কেরানীগঞ্জে মধ্যরাতে রাস্তার পাশে ফেলে রাখা একটি পরিত্যক্ত প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। গাড়িটির ভেতর থেকে একটি বিদেশি সুইচগিয়ার চাকু, একটি বিয়ারের ক্যান এবং নারীদের ব্যবহৃত একটি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকা থেকে প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সোমবার (১ জুন) দিবাগত রাত ২টার দিকে আগানগর তরীকুল্লাহ রোড এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা ধূসর রঙের একটি প্রাইভেট কার স্থানীয় বাসিন্দা রমজান মিয়ার বাড়ির পাশে ফেলে রেখে যায়।
পরে গাড়িটির জন্য এলাকায় যানজটের সৃষ্টি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির দরজা খুলে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ওইসব জিনিস উদ্ধার করেন তারা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, গাড়িটির মালিকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনার মাধ্যমে কারা গাড়িটি ফেলে গেছে তার উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।