লালমনিরহাট
লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে আতিকুল ইসলামেদিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দাড়ারপাড় মুন্সিটারী এলাকায় বসতঘর থেকে মিতু আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দুই বছর আগে মিতু আক্তারের সঙ্গে আতিকুল ইসলামের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে আতিকুল স্ত্রী মিতুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। পরে প্লাস্টিকের পাইপ দিয়ে তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরদিন সকালে পাঁচ মাস বয়সী মেয়ের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে মিতুর মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
রায় ঘোষণাকালে আদালত উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এছাড়া জব্দ করা আলামত ধ্বংসের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বাদীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
৯ দিন আগে
ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশা
ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলায় মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ আশ্বাস দেন।
ত্রাণমন্ত্রী বলেন, মোগলহাট স্থলবন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর। সে কারণে পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি করতে হবে। আর অবকাঠামোগত সংস্কার আমাদের অভ্যন্তরীণ বিষয়, তা আমরা করতে পারব। ভারতের আগ্রহ থাকলে অগ্রাধিকার ভিত্তিতে চুক্তি করতে হবে বলেও জানান তিনি।
স্থলবন্দরটি চালু হলে এলাকায় অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন আসাদুল হাবিব দুলু। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য শুরু হলে দুই দেশের অর্থনীতি মজবুত হবে জানিয়ে তিনি বলেন, সেই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
অন্যদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয় চায় এ বন্দরটি পুনরায় চালু হোক। মানুষের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ হোক। স্থলবন্দরটি পুনরায় চালু করতে যে অবকাঠামো বা জনবল দরকার তা পূরণ করতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
তিনি আরও বলেন, ভারত সরকার না চাইলে তো এককভাবে আমরা চালু করতে পারব না। তাই ভারতের সঙ্গে আগে চুক্তি করা দরকার।
রাজিব আহসান বলেন, অতীতে আমরা ভারতের আগ্রহের কথা শুনেছি। যেহেতু অতীতে এ বন্দরটি চালু ছিল, তাই তারাও বিষয়টি অবগত রয়েছে। খুব অল্প সময়ে চুক্তি করে এ বন্দরটি পুনরায় চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, লালমনিরহাট জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ দিন আগে
সীমান্তে পিস্তল, গুলি ও ‘আইস’ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ক্রিস্টাল মেথ (আইস) বলে সন্দেহ করা এক কেজি পদার্থ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আওতাধীন রামখানা বিওপির পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে অস্ত্র ও মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ টহল পরিচালনা করেন।
টহল চলাকালে পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় কয়েকজন চোরাকারবারিকে ভারতের দিক থেকে আসতে দেখেন বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা হাতের মালামাল ফেলে দৌড়ে ভারতে পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ক্রিস্টাল মেথ (আইস) বলে সন্দেহ করা এক কেজি পদার্থ উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার করা পদার্থগুলো ক্রিস্টাল মেথ (আইস) কি না তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।
এ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
১২ দিন আগে
ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক।
শুক্রবার (২ অক্টোবর) লালমনিরহাট শহরে ভুট্টা চত্বরের নির্মাণকাজ উদ্বোধন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ইন্ডিয়া গেইট যেমন দিল্লীর প্রতীক, ফয়সল মসজিদ যেমন ইসলামাবাদের প্রতীক তেমনি ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের ব্র্যান্ডিং ফসলে পরিণত হয়েছে ভুট্টা। বর্তমানে এই জেলায় ভুট্টার চাষ বেড়েছে। ভুট্টা এখন জেলার প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে। ভুট্টা চাষে বদলে গেছে এ অঞ্চলের চাষিদের জীবন। হাসি ফুটেছে তাদের মুখে। এজন্য জেলা শহরের প্রাণকেন্দ্রকে ভুট্টা চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে। আইকনিক স্থাপত্যশৈলিতে একে সাজানো হবে।
১৯৯১ সাল থেকে জেলার হাতীবান্ধার আবুল কাসেম ভুট্টা চাষ করছেন। ওই সময় ভুট্টার ফলন ছিল কম। তাই চাষিদের তেমন আগ্রহ ছিল না। তবে, গত তিন দশকে সেখানকার দৃশ্য পাল্টে গেছে। ওই গ্রামের সব কৃষক এখন ভুট্টা চাষ করছেন।
