তরুণ ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। একই সময়ে ভার্চুয়ালি দেশের ৫০৩টি উপজেলাতেও এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে স্টেডিয়ামে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ও ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশের সময় গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গ্যালারির দিকে হেঁটে গিয়ে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
এরপর বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন তরুণ ক্রীড়াবিদের সঙ্গে কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের একদল শিক্ষার্থী ঐতিহ্যবাহী চীনা ড্রাগন ও সিংহ নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার দ্বিতীয় আসরে অনলাইনে মোট ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছে।