বিশ্ব
খাবার নিতে গিয়ে নিহত আরও ৯৩ ফিলিস্তিনি, ‘বর্বরতা’ বন্ধের আহ্বান পোপের
গাজায় ত্রাণকেন্দ্রে খাবার নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি মধ্য গাজা থেকে নতুন করে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল, যেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলের এসব কার্যকলাপকে ‘বর্বরতা’ ও ‘নির্বিচারে ক্ষমতার প্রয়োগ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
স্থানীয় সময় রবিবার (২০ জুলাই) গাজার উত্তরের জিকিম সীমান্ত দিয়ে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক প্রবেশের সময় সেগুলোর জন্য অপেক্ষারত মানুষের ওপর ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
দ্য গার্ডিয়ানকে গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার দক্ষিণের রাফাহ শহরের কাছাকাছি একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে আরও ৯ জন গুলিতে নিহত হয়েছেন। একইভাবে খান ইউনিসে আরেকটি ত্রাণকেন্দ্রের কাছে আরও ৪ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হামলায়।
এদিকে, ত্রাণকেন্দ্রের কাছে চালানো হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুমকি মনে করে উত্তর গাজায় জড়ো হওয়া মানুষের ওপর গুলি ছুড়েছে তারা। তবে নিহতের যে সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তা তাদের প্রাথমিক তদন্তে পাওয়া সংখ্যার তুলনায় অনেক বেশি বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, রবিবার সকাল থেকে তারা ৪৮টি লাশ ও ১৫০ জন আহত ফিলিস্তিনিকে এই হাসপাতালে নেওয়া হয়েছে। জিকিম সীমান্ত থেকে এসব হতাহতদের আনা হয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা নিতে আসা মানুষের ওপর যেকোনো ধরনের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য।
গাজায় বর্বরতা বন্ধের আহ্বান পোপের
ইসরায়েলের সর্বশেষ হামলার খবর প্রকাশের আগেই অবিলম্বে গাজা যুদ্ধের বর্বরতা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। রোমের ক্যাসেল গানদলফোতে অ্যাঞ্জেলাস প্রার্থনার শেষে তিনি এসব বলেন।
এ সময় গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলের চালানো হামলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পোপ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই হামলা গাজার বেসামরিক জনগণ ও তাদের প্রার্থনাস্থলের ওপর চালানো হামলার একটি নতুন সংযোজন মাত্র।’
এ সময় মানবাধিকার আইন মেনে চলার পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা, সামগ্রিকভাবে শাস্তি দেওয়া বন্ধ করা, নির্বিচারে বলপ্রয়োগ ও জোরপূর্বক জনগণকে উচ্ছেদ করার মতো কার্যকলাপ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, ইসরায়েলে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) প্রধান জোনাথন হুইটলের আবাসনের অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) বাতিল করেছে তেল আবিব। জোনাথন গাজার মানবিক পরিস্থিতি বারবার নিন্দা জানিয়েছিলেন।
জোনাথন কোনো প্রমাণ ছাড়াই গাজা যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছিলেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।
মাথা গোঁজার ঠাঁই নিয়ে দিশেহারা ফিলিস্তিনিরা
নতুন করে মধ্য গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় মানুষগুলো। ওই এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। তাছাড়া সেখানকার খুব কম স্থানই রয়েছে যেখানে স্থল অভিযান চালায়নি ইসরায়েল। এ ছাড়া, ওই এলাকাগুলোতে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম পরিচালনার চেষ্টা করে থাকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের তিনটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপরই সেখান থেকে পালাতে শুরু করেছেন বাসিন্দারা।
এক স্থানীয় বলেন, ‘তারা (ইসরায়েলি সেনাবাহিনী) লিফলেট ছুড়ে আমাদের সরে যেতে বলেছেন। কিন্তু আমরা জানি না কোথায় যাব, আমাদের জন্য কোনো আশ্রয় বা কিছুই নেই।’
এই নির্দেশ গাজা উপত্যকার মানুষগুলোর জীবন রক্ষায় যে সামান্য নাজুক কিছু অবলম্বন এখনো টিকে আছে, তার ওপর আরও একটি ভয়াবহ আঘাত বলে মন্তব্য করেছে ওসিএইচএ।
এদিকে, গাজায় খাদ্যসংকট ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। পর্যাপ্ত ত্রাণ থাকার পরও তা গাজাবাসীর কাছে পৌঁছে দিতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনিদের জন্য কাজ করা সংস্থা ইউএনআরডব্লিউএ। ইসরায়েল ১০ লাখ শিশুসহ গাজার বেসামরিক মানুষদের ‘অনাহারে মারছে’ বলে অভিযোগ করেছে সংস্থাটি।