এ জেলার মাটি ভুট্টা চাষের উপযোগী, ফলনও সন্তোষজনক। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। ভুট্টাকে ঘিরে এখানে কৃষিভিত্তিক ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠছে, যা পিছিয়ে পড়া এ জনপদকে এগিয়ে যাবার স্বপ্ন দেখাচ্ছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
১৩ দিন আগে
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা মূল্যে যাতায়াতের সুযোগ
ঢাকা থেকে বুড়িমারীগামী এক যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন আবিদা বেগম (২৮) নামের এক নারী। এ ঘটনায় ওই শিশু আজীবন বাসে বিনা মূল্যে যাতায়াতের সুযোগ পাবে বলে ঘোষণা দিয়েছে বাস কোম্পানিটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাস কোম্পানি আনাস এন্টারপ্রাইজ ওই শিশুর জন্য উপহারসামগ্রী পাঠিয়ে ঘোষণা দেয়, ওই শিশু তাদের বাসে আজীবন বিনা মূল্যে যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশু—দুজনই বিনা মূল্যে যাতায়াতের সুযোগ পাবে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে রংপুর মিঠাপুকুর এলাকায় চলন্ত বাসে শিশুটি জন্ম নেয়। পরে বাসের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এরপর বুধবার দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার উপহার হিসেবে দোলনা, বাচ্চাদের বিছানা, মশারি ও প্রসাধনীসামগ্রী শিশুটির বাড়িতে পৌঁছে দেন।
সুপারভাইজার জানান, ওই দিন বাসটি ঢাকা থেকে বুড়িমারী যাওয়ার পথে রংপুরের মিঠাপুকুর এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীর প্রসব বেদনা শুরু হয়। এরপর ওই বাসে থাকা এক ধাত্রী বাস থামিয়ে রাত ৩টার দিকে সন্তান প্রসব করান।
ওই নারীর বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায়। তিনি উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে।
আবেদ আলী বলেন, ঢাকা থেকে মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলাম। চিকিৎসক বলেছিলেন, সন্তান জন্ম নিতে আরও ২০ দিন সময় লাগবে। তাই মেয়েকে নিয়ে বাসে উঠে গ্রামের বাড়িতে আসছিলাম। পথে আমার মেয়ের ছেলে সন্তান হয়। আমার মেয়ে ও নাতি, সবাই সুস্থ আছে। আমার নাতি বাসের ভেতরে জন্মগ্রহণ করায় ওই বাসের নামের সঙ্গে মিল রেখেই তার নাম আনাস হাসান রাখা হয়েছে।
১৪ দিন আগে
লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন এবং একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।
হতাহতরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রাম যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক পাটগ্রাম থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন যাত্রী।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহতের খবর পাওয়া গেছে।
১৭ দিন আগে
লালমনিরহাটে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
লালমনিরহাটে গোপন বৈঠক ও অনলাইন মিটিংয়ে নাশকতার পরিকল্পনা করার সময় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান টুলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি বিশেষ দল শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তার মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার বাসিন্দা।
ওসি সাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ওই এলাকায় একটি চক্র গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মজিবর রহমান টুলুর মোবাইল ফোন তল্লাশি করে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
ওসি সাদ আরও জানান, গ্রেপ্তার মজিবর রহমান টুলুর বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
২১ দিন আগে
লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে মো. হবিবর রহমান ওরফে গোদা (৪০) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবিবর রহমান পাটগ্রাম উপজেলার উফারমারা (প্রধানপাড়া) গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকায় আফাজ উদ্দিন স্থানীয় বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কাঁচা রাস্তায় ওঁৎ পেতে ছিলেন আসামি হবিবর রহমান। এ সময় আকস্মিকভাবে তিনি হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আফাজ উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান আলী বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন সন্তোষ প্রকাশ করে জানান, এই ন্যায়বিচার সমাজে অপরাধপ্রবণতা কমাতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
২৯ দিন আগে
লালমনিরহাটে মন্ত্রীদের সামনে বিএনপির ২ গ্রুপের মারামারি
লালমনিরহাটে দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। এ সময় একজন অসুস্থ হয়ে পড়েন এবং দুজন আহত হন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাত দেড়টার দিকে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া লালমনিরহাট-১ ও ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও রোকন উদ্দিন বাবুলও উপস্থিত ছিলেন।
পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানান, রোকন উদ্দিন বাবুল ও তার চাচাতো ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত নির্বাচনে মনোনয়নবঞ্চিত হওয়ার পর তাদের দুজনের অনুসারীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে এবং এ আসনের বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
নির্বাচনের সময় ধানের শীষের পক্ষে কাজ না করে গোপনে বিরোধিতা করার অভিযোগও ওঠে বিএনপির একটি অংশের বিরুদ্ধে। ওই অংশের নীরব বিরোধিতার পরও সংসদ সদস্য নির্বাচিত হন রোকন উদ্দিন বাবুল। এতে দুই গ্রুপের দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করে। তার পর থেকে কেন্দ্রীয় কর্মসূচিও পৃথকভাবে পালন করে আসছেন দুই গ্রুপের নেতাকর্মীরা।
গতকাল (রবিবার) জেলা আইনশৃঙ্খলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে লালমনিরহাট আসেন। রাত ১টার দিকে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি জেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের অনুসারী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের দলীয় কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত রোকন উদ্দিন বাবুলের অনুসারী ও সমর্থকরা তীব্র প্রতিবাদ জানান এবং ওই নেতার বিরুদ্ধে ধানের শীষের বিরোধিতা করার অভিযোগ তোলেন।
একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উপস্থিতিতেই অডিটরিয়ামজুড়ে হট্টগোল ও মারামারি শুরু হয়।
পরে আসাদুল হাবিব দুলুর দীর্ঘ চেষ্টা এবং জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে থমথমে অবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে এ ঘটনার সময় অসুস্থ হয়ে পড়েন পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান। আহত হন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামান সবুজ ও একই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আখেরুজ্জামান স্বাধীন। হামিদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক নেতা বলেন, পঞ্চগড়ের চেয়ে হাজারগুণ বড় হট্টগোল এখানে হয়েছে। যারা ধানের শীষে ভোট না দিয়ে বিরোধিতা করেছে তারা আজও দলীয় পদ নিয়ে সংসদ সদস্যের বিরোধিতা তথা উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। এদের কারণে দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে। যারা সংসদ সদস্যের বিরোধিতা করছে তারা নির্বাচনের সময়ও ধানের শীষের বিরোধিতা করেছে।
হামিদুর রহমানের ছেলে নাসির ইমতিয়াজ নিলয় বলেন, আমার বাবা অনেক অসুস্থ। তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি মধ্যরাতে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় গিয়ে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়েছেন। তিনি তার বাবার সুস্থতায় সবার কাছে দোয়া চান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, জেলা বিএনপির মতবিনিময় সভায় উত্তেজনা হয়েছিল। তবে কী কারণে হয়েছে এ বিষয়ে আমাদের জানা নেই। খবর পেয়েই গিয়ে দেখি পরিবেশ শান্ত হয়ে গেছে। হামিদুর নামের একজন ধাক্কাধাক্কি আর চিৎকার-চেঁচামেচিতে অসুস্থ হলে আমাদের গাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হককে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
৩১ দিন আগে
লালমনিরহাটে কৃষকের ‘সোনালি আঁশের’ স্বপ্ন এখন দুঃস্বপ্ন
লালমনিরহাটে চলতি মৌসুমে পাটের আশানুরূপ ফলন না পাওয়ায় হতাশ কৃষকেরা। এর সঙ্গে যুক্ত হয়েছে উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কা। ফলন ও দাম—দুই দিক থেকেই ক্ষতির আশঙ্কায় রয়েছেন জেলার পাটচাষিরা।
কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পাটের দাম না পেলে গত কয়েক বছরের মতো এবারও লোকসান গুনতে হবে। এতে আগামী মৌসুমে পাট চাষে কৃষকদের আগ্রহ কমে যেতে পারে।
জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও গ্রামে এবার ব্যাপকভাবে পাটের আবাদ হয়েছে। বিশেষ করে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর চরাঞ্চলের অনাবাদি ও বন্যাপ্রবণ জমিতে পাট চাষে আগ্রহ বেড়েছে। ধানসহ অন্যান্য ফসল ভালো হয় না—এমন জমিতেও এবার পাট চাষ করেছেন কৃষকেরা।
তবে আশানুরূপ ফলন না হওয়ায় এখন ভালো দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা পাট কাটার পর তা ডোবা, নালা, পুকুর ও খাল-বিলে পানিতে স্তূপ করে জাগ দিচ্ছেন। সাধারণত ২০ থেকে ২৫ দিন পর পাট পচে গেলে সেখান থেকে আঁশ ছাড়িয়ে রোদে শুকানো হয়। অনেক কৃষকের পাট এখনও পুরোপুরি পচেনি; তবে কয়েক দিনের মধ্যে আঁশ ছাড়ানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন তারা।
৪৬ দিন আগে