বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্রের তত্ত্ব চলতে থাকবে; তবে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্রই খুব বেশি হালে পানি পাবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হবে। দেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রতিযোগিতায় মক স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ড. ওয়াহিদউদ্দিন বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, দুর্নীতি ও অনিয়ম দূর করা, ব্যবসার খরচ নিয়ন্ত্রণ এবং সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। এ জন্য প্রয়োজন চৌকস প্রশাসনিক ব্যবস্থা।
তিনি আরও বলেন, একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে বাংলাদেশের যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।
দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে যে পরিবেশ প্রয়োজন, বিগত সময়ে সেদিকে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
তার মতে, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করতে হবে।
পোশাকশিল্পের বিষয়ে ওয়াহিদউদ্দিন বলেন, এ খাতের শ্রমিকদের মজুরি রাতারাতি বাড়ানো সম্ভব নয়। এ বিষয়ে মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।
পোশাকশিল্প নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলেও উল্লেখ করেন এ অর্থনীতিবিদ।
তিনি বলেন, এ শিল্প ধ্বংসের পথে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই।
অন্যদিকে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ।
তবে এ বর্ধিত সময়ে আত্মতুষ্টিতে না থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতি বলেন, নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসায়ীরা এখনও প্রস্তুতি নিতে পারেননি। উত্তরণের পর পোশাক খাতের বড় কারখানাগুলোর তেমন অসুবিধা না হলেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে দেশের তৈরি পোশাক খাত প্রত্যক্ষভাবে জড়িত। এ খাতের চলমান অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর আশঙ্কা তৈরি হবে। এতে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক খাত ঝুঁকিতে পড়বে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।
কিরণের মতে, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ থাকলেও সঠিক প্রস্তুতি নিলে তা সম্ভাবনায় পরিণত করা সম্ভব।
তিনি বলেন, এ উত্তরণ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের সমাপ্তি নয়, বরং সম্ভাবনার সূচনা। এর ফলে দেশের মর্যাদা, ব্র্যান্ড ইমেজ ও ক্রেডিট রেটিং বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। নতুন বাজার ধরার সুযোগও তৈরি হবে।
শুল্কসুবিধা অর্জনের পাশাপাশি উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি, মান, উদ্ভাবন ও সুশাসনের শক্তিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করাই বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত বলে মত দেন তিনি।
‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।