এসব অসহায় মানুষকে সহায়তা করতে অবরোধ তুলে নিয়ে ইউএনআরডব্লিউএ-কে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গাজায় এই সংস্থাটির প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। যদিও এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ তারা দেখায়নি।এই সংস্থাটিই ছিল গাজায় প্রধান ত্রাণ বিতরণকারী এবং ফিলিস্তিনিদের জন্য স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবার অন্যতম প্রধান সরবরাহকারী। ইসরায়েলের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সংস্থাটি।
তবে ইউএনআরডব্লিউএ’র ওপর থেকে এখনো নিষেধাজ্ঞা তুলে নেয়নি ইসরায়েল। পরিবর্তে যুক্তরাষ্ট্রের সহায়তায় চালু করেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।
মে থেকে চালু হওয়া এই জিএইচএফ-এর ত্রাণকেন্দ্র থেকে খাবার নিতে গিয়ে এরই মধ্যে আট শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
২২৮ দিন আগে
মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। নিউইয়র্ক সফর শেষে আগামী ২৫ জুলাই ওয়াশিংটনে রুবিওর সঙ্গে বৈঠক করবেন তিনি।
পাকিস্তানের সংবাদমাদ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে নজিরবিহীন লাঞ্চের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এই প্রথম মন্ত্রিপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে।
যেখানে ২০১৬ সালের পর থেকে যুক্তরাষ্ট্র-পাকিস্তানের এই ধরনের শীর্ষপর্যায়ের সংযোগ বন্ধ ছিল, সেখানে এই বৈঠক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সময় রবিবার (২০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নিউউয়র্ক পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চলমান সভাপতিত্বের আওতায় পাকিস্তানের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেবেন। এরপর দ্বিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটন যাবেন ইসহাক দার।
নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বকালীন ‘বহুপাক্ষিকতা ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার’ ওপর একটি উন্মুক্ত উচ্চপর্যায়ের বিতর্ক সভার সভাপতিত্ব করবেন তিনি।
এ ছাড়া, নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ফিলিস্তিন প্রশ্ন নিয়ে ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্ক সভারও সভাপতিত্ব করবেন ইসহাক দার।
তাছাড়া জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে, সেখানেও তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের ব্রিফিংয়ের সভাপতিত্ব করবেন। এরপর ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্রীয় নীতির বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনেও অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
তবে তার এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর দ্বিপক্ষীয় কৌশলগত সংলাপ পুনরায় শুরু করার ইঙ্গিত দিচ্ছে এই বৈঠক।
এর আগে, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। বৈঠকে বহু প্রতীক্ষিত বাণিজ্য ও শুল্ক চুক্তি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে আলোচনা ‘খুবই গঠনমূলক’ ছিল এবং এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে বাণিজ্যের বাইরেও বিস্তৃত করতে হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আওরঙ্গজেব।
তিনি আরও বলেন, ‘পাকিস্তান-মার্কিন সম্পর্ককে পরবর্তী স্তরে নিতে হলে বিনিয়োগই হবে মূল চাবিকাঠি। আমরা মনে করি খনিজসম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সির মতো খাতে উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব।’
আরও পড়ুন: সুইস রাষ্ট্রদূতের প্রাতরাশের বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা
২২৮ দিন আগে
বিশ্বের প্রবীণতম প্রেসিডেন্ট আবারও নির্বাচনে, তাকে কি হারানো যাবে?
আফ্রিকার মধ্যাঞ্চলে অবস্থিত দেশ ক্যামেরুন। দেশটির জনসংখ্যার মধ্যম বয়স ১৮ এবং গড় আয়ু মাত্র ৬৩ বছর। সেই দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে প্রবীণ ও শক্তিশালী প্রার্থী হলেন বর্তমান প্রেসিডেন্ট পল বিয়া, যিনি ৯২ বছর বয়সেও ফের ক্ষমতায় ফেরার দৌড়ে আছেন।
১৯৮২ সাল থেকে টানা রাষ্ট্রক্ষমতায় থাকা বিয়া এরইমধ্যে (১৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে আরও সাত বছরের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন— অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যামেরুনে ভোটারদের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই সংশয় রয়েছে। দীর্ঘস্থায়ী শাসনের কারণে নির্বাচনে কম ভোটার উপস্থিতি দেশটিতে অস্বাভাবিক কিছু নয়।
মধ্য আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম কর্মক্ষম অর্থনীতি থাকা সত্ত্বেও, ক্যামেরুনের প্রতি তিনজনে একজন নাগরিক দৈনিক দুই ডলার বা তারও কম আয়ে জীবনযাপন করেন। জাতীয় পরিসংখ্যান সংস্থার ২০২৩ সালের জরিপ অনুযায়ী, দেশটির প্রতি আটজন শ্রমজীবীর আটজনই অনানুষ্ঠানিক খাতে কর্মরত। এই বাস্তবতায় জুয়া ও বাজি ধরার প্রবণতা ব্যাপকহারে বেড়ে চলেছে।
