নড়াইল
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন হাসান শেখের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী।
নিহত হাসান শেখ কালিয়ায় কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
এর আগে গতকাল (বুধবার) সকালে হওয়া ওই সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন হন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল (বুধবার) সকাল ৭টার দিকে কলাবাড়িয়া এলাকায় সোহেল মেম্বার ও আবেদ শেখের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ডা. গোলাম রব্বানীর পরামর্শে খুমেক হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে হাসান শেখও ছিলেন।
ওসি মো. হোসেন আলী বলেন, নিহত হাসান শেখের ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
৪ দিন আগে
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ ও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় গোলাগুলি ও হামলায় উভয় পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধরা হলেন ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম রব্বানী বলেন, পাঁচজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের অবস্থা গুরুতর। এছাড়া আরও তিনজন সামান্য আহত হয়ে হাসপাতালে এসেছিলেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে ওসি বলেন, শুনেছি কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসক বিষয়টি নিশ্চিত করতে পারবেন।
এছাড়া সংঘর্ষে কোন ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
৫ দিন আগে
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১
নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে আসা ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ (রবিবার) দুপুরে মামলায় হাজিরা দিতে এসে আসামিরা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮ দিন আগে
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
নড়াইলে খুলনা-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
১৯ দিন আগে
নড়াইলে মাদরাসার ৬ ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নড়াইলে ডুমুরতলা তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসায় ৬ শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৭ আগস্ট দিবাগত মধ্যরাতে নড়াইল পৌর এলাকার ডুমুরতলা তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসায় অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান এক ছাত্রকে ধর্ষণ করেন। পরের দিন ভুক্তভোগী ছাত্রের মা ওই মাদরাসায় গেলে ভুক্তভোগী শিশু তার মাকে ঘটনা জানায়। পরে শিশুটি ও তার মা মাদরাসা কর্তৃপক্ষকে ধর্ষণের বিষয়টি জানান। এ সময় মাদরাসায় থাকা আরও ৫ শিশুকে ওই শিক্ষক ধর্ষণ করেছেন বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান পালিয়ে যান।
এরপর গতকাল (শনিবার) নড়াইল সদর থানায় ভুক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে মামলা করেন। মামলার পর ওই দিন দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মাহাবুবর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে অজয় কুমার কুণ্ডু বলেন, অভিযুক্ত শিক্ষককে শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
২২ দিন আগে
নড়াইলে ৪০ বস্তা সারসহ নছিমন জব্দ, নিলামে বিক্রি
নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৪০ বস্তা সারসহ একটি নছিমন আটক করেছে স্থানীয় জনগণ। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সারবাহী নছিমনটি আটক করে স্থানীয় জনগণ।
স্থানীয়রা জানান, প্রথমে গাড়িটি আটক করে প্রশাসনকে খবর দেওয়া হয়। এরপর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪০ বস্তা সারসহ নছিমনটি জব্দ করে। পরে ওই সার ন্যায্য মূল্যে স্থানীয়দের মাঝে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
খোঁজ নিয়ে আরও জানা যায়, লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. আলিম শেখের দোকানে এই ৪০ বস্তা সার অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এসব সার নড়াইল সদর উপজেলার ফেদি বাজার থেকে কেনা হয়েছিল।
অভিযুক্ত লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ার বাসিন্দা আলিম শেখ এ বিষয়ে বলেন, ‘আমি জামায়াতে ইসলামী দলের একজন সমর্থক। এলাকার কৃষকদের সার সংকট থাকায় এবং আমার দোকান সার শূন্য থাকায় ফেদি বাজারের ৪-৫টি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে একটি নছিমন গাড়িতে করে নিয়ে আসছিলাম। পথিমধ্যেই এ বিপত্তি ঘটে। ’
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সারসহ নছিমন আটক করা হয়েছে। সার পাচারের বিষয়টি তদন্তাধীন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জব্দকৃত সার রাতেই উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে এবং অভিযুক্ত সারের ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২৫ দিন আগে
