স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বুধবার (১৭ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে মুশফিকুল ফজল আনসারী জানান, গত সোমবার বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়ায় তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় ফিরেছেন।
পোস্টে তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ও সহমর্মিতার জন্য তিনি ও তার পরিবার কৃতজ্ঞ।
এছাড়া প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, অন্যান্য বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের সহযোগিতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি।
মুশফিকুল ফজল আনসারী বিশেষভাবে সিএমএইচের কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারিত্ব ও মানবিক আচরণের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, সিএমএইচে অবস্থানকালে অন্যান্য বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক, কর্মকর্তা ও সৈনিকদের আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান তাকে আবেগাপ্লুত করেছে। দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের দোয়া এবং শুভকামনার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
পোস্টের শেষে মুশফিকুল ফজল আনসারী জানান, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে কার্যকর না থাকায় আপাতত একটি বিকল্প পেজের মাধ্যমে যোগাযোগ রাখার চেষ্টা করছেন।