এমন অবস্থায় নির্বাচন কিংবা সরকারের প্রতি জনগণের আগ্রহও ক্রমেই কমেছে।
আরও পড়ুন: ২৫ বছর পর সিরিয়ান নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক
ওয়ান্ডজি নামের ২৭ বছর বয়সী এক নাগরিক বলেন, ‘আমরা বহু বছর আগেই সরকারের ওপর নির্ভর করা বন্ধ করে দিয়েছি।’ অনেক তরুণের মতো তিনিও অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে ভোট দেবেন কি না, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন।
তবে এমন বাস্তবতায়ও পল বিয়ার জয় নিয়ে আশাবাদী তার সমর্থকরা। ক্ষমতাসীন দল ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের (সিপিডিএম) অনুসারীরা সাধারণত স্থিতিশীলতাকে প্রাধান্য দেন এবং প্রতিবেশী দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মাথা ঘামান না। কেউ কেউ পল বিয়ার নেতৃত্বকে ‘সৃষ্টিকর্তার দান’ বলেও মনে করেন।
এমনকি “২০২৫ সালে কেন আপনি পল বিয়াকে ভোট দেবেন— তার ১০টি যুক্তি” শিরোনামে একটি বইও লিখেছেন আন্তোয়ান এনকোয়া নামের এক লেখক। তিনি বলেছেন, ‘সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া কোনো কর্তৃত্ব থাকতে পারে না।’
তবে বিরুদ্ধ সুরও শোনা যাচ্ছে। ক্যামেরুনের ফার নর্থ অঞ্চলের ক্যাথলিক বিশপ বারথেলেমি ইয়াউদা হুরগো বিয়াকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘এবার যথেষ্ট হয়েছে।’
প্রধান বিরোধী দল ক্যামেরুন রেনেসাঁ মুভমেন্টের (এমআরসি) মহাসচিব ক্রিস্টোফার এনকং বলেন, ‘বিয়া তার প্রয়োজনীয় সময় পার করে ফেলেছেন। আমরা বলছি— পাপা, আপনি যথেষ্ট করেছেন। এবার কি অন্য কোনো ক্যামেরুনবাসীকে জায়গা করে দিতে পারেন না?’
আরও পড়ুন: প্রেসিডেন্টপ্রার্থী হিসেবে মনোয়ন পাওয়ার দিনই কারাগারে ইস্তানবুলের মেয়র
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিয়া-পরবর্তী যুগ’ নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন অনেকেই। কারণ, এমআরসি এবার তরুণদের ভোটের দিকে নজর দিচ্ছে। তবে কেউ কেউ আশঙ্কা করছেন, নির্বাচনের পর গ্যাবনের মতো অস্থিরতা বা সেনা অভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
২২৯ দিন আগে
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ‘গাজা গণহত্যায় সহযোগিতা’র অভিযোগ
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গাজায় গণহত্যার সহযোগী বলে অভিযোগ তুলেছে গাজায় যুদ্ধবিরোধী লেখকদের সংগঠন রাইটারস অ্যাগেইনস্ট দ্য ওয়ার অন গাজা (ডব্লিউএজিওজি)।
সংগঠনটির দাবি, পদ্ধতিগতভাবে ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনবিরোধী অবস্থান ধারণ করে পত্রিকাটি। তাছাড়া, এর শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক, সম্পাদক ও নির্বাহী সদস্যের প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে নানা তথ্যপ্রমাণসহ একটি নথিও প্রকাশ করেছে ডব্লিউএজিওজি।
গাজায় যুদ্ধবিরোধী লেখকদের ওই সংগঠন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউইয়র্ক টাইমস গাজায় চালানো গণহত্যার সহযোগী। তারা মার্কিন সাম্রাজ্যবাদের মুখপাত্র হিসেবে কাজ করে এবং বৈদেশিক নীতিতে অভিজাতদের মধ্যে ঐকমত্য তৈরি করছে।’
নিউইয়র্ক টাইমসসহ আরও বেশকিছু মূলধারার সংবাদমাধ্যমের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। এই সংবাদমাধ্যমগুলো গাজায় করা ইসরায়েলের যুদ্ধাপরাধকে পদ্ধাতিগতভাবে ঢাকার চেষ্টা করে বলে অভিযোগ আনা হয়েছে।
মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, গত বুধবার (১৬ জুলাই) ডব্লিউএজিওজির প্রকাশিত ওই নথিটিতে শুধু আদর্শগত বা বস্তুগত জায়গা থেকে সম্পৃক্ততা নয়, বরং ইসরায়েল সমর্থিত বিভিন্ন লবিং গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে।
সেখানে বলা হয়েছে, গণহত্যা, জাতিগত নিধন, অধিকৃত ভূমি, এমনকি ফিলিস্তিন শব্দটি পর্যন্ত না লিখতে সংবাদকর্মীদের নির্দেশ দিয়েছে নিউইয়র্ক টাইমস।
আরও পড়ুন: ত্রাণ বিতরণ কেন্দ্রে নির্বিচারে গুলি, ৩২ ফিলিস্তিনি নিহত
ডব্লিউএজিওজির মুখপাত্র জানান, এ পর্যন্ত তাদের নথিতে দখলদারত্ব ও বৈষম্যমূলক ব্যবস্থার সঙ্গে বস্তুগত সম্পর্কের বিষয়টিই তুলে ধরা হয়েছে। তবে এবার তারা মতাদর্শগত আলোচনাও এতে অন্তর্ভুক্ত করেছে।
সংগঠনটি জানায়, তাদের এই অনুসন্ধান মূলত মন্ডোওয়াইস ও দ্য ইলেকট্রনিক ইন্তিফাদার আর্কাইভ ও ফিলিস্তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে সংগৃহীত হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের ‘যুদ্ধাপরাধ’
