১৩ দিনে সপ্তমবারের মতো দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ সময়ে প্রতি ভরিতে মোট ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে সোনার দাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
নির্ধারিত মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মূল্য সমন্বয়ের আগে ছয় দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ১৪ হাজার ২৮৮ টাকা কমেছিল। এর মধ্যে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৪ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৭৪১ টাকা এবং প্রতি ভরি সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।