সম্মেলনের শুরুটাও ছিল ‘অন্যরকম’। সংবাদ সম্মেলন শুরুই করেন পুতিন, বেশ খানিকক্ষণ কথা বলেন তিনি; এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাশে নীরবে দাঁড়াতে হয়েছে।
ওভাল অফিসে ট্রাম্পের আগের বৈঠকগুলোর ক্ষেত্রে এমনটি দেখা যায়নি। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে দেখা যেত কথা দিয়ে অপর নেতাকে ‘ঠেসে ধরতে’, যার ধাক্কায় বিদেশি সেই রাষ্ট্র বা সরকারপ্রধানকে নিরুত্তর চেয়ে থাকতে হতো।
জার্চার বলছেন, আলাস্কা যদিও মার্কিন ভূখণ্ডের অধীনে, তারপরও পুতিন এতটাই স্বচ্ছন্দ ছিলেন যে তাকে মনে হয়েছে—ঘরেরই ছেলে। গত শতকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার আগে এটি যে ‘রাশিয়ান আমেরিকা’ ছিল, তা বলতে এখনও ভালোবাসেন অনেক রুশ কর্মকর্তা।
বিবিসির উত্তর আমেরিকা প্রতিনিধি বলেন, এটা হয়তো সামনের দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্টকে ভেতরে ভেতরে পোড়াবে, এমনকি সংবাদ সম্মেলনও, যা শীর্ষ সম্মেলনকে ব্যর্থ হিসেবেই হাজির করেছে।
তার মতে, এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা হাজির হবে, শুক্রবার আলাস্কায় যে প্রশ্নটি করতে পারেননি সাংবাদিকরা, সেটি হল— যুদ্ধবিরতি না হওয়ায় সাজা হিসেবে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি ট্রাম্প গত কয়েকদিন ধরে দিয়ে গেছেন, তা কি তিনি বাস্তবায়ন করবেন?
‘আলাস্কা ছেড়ে যাওয়ার আগে ফক্স নিউজের সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ কথোপকথনে ট্রাম্প এর আংশিক উত্তর দিয়েছেন। বলেছেন, এ ধরনের পদক্ষেপের (নিষেধাজ্ঞা) বিষয়টি তিনি দুই-তিন সপ্তাহের মধ্যে ভাববেন।
‘কিন্তু প্রেসিডেন্টের প্রতিশ্রুতি ছিল ‘গুরুতর পরিণতির’, এখন এ ধরনের অস্পষ্ট উত্তর হয়তো আরও বেশি প্রশ্নের জন্ম দেবে,’ বলেছেন জার্চার।
‘সংবাদ সম্মেলন’ কখন সংবাদ সম্মেলন হয় না? যখন কোনো প্রশ্ন হয় না। প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্প যখন কেবল নিজের নিজের কথা বলে, কোনো প্রশ্ন না নিয়েই মঞ্চ ছেড়ে যান, তখন হলরুমের প্রায় সবাই অবাক হয়ে পড়ে বলে জানান বিবিসির রাশিয়া এডিটর স্টিভ রোজেনবার্গ।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
রুশ প্রতিনিধিদলের সদস্যরাও দ্রুতগতিতে কক্ষ ত্যাগ করেন, তাদের দিকে ছুঁড়ে দেওয়া সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই।
ইউক্রেনে যুদ্ধ নিয়ে পুতিন ও ট্রাম্পের মধ্যে যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে, এগুলোকে তার স্পষ্ট লক্ষণ হিসেবে দেখছেন রোজেনবার্গ। তিনি বলেন, রাশিয়ার কাছে যুদ্ধবিরতি চাইলেন ট্রাম্প, ভ্লাদিমির পুতিন দিলেন না।
অথচ দিনের শুরুতে পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন। অ্যাঙ্করেজের বিমানঘাঁটিতে পুতিনকে লাল গালিচায় স্বাগত জানানো হয়, ট্রাম্প তার অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান। রুশ প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে আকাশে উড়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বিমান।
২০২ দিন আগে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বন্যায় নিহত ২২০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি জেলায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ধসে পড়া বাড়িগুলো থেকে আরও ৬৩ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার রাতভর উদ্ধার অভিযানের পর চলমান প্রাকৃতিক দুর্যোগে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
