আমদানি-রপ্তানি
তিন দিন বন্ধের পর বেনাপোল দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে, নির্বাচনকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়। এ সময়ে শুধুমাত্র অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম তিনদিন বন্ধ ছিল। নির্ধারিত সময় শেষে আজ সকাল থেকেই যথারীতি এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, তিন দিনের বন্ধের পর আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে। বন্ধের সময় যাতে পণ্যজট সৃষ্টি না হয়, সেজন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দর এলাকায় ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
৯ দিন আগে
ভারতে নির্বাচন: বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা ৩ দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টধারী যাত্রী এবং পশ্চিমবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। এছাড়া পচনশীল পণ্য আমদানি-রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়ার সই করা এক পত্রে এই তথ্য জানা গেছে।
আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন।
শিল্পা গৌরীসারিয়ার সই করা ওই পত্রে উল্লেখ করা হয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। ফলে উত্তর ২৪ পরগনার সব আন্তর্জাতিক স্থল সীমান্ত এবং প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞাকালীন আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল সীমিত থাকলেও শুধু জরুরি চিকিৎসার প্রয়োজনে (মেডিকেল ভিসা) বাংলাদেশ থেকে ভারতে গমন এবং ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তনকারী ভোটাররা যাতায়াত করতে পারবেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে টানা তিন দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সীমিত করা হলেও যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তারা ভোট দেওয়ার জন্য ভারতে ফিরে যেতে পারবেন। তবে সব ধরনের যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে বিধানসভার নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। তবে ভারত থেকে পচনশীল কোনো পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।
১২ দিন আগে
পহেলা বৈশাখ উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পহেলা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বন্দর থেকে মালামাল খালাসসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে আজ সারাদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম যথারীতি শুরু হবে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদেরও জানানো হয়েছে। আগামীকাল (বুধবার) সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
২৫ দিন আগে
ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
ঈদুল ফিতরের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আজ (শনিবার) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটি শেষে ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এতে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
তিনি আরও জানান, ছুটির সময় বন্দরের ভেতরে থাকা পণ্যের লোড-আনলোড কার্যক্রম চালু ছিল এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
৪২ দিন আগে
ঈদ ও স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়েও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।
ছুটি ঘোষণার কারণে বুধবার (১৮ মার্চ) সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্যবাহী ট্রাকসহ কোনো যানবাহন প্রবেশ করেনি।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘ঈদুল ফিতর ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১০ দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে ২৮ মার্চ শনিবার সকাল থেকে বন্দরে যথারীতি আমদানি কার্যক্রম শুরু হবে।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, ছুটির মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চেকপোস্ট খোলা থাকবে।
৫২ দিন আগে
১১ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে আলোচনা করে ছুটির এ সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৫ মার্চ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৭ মার্চ পর্যন্ত। টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পর ২৮ মার্চ থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দীর্ঘ এই ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে দুই দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসন, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস, বিএসএফ এবং ভুটানের সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষসহ উভয় দেশের পরিবহন ও শ্রমিক সংগঠনকে দেওয়া হয়েছে।
ফারুক হোসেন বলেন, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মানুষের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধের চিঠি তারা পেয়েছেন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে ১১ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়েছে। মূলত ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ থাকে।
অন্যদিকে, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন জানান, ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি তারা লিখিতভাবে জেনেছেন। তবে এ সময়ে যাত্রী পারাপার চালু থাকার পাশাপাশি কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
৫৪ দিন আগে
ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব রুহুল আমিন সোমবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ সকাল থেকে পুনরায় এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
রুহুল আমিন জানান, ঈদের ছুটির কারণে আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সকল ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বন্দরের ভেতরে আগে থেকে থাকা আমদানিকৃত পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
এ ছাড়াও এ সময় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ সকাল থেকে পুনরায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ছুটির বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দরের কাস্টমস, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলেও জানিয়েছেন এই বন্দর কর্মকর্তা।
৫৪ দিন আগে
বেনাপোলে বন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ
দোলযাত্রা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল স্থলবন্দর দিয়ে আজ (মঙ্গলবার) বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
তিনি জানান, ভারতে দোলযাত্রায় সরকারি ছুটির থাকায় আজ বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও শুল্ক ভবনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আগামীকাল (বুধবার) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শামীম হোসেন।
ভারতের পেট্রোপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা বা দোলযাত্রা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এ উৎসবটি ‘হোলি’ নামেও পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এ উৎসবের কারণে আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।
বেনাপোল শুল্ক ভবনের রাজস্ব কর্মকর্তা মনিবুর রহমান জানান, এক দিনের আমদানি-রপ্তানি বন্ধে ১৮ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার।
৬৭ দিন আগে
টানা ৩ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটির সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৩ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
ফারুক হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ২ দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট ৩ দিন বন্ধ রাখা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে।
স্থলবন্দর সূত্র জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠির বরাত দিয়ে বুড়িমারী স্থলবন্দরের প্রধান সমন্বয়কারী সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠি ইস্যু করেছে। এতে জানানো হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকবে। এ কারণে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে।
এই বিশেষ ছুটির বিষয় চিঠিতে উল্লেখ করে ভারতের চ্যাংড়াবান্ধা, ভুটান ও বাংলাদেশের বুড়িমারীর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, চালক, কর্মচারী ও শ্রমিক অ্যাসোসিয়েশন এবং বুড়িমারীর স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনকে জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
অপরদিকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা থেকে একটি চিঠি জারি করা হয়েছে। এতে নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন করতে ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বহির্গমনাগমন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
৮৮ দিন আগে
বেনাপোল বন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সারা দেশে আজ সাধারণ ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দর ও কাস্টমসের কার্যক্রমও বন্ধ রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সাধারণ ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
১২৯ দিন আগে