বিশ্ব
কায়রোয় ভবন ধসে নিহত ৮
মিসরের কায়রোতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
দেশটির রাজধানীর আল-ওয়াইলি জেলার আব্বাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৯টি অ্যাম্বুলেন্স রয়েছে এবং ক্ষতিগ্রস্থদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল-গাফফার জানিয়েছেন, ধ্বংসস্তূপ অপসারণে সহায়তা করতে এবং আরও জীবিত বা মৃতদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা।
কায়রোর গভর্নর ইব্রাহিম সাবের খলিল সতর্কতার অংশ হিসেবে আশপাশের ভবনগুলো খালি করার নির্দেশ দিয়েছেন এবং ধসের কারণ অনুসন্ধানে একটি প্রকৌশল কমিটি গঠন করেছেন।
৪৫১ দিন আগে
আসাদের পতন: সিরীয়দের এখনই আশ্রয় দেবে না ইউরোপের একাধিক দেশ
বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় অস্পষ্ট রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির নাগরিকদের আশ্রয়ের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করেছে জার্মানিসহ একাধিক ইউরোপীয় দেশ।
এ বিষয়ে সোমবার জার্মানির অভিবাসন ও রিফিউজি বিষয়ক দপ্তর জানিয়েছে, (সিরিয়া থেকে) ৪৭ হাজারের বেশি (আশ্রয়ের) আবেদন এসেছে, যেগুলো অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে দেশটির পরিস্থিতি স্থিতিশীল হলে আবেদনগুলো পুনর্মূল্যায়ন করে ফের সিদ্ধান্ত নেওয়া হবে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোনিয়া কক বলেছেন, (বিদেশিদের) আশ্রয় দেওয়ার বিষয়ে প্রতিটি ঘটনা আলাদাভাবে বিবেচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর দেশের পরিস্থিতিও মূল্যায়ন করা হয়ে থাকে। সিরিয়ার বর্তমান অবস্থার মতো পরিস্থিতি যদি অস্পষ্ট হয়, সেক্ষেত্রে অন্যান্য দেশের আবেদনগুলো অগ্রাধিকার পায়।
জার্মান কর্মকর্তারা বলছেন, আসাদের পতন ২০১০ দশকের মাঝামাঝি সময় থেকে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে আশ্রয় নেওয়া সিরীয়দের ওপর কী প্রভাব ফেলবে, তা বলার সময় এখনও আসেনি।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত দেশটিতে ৯ লাখ ৭৪ হাজার ১৩৬ জন সিরীয় নাগরিক রয়েছেন। তাদের বেশিরভাগেরই কোনো না কোনো শরণার্থী বা অন্য ধরনের সুরক্ষিত মর্যাদা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী নান্সি ফায়েজার বলেছেন, (আসাদ ক্ষমতায়) ফিরে আসবেন কিনা, সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা এখনই সম্ভব নয় এবং এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে এটি অনুমান করাও ঠিক হবে না।
আরও পড়ুন: দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ
এদিকে, জার্মানির প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে সিরীয়দের আশ্রয় আবেদনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখতে বলেছেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবেয়ার্গ বলেন, ‘আশ্রয় ও পরিবারের পুনর্মিলন কার্যক্রম স্থগিত করতে প্রথমে সত্য প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। (সিরিয়ায়) পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যাতে আমরা দেখতে পারি কী ঘটছে এবং পরবর্তীতে এর কী প্রভাব পড়ে।
সিরিয়া থেকে পাওয়া আশ্রয় আবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত স্থগিতের কথা জানিয়েছে সুইডেনও। দেশটির অভিবাস সংস্থা বলেছে, আবেদনকারীদের নিরাপত্তা চাওয়ার কারণগুলো এই মুহূর্তে মূল্যায়ন করা সম্ভব নয়।
এই বিরতি কতদিনের জন্য, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার সময়ও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা।
এছাড়া, সিরীয়দের বিষয়ে ফিনল্যান্ডও তাদের সিদ্ধান্ত স্থগিত রাখার কথা জানিয়েছে।
এ বিষয়ে ফিনল্যান্ডের সরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দেশটির অভিবাসন পরিষেবার আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের পরিচালক আন্টি লেহটিনেন বলেছেন, এ (সিরীয়দের) বিষয়ে আবার কবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে, তা এখনও ঠিক হয়নি।
একই সিদ্ধান্ত ঘোষণা করে নরওয়ের অভিবাসন অধিদপ্তর বলেছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা সিরিয়া থেকে আসা আশ্রয়ের আবেদন স্থগিত রেখেছে।
এ ছাড়াও, জার্মানির কার্যক্রম পদাঙ্ক অনুসরণ করার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে ফ্রান্স।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা সিরিয়া থেকে আসা আশ্রয়ের আবেদনগুলো স্থগিতের বিষয়ে কাজ করছি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ বিষয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছাব।
ফ্রান্সে সিরিয়ার নাগরিকদের ৪৫০টি আবেদন বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
৪৫১ দিন আগে
ইতালিতে তেলের ডিপো বিস্ফোরণে নিহত বেড়ে ৪
ইতালির তুস্কানি অঞ্চলের একটি জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর মঙ্গলবার আরও দুটি লাশ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল।
ফ্লোরেন্সের উত্তরে ইএনআইয়ের একটি তেলের ডিপোতে সোমবার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনের পর বাতাসে ধোঁয়ার কুণ্ডলী এমনভাবে ছড়িয়ে পড়ে যে কয়েক মাইল দূর থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ধরনের বিস্ফোরণ ও কম্পন অনুভূত হয়েছে।