তবে গত ২ জুন থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ তত্ত্বাবধান কর্তৃপক্ষ। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানের জরুরি সেবা দপ্তরের মুখপাত্র মোহাম্মদ সুহেইল জানিয়েছেন, শুক্রবার প্রবল বর্ষণের ফলে খাইবার পাখতুনখোয়ার বুনার জেলায় বন্যার পানি ভয়াবহ আকার ধারণ করে। এ সময় বহু বাড়িঘর ভেসে গেছে।
বুনার জেলা প্রশাসক কাশিফ কাইয়ুম বলেন, পীর বাবা ও মালিকপুরা গ্রাম দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবারই এসব গ্রামে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: টানা বর্ষণে পাকিস্তানজুড়ে বন্যা, নিহত বেড়ে ১৮০
পীর বাবা গ্রামের ৫৩ বছর বয়সী মোহাম্মদ খান বলেন, ‘কোথা থেকে হঠাৎ করে বানের পানি চলে আসল, তা আমরা বুঝতেই পারিনি। মানুষ সরে যাওয়ার মতো সুযোগ পায়নি। এত দ্রুত চারদিক পানিতে ভরে যায় যে অনেকে ঘর ছেড়ে বের হতেই পারেনি।’
বুনার সরকারি হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ তারিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অনেকের মৃত্যু হয়েছে। তার ভাষ্যে, ‘নিহতদের মধ্যে অনেকই পুরুষ, শিশুও ছিল কিছু। তবে নারীরা ওই সময়র জ্বালানি কাঠ সংগ্রহ ও গবাদিপশু চরাতে পাহাড়ে গিয়েছিলেন বলে রক্ষা পেয়েছেন।’
প্রাদেশিক দুর্যোগ তত্ত্বাবধান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে শুধু খাইবার পাখতুনখোয়া ও উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলে বৃষ্টিজনিত দুর্ঘটনায় অন্তত ৩৫১ জনের মৃত্যু হয়েছে।
ওই অঞ্চল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও সাম্প্রতিক বন্যায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। সেখানেও শত শত মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।
ভারতের হিমালয় অঞ্চল ও পাকিস্তানের উত্তরাঞ্চলে এ ধরনের মেঘভাঙা বৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ফলে এই প্রবণতা আরও তীব্র হয়েছে।
আরও পড়ুন: ভারতে আকস্মিক বন্যায় নিহত চার, নিখোঁজ শতাধিক
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত সারা দেশের বন্যাকবলিত এলাকা থেকে সাড়ে ৩ হাজারের বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। সরকার বন্যাকবলিত এলাকা এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক করলেও সেই সতর্কবার্তা অনেকেই উপেক্ষা করেছেন বলে জানিয়েছেন তারা।
২০২২ সালে পাকিস্তানে ভয়াবহ মৌসুমি বৃষ্টিপাতের ঘটনায় ১ হাজার ৭০০–এর বেশি মানুষের মৃত্যু হয়। সেবার প্রায় ৪০০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।
২০২ দিন আগে
রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না: স্বাধীনতা দিবসে মোদি
পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি একতরফাভাবে বন্ধ করার পর সেই সিদ্ধান্ত অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।
শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে এ কথা বলেন মোদি।
ভাষণে মোদি ইঙ্গিত দেন, এপ্রিলে কাশ্মীরে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, ‘যে সময় আমাদের কৃষকরা পানির অভাবে ভুগেছেন, সে সময় ভারতের নদীগুলোর পানি দিয়ে শত্রু দেশ সেচ দিয়েছে। তবে এখন ভারতের পানিতে কেবল ভারত ও তার কৃষকদেরই অধিকার থাকবে।’
কৃষকদের স্বার্থ ও জাতীয় স্বার্থ নিয়ে আর আপস করা হবে না উল্লেখ করে মোদি বলেন, ‘রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’
পাকিস্তানে পানির প্রবাহ আটকানো বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা তারা ‘যুদ্ধের ঘোষণা’ বলে গণ্য করবে বলে জানিয়েছে ইসলামাবাদ।
আরও পড়ুন: ভারতকে কি চীনের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প?
