ঢাকার ধামরাইয়ে একটি ইলেকট্রনিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
রবিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর ধামরাইয়ের নবগ্রামে জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ কো. লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা (পশ্চিম)।
প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত। তবে অভিযানের সময় সেখানে প্রস্তুত করা ব্যাটারি ও ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামের পাশাপাশি আমদানিকৃত মোবাইল ফোন চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিকভাবে ভ্যাট ফাঁকির সন্দেহ হওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ভ্যাট ফরম ১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানে রক্ষিত বিভিন্ন দলিল জব্দ করে কমিশনারেট।
কমিশনারেট জব্দ করা দলিল পর্যালোচনা করে দেখেছে, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এতে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়।
এছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করার মাধ্যমে আরও ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়েছে।
সরকারি পাওনা আদায়ে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশনারেট।