ইজারাদার
মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণ মামলায় শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫
রাজধানীর মতিঝিল এলাকায় চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত শুটার তানিম রেজা ওরফে বাপ্পি এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি এসব তথ্য জানান।
গ্রেপ্তার অন্য চারজন হলেন— মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো. মানিক কাজী (৫০) ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
পুলিশ বলছে, রাজধানীর দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের এক ইজারাদারের অফিস লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। এছাড়া, বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবিতে প্রাণনাশের হুমকির ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে।
মোহাম্মদ ওসমান গণি বলেন, গতকাল শুক্রবার সকালে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তানিম রেজা ওরফে বাপ্পি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে মতিঝিল বিভাগ। পরে তাদের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় উত্তর কমলাপুর থেকে আরেক সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গত ১৯ মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের এক ইজারাদার ব্যবসায়ীর অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। ১৫ মে একই ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই দিনগত রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মতিঝিল থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করা হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
ওসমান গনি বলেন, তানিম রেজা ওরফে বাপ্পি একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিভিন্ন গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য রয়েছে। এছাড়া মতিঝিল এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। গ্রেপ্তার তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং আরও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
৮ দিন আগে
রাষ্ট্রীয় মিল-কারখানার ইজারাদারদের ঋণপ্রাপ্তি সহজ করতে কমিটি গঠন
রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানার ইজারাগ্রহীতা এবং সরকারি জমিতে বেসরকারি উদ্যোগে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণপ্রাপ্তি সহজ করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে গত ৭ জুন একটি কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কমিটি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানার ইজারাগ্রহীতা ও সরকারি জমিতে বেসরকারি উদ্যোগে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণপ্রাপ্তি সহজীকরণে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।
এছাড়া, সরকারি জমিতে বেসরকারি উদ্যোগে গৃহীত কোনো প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ে উপযোগী (ফিজিবল) হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডকে (বিআইএফএফএল) ঋণ প্রদানের নির্দেশনা দেওয়ার বিষয়েও কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
কমিটি প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
৪৫ দিন আগে
অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ঠাকুরগাঁওয়ে ইজারাদারকে জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের আপরাধে ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার হাটের ইজারাদার মোমিন গরু প্রতি ২৩০ টার স্থলে ৩২০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকার স্থলে ১২০ টাকা টোল আদায় করছিলেন। ভ্রাম্যমাণ আদালত হাটে গিয়ে ইজারাদারকে এ জরিমানা করেন।
আরও পড়ুন: লকডাউন: সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪০ জনকে জরিমানা
পরে ভ্রাম্যমাণ আদালত হাট কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নিয়ে অতিরিক্ত টাকা ক্রেতাদেরকে ফেরত দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
আরও পড়ুন: স্কুল চালু রাখার দায়ে সিরাজগঞ্জে শিক্ষকের জরিমানা
তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তী হাটে আর অতিরিক্ত টোল আদায় করবেন না বলে হাট ইজরাদারের কাছে লিখিত মুচলেকা নেয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন, লাখ টাকা জরিমানা
আগের দিন শনিবার অনুরূপভাবে রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কাতিহারহাটে অতিরিক্ত আদায়কৃত টোলের টাকা উপস্থিত ক্রেতাদের মাঝে ফেরত দেয়া হয়েছে এবং ইজারাদারকে দুই হাজার টাকা অর্থদণ্ড করে এবারের মত হাট ইজারদারকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
১৯০৪ দিন আগে