কোরবানির ঈদকে সামনে রেখে শখ করে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা। পরে রাজধানীর বংশাল থানা পুলিশের অভিযানে গরু তিনটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরুর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন রবিবার (২৪ মে) সকালে বিষয়টি জানান।
বংশাল থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার রাত ৩টার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালায় বংশাল থানা পুলিশের একটি দল। অভিযানে ছিনতাই হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধার করা গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। শখের কোরবানির গরু ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের আন্তরিকতা ও পেশাদারত্বের প্রশংসা করেন।