আজ বৃহস্পতিবার শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য সময় বণ্টন এবং অধিবেশনের মেয়াদ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। আগামী ১০ সেপ্টেম্বর অধিবেশন মুলতবি করা হবে।
প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনতে স্পিকারকে ক্ষমতা দেওয়া হয়েছে।
বৈঠকে আগামী এক বছরে সংসদের সম্ভাব্য অধিবেশনের সময়সূচি ও মেয়াদ নিয়েও আলোচনা করা হয়।
তৃতীয় অধিবেশনের জন্য মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্ন রয়েছে।
এছাড়া জনস্বার্থ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৮১টি নোটিশ এবং একই বিধিমালার ১৩১ বিধিতে প্রস্তাবের জন্য ২৪৯টি নোটিশ জমা পড়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বৈঠকে সাচিবিক সহায়তা দেন।