এ সময় সন্ত্রাসী ও সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের মধ্যে ভারত কোনো পার্থক্য করে না বলে পাকিস্তানকে সতর্ক করেছেন মোদি। তাছাড়া, ভবিষ্যতে পাকিস্তান যদি কখনো ভারতে হামলা চালায় তাহলে তাদের শাস্তির দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
মোদি বলেন, সন্ত্রাসী ও সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের মধ্যে কোনো পার্থক্য করে না ভারত। তাছাড়া ইসলামাবাদের ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেইল’ সহ্য করা হবে না।
তিনি বলেন, ‘ভারত সিদ্ধান্ত নিয়েছে, আর কোনো পারমাণবিক হুমকি সহ্য করা হবে না। অনেক দিন ধরে পারমাণবিক ব্ল্যাকমেইল চলছিল, কিন্তু এখন আর এই ব্ল্যাকমেইল সহ্য করা হবে না।’
তবে আগেও ভারতের পারমাণবিক ব্ল্যাকমেইলের অভিযোগকে উসকানিমূলক ও উত্তেজনাপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে ২৬ পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর ৬ মে দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় জড়ায় প্রতিবেশি দুই দেশ।
এ ছাড়া, শুক্রবারের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার দেশের কৃষকদের স্বার্থ নিয়ে কোনো আপস না করার কথা জানিয়েছেন তিনি।
নিষেধ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় মোদির ওপর চটেছেন ট্রাম্প। সে কারণেই ভারতের ওপর নেমে এসেছে যুক্তরাষ্ট্রের শুল্কশাস্তি। দিল্লির ওপর প্রথমে ২৫ শতাংশ, পরে আরও ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারত সাড়া দেয়নি। মোদি উল্টো বলেছেন, ‘ভারত কৃষকদের স্বার্থে কোনো আপস করবে না।’
২০৩ দিন আগে
নতুন চুক্তি, সিরিয়াকে অস্ত্র সহায়তা দেবে তুরস্ক
সিরিয়ার সঙ্গে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি করেছে তুরস্ক। এই চুক্তির আওতায় দেশটিকে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেবে আঙ্কারা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য জানান তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এর আগে, সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ বিষয়ে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকে সই করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসের গুলের এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা। এর পরপরই এই সহায়তা দেওয়ার বিষয়টি জানানো হয়।
গত মাসে সাম্প্রদায়িক সহিংসতা ও সেই সুযোগে ইসরায়েলের হস্তক্ষেপের পর নিজ দেশের নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সহায়তা চেয়েছিল সিরিয়া।
নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, চুক্তির আওতায় সিরিয়ার সঙ্গে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করবে আঙ্কারা। সেই সঙ্গে সিরিয়ার সক্ষমতা জোরদারে সামরিক সরঞ্জাম, অস্ত্র ব্যবস্থা ও লজিস্টিক উপকরণ সরবরাহ করে সহায়তা করবে তুরস্ক।
আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ সিরিয়ায় সংঘাতে সহস্রাধিক প্রাণহানি
গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠিত হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলা দেশটি পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে শুরু করে সরকার।
সম্প্রতি দেশটির দক্ষিণ প্রদেশের সোয়েইদাতে একদিকে সরকারি বাহিনীর সঙ্গে বেদুইন জাতিগোষ্ঠীর সংঘর্ষ, অন্যদিকে দ্রুজ সংখ্যালঘুর যোদ্ধাদের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হন।
শুরু থেকে সিরিয়ার নতুন প্রশাসনকে সমর্থন করে আসছিল তুরস্ক। এমনকি বুধবার (১৩ আগস্ট) সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট না করতে ইসরায়েল ও কুর্দি যোদ্ধাদের সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাশাপাশি দশ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটি পুনর্প্রতিষ্ঠা করতে তুরস্কের প্রচেষ্টাকে ব্যাহত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান আরও বলেন, মার্চে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হওয়ার কথা থাকলেও মার্কিন মিত্র ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সেই চুক্তির বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা করছে।
এদিকে, এসডিএফের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাসাকেতে একটি সম্মেলন আয়োজন করেন সিরিয়ার বিভিন্ন নৃগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেখানে ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃগোষ্ঠীগত বহুমতকে নিশ্চিত করে একটি বিকেন্দ্রীভূত দেশ গঠন করে নতুন সংবিধান প্রণয়ণের আহ্বান জানানো হয়।
তবে এই সম্মেলনের নিন্দা জানিয়েছে দামেস্ক। এমনকি বহুদিন ধরে নির্ধারিত থাকা সত্ত্বেও জুলাইয়ের শেষের দিকে এসডিএফের সঙ্গে প্যারিসে অনুষ্ঠিতব্য বৈঠকও বাতিল করে সিরিয়া সরকার।
২০৩ দিন আগে
ভারতকে কি চীনের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প?