নড়াইলে মাদরাসাছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ৩ শিক্ষক আটক
নড়াইল শহরসংলগ্ন লস্করপুর-চাঁনমারি এলাকার মারকাযুল কোরআন মাদরাসার কিতাব বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৈয়দ সোলাইমান ইসলামের (১৪) মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মাদরাসায় নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসাটির তিন শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোলাইমান সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরামুল ইসলামের ছেলে। সে মাদরাসাটির আবাসিক ছাত্র ছিল।
সোলাইমানের বাবা ইকরামুল ইসলাম জানান, গেল মঙ্গলবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় সোলাইমান। পরদিন বেলা ১১টার দিকে মাদরাসা থেকে পরিবারের কাছে খবর দেওয়া হয়, সে অসুস্থ হয়ে পড়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
ইকরামুল ইসলামের অভিযোগ, সোলাইমানের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি বলেন, ‘অসুস্থ হওয়ার ছয় ঘণ্টা পরও আমার ছেলে সোলাইমানকে হাসপাতালে ভর্তি করেনি মাদরাসা কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতেই আমার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’
তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন মারকাযুল কোরআন মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন। তিনি বলেন, কোনো শিক্ষক সোলাইমানকে শারীরিক নির্যাতন করেননি। অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মাদরাসার কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী যে শাস্তি হবে, তা মেনে নেওয়া হবে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, এ ঘটনায় মাদরাসাটির তিন শিক্ষক ইউসুফ হায়দার, হাসিবুর রহমান ও ফাহাদ শেখকে আটক করা হয়েছে। তবে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
২৫ দিন আগে
ফেলে দেওয়া মাছের আঁশেই বাড়তি টাকা গুনছে নড়াইলের জেলেরা
একসময় মাছ কাটার পর আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হতো আঁশ। সেই আঁশই এখন নড়াইলের জেলে পরিবারের কাছে হয়ে উঠেছে বাড়তি আয়ের অন্যতম উৎস। মাছ বিক্রির পাশাপাশি আঁশ সংগ্রহ, পরিষ্কার, শুকানো ও বিক্রি করে সংসারের খরচ মেটাচ্ছেন অনেক পরিবারের সদস্য। এতে বাড়ছে পারিবারিক আয়, পাশাপাশি মাছের আঁশ বর্জ্য হিসেবে ফেলে না দেওয়ায় কমছে পরিবেশদূষণও।
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পংকবিলা জেলেপাড়ায় সরেজমিনে দেখা যায়, বাড়ির উঠান ও চিত্রা নদীর পাড়ের খোলা জায়গায় রোদে শুকানো হচ্ছে ছোটবড় বিভিন্ন মাছের আঁশ। কোথাও বাঁশের চাটাই, কোথাও পলিথিনের ওপর, আবার কোথাও পরিষ্কার মাটিতে ছড়িয়ে রাখা হয়েছে সেগুলো। পরিবারের নারী-পুরুষ সদস্যদের কেউ আঁশ পরিষ্কার করছেন, কেউ শুকাতে দিচ্ছেন, আবার কেউ শুকানো আঁশ উল্টে-পাল্টে দিচ্ছেন।
পংকবিলা জেলেপাড়ায় প্রায় ৯০ থেকে ১০০টি পরিবার রয়েছে। এর মধ্যে ৪০ থেকে ৫০টি পরিবার গত পাঁচ থেকে ১৬ বছর ধরে মাছের আঁশ সংগ্রহ ও বিক্রির সঙ্গে যুক্ত। মাছের ব্যবসার পাশাপাশি আঁশ বিক্রি এখন এসব পরিবারের বাড়তি আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, মাছের আঁশ বর্তমানে বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ওষুধ ও পোলট্রি ফিড তৈরিতে এর চাহিদা রয়েছে। দেশীয় চাহিদার পাশাপাশি প্রক্রিয়াজাত এসব মাছের আঁশ বিদেশের বাজারেও পাঠানো হচ্ছে। জাপান, চীনসহ ইউরোপের বিভিন্ন দেশে এর রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।
পংকবিলা গ্রামের জেলে ও মাছ ব্যবসায়ী টিকান্তু সরকার বলেন, ‘আগে মাছ কাটার পর আঁশ ফেলে দেওয়া হতো। এখন আমরা সেগুলো আলাদা করে সংগ্রহ করি। বাড়িতে এনে পরিষ্কার করে কয়েক দিন রোদে শুকিয়ে রাখি। পরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। এতে মাছ বিক্রির পাশাপাশি বাড়তি কিছু আয় হয়।’
অপর জেলে ও মাছ ব্যবসায়ী সুপল বিশ্বাস বলেন, বর্তমানে প্রতি কেজি মাছের আঁশ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের আঁশ হলে কেজিপ্রতি ১০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। তিন-চার মাস পরপর যশোর, নওয়াপাড়া ও ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখানে এসে আঁশ কিনে নিয়ে যান।
পংকবিলা এলাকার বাসিন্দা দয়াল শিল শুভ বলেন, এলাকার অনেক জেলে পরিবার মাছ বিক্রির পাশাপাশি আঁশ সংগ্রহ করে। পরিবারের নারী-পুরুষ সবাই এ কাজে যুক্ত থাকেন। আঁশ বিক্রির টাকা দিয়ে তারা সংসারের খরচ মেটানোর পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার ব্যয়ও চালাচ্ছেন।
