রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্র ও জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে আসলামকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেটে শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী টিটনকে লক্ষ্য করে গুলি চালান।
পরে গুলিবিদ্ধ টিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
বসিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে রবিবার দিবাগত রাতে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের অবস্থান ছিল দ্বিতীয়। অন্যদিকে একাধিক মামলার আসামি সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে কারাগারে ছিলেন। পরে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।