সীমান্ত-বিরোধসহ এশিয়ার আধিপত্য নিয়ে চীন-ভারত দ্বন্দ্ব নতুন নয়। দশকের পর দশক ধরে চলে আসা এই দ্বন্দ্ব নিয়ে যুদ্ধের ময়দানেও নেমেছে এই দুই প্রতিদ্বন্দ্বী। এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি করেছে ভারত। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে নরেন্দ্র মোদির সঙ্গে তার বন্ধুত্ব গোটার বিশ্বের নজরে আসে।
চীন দুই দেশেরই অভিন্ন শত্রু হওয়ায় ভারত-যুক্তরাষ্ট্র বন্ধুত্বকে অনেকেই স্বাভাবিক হিসেবে দেখছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক শুল্কারোপের সিদ্ধান্তে মোদি-ট্রাম্পের ‘ভালো বন্ধুত্বে’ বাজছে ভাঙনের সুর। যুক্তরাষ্ট্রের চড়া শুল্কের খড়গের নিচে পড়ে চীনের দিকে ঝুঁকছে ভারত। অন্তত নরেন্দ্র মোদির আসন্ন চীন সফর এই সম্ভাবনার প্রদীপ নতুন করে জ্বালানি পেয়েছে। ফলে আন্তর্জাতিক বিষয়াবলীতে আগ্রহী অনেকের মনেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— তবে কী ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে শি জিনপিংয়ের দিকে ঝুঁকছেন মোদি?
নিষেধ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় মোদির ওপর চটেছেন ট্রাম্প। সে কারণেই ভারতের ওপর নেমে এসেছে যুক্তরাষ্ট্রের শুল্কশাস্তি। দিল্লির ওপর প্রথমে ২৫ শতাংশ, পরে আরও ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
তবে ট্রাম্পের কাছে নতি স্বীকার করে রাশিয়ার তেল কেনা বন্ধ করা তো দূর, যেদিন ভারতের ওপর অতিরিক্ত শুল্কের হুমকি দিলেন তিনি, সেদিনই জানা গেল চীন সফরে যাচ্ছেন মোদি। শুধু মোদি নন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যাচ্ছেন চীনে।
সিএনএন বলছে, ভারত-চীন সম্পর্কের টানাপোড়েনের বরফ যদিও আগেই গলতে শুরু করেছিল, তবে ট্রাম্পের এই পদক্ষেপ মূলত সেই প্রক্রিয়ায় গতির সঞ্চার করেছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
ওয়াশিংটনের সঙ্গে এখন খুবই অস্থিতিশীল অবস্থানে রয়েছে নয়াদিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক। কারণ কৌশলগত অংশীদার হোক কিংবা ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন কার সঙ্গে কেমন আচরণ করবে তা বলা মুশকিল। গত মে মাসেই যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য প্রতিদ্বন্দ্বী চীনের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। অথচ সেটি পরে আবার ৩০ শতাংশে নামিয়ে আনেন তিনি।
আরও পড়ুন: চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতি আরও ৯০ দিন বাড়ালেন ট্রাম্প
আবার রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের ওপর খড়গহস্ত হলেও চীনের ওপর মোটেও বিমাতাসুলভ আচরণ করতে দেখা যাচ্ছে না ট্রাম্পকে। রাশিয়ার তেল ভারতের চেয়ে অনেক বেশি পরিমাণে কেনে চীন, কিন্তু বেইজিংয়ের ওপর কোনো নিষেধাজ্ঞা বা বাণিজ্য শুল্ক আরোপ করা তো হয়নি-ই, উল্টো চীনের ওপর পাল্টাপাল্টি শুল্কারোপসহ অন্যান্য বাণিজ্যনীতি কার্যকর করার দিনক্ষণ আরও ৯০ দিনের জন্য পিছিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ একই কারণে চীনকে বাগে রাখতে বহু বছর ধরে যে দেশটিকে বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্র, সেই ভারতকে এবার শাস্তির মুখে দাঁড় করিয়েছেন ট্রাম্প।