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন সময় এই যুদ্ধে ইসরায়েলের সঙ্গে নিউ ইয়র্ক টাইমসের লবিং নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে ডব্লিউএজিওজি।
সংস্থাটির অভিযোগ, ইসরায়েলে সঙ্গে গভীর সম্পর্কই গাজা যুদ্ধে নিউইয়র্ক টাইমসকে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনে প্রভাবিত করেছে। নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের ব্যক্তিগতভাবে বা নিকট আত্মীয়ের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়টি উল্লেখ না করা এই পেশার নৈতিকতার মৌলিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
ডব্লিউএজিওজির দাবি, এমন কিছু মানুষকে নিউইয়র্ক টাইমস প্রচারের সুযোগ দিয়েছে, যারা জায়নিস্ট প্রকল্প (ইহুদি প্রকল্পকে) সমর্থন করেন। এর মধ্য দিয়ে তারা আসলে গাজায় পরিচালিত ইসরায়েলি ‘গণহত্যার কল্পনাকেই’ সমর্থন করেছে।
বিভিন্ন বিশ্লেষক ও মানবাধিকার সংস্থার অভিযোগ, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে ছাত্র আন্দোলনের সময় মূলধারার সংবাদমাধ্যমগুলো যেভাবে সংবাদ প্রচার করেছে, তা কেবল ভুল তথ্য দেয়নি, বরং সাংবাদিকতার নীতি লঙ্ঘনের পর্যায়ে চলে গেছে।
পশ্চিমা গণমাধ্যমগেুলোর বিরুদ্ধে আরও একটি অভিযোগ হলো, তারা শিরোনামের ক্ষেত্রে মূল তথ্যকে আড়াল করার চেষ্টা করছে। তাছাড়া, ফিলিস্তিনিদের মৃত্যুর বর্ণনায় অনেকটা নিষ্ক্রিয়ভাব দেখা গেছে।
২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্টারসেপ্ট-এর একটি গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমস গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে পক্ষপাতমূলক সংবাদ প্রচার করেছে। ইহুদিবিদ্বেষ নিয়ে অনেক বেশি কভারেজ দিলেও ইসলামবিদ্বেষ নিয়ে একই রকম ভূমিকা তাদের দেখা যায়নি।
আরও পড়ুন: এবার গাজার গির্জায় ইসরায়েলের হামলা, নিহত ৩
এ ছাড়া ২০২৪ সালের অক্টোবরে বিবিসি ও সিএনএনের কয়েকজন সাংবাদিক আল জাজিরার ‘লিসেনিং পোস্ট’ অনুষ্ঠানে জানান, তাদের নিউজরুমগুলো নিয়মিতভাবে ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তারা অভিযোগ করেন, জ্যেষ্ঠ সম্পাদকরা জেনেশুনেই সংবাদ প্রচারের সময় ইসরায়েলের অতিরঞ্জিত পদক্ষেপগুলোকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেছেন।
ডব্লিউএজিওজির তথ্যমতে, এসব সংবাদমাধ্যমে অনেক কর্মী আছেন, যারা হয় একসময় ইসরায়েলি সেনাবাহিনীতে ছিলেন অথবা তাদের সন্তানরা ছিলেন। তারা প্রতিনিয়ত মিথ্যা ও যুদ্ধাপরাধকে বৈধ করতে নানাভাবে চেষ্টা করছেন।
চলতি বছরের জানুয়ারিতে শান্তির জন্য কাজ করা আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি (এএফএসসি) নিউইয়র্ক টাইমসে একটি বিজ্ঞাপন প্রকাশ বাতিল করে দেয়। ইসরায়েল যে গাজায় গণহত্যা চালিয়েছে, সংবাদমাধ্যমটি তা স্বীকার করতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেয় ওই কমিটি।
এএফএসসির জেনারেল সেক্রেটারি জয়েস আজলিউনি বলেন, ফিলিস্তিনি ও তাদের মিত্রদের বহু দশক ধরেই গণমাধ্যমে দমিয়ে রাখা হয়েছে; তাদের চুপ করিয়ে রাখা হয়েছে। কারণ এসব প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতা নয়, বরং নীরবতাকেই বেছে নিয়েছে। এই বাস্তবতাকে চ্যালেঞ্জ জানিয়েই কেবল অধিক ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ বিশ্বের পথে এগিয়ে যাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
তবে ডব্লিউএজিওজির এসব অভিযোগ অস্বীকার করেছে নিউইয়র্ক টাইমস। ন্যায্য ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহ ও প্রচারের কারণে সাংবাদিক ও গণমাধ্যম পরিচালকদের আতঙ্কিত করার উদ্দেশ্যেই এই জঘন্য অভিযান পরিচালনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির এক মুখপাত্র।
আরও পড়ুন: গাজায় ‘মানবিক শহর’ নির্মাণকে কেন্দ্র করে ইসরায়েলে অভ্যন্তরীণ বিরোধ চরমে
তিনি বলেন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকতার নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে সমালোচনা করার বদলে ব্যক্তির ধর্মবিশ্বাস বা কোনো গোষ্ঠী বা দেশের সঙ্গে সম্পৃক্ততার মতো বিষয় নিয়ে ব্যক্তিগত আক্রমণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছে ডব্লিউএজিওজি।
পত্রিকাটির সংবাদ সংগ্রহ ও উপস্থাপনকে অবমাননা বা অযোগ্য প্রমাণ করার জন্যই এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন ওই মুখপাত্র।
২২৯ দিন আগে
যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ সিরিয়ায় সংঘাতে সহস্রাধিক প্রাণহানি
যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ সিরিয়ার সুয়েইদা অঞ্চলে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়, বেদুইন গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতে হাজারের অধিক প্রাণহানি হয়েছে। রবিবার (২০ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানিয়েছে, গত রবিবার (১৩ জুলাই) থেকে এ পর্যন্ত সহিংসতায় নিহতদের মধ্যে ৩৩৬ জন দ্রুজ যোদ্ধা এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়টির ২৯৮ জন বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।
নিহতদের মধ্যে ১৯৪ জন বেসামরিক ব্যক্তিকে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে বলে জানিয়েছে এসওএইচআর।
এ ছাড়া, সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে ৩৪২ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৩ জন বেসামরিক নাগরিকসহ ২১ জন সুন্নি রয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় আরও ১৫ জন সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে এসওএইচআর।
পড়ুন: ত্রাণ বিতরণ কেন্দ্রে নির্বিচারে গুলি, ৩২ ফিলিস্তিনি নিহত
গত ১৩ জুলাই দক্ষিণ সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের একজন ব্যবসায়ীকে অপহরণ নিয়ে সিরিয়ায় নতুন করে অস্থিরতা শুরু হয়। অপহরণের খবর ছড়িয়ে পড়লে দ্রুজ মিলিশিয়া এবং সুন্নি বেদুইন যোদ্ধারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই দিন, সংঘাত থামাতে এসে উল্টো দ্রুজদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সিরীয় বাহিনী।
এরপর, বুধবার (১৬ জুলাই) দ্রুজদের ওপর ব্যাপকহারে সহিংসতার অভিযোগ তুলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এরপর যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে সুয়েইদা ত্যাগ করেন সিরীয় সেনারা।
পরে, সিরিয়ার সরকার জানায়, শান্তি বজায় রাখতে দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং লড়াই বন্ধ রাখার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
তবে, বৃহস্পতিবার (১৭ জুলাই) যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরদিন শুক্রবার (১৮ জুলাই) নতুন করে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে, গতকাল শনিবার (১৯ জুলাই) সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানান, দ্রুজ-অধ্যুষিত সুয়েইদা শহর থেকে বেদুইন যোদ্ধাদের সরানো হয়েছে এবং সেখানে সংঘর্ষ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বেদুইন এবং দ্রুজ সম্প্রদায়ের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির নির্দেশ দেওয়ার পর এই ঘোষণা আসে।
এমন পরিস্থিতিতেও সাম্প্রদায়িক সংঘাত ও প্রাণহানি চলমান রয়েছে।
২২৯ দিন আগে
টানা বর্ষণে পাকিস্তানজুড়ে বন্যা, নিহত বেড়ে ১৮০
পাকিস্তানে তীব্র মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০-তে পৌঁছেছে। এ ছাড়া এখন পর্যন্ত আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।
দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, গত বছরের তুলনায় পাকিস্তানে এবার মৌসুমি বৃষ্টিপাত ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ বছর জুলাইয়ের শুরুতেই টানা বর্ষণ শুরু হয়েছে। এ অবস্থায় দেশজুড়ে প্রাণহানি ও দুর্যোগের আশঙ্কা বাড়ছে। আগামী দিনগুলোতেও আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
শনিবার (১৯ জুলাই) পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিন্ধ প্রদেশের করাচি, হায়দরাবাদ, সুক্কুর, থাটা, বাদিন, লারকানা, জ্যাকবাবাদ, নবাবশাহ, মিরপুরখাসসহ বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (এনইওসি) জানিয়েছে, সিন্ধ প্রদেশের নিম্নাঞ্চলগুলোতে প্লাবনের আশঙ্কা রয়েছে। বৃষ্টির সময় ওইসব অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার রাখার তাগিদ দেওয়া হয়েছে।
পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, আজ (রবিবার) থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রদেশের বেশিরভাগ জেলায় চতুর্থ দফার বর্ষণ শুরু হবে।
এর মধ্যে রাওয়ালপিন্ডি, মুর্রি, গালিয়াত, আটক, চকওয়াল, মান্ডি বাহাউদ্দিন, হাফিজাবাদ, গুজরাট, ঝেলম ও গুজরানওয়ালায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে লাহোর, ফয়সালাবাদ, শিয়ালকোট, নারোয়াল, টোবা টেক সিং, ঝাং, সারগোধা, মিয়ানওয়ালি, মুলতান, ডেরা গাজি খান, বাহাওয়ালপুর ও বাহাওয়ালনগরেও ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ২২ জুলাই থেকে পাঞ্জাবের সব বড় নদী ও নদী-সংলগ্ন খালগুলোতে বন্যার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে পিডিএমএ। এ ছাড়াও চেনাব, ঝেলম, রাভি, সুফ্লজ ও সিন্ধু নদীসহ উপনদীগুলোতে পানিপ্রবাহ বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস বিভাগ।
আরও পড়ুন: টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, দশ কিশোরীসহ নিখোঁজ বহু
