নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে সড়কের পাশের একটি টিনের ঘরের ওপর একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেতু নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত মিতু স্থানীয় একটি নুরানি মাদরাসার শিক্ষার্থী।
নিহতের পরিবার জানায়, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বিছানায় শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তাদের টিনের ঘরের ওপর পড়ে। এ সময় সেতু ও মিতু ট্রাকের পাথরের নিচে চাপা পড়ে।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পাথর সরিয়ে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।