বিস্ফোরণে একটি ভবন ধসে পড়ে, যেখানে একটি অফিস ছিল। ভবনটির একজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তুস্কানির গভর্নর ইউজেনিও জিয়ানি।
বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেয় প্রশাসন। চারদিক ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আঞ্চলিক ট্রেন চলাচলও সাময়িকভাবে বিঘ্নিত হয়।
কালেনসানো শহরের ডিপোতে বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ইএনআই তেল কোম্পানি।
৪৫১ দিন আগে
নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
নেপালের মধ্য-দক্ষিণাঞ্চলীয় রাউতাহাট জেলায় একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ি মহাসড়ক থেকে উল্টে খাদে পড়ে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৩ জন আরোহী নিয়ে গাড়িটি বারা জেলার একটি মন্দির দর্শন শেষে তীর্থযাত্রীদের বাড়ি নিয়ে যাচ্ছিল।
রাউতাহাট জেলা পুলিশের তথ্য কর্মকর্তা রাম কুমার মাহাতো বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান।’
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং হতাহতরা সবাই সিরাহা জেলার একই গ্রামের বাসিন্দা বলে জানান মাহাতো।
পাহাড়বেষ্টিত নেপালে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারায়।
৪৫১ দিন আগে
মুম্বাইয়ে বাসচাপায় নিহত ৬
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি সরকারি বাস বেশ কয়েকটি যানবাহন ও পথচারীকে চাপা দিলে অনন্ত ছয়জন নিহত হন। এ দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে মঙ্গলবার স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বাসের চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে।
৪৫২ দিন আগে
দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুররহমান এ তথ্য জানিয়েছেন। দামেস্কে বিরোধী পক্ষের নাটকীয়ভাবে অগ্রসরের পর তিনি দামেস্ক ছাড়েন।
রবিবার ভোরে বিরোধী গোষ্ঠীগুলো ঘোষণা দেয়, তারা ২০১৮ সালের পর প্রথমবারের মতো সিরিয়ার রাজধানীতে প্রবেশ করেছে। বিরোধীদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, একটি কেন্দ্রীয় চত্বরে একটি ট্যাংক রয়েছে, মসজিদ থেকে "আল্লাহু আকবর" স্লোগানের সঙ্গে উদযাপন শুরু হয়।
বিদ্রোহীরা দ্রুত অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে। এর মধ্যে আলেপ্পো, হোমস, হামা শহর এবং দক্ষিণ সিরিয়ার বড় একটি অংশ রয়েছে।
আরও পড়ুন: সিরিয়ায় সরকারি বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলায় নিহত ৮৯
দামেস্ক ও উপকূলীয় দুর্গগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হোমস দখল করাকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
সরকারি বাহিনী হোমসের বাইরের এলাকাগুলোতে পিছু হটেছে। অন্যদিকে বিরোধী দলগুলো দামেস্কের নিকটবর্তী সাইদনায়া সামরিক কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এর বন্দিদের মুক্ত করছে বলে জানা গেছে।
যদিও সরকার আসাদের প্রস্থানের বিষয়টি অস্বীকার করেছে, দামেস্কের বাসিন্দারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে এবং হাজার হাজার লোক লেবাননের দিকে পালিয়ে যাচ্ছে।সেখানে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বাধীন বিদ্রোহীরা অগ্রসর হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া, ইরান ও হিজবুল্লাহর মতো মিত্রদের কাছ থেকে আসাদের সমর্থন ধীরে ধীরে কমে যাওয়ায় তার অবস্থান দুর্বল হয়ে গেছে।
রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক আহ্বান জোরালোভাবে জোরালো হচ্ছে। সিরিয়াবিষয়ক জাতিসংঘের দূত গিয়ার পেডারসেন রাজনৈতিক উত্তরণের জন্য অবিলম্বে আলোচনার আহ্বান জানিয়েছেন। বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা সম্ভাব্য সমাধানগুলো নিয়ে আলোচনা করতে কাতারে মিলিত হয়েছেন, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা এবং যুদ্ধ অবসানের উপর জোর দিয়েছেন।
এদিকে, এইচটিএস এবং এর সহযোগীরা রাজধানী ও অন্যান্য এলাকায় নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছে। ২০১১ সালে সংঘাত শুরু হওয়ার পর আসাদের শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি এটি।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় লেবাননে ১২ জন উদ্ধারকর্মী এবং সিরিয়ায় ১৫ জন নিহত
৪৫৪ দিন আগে
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
যুদ্ধবিরতির মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে পাঁচজন নিহত হয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জাবেইল জেলার বেইত লিফ গ্রামে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন।
এছাড়া, দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান গ্রামে ইসরায়েলি বিমান হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
এনএনএ আরও জানায়, ২৪ নভেম্বর বৈরুতের বাস্তা এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় চার সিরীয় নাগরিক নিহত হন। বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সেসব লাশ উদ্ধার করে।
ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় ১৪ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ২৭ নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
চুক্তির অধীনে, উভয় পক্ষ ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে ইসরায়েল ধীরে ধীরে দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ লিতানি নদীর উত্তর দিকে সরে যাবে।
যুদ্ধবিরতি সত্ত্বেও, উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ফলে চুক্তির স্থায়িত্ব সম্পর্কে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৪৫৪ দিন আগে
পাকিস্তানে ৬ সেনা নিহত
শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কুররাম জেলায় ফ্রন্টিয়ার কর্পসের একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলায় ছয়জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ হামলায় আরও সাতজন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তা সালিম খান জানান, পেশোয়ার থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে বাগমে এ হামলার ঘটনা ঘটে। আহতদের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।
সম্প্রতি এই অঞ্চলে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ১৩০ জন মারা গেছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে শনিবারের হামলা এই সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়, কারণ উভয় গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি বহাল রয়েছে।
আরও পড়ুন: সিরিয়ায় এক সপ্তাহে নিহত অন্তত ৩৭০: জাতিসংঘ
এই ঘটনা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন জটিল হওয়ার মধ্যেই ঘটেছে।
গত মাসে, বেলুচিস্তানের কালাত জেলায় একটি সীমান্ত চৌকিতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলা সাতজন সৈন্য নিহত এবং ১৫ জন আহত হন। বিদেশি অর্থায়নে পরিচালিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জ্বালানি প্রকল্পগুলোর উপর হামলার জন্য পরিচিত। তারা বারবার নিরাপত্তা বাহিনীর উপর প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে। সম্প্রতি, তারা একটি রেলস্টেশনে বোমা হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে।
জঙ্গি সহিংসতার পুনরুত্থানের কারণে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে অস্থিতিশীলতা বিরাজ করছে। সাম্প্রদায়িক সহিংসতা ও বিদ্রোহী গোষ্ঠী উভয়ের কারণেই হুমকির সম্মুখীন হয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১২, আহত ৩৯
৪৫৪ দিন আগে
সিরিয়ায় এক সপ্তাহে নিহত অন্তত ৩৭০: জাতিসংঘ
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে গত এক সপ্তাহে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া জীবন বাঁচাতে অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ ঘর ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) সতর্ক করে বলেছে, দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া বৈরিতা আস্তে আস্তে দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে। এর ফলে সিরিয়ার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। লড়াইয়ের কারণে দেশটির অবকাঠামোগত ক্ষতিসহ (জাতিসংঘের) ত্রাণ সরবরাহ কার্যক্রমও হুমকিতে পড়েছে।
ওসিএইচএ জানিয়েছে, গত এক সপ্তাহে শত শত বেসামরিক লোক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
ওসিএইচএর মতে, সঠিক সংখ্যা নিশ্চিত না হওয়া গেলেও শুধু হামা এলাকায় ৩৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া হাজার হাজার মানুষ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পালিয়ে গেছে।
সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার পর থেকে অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে এক লাখ লোক একাধিকবার স্থানচ্যুত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে ওসিএইচএ।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ৬০ থেকে ৮০ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ২৫ হাজারেরও মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে।
৪৫৪ দিন আগে
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১২, আহত ৩৯
ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে।
দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কেবল দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরেই গাইডেড বোমা হামলায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। হামলায় ২৫০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে, যাতে ছয়টি গাড়িতে আগুন ধরে যায়। অবশ্য পরে তা নিভিয়ে ফেলা হয়।
অপরদিকে, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে একটি বেসামরিক প্রশাসনিক ভবনে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুজন নিহত ও ১৯ জন আহত হয় বলে জানিয়েছেন শহরটির প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেকজান্ডার ভিলকুল।
ভিলকুল বলেন, হামলায় ছয়টি আবাসিক ভবন, পাঁচটি ব্যক্তিগত বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪৫৪ দিন আগে