বৃদ্ধ
ঝিনাইদহে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহের শৈলকুপায় সকালে হাঁটতে বের হয়ে ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকায় হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিফ উদ্দীন শৈলকুপা উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ আদায় শেষে মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে বের হয়েছিলেন তারিফ উদ্দীন। এ সময় হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকটি এখনো জব্দ করা সম্ভব হয়নি, তবে সেটি শনাক্তে কাজ চলছে।
৭ দিন আগে
রাজধানীর আজিমপুরে বকেয়া ভাড়া নিয়ে বিতণ্ডা, কিলঘুষিতে বৃদ্ধ নিহত
রাজধানীর আজিমপুরে বাসা ভাড়ার বকেয়া টাকাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও এরপর মারামারিতে মো. স্বপন (৬০) নামে এক বৃদ্ধের নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) ভোরে লালবাগ থানার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহত স্বপনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান। বর্তমানে তিনি আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচতলায় ভাড়া থাকতেন। তিনি একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
হাসপাতালে নিহতের ভাই রাজা মোহাম্মদ সেলিম বলেন, ‘আমার ভাই স্বপন অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন। কারও সঙ্গে কখনও কোনো বিরোধে জড়াতেন না। আমরা দুই ভাই মেডিকেল স্টাফ কোয়ার্টারে সাবলেটে ভাড়া থাকতাম। অপর ভাড়াটিয়া রিজভী মাস শেষ হওয়ার আগেই ভাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র এক হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা চাইতে আসলে আমরা বলি, দু-একদিনের মধ্যে পরিশোধ করে দেব। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।’
তিনি আরও বলেন, রাতের ঘটনার পর আজ ভোর ৪টার দিকে রিজভী ও তার চাচাতো ভাই রোহান বাসার রুমের সামনে এসে এক হাজার টাকা ভাড়া নিতে এলে আমাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাধা দিতে গেলে তারা আমাকে লাথি মেরে ফেলে দেন। এরপর তারা আমার বৃদ্ধ ভাই স্বপনকে কিলঘুষি মেরে জোরপূর্বক টেনেহিঁচড়ে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যান। এতে আমার ভাই গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১৬ দিন আগে
উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উত্তরার পূর্ব থানার আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিম উত্তরার ১০ নম্বর সেক্টরে পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জাহাঙ্গীর জানান, আজ (সোমবার) সকালে আজমপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলুল করিম। সে সময় অসাবধানতাবশত একটি দ্রুতগামী মোটরসাইকেল হঠাৎ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর সোয়া ১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
৪৪ দিন আগে
‘ছাগলে গাছের পাতা খাওয়ায়’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১
পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাগলের সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মাহাবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নর সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজিজুল প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাহাবুল হোসেনের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তসলিম মুন্সির সজনে গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।
এ সময় বাশার ও তসলিম মুন্সি গাছের ডাল দিয়ে বানানো লাঠি দিয়ে মাহাবুল হোসেনের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে তার স্বজনরা ও স্থানীয় লোকজন তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাশার মুন্সিকে আটক করেছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।
৬৬ দিন আগে
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় মো. সুরুজ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে ডেমরার বাঁশপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রায় সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ আলীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাগরদী এলাকার কৃষ্ণপট্টি গ্রামে। তার বাবার নাম মৃত হজ আলী। ডেমরার কোনাপাড়ায় নিজ পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।
নিহতের ছেলে মো. আলমাছ বলেন, ‘আমার বাবা রাত সাড়ে ৭টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকার প্রধান সড়ক পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বাবাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। আমরা বিষয়টি জানতে পেরে তাকে তৎক্ষণাৎ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।
১২১ দিন আগে
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আইয়ুব আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশে রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
১২২ দিন আগে
গাছের ডাল কাটায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার (৭ মে) পৌনে ৬টার দিকে উপজলোর কশোরপাড় ইউনয়িনের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৬৫) ওই এলাকার প্রয়াত আবুল হাশেমের ছেলে।
আরও পড়ুন: সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত: উপদেষ্টা
নিহতের পরিবার জানায়, স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন আবুল কাশেম। মঙ্গলবার বিকালে প্রতিবেশী হানিফ কাশেমকে তার বাড়ির আম গাছের ডাল সীমানার বাইরে চলে গেছে বলে গালি দেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ বুধবার সকাল ৬টার দিকে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন কাশেম। এ সময় হানিফ, তার ভাই মিঠু, হিরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে যান। সেখানে তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৪৪৮ দিন আগে
নিজের তৈরি শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) পৌর শহরের নারিকেলবাড়ি সন্যাসীর তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম (৬০) ওই এলাকার নুরুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল হাকিম বাড়ির পাশে আট শতক জমিতে পাট চাষ করেছেন। সম্প্রতি ওই খেতে শিয়ালের উপদ্রব বাড়ায় পাট গাছ রক্ষার্থে খেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন তিনি।
আরও পড়ুন: মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়াতে বিশেষ ভ্যান
বুধবার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পাট খেত দেখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই জমিতেই পড়ে থাকেন তিনি। পরে সকাল ৯টার দিকে স্থানীয় এক বাসিন্দা তাকে পড়ে থাকতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
৪৫৫ দিন আগে
পাতা সংগ্রহের সময় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা সংগ্রহের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) চিরিরবন্দরের কুতুবডাঙ্গা বাজারে ওই দুর্ঘটনা ঘটেছে।
বৃদ্ধ নিখিল চন্দ্র নাড়িয়া ( ৬৫) চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গার দুর্গাপুর ডাক্তার পাড়া গ্রামের মৃত হরিমহন চন্দ্রের ছেলে।
আরও পড়ুন: পোষা সাপের কামড়েই সাপুড়ের মৃত্যু
স্থানীয়রা জানান, ছাগলকে খাওয়ানোর জন্য বুধবার দুপুর দিকে কুতুবডাঙ্গা বাজারে উত্তর পাশে গাছ থেকে পাতা সংগ্রহ করছিলেন তিনি। এ সময় গাছের ওপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার শরীরে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থেলেই প্রাণ হারান নিখিল চন্দ্র ওরফে নাড়িয়া।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি।’
৪৬২ দিন আগে
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ জেলা সদরের সদানন্দপুর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদানন্দপুর রেলস্টেশনের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স ৬২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
৫৪১ দিন আগে