লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাজার থেকে কমলাবাড়ী ইউনিয়নের সংযোগ সড়ক পর্যন্ত ২ কিলোমিটারেরও বেশি কাঁচা রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুহুলী, বারাজান, শিয়ালখেওয়া আশপাশের এলাকার কয়েক হাজার মানুষকে। স্বাধীনতার পর থেকে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখনও পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে কাদা ও জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে থাকায় পথচারী, মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে পড়ছে, ফলে যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে এলাকাবাসীকে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। এই রাস্তা দিয়ে প্রতিদিন দুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুহুলী উচ্চ বিদ্যালয় ও কলেজের কয়েক শত শিক্ষার্থী যাতায়াত করে। বর্ষাকালে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হচ্ছে। অনেক সময় অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠাতেও অনীহা প্রকাশ করেন।
এছাড়া, রাস্তাটি এখনও পাকা না হওয়ায় কৃষকরাও পড়েছেন বিপাকে। এই এলাকার কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অনেক সময় যানবাহন প্রবেশ করতে না পারায় উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করা সম্ভব হয় না।