জব্দ
নারায়ণগঞ্জে প্রায় ৩ কোটি টাকার অবৈধ ভারতীয়-চীনা সুতা জব্দ
কর চালানপত্র না থাকায় নারায়ণগঞ্জে চারটি অনিবন্ধিত গুদাম থেকে ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা।
শনিবার (১০ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে মোবারক মোল্লার মালিকানাধীন অনিক ট্রেডার্সের চারটি গুদামে অভিযান চালিয়ে সুতাগুলো জব্দ করে কমিশনারেট।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনারেট জানায়, একটি প্রতিরোধ দলের চালানো অভিযানে কর চালানপত্র ছাড়া অবৈথ চীনা ও ভারতীয় ধাতব, পলেস্টার ও নাইলন সুতা পাওয়া গেছে।
জব্দ করা মোট ৭২ হাজার ৯৪৪ কেজি সুতার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা বলে জানিয়েছে কমিশনারেট।
প্রযোজ্য রাজস্ব আদায়ের জন্য কমিশনারেট ইতোমধ্যে এ ঘটনায় আইনি কার্যক্রম শুরু করেছে।
৫ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫ লিটার বিদেশি মদ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এ-শিফটের কর্মকর্তারা অবস্থান নেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে০৫৮৪ ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভকে থামানো হয়।
পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দমমিক ৫০ লিটার মদ উদ্ধার করা হয়। তিনি বিদেশি পাসপোর্টধারী হওয়ায় ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্ত সুবিধায় আমদানির অনুমতি দেওয়া হয় এবং বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আরেক ঘটনায় টার্কিশ এয়ারলাইনসের টিকে০৭১২ ফ্লাইটের যাত্রী সামিউল ইসলামকে গ্রিন চ্যানেল এলাকায় থামানো হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের চার লিটার মদ উদ্ধার করে সিআইআইডি।
গোয়েন্দা তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং, গ্রিন চ্যানেলসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়িয়ে চোরাচালান প্রতিরোধ ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
১৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ১০টি ককটেলসহ বিস্ফোরক জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ১০টি ককটেলসহ প্রায় ৫ কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এসমা কলেজপাড়া এলাকায় আমবাগান থেকে এসব বিস্ফোরক পদার্থ জব্দ করা হয় বলে আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) রাত সোয়া ৯টার দিকে র্যাবের একটি বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল, ২ কেজি ৮০০ গ্রাম গান পাউডার ও ২ কেজি ১৫০ গ্রাম ওজনের বারুদ সদৃশ্য গুড়া পাউডার জব্দ করে। তবে এ সময় সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।
র্যাবের ধারণা, নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা বিস্ফোরক দ্রব্যগুলো সেখানে সংরক্ষণ করে রেখেছিল।
জব্দকৃত দ্রব্যগুলো সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২৯ দিন আগে
শাহ আমানতে এক ফ্লাইটে ১,৮০২ কার্টন সিগারেট, ১৩ আইফোন জব্দ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
এক বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানিয়েছে, অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রী ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়।
অভিযানে যাত্রী এমডি মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন, অর্থাৎ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।
একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন, মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।
অপর যাত্রী নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইস্যি ব্র্যান্ডের সাত কার্টন, মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন জব্দ করা হয়।
এদিকে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
সিআইআইডি জানায়, সব মিলিয়ে এক ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।
জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ টিটিআই অনুযায়ী এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। ৫৮ শতাংশ টিটিআই অনুযায়ী এগুলোর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
সিগারেট ও মোবাইল ফোনের শুল্ক-করসহ জব্দ পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সিআইআইডি বলেছে, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজে আরও ১ হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানকে সাম্প্রতিক সময়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে সবচেয়ে বড় সিগারেটের চালান আটকের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চোরাচালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধ পণ্য আনার অপচেষ্টা রোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
৫৯ দিন আগে
ভোলায় মেঘনায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ
ভোলার দৌলতখানে মেঘনা নদীতে আনুমানিক ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার চোকিঘাট-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, গতকাল (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ হাজার লিটার তেল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন আগেই পালিয়ে যান। ফলে কাউকে আটক করা যায়নি।
পরে দৌলতখান উপজেলা সহকারী কমিশনার ভূমি শাওন মজুমদার সুমনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উদ্ধার করা অবৈধ তেল বাজারদরে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
১৭৭ দিন আগে
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ
নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার বারইপাড়া ও কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এ তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার ইউএনও মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা থেকে আসা একটি নসিমন আটক করে ৯ ব্যারেলে ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে তেলের মালিক উপজেলার মাউলী গ্রামের পিন্টু শেখ তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৮ ব্যারেলে ৫ হাজার ৬০০ লিটার তেল জব্দ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার যোগানিয়া গ্রামের খায়রুল শেখ বিক্রির জন্য অবৈধভাবে ট্রাকে করে এই তেল নিয়ে আসছিলেন। তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মো. জিন্নাতুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ৭ হাজার ৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়ের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
১৯৮ দিন আগে
মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
মেহেরপুরে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ মেহেরপুর কোম্পানি ও গাংনী সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌগাছা (ভিটাপাড়া) গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে র্যাব ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয়ের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ কার্যালয়ের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ১৪৪৩ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
প্রসঙ্গত, গোলাম মোস্তফা ডাকু আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
৪০৯ দিন আগে
যৌথবাহিনী অভিযানে লক্ষ্মীপুরে বিভিন্ন অস্ত্রসহ মাদকদ্রব্য জব্দ, আটক ৩
লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।
আরও পড়ুন: নাটোরে কোটি টাকার নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ
অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি এলজি পিস্তল, তিনটি রামদা, পাঁচটি ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৮৩ পিস ইয়াবা, এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাব সংবলিত চারটি খাতা এবং ইয়াবা প্যাকেট করার জন্য ব্যবহৃত এক বান্ডিল ফয়েল পেপার জব্দ করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও মাদক ব্যবসার কাগজপত্র জব্দ করা হয়েছে। আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪৩২ দিন আগে
বেনাপোলে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বেনাপোল বিভিন্ন সীমান্ত এলাকায় টানা পাঁচদিন অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে যশোর ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকেরা হলেন— খুলনার কয়রা থানার ইসলামপুর গ্রামের রুস্তম মাতবরের স্ত্রী রুবিনা খাতুন (৪০) ও ঢাকার মিরপুরের কোর্টবাড়ি এলাকার বাসিন্দা ময়নাল মোল্লা (৩৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৩ জুন) থেকে শুক্রবার (২৭ জুন) রাত পর্যন্ত সীমান্তের বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, ঘিবা, মাসিলা, আন্দুলিয়া ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় অভিযানে স্বর্ণের বার, ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, শাড়ি-থ্রিপিস, কম্বল, ওষুধ, কাজু বাদাম, চাদর, চকলেট, কসমেটিকস ও বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
আরও পড়ুন: ফেনীতে মাদকসহ অর্ধ কোটিও বেশি টাকার ভারতীয় মালামাল জব্দ
জব্দ করা পণ্যের মোট মূল্য ১ কোটি ৩০ লাখ ২ হাজার ৩৪০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিদিনের জব্দের পরিমাণ অনুসারে, সোমবার ৭ লাখ ৫১ হাজার টাকার, মঙ্গলবার ১৪ লাখ ৬৮ হাজার টাকা, বুধবার ৯৪ লাখ ৬০ হাজার ৮০০ টাকা, বৃহস্পতিবার ১৪ লাখ ৫৩ হাজার ৫৪০ টাকা ও শুক্রবার ১১ লাখ ৬৯ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধনিায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারিরা এসব পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৪৭৪ দিন আগে
সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া এবং সোনালীচেলা বিওপির টহল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করে। এ ছাড়া, অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকাও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।
আরও পড়ুন: সুন্দরবনে তিনজন ভারতীয়সহ পুশ ইন করা ৭৮ জন উদ্ধার
এ বিষয়ে কর্নেল নাজমুল হক জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ‘এ অভিযানেরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমানে চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।’
আটক করা মালামাল নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
৫১৫ দিন আগে