সরকারি ক্রয়-সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
জ্যেষ্ঠ সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে।
তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।
সংশ্লিষ্ট সব সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।