সামাজিক উন্নয়ন ও ন্যায়বিচার সুদৃঢ় করতে বাংলাদেশ নতুন করে বৈশ্বিক সংহতি এবং জনবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক উন্নয়ন কমিশনের ৬৪তম অধিবেশনে বক্তৃতাকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।
এ সময় তিনি সকলের জন্য সমান সুযোগসহ সহানুভূতিশীল সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সালাহউদ্দিন নোমান গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর জোর দিয়ে সরকারের সামগ্রিক উন্নয়ন পদ্ধতির ওপরও আলোকপাত করেন।
ঋণ ত্রাণ, দুর্যোগ মোকাবিলা এবং নিপীড়নের কারণে বাস্তুচ্যুতদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সহায়তা জোরদার করার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের এ স্থায়ী প্রতিনিধি।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত সামাজিক উন্নয়ন কমিশনের ৬৪তম অধিবেশন ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বাংলাদেশ ২০২৩-২০২৭ সালের জন্য এ কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।