ডিএনসিসি
মিরপুরে সংঘর্ষের পেছনে সমন্বয়ের অভাব থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল বলে মনে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পুলিশের সহায়তা নিয়ে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে যাওয়ার বিষয়ে আগে থেকে কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তিনি যতটুকু জানতে পেরেছেন, তা থেকে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানতে পেরেছেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং সিটি করপোরেশন বা রাজউকের কর্মকর্তারা পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে তার কাছে মনে হয়েছে।
এর আগে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার উদ্দেশ্যে সকাল ১০টার দিকে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি। একপর্যায়ে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।
এ সময় সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ঘটনার সংবাদ সংগ্রহের সময় হকারদের হাতে কয়েকজন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
৫ দিন আগে
মিরপুরে সংঘর্ষে কয়েকজন আহত, ডিএনসিসির গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলাকালে সকাল ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে এ সংঘর্ষ হয়।
নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির এক কর্মকর্তা ইউএনবিকে জানান, সংঘর্ষের সময় ডিএনসিসির দুটি ময়লার ট্রাকে আগুন দেওয়া হয় এবং তিনটি বুলডোজার ভাঙচুর করা হয়।
এ ঘটনায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
হকাররা দাবি করেন, ডিএনসিসির কর্মীরা ফুটপাতের দোকান সরাতে শুরু করলে প্রথমে একটি বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা উচ্ছেদ অভিযানে জড়িতদের লক্ষ্য করে লাঠি ও ইট ছুড়তে থাকেন। পরে ডিএনসিসির দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনার সংবাদ সংগ্রহের সময় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও হামলার শিকার হয়েছেন। যমুনা টেলিভিশনের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া সময় টিভির একজন প্রতিবেদক ও একজন ক্যামেরাপারসনকে মারধর করা হয়েছে।
সমকালের ফটোসাংবাদিক মাহবুব হোসেন নবীনও কয়েকজন হকারের হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের কারণে মিরপুর-১০ এলাকার সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
৫ দিন আগে
উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ৩
রাজধানীর উত্তরখানের এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দায়িত্ব পালনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে এসটিএসে কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়।
হামলার খবর পেয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
পরে প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় মো. শফিকুল ইসলাম খান বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মো. শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে অসত্য বলে দাবি করেছে ডিএনসিসি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন ইউএনবিকে বলেন, ‘প্রশাসক বা সংসদ সদস্য নন, হামলার শিকার হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।’
৬৪ দিন আগে
ডিএনসিসির নাগরিক সেবা পরিদর্শন প্রধানমন্ত্রীর, তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থার নির্দেশ
রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা, সবুজায়নসহ অন্যান্য নাগরিক সেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করেন এবং তাৎক্ষণিকভাবে তা সংশোধনের নির্দেশ দেন।
শুক্রবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন উদ্যোগ, ড্রেনেজ ব্যবস্থা এবং সার্বিক নগর ব্যবস্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
তারেক রহমান বিভিন্ন স্থানে বেশ কিছু সমস্যা চিহ্নিত করেন, কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এছাড়া নাগরিক সেবা ব্যবস্থার উন্নতির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের আগে দুপুর সাড়ে ৩টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন। পরবর্তীতে তাদের সঙ্গে নিয়ে তিনি শহরের বিভিন্ন স্থান পরিদর্শনের উদ্দেশ্যে বের হন।
প্রধানমন্ত্রী নিজের গাড়ি নিজে চালিয়েই ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, বিমানবন্দর সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী, গণভবন ক্রসিং, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব ও বনানী এলাকা ঘুরে আবার গুলশানের বাসভবনে ফিরে আসেন।
সরকারের নাগরিক সেবা বৃদ্ধি এবং ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেই বর্জ্য ব্যবস্থাপনা, সড়কের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, সবুজায়ন, ড্রেনেজসহ নগর ব্যবস্থাপনার নানা দিক খতিয়ে দেখতে এই পরিদর্শনে যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ০৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তার গুলশানের বাসভবন থেকে বের হন এবং পুরো সময় নিজে গাড়ি চালিয়ে এলাকাগুলো পরিদর্শন করেন।
