বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ডিসি পার্ক-সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত খেলায় সর্বমোট চারটি ম্যাচে ৮টি দল অংশগ্রহণ করে। বিকেলে লেম্বুর বনে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা হয় এবং রাতে তারকা শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকালও দিনভর নানা আয়োজন রয়েছে। এ উৎসব উপলক্ষে কুয়াকাটা লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে।
টুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর ৭০০ সদস্য মোতায়েন রয়েছে।