জেলে পরিবারের কয়েকজন গৃহিনী জানান, আগে আঁশগুলো আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হতো। এখন সেগুলো আলাদা করে পরিষ্কার, শুকিয়ে জমিয়ে রাখা হয়। পরে বিক্রি করে পাওয়া টাকা সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচে কাজে লাগে। এতে পরিবারের আয় বাড়ার পাশাপাশি নারীরাও সরাসরি আয়মূলক কাজে যুক্ত হতে পারছেন।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, মাছের জাত ও আকার অনুযায়ী আঁশের চাহিদা ও দাম ভিন্ন হয়। বড় আকারের রুই, কাতলা, গ্রাস কার্প ও ব্ল্যাক কার্পের আঁশের চাহিদা তুলনামূলক বেশি। বড় মাছের আঁশ আকারে বড় হওয়ায় তা সংগ্রহ, পরিষ্কার ও শুকানোও সহজ।
নড়াইল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, মাছের আঁশ এখন আর বর্জ্য নয়, এটি মূল্যবান সম্পদ। রূপগঞ্জ মাছবাজারে পংকবিলার জেলে সম্প্রদায় মাছ রান্নার উপযোগী বা ‘রেডি টু কুক’ করার সময় আঁশ সংগ্রহ করেন। এসব আঁশ প্রক্রিয়াজাত করে বিদেশেও রপ্তানি হচ্ছে এবং বিভিন্ন শিল্পে এর চাহিদা বাড়ছে।
তিনি বলেন, জেলেদের এ বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে তারা এ খাতে আরও সম্পৃক্ত হতে পারেন এবং এটিকে টেকসই আয়ের উৎসে পরিণত করতে পারেন।
২৯ দিন আগে
নড়াইলে দুই দিনব্যাপী সুলতান উৎসব শুরু
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে জন্মস্থান নড়াইলে দুই দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে ‘এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশ’ এ উৎসবের আয়োজন করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় সুলতান উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক কোমলমতি শিশু অংশগ্রহণ করে। শিশুদের রঙ তুলিতে এসএম সুলতান, প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ মেলা, সুলতান মেলা, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে। শিশুদের মধ্যে সুলতানের শিল্পচেতনা ও শিল্পকর্ম ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।
সুলতান উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রয়েছে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারি কিউরেটর মেহেদী হাসান রানাসহ সুলতানপ্রেমীরা।
৩১ দিন আগে
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ
আজ ১০ আগস্ট, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী। ১৯২৩ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়ায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মেছের আলী এবং মায়ের নাম মাজু বিবি।
গ্রামীণ জীবন, কৃষক-শ্রমিক এবং তাদের পেশিশক্তিকে রং-তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন শিল্পী সুলতান। চিত্রকলায় বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশ-বিদেশে অসংখ্য পদক ও সম্মানে ভূষিত হয়েছেন।
১০৩তম জন্মবার্ষিকীতে কর্মসূচি
শিল্পী সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি, শিশুকিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্ট ক্যাম্প, চিত্রপ্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা এবং এসএম সুলতান সম্মাননা পদক বিতরণ।
এ বছর সুলতান সম্মাননা পদক পাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, প্রিন্টমেকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ অন্যান্য অতিথি উপস্থিত থাকবেন।
এসএম সুলতানের জীবন ও কর্ম
চিত্রশিল্পী এসএম সুলতানের ডাকনাম ছিল ‘লাল মিয়া’। তার বাবা পেশায় ছিলেন রাজমিস্ত্রি ও কৃষক। আর্থিক অসচ্ছলতার কারণে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি সুলতান। পঞ্চম শ্রেণিতে পড়ার পর তার স্কুলজীবনের ইতি ঘটে। এরপর তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ শুরু করেন।
তবে ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি তিনি দালানকোঠার ছবি আঁকা শুরু করেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার আর্ট স্কুলে ভর্তি হয়ে প্রায় তিন বছর চিত্রকলার ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি বেরিয়ে পড়েন।
সুলতান পাকিস্তান, কাশ্মীর ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ভ্রমণ ও সাধনার মাধ্যমে নিজেকে একজন বিশ্বমানের চিত্রশিল্পী হিসেবে গড়ে তোলেন।
জীবদ্দশায় কিংবদন্তি চিত্রশিল্পী এসএম সুলতানের ছবির প্রদর্শনী বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে তিনি এসব দেশে বেশ কয়েকটি একক ও যৌথ প্রদর্শনীতে অংশ নেন। দেশের ভেতরে ঢাকা ও নড়াইলে তার বিখ্যাত চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। এর মধ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং ১৯৮৭ সালে গ্যোথে ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রদর্শনীগুলো তার খ্যাতি ছড়িয়ে দেয়।
বিশ্বখ্যাত এই বাংলাদেশি চিত্রশিল্পীর চিত্রকর্মের মূল বৈশিষ্ট্য ছিল গ্রামীণ জীবন ও অতিবলিষ্ঠ পেশিবহুল কৃষক সমাজ। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে ‘চর দখল’, ‘ধান কাটা’, ‘পাট কাটা’, ‘কৃষকের সংগ্রাম’ ও ‘আমার গ্রাম’ উল্লেখযোগ্য।
চিত্রশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি দেশ-বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
৪৯ দিন আগে