তিনি আরও জানান, তারেক রহমান আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে সড়কগুলো ঘুরে দেখেন এবং মাগরিবের নামাজের সময় গুলশানের বাসভবনে ফেরেন।
রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে তিনি ঢাকাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। সেই উদ্দেশ্যেই তিনি নিজে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মীর শাহে আলম, মো. শফিকুল ইসলাম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আবদুর রহমান সানী।
৬৬ দিন আগে
ফুটপাত-রাস্তায় ব্যবসা নয়, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ভবিষ্যতে ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরের মুকুল ফৌজ মাঠে মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, আমরা বিকল্প স্থানে ব্যবসার ব্যবস্থা করে দেব। ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না—এটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে।
তিনি বলেন, আগে যারা ফুটপাতে ব্যবসা করতে সহযোগিতা করতেন, তারা আর সহযোগিতা করতে পারবেন না। ব্যবসায়ীদের সমস্যা রয়েছে, সেসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে সিটি করপোরেশন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে।
শফিকুল ইসলাম খান বলেন, মানবিক কারণে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। চাইলে আমরা ফোর্স দিয়ে উচ্ছেদ করতে পারতাম, কিন্তু তা করিনি। আমরা চাই আমাদের এলাকার মানুষ ব্যবসা করে জীবিকা নির্বাহ করুক।
সভায় হকার ও ভাসমান ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়। তারা পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান, পর্যাপ্ত সময় এবং এমন স্থান চেয়েছেন যেখানে ব্যবসা পরিচালনা সম্ভব হবে।
ব্যবসায়ীরা বলেন, বহু বছর ধরে তারা ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদ হলে পরিবার-পরিজন নিয়ে সংকটে পড়তে হবে। তারা পুনর্বাসনের আগে নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং পর্যাপ্ত সময় দেওয়ার দাবি করেন।
প্রশাসক বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বের করা হবে এবং এ বিষয়ে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন থেকে আমরা ব্যবসায়ীদের একটি টোকেন প্রদান করব, যাতে কেউ চাঁদা দাবি করলে তা দিতে না হয়, এবং আপনারা জানাবেন। আমরা আপনাদের পাশে আছি।
মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএমপি মিরপুর জোনের ডিসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
১৮৬ দিন আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হলেন সুরাইয়া আখতার জাহান
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ (ক)-এর ১ উপধারার অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ (ক)-এর ১ উপধারা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধিমোতাবেক দায়িত্বভাতা প্রাবেন।
ভাতা ছাড়া কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রশাসক পাবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ডিএনসিসির প্রশাসকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ এজাজ।
২৩৮ দিন আগে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম তরিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ‘মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ৮ বিধিসহ ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারা মতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হলে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি।’
আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।
২৪৬ দিন আগে
ঈদে ঢাকার পরিচ্ছন্নতায় দুই সিটিকে সহযোগিতার অঙ্গীকার ইশরাকের
হাইকোর্টে দায়ের করা রিট খারিজ হয়ে যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ নেওয়ার আইনি পথ সুগম হয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। এরপরই নগরবাসীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে নিজেকে ‘জনতার মেয়র’ হিসেবে অভিহিত করেছেন ইশরাক। সেইসঙ্গে আসন্ন ঈদুল আজহায় ডিএনসিসির পাশাপাশি ডিএসসিসির পরিচ্ছন্নতায়ও সহযোগীতার অঙ্গীকার করেছেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেছেন, শপথ কেবল একটি ফরমালিটি (আনুষ্ঠানিকতা)। জনতার মেয়র হিসেবে আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে, তার ওপর আমার দায়িত্ব বর্তায়।
তিনি বলেন, ‘আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।… বিকালের মধ্যে (১৬ ঘণ্টায়) একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব।’
আরও পড়ুন: কাকরাইলের অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ইশরাক
ইশরাক জানান, দক্ষিণ সিটিতে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে জোনভিত্তিক মনিটরিং টিম গঠনের অনুমোদন দেওয়া হবে। নিজেও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন তিনি।
ওই পোস্টের কমেন্ট বক্সে পিন করে রাখা একটি কমেন্টে আগামী সিটি নির্বাচনে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন বিএনপির এই নেতা।
