বাসপ্রতি চাঁদার পরিমাণ নিয়ে বাসমালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার পর থেকে কোনো দূরপাল্লার রুটে বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক পরিবহন মালিক সমিতি আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করত। সম্প্রতি তাদের পক্ষ থেকে চাঁদার পরিমাণ বাড়িয়ে ১৫০ টাকা দাবি করা হচ্ছে।
চাঁদার পরিমাণ বৃদ্ধি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এর জেরে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।
চাঁপাইনবাবগঞ্জ বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু মিয়া বাস চলাচলে বিঘ্নের বিষয়টি স্বীকার করেছেন।
তবে তিনি বলেন, সব বাস চলাচল বন্ধ নেই। চাঁদা আদায় নিয়ে কিছুটা সমস্যা হয়েছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। কখন বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না পেয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।