জাতীয় নির্বাচন উপলক্ষে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশেষ অপারেশনাল পরিকল্পনা বাস্তবায়নের সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মোট ৮ হাজার ৩৮০টি নির্বাচনসংক্রান্ত ফোনকল এসেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মহিউল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এই বিশেষ কার্যক্রম ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা চালু ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ এর সঙ্গে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশী নাগরিকদের ৯৯৯ নির্বাচনসংক্রান্ত জরুরি সেবা দিয়েছে।
এতে আরও বলা হয়, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগসমূহ ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এই সময়ে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল গ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৭১৩টি ফোনকল ছিল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনি প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয়সমূহ।
এসব ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।