খাইবার পাখতুনখাওয়ায় বর্ষণ ও হিমবাহ গলার কারণে কাবুল, সোয়াত, পাঞ্জকোরা, বারা ও কালপানি নালায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ইসলামাবাদ ও মধ্য পাঞ্জাবেও ২৪ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে, যা নগর বন্যার ঝুঁকি বাড়াবে।
এদিকে, টানা বৃষ্টিতে রাওয়াল বাঁধে পানির উচ্চতা বেড়ে গিয়ে শনিবার সকালে এটি ১ হাজার ৭৪৮ ফুটে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে আজ স্থানীয় সময় সকাল ৬টায় সেচ কপাট খুলে দিয়ে পানির স্তর ১ হাজার ৭৪৬ ফুটে নামিয়ে আনা হয়। এ সময় আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়।
বর্ষণ বেড়েছে ৬০ শতাংশ, দায় জলবায়ু পরিবর্তনের
এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক জানিয়েছেন, এ বছর যে স্বাভাবিক সময়ের চেয়ে যে এক মাস আগেই বৃষ্টি শুরু হয়ে যাবে, সেই পূর্বাভাস তারা চার মাস আগেই দিয়েছিলেন। এবারের মৌসুমি বৃষ্টির পরিমাণ গত বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।
আরও পড়ুন: ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
পিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সামগ্রিক দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা চালু হয়েছে। এতে সেনাবাহিনী, প্রাদেশিক সংস্থা, এনজিও ও শিল্প প্রতিষ্ঠানসমূহ যৌথভাবে কাজ করছে।’
জলবায়ু পরিবর্তন ও হিমবাহ দ্রুত গলার কারণেই এ বছর বৃষ্টি ও দুর্যোগের মাত্রা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
২২৯ দিন আগে
ত্রাণ বিতরণ কেন্দ্রে নির্বিচারে গুলি, ৩২ ফিলিস্তিনি নিহত
গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর আবারও নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত আরও অনেকে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো থেকে খাবার নিতে গেলে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) দক্ষিণ গাজায় জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলোতে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য, দক্ষিণ গাজার রাফা শহরের কাছে ত্রাণ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সন্দেহভাজন কয়েক ব্যক্তি তাদের (সেনা) দিকে অগ্রসর হলে, দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়। কিন্তু তারা সেনাদের কথা না শুনলে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়।
জিএইচএফ জানিয়েছে, তাদের ত্রাণকেন্দ্রগুলোতে কিংবা আশেপাশে এমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংস্থাটির ভাষ্যে, আমরা বারবার ত্রাণ নিতে আসা মানুষদের সতর্ক করেছি যে তারা যেন রাতে কিংবা ভোরে এখানে না আসে।
প্রত্যক্ষদর্শীরা বলছে ভিন্ন কথা
শনিবারের হামলায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত জিএইচএফের একটি ত্রাণকেন্দ্রের ৩ কিলোমিটারের মধ্যে।
মাহমুদ মোকেইমার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনিসহ আরও কয়েকজন তরুণ ত্রাণকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। তখন ইসরায়েলি সেনারা প্রথমে সতর্কতামূলক গুলি ছোঁড়ে, এরপর সরাসরি তাদের ওপর গুলি চালানো হয়।
আরও পড়ুন: ত্রাণ নিতে গিয়ে মে থেকে প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত
তিনি বলেন, ‘সেনারা আমাদের ওপর নির্বিচিারে গুলি চালিয়েছে। নিজের চোখের সামনেই তিনজনকে নিহত হতে দেখেছি আমি। অনেকে দৌঁড়ে পালিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়েছে।’
আকরাম আখের নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভোর আনুমানিক ৫টা থেকে সকাল ৬টার মধ্যে এসব হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘ইসরায়েলি সেনারা চারপাশ থেকে ঘিরে ফেলে সরাসরি আমাদের ওপর গুলি চালায়।’ এত বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান আকরাম।
সানা আল-জাবেরি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ত্রাণকেন্দ্র খোলার পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা কি আসলে খাবার দেওয়া হচ্ছে নাকি মৃত্যু? তারা আমাদের সঙ্গে কোনো কথা বলে না, শুধু গুলি চালায়।’
বেড়েই চলেই লাশের সংখ্যা
এই হামলার পর ২৫টি লাশ পাওয়ার কথা জানিয়েছে খান ইউনিসের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া, রাফায় অবস্থিত জিএইচএফের আরেকটি ত্রাণকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে এক নারীসহ ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
নাসের হাসপাতালের নার্সিং ডিপার্টমেন্টের প্রধান ডা. মোহামেদ শাকের বলেছেন, ওই হাসপাতালে প্রায় ৭০ জন আহত রোগী এসেছেন, তাদের বেশিরভাগ মাথায় ও বুকে গুলি লেগেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগের প্রধান ফারেস আওয়াদ জানান, গাজা শহরের একটি তাঁবুতে ইসরায়েলের চালানো বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে, মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় নবজাতক ও নারীসহ ১২ জন নিহত হয়েছেন। বুরেঝিতে নিহত হয়েছেন আরও দুই ফিলিস্তিনি এবং মধ্য গাজায় রাস্তায় প্রাণ গেছে এক শিশুর।
এসব মৃত্যুর বিষয়ে বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। তবে শনিবার দিনভর অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: খাবার নিতে আসা শিশুদের ওপর ইসরায়েলের ‘অমার্জনীয়’ হামলা
এদিকে, ২১ মাসের এই হামলায় ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাছাড়া, গাজায় খাদ্য সংকট নিয়ে বারবার সতর্ক করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
টানা অবরোধের পর মে মাস থেকে সীমিত পরিসরে ত্রাণ দেওয়া শুরু করে জিএইচএফ। এ সংস্থাটির অধীনে পরিচালিত ত্রাণকেন্দ্র থেকে খাবার আনতে গিয়ে এরই মধ্যে আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।
২৩০ দিন আগে
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবে নিহত ৩৭, নিখোঁজ ৫
ভিয়েতনামে আকস্মিক বজ্রঝড়ের কবলে পরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। ওই নৌকার আরও ৫ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) বিকালে উত্তর ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হা লং বে এলাকায় ভ্রমণের সময় এই দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ‘ওয়ান্ডার সি’ নামের ওই নৌকাটিতে ৪৮ জন যাত্রী ও ৫ জন নাবিক ছিলেন। তাঁরা সবাই ভিয়েতনামের নাগরিক।
এদিকে, স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ভিএনএক্সপ্রেস জানিয়েছে, উদ্ধারকর্মীরা ১১ জনকে জীবিত উদ্ধার করেছেন। বাকি ৩৭ জনের লাশ ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রবল ঝড়ো হাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। নৌকার উল্টে যাওয়া অংশের ভেতর আটকে পড়া ১৪ বছরের এক কিশোরকে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়। উল্টে গেলে নৌকার মধ্যে যেটুকু বাতাস আটকে গিয়েছিল, তা গ্রহণ করেই জীবিত ছিল সে।
অধিকাংশ যাত্রীই রাজধানী হ্যানয়ের বাসিন্দা এবং যাত্রীদের অন্তত ২০ জন শিশু ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস।
এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, শনিবার দুপুর ২টার দিকে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়। এরপর পায়ের আঙুলের সমান আকারের শিলাবৃষ্টি শুরু হয়, সঙ্গে প্রবল বর্ষণ, বজ্রঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছিল।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে এবং যেকোনো গাফিলতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কুয়াং নিং প্রদেশের হা লং বে এলাকায় শত শত ছোট ছোট দ্বীপ-উপদ্বীপ ছড়িয়ে আছে। ২০১৯ সালে এখানকার দর্শনার্থীর সংখ্যা ছিল ৪০ লাখ। এটি একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
এদিকে, ওই অঞ্চলের দিকে এগিয়ে আসছে একটি ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ‘উইফা’ নামের ঘূর্ণিঝড়টি আগামী সপ্তাহে ভিয়েতনামের উত্তরাঞ্চল, বিশেষ করে হা লং বে উপকূলে আঘাত হানতে পারে।
২৩০ দিন আগে
ট্রাম্পের সঙ্গে যোগসাজশ: বোলসোনারোর বাড়িতে তল্লাশি, পায়ে নজরদারি যন্ত্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগসাজশের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বাড়ি ও রাজনৈতিক সদরদপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।
একইসঙ্গে বোলসোনারোর পায়ে নজরদারি ইলেকট্রনিক ব্রেসলেট পরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দেশটির সুপ্রিমকোর্টের নির্দেশে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্রাজিলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বোলসোনারো জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এসব সিদ্ধান্ত দেয়।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বোলসোনারোর বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জানুয়ারিতে প্রতিপক্ষ লুইস ইনাসিও লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণ ঠেকাতে তিনি ষড়যন্ত্র করেছিলেন। বর্তমানে তার বিচার চলছে সুপ্রিম কোর্টে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বোলসোনারোর পক্ষে অবস্থান নিয়েছেন। গত সপ্তাহে তিনি হুমকি দেন, বোলসোনারোকে আইনি ছাড় না দিলে ১ আগস্ট থেকে ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
আরও পড়ুন: কানাডায় ৩৫ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত ট্রাম্পের, অনিশ্চয়তায় ইউএসএমসিএ চুক্তি