এসবের মাঝেই গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন তিনি। এর আগে, ২০১৮ সালে মোদির সর্বশেষ চীন সফরও ছিল এই সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যেই।
২০৪ দিন আগে
সুইজারল্যান্ড: বেপরোয়া গাড়ি চালিয়ে লাখ ডলার জরিমানার মুখে চালক
সড়কে অতিরিক্ত গতির কারণে সুইজারল্যান্ডে এক অতি ধনী চালককে ৯০ হাজার সুইস ফ্রাঙ্ক বা ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, ওই চালক লোজান শহরের এক রাস্তায় গতিসীমা অতিক্রম করে ২৭ কিলোমিটার (১৭ মাইল) প্রতি ঘণ্টা বেশি গতিতে গাড়ি চালানোর কারণে এই জরিমানার মুখোমুখি হয়েছেন।
কেন এত বড় পরিমাণ জরিমানা?
জানা গেছে, ওই চালক সুইজারল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি। তিনি গতিসীমা লঙ্ঘনের এই ধরনের অপরাধ বারবার করে আসছেন। ভৌদ অঞ্চলে ব্যক্তির আয়, সম্পদ ও পরিবারের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে জরিমানা নির্ধারিত হয়।
পড়ুন: মিয়ানমারের বন্দিশিবিরগুলোতে নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
এ অঞ্চলের বর্তমান নিয়ম অনুযায়ী, দারিদ্র্যগ্রস্তরা কেউ এই অপরাধের জন্য জরিমানার বদলে এক রাতের কারাদণ্ড ভোগ করতে হয়, আর অতি ধনী চালকদের ক্ষেত্রে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক থেকে শুরু করে জরিমানা গুণতে হয়। সম্প্রতি এই অঞ্চলের একটি আদালত রায় অনুযায়ী, গতিসীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের প্রথমে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক (১২ হাজার ৩০০ ডলার) জরিমানা বহন করতে হবে এবং পরবর্তী তিন বছরে অপরাধের পুনরাবৃত্তি হলে আরও ৮০ হাজার ফ্রাঙ্ক জরিমানা হতে পারে।
সুইজ সংবাদপত্র ‘টুয়েন্টি ফোর হিউয়ারস’ প্রথমে এই ঘটনার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ওই চালক একজন ফরাসি নাগরিক, সুইজারল্যান্ডের শীর্ষ ৩০০ ধনী ব্যক্তির মধ্যে অন্যতম এবং তার শত মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।
পুলিশের স্বয়ংক্রিয় রাডার চালককে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) গতিসীমায় ৭৭ কিমি প্রতি ঘণ্টার গতি রেকর্ড করতে দেখেছে। এরপরই আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা হিসাব করা হয়।
পড়ুন: সেই ‘সুপারম্যান’ এখন মার্কিন অভিবাসন এজেন্ট
ভৌদ অঞ্চলের পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভিনসেন্ট ডেরৌয়া জানান, অভিযুক্ত ব্যক্তি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাননি। ঘটনা ঘটেছে গত বছরের আগস্টে এবং চলতি বছরের জুনে জরিমানার রায় দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই চালককে ৮ বছর আগেও একই ধরনের অপরাধের জন্য ১০ হাজার ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছিল।
সুইজারল্যান্ডে গতিসীমা লঙ্ঘনের জরিমানা সবার জন্যই কঠোর, এমনকি পুলিশের জন্যও। ২০১৬ সালে জেনেভা শহরের এক পুলিশকর্মী চোর ধারার প্রায় দ্বিগুণ গতিতে গাড়ি চালানোর অপরাধে জরিমানা গুণেছিলেন।
২০৫ দিন আগে
মিয়ানমারের বন্দিশিবিরগুলোতে নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত দল মিয়ানমারের বিভিন্ন বন্দিশিবিরগুলোতে গত এক বছরে সুনিয়ন্ত্রিত নির্যাতন ও যৌন সহিংসতার ব্যাপক প্রমাণ পেয়েছে। নির্যাতনের ধরনগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক শক, গলাকাটা, গণধর্ষণ ও যৌনাঙ্গ দাহসহ নানা অবর্ণনীয় বর্বরতা।
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক এই স্বাধীন তদন্ত দলটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানান দলের প্রধান নিকোলাস কোউমজিয়ান। প্রতিবেদনে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।
মিয়ানমার ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকার থেকে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের পর থেকে গৃহযুদ্ধের কবলে পড়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর নির্মম নিগ্রহের পর সামরিক শাসনের বিরোধীরা অস্ত্র হাতে নিয়েছেন এবং বর্তমানে দেশটির বৃহৎ অংশে সংঘাত অব্যাহত রয়েছে।
তদন্ত দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্তকরণে বেশ অগ্রগতি করেছে। এসব নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দি ক্যাম্পগুলো অভিযান চালিয়ে গ্রেপ্তার যোদ্ধা ও নিরীহ বেসামরিকদের নির্বিচারে হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডে সামরিক বাহিনী, যুক্ত সশস্ত্র গোষ্ঠী এবং বিরোধী সংগঠনের সদস্যরা জড়িত।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের আটক কেন্দ্রগুলোতে লাঠি দিয়ে মারধর, চালানো, বৈদ্যুতিক শক দেওয়া, গলাকাটা, গণধর্ষণ, যৌনাঙ্গ দাহসহ অন্যান্য যৌন সহিংসতার ঘটনা নিয়মিত ঘটছে।
নিকোলাস কোউমজিয়ান বলেন, ‘আমাদের প্রতিবেদনে দেখা যাচ্ছে মিয়ানমারে বর্বরতার মাত্রা ও ঘনত্ব বাড়ছে। আমরা প্রত্যাশা করি শীঘ্রই এই অপরাধীদের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা চোখ দেখা ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছি, যা মিয়ানমারের বন্দি ক্যাম্পগুলোতে নির্যাতনের প্রমাণে যথেষ্ট।’
পড়ুন: তহবিল সংকটে বর্ষায় স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে রোহিঙ্গারা: জাতিসংঘ
তদন্ত দল দেশটির রাখাইন রাজ্যের সংঘর্ষ ও নির্যাতনের বিষয়ে নতুন অনুসন্ধান শুরু করেছে, যেখানে বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিরোধী আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে।
২০১৭ সালে প্রায় ৭ লাখ রোহিঙ্গা নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। গত বছর রাখাইনের সংঘর্ষ বৃদ্ধির কারণে আরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
২০১৮ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে প্রতিষ্ঠিত ‘মিয়ানমার স্বাধীন অনুসন্ধান যন্ত্র’ মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে আসছে। এই দল আন্তর্জাতিক অপরাধ আদালত ও জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা সংক্রান্ত মামলার প্রমাণাদি সরবরাহ করেছে।
