রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানার ইজারাগ্রহীতা এবং সরকারি জমিতে বেসরকারি উদ্যোগে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণপ্রাপ্তি সহজ করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে গত ৭ জুন একটি কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কমিটি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানার ইজারাগ্রহীতা ও সরকারি জমিতে বেসরকারি উদ্যোগে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণপ্রাপ্তি সহজীকরণে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।
এছাড়া, সরকারি জমিতে বেসরকারি উদ্যোগে গৃহীত কোনো প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ে উপযোগী (ফিজিবল) হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডকে (বিআইএফএফএল) ঋণ প্রদানের নির্দেশনা দেওয়ার বিষয়েও কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
কমিটি প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।