ব্রাজিলের পুলিশের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে এই শুল্ক চাপিয়ে দেওয়ার পরিকল্পনায় অংশ নিয়েছেন বোলসোনারো ও তার ছেলে এদুয়ার্দো। সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের শুল্ক হুমকির পরই এই ষড়যন্ত্রের তথ্য সামনে আসে।
এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরেস বোলসোনারোর ওপর কড়া নজরদারির নির্দেশ দেন। তিনি বলেন, বোলসোনারো ভিন দেশের রাষ্ট্রপ্রধানকে ব্রাজিলের বিচারবিভাগে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত করেছেন।
সুপ্রিম কোর্ট জানায়, বোলসোনারোর বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তার পায়ে ইলেকট্রনিক ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও ব্রাজিলে অবস্থিত বিদেশি দূতাবাস ও কনস্যুলেটে প্রবেশ।
এছাড়া, বোলসোনারোর গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্রদের সঙ্গেও যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তার ছেলে কংগ্রেস সদস্য এদুয়ার্দোর সঙ্গেও নয়।
বোলসোনারো একে রাজনৈতিক নিপীড়ন বলে মন্তব্য করেছেন। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কখনও ব্রাজিল ছাড়ার কথা চিন্তাও করিনি।’ সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশকে ‘চরম অপমান’ বলেও আখ্যা দেন তিনি।
২৩১ দিন আগে
এবার গাজার গির্জায় ইসরায়েলের হামলা, নিহত ৩
গাজা উপত্যকার একমাত্র ক্যাথলিক গির্জায় হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। হলি ফ্যামিলি ক্যাথলিক চার্চ নামের ওই গির্জাটির সঙ্গে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) গির্জাটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন গির্জার কর্মকর্তারা।
এদিকে, গির্জায় হামলার ব্যাপারটিকে দুর্ঘটনা হিসেবে অভিহিত করে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। তারা এ ঘটনার তদন্ত করবে বলেও জানিয়েছে।
এই হামলার পর ফের যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। এক টেলিগ্রাম বার্তায় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গির্জায় হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুঃখপ্রকাশ করার জন্য ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে নেতানিয়াহুর কার্যালয় থেকে দুঃখপ্রকাশ করে একটি বিবৃতি দেওয়া হয়।
আরও পড়ুন: গাজায় গণহত্যার ভিডিও দিয়ে ‘অস্ত্রের বিজ্ঞাপন’ দিচ্ছে ইসরায়েলি কোম্পানি
গত ২১ মাস ধরে চলা অব্যাহত হামলার সময় গাজার হাজারো মানুষ এই গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন।
গাজার আল-আহলি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ফাদের নাইম বলেন, এই গির্জাটি খ্রিষ্টান ও মুসলিম উভয় ধর্মের লোকদের একটি আশ্রয়স্থল ছিল। বিশেষত প্রতিবন্ধী শিশুরা এখানে আশ্রয় নিয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকায় অভিযান পরিচালনা করার সময় ভুলবশত একটি শেলের টুকরা গির্জায় আঘাত হেনেছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।
যদিও ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামাসের সদস্য লুকিয়ে আছে—এমন অভিযোগে গাজার স্কুল, আশ্রয়কেন্দ্র, হাসপাতালসহ অন্যান্য বেসামরিক স্থাপনায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালায়। বেসামরিক ও ধর্মীয় স্থাপনায় ক্ষতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করে।
আরও পড়ুন: ত্রাণ নিতে গিয়ে মে থেকে প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত
এদিকে, গির্জায় হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দোষারোপ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ‘বেসামরিক লোকজনের বিরুদ্ধে মাসের পর মাস ধরে ইসরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।’
যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির ইঙ্গিত
চলমান হামলার মধ্যেও চলছে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা। এতে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোরাগ করিডরে সেনা উপস্থিতি নিয়ে আলাচনায় যে স্থবিরতা দেখা দিয়েছিল, সেদিকে কিছুটা অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে।
আলোচনা সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানান, মোরাগ করিডরে সেনা উপস্থিতির বিষয়ে কিছুটা ‘নমনীয়’ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে যেসব ফিলিস্তিনিদের মুক্ত করা হবে তাদের তালিকা কিংবা যুদ্ধ পুরোপুরি শেষ করা হবে কিনা এসব বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, একটি চুক্তি হওয়ার আশা দেখা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করেন না তিনি।
২৩১ দিন আগে