সেখানে লিখেছেন, টানা ১০ বছর বিএনপি গ্রেটার (বৃহত্তর) ঢাকা চালিয়েছে। ৯০টির মধ্যে ৭০টির বেশি ওয়ার্ড কমিশনার আমাদের (বিএনপির) ছিল। এখন অনেকে মারা গিয়েছেন কিন্তু একাধিক বিকল্প প্রার্থী আছেন। তাদের কাজে লাগিয়ে পরবর্তী নির্বাচনে ঢাকা সিটির জন্যে প্রাথী বাছাই করবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা একটি রিট খারিজ করে দেন হাইকোর্ট।
গতকাল (বৃহস্পতিবার) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
বিকেলে এ সংক্রান্ত আদেশ প্রকাশ হয়। ফলে ইশরাকের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আরও পড়ুন: রাস্তা না ছেড়ে আরও জোরদার আন্দোলনের আহ্বান ইশরাকের
২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। পরবর্তীতে নির্বাচনি ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তিনি। চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম তৎকালীন ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়।
৫০০ দিন আগে
শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক
শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, জনগণের সচেনতাই পারে ঢাকা শহরকে শব্দদূষণের ভয়াবহতা থেকে রক্ষা করতে।
বুধবার (৭ মে) রাজধানীর গুলশান ২ নম্বর সিগন্যালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজাতে নিরুৎসাহিতকরণ কর্মসূচির উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।
তিনি এসময় আরও বলেন, জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলার সঠিক প্রয়োগের মাধ্যমে শহরের শব্দদূষণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন: শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পরিবেশ উপদেষ্টা
ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা অযথা হর্ন বাজানো গাড়ির চালককে শনাক্ত করা হবে এবং প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
তিনি বলেন, বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ কমানোর জন্য সময়সীমা ও নির্দিষ্ট পরিধির সীমাবদ্ধ রাখতে হবে। বৃদ্ধ, অসুস্থ সর্বোপরি সকল মানুষের জন্য শব্দ দূষণ অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণ কমানোর জন্য যত্রতত্র অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দশনা দেওয়া হয়েছে।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার অফ এটমোস্ফেরিক পলুশন স্ট্যাডি’র চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং গ্রিন ভয়েসের শতাধিক সেচ্ছাসেবক।
৫১৬ দিন আগে
চলতি বছরে ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে: মোহাম্মদ এজাজ
এই বছরে ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা'য় 'পরিবেশ বাঁচাও' শিরোনামে প্রখ্যাত চিত্রশিল্পী মো. আবু সেলিমের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, 'ডিএনসিসি এলাকার সব রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও সব পাবলিক স্পেসে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এই বছর আমরা ৫ লাখ বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণে কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে, পরিবেশ রক্ষায় কাজ করে এমন সংগঠনকে সম্পৃক্ত করা হবে।'
তিনি বলেন, 'ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন ময়লা পরিষ্কার করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো ঢাকার রাস্তায়, ফুটপাতে, মাঠে, পার্কে, খালে, ড্রেনে প্রতিটি জায়গায় এতো বেশি ময়লা যা সংগ্রহ করতে করতে সিটি করপোরেশনের কর্মীরা টায়ার্ড হয়ে যায়। মানুষ ঢাকা শহরে নির্বিচারে যত্রতত্র ময়লা ফেলে দেয়। পরিচ্ছন্ন ঢাকা গড়তে হলে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। আমাদের সিটি করপোরেশনের কর্মীদেরও আরও দক্ষতার সঙ্গে পরিচ্ছন্নতার কাজ করার জন্য সচেষ্ট হতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।'
আরও পড়ুন: ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে ডিএনসিসি প্রশাসকের আহ্বান
তিনি আরও বলেন, 'অনেক জায়গায় দেখা যায় ময়লা এসটিএসে (সেকেন ট্রান্সফার স্টেশন) না ফেলে খালে, বিলে ফেলে দিচ্ছে। অনেকে রান্না ঘরের জানালা দিয়ে ময়লা ফেলে দিচ্ছে। এর ফলে শহর নোংরা হচ্ছে, আমরা নিজেরা নিজেদের বাড়িঘর নোংরা করছি পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতি করছি। বাসাবাড়ির এসব ময়লা বিশেষ করে প্লাস্টিক, পলিথিনে বৃষ্টির পানি জমে এডিস মশার জন্ম হয়৷ এতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো বন্ধ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, 'ঢাকা শহরে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বড় অঙ্কের মুনাফার জন্য পরিবেশের ক্ষতি করেছে। তাদের দখলেই গেছে খাল, বন। আমরা গত সরকারের আমলে প্রাণ বিনাশী উন্নয়ন দেখেছি। আমাদের লেখক, শিল্পী, সাংস্কৃতিকদের প্রাণ বিনাশী ক্ষতির বিরুদ্ধে কথা বলতে হবে। এমন কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না যে প্রকল্প মানুষের জীবন বিপন্ন করে, প্রাণ বিপন্ন করে, নদী বিনষ্ট করে, বাতাস দূষিত করে।'
৫২৭ দিন আগে