২০৬ দিন আগে
রাশিয়াকে ভুখণ্ড দিয়ে দেওয়ার ইঙ্গিত, ট্রাম্পের কূটনীতিতে পূর্ব ইউক্রেনে আতঙ্ক
ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যেকোনো চুক্তিতে যেতে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। এতে করে এক অজানা ভয় জেঁকে বসেছে ইউক্রেনীয়দের মনে।
আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কা সম্মেলনে ইউক্রেন ভূখণ্ড নিয়ে সম্ভাব্য চুক্তির আলাপ কী পরিণতি নিয়ে আসবে, সেই শঙ্কায় দিন কাটছে পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকার বাসিন্দাদের।
তেমনই একটি স্থান স্লোভিয়ানস্ক। ছোট্ট লবণাক্ত হ্রদের তীরে অবস্থিত এই শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে অবস্থিত।
স্লোভিয়ানস্ক থেকে মাত্র কয়েক মাইল দূরেই রাশিয়া-ইউক্রেনের সম্মুখ যুদ্ধ চলছে। তা সত্ত্বেও এই জায়গাটুকু যুদ্ধের ভয়াহতা থেকে কিছুটা শান্তি এনে দেয়। তবে আলাস্কায় আদৌ কোনো চুক্তি হবে কিনা, হলেওে তার কার্যকারিতা নিয়ে সন্দিহান স্থানীয় বাসিন্দারা।
লবণাক্ত হ্রদে নামতে নামতে স্থানীয় সাংবাদিক মিখাইলো সিএনএনকে বলেন, ‘মনে হয় আমি যেন এই বাস্তবতা থেকে ভেসে দূরে চলে যাচ্ছি!’
তবে এই শান্ত সৈকতও তার মনে একটি আতঙ্ক জন্ম দিয়েছে। কারণ ডনবাসের যেসব এলাকা এখনো রাশিয়া নিয়ন্ত্রণে নিতে পারেনি, সেসব এলাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ক্রেমলিন। এতে স্লোভিয়ানস্কসহ আশপাশের কয়েকটি এলাকা হুট করেই মস্কোর ভুখণ্ডে পরিণত হতে পারে।
মিখাইলো বলেন, ‘আমরা অনেক বন্ধুই এখানেই থাকতে চান, তবে আমাদের হয়তো এই জায়গাটি ছাড়তে হবে।’ তাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে তড়িঘড়ি করে যে চুক্তি করতে চাইছেন ট্রাম্প, আপাত দৃষ্টিতে তা রাশিয়ার জন্য লাভজনক বলে মনে হলেও স্থানীয়দের মতামতের কারণে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। এতে চুক্তিটির বাস্তবায়ন ব্যর্থ হতে পারে বলে মনে করেন মিখাইলো।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
ট্রাম্পের প্রতি হতাশা নিয়ে এই যুবক আরও বলেন, একের পর পর এক ইউক্রেনীয় যে প্রাণ হারাচ্ছেন তা নিয়ে ট্রাম্পের কোনো মাথা ব্যাথা নেই। বরং তিনি কাঁদামাটি থেকে রুশ প্রেসিডেন্টকে টেনে তুলে বলছেন, ‘পুতিন আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি তোমাকে পছন্দ করি।’
দুই বছর আগে ল্যান্ডমাইনে পা দেওয়ায় আহত ল্যুডমিলারের শারীরিক কষ্ট কিছুটা হলেও লাঘব করে এই লবণাক্ত হ্রদ। তিনি বলেন, ‘তারা যে এসব কূটনীতির কথা বলে, সবই আসলে লোক দেখানো। তারা চিন্তা করে এক, বলে আরেক, আর করে অন্যকিছু। রাজনীতি সবসময়ই এমন।’
আলাস্কা সম্মেলনে দোনেৎস্ক অঞ্চল নিয়ে যে প্রস্তাব দেওয়া দেওয়া হয়েছে, তা পুরোপুরি বিভ্রান্তিকর আখ্যা দিয়ে সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছে কিয়েভ। সেই সঙ্গে এই চুক্তির খবর যুদ্ধবিধ্বস্ত মানুষের জীবনকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
২০৬ দিন আগে