কুড়িগ্রামে ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে পাকা রাস্তা নির্মাণ এবং চরাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন ও সুপেয় পানি সরবরাহের জন্য ১০০ কোটি টাকার বিশেষ প্রকল্প গ্রহণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রাম জেলা ভারতের তিনটি অঙ্গরাজ্য—পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সীমান্তঘেঁষা। এই জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে মোট ৩৫টি বিওপি (সীমান্ত পর্যবেক্ষণ চৌকি) রয়েছে।
এ সময় তিনি সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এবং পুরো এলাকাজুড়ে যোগাযোগের সুবিধার্থে পাকা রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) প্রকল্প তৈরির নির্দেশ দেন তিনি।
এছাড়া জেলা থেকে দারিদ্র্য বিমোচন এবং যুবসমাজকে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী করে তোলার বিষয়ে প্রতিমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে তাদের বিদেশি ভাষা শেখার ওপর জোর দিতে হবে।
মীর শাহে আলম জানান, কুড়িগ্রামের নদীবেষ্টিত প্রায় সাড়ে ৪০০ চরের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ, বিশেষ করে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
এর পাশাপাশি জেলাজুড়ে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ১০০ কোটি টাকার বিশেষ উন্নয়ন প্যাকেজের কথা জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় সুপেয় পানি সরবরাহের জন্য ৫০ কোটি টাকা এবং নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রেখে মোট ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।