পোশাক শ্রমিক
আশুলিয়ায় ৫০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ দেখা গেছে।
তবে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশির ভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং চালু থাকা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলেছে।
ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে বেশির ভাগ পোশাকশ্রমিক কারখানায় কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় কাজ বন্ধ বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে কয়েকটি কারখানার কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। বন্ধের নোটিশ দেখে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত সাভার থানায় ৭২ জন ও আশুলিয়া থানায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া অনেক শ্রমিক আগের মাসের বকেয়া বেতন দাবি করেছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে কারখানার মালিকরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ থাকা সত্ত্বেও চলমান শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন চালু রাখা এবং ক্রেতাদের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে তারা বিপাকে পড়ছেন।
১৪ দিন আগে
চট্টগ্রাম ইপিজেডে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড এলাকার ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তামান্না (২৩) ও মো. খলিল (৩৮)। তামান্নার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। তিনি কলসির দীঘিরপাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিলও ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, সকালে দুই পোশাক শ্রমিক মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। তারা ইপিজেড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৫১ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন তারা।
কারখানার সামনে ৪০০ থেকে ৫০০ শ্রমিক অবস্থান নিয়ে দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
৬৮ দিন আগে
টঙ্গীতে আন্দোলন চলাকালে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে আন্দোলন চলাকালে ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের দুইটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকে হঠাৎ করে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাদের।
অসুস্থ শ্রমিকদের মধ্যে মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি আক্রান্ত হয়েছেন। তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগে একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে চাপ সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও কারখানা সূত্র জানায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা রবিবার (১১ জানুয়ারি) সারা দিন কর্মবিরতি ও আন্দোলন করেন। একই দাবিতে পরদিন সোমবার সকালে কাজে যোগ দিয়েও তারা পুনরায় আন্দোলন শুরু করেন। আন্দোলনের মধ্যেই হঠাৎ একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা বলেন, আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমানে অধিকাংশ শ্রমিকই আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অসুস্থতার পরিপ্রেক্ষিতে গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি গুরুত্বসহ তদন্ত করছে।
৩১৮ দিন আগে
পোশাক শ্রমিকদের পাওনা না দিয়ে মালিকরা বিদেশ যেতে পারবেন না: উপদেষ্টা
তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মালিকদের কেউ বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এমন তথ্য দিয়েছেন।
উপদেষ্টা বলেন, ‘ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ তারিখে মধ্যে পরিশোধ করতে হবে। পাওনা শোধ না করা পর্যন্ত পোশাক মালিকদের বিদেশ যাওয়া বন্ধ। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা এই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’
‘কিছু ফ্যাক্টরি মালিক আছেন, নিজে গাড়ি ব্যবহার ও মার্কেট করছেন। আবার ঈদে বিদেশ চলে যান। তারা ঈদে আনন্দ করছেন। অনেকে বিদেশ থেকে ব্যবসা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের টাকা সময়মতো দিচ্ছেন না।’
আরও পড়ুন: দেশবিরোধী আন্দোলনে উসকানিদাতাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘শ্রমিকদের বলছি, ন্যায্য দাবি থাকলে কথা বলবেন। আর যদি কেউ অহেতুক দাবি তোলেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন সাখাওয়াত হোসেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার মার্চের মধ্যে নিশ্চিত না করতে পারলে বাংলাদেশে বিরুদ্ধে মামলা করবে আইএলও। তবে আইএলও-এর সব শর্ত আমরা মার্চের মধ্যে পূর্ণ করতে পারবো বলে আশা করছি।
৬১৩ দিন আগে
মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় সড়ক অবরোধ করে মালিকপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা মামলা তুলে নিয়ে হয়রানি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন। এসময় চাষাঢ়া সংলগ্ন এলাকায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ওই পোশাক কারখানার সুইং অপারেটর মিঠু চন্দ্র দাস বলেন,‘কিছুদিন পূর্বে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের কারণে আমাদের শ্রমিকদের নামে মামলা দেওয়া হয়েছে। শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। মাস্তানদের দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে। সেই মামলা প্রত্যাহার করে পুলিশ ও মাস্তানদের হয়রানি বন্ধ করতে হবে।’
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, ‘ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি।’
আরও পড়ুন: ‘দুই কোম্পানির সুবিধার্থে’ সড়কে দেওয়াল, ক্ষোভে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
তিনি আরও বলেন, ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। এলাকার মাস্তানদের লেলিয়ে দিয়েছে। আজ হঠাৎ কোনো নোটিশ ছাড়া কারাখানা বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।
এ সময় শ্রমিকরা কারখানা খুলে দিতে ও মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশের হয়রানি বন্ধের দাবি জানান। তারা বলেন, সন্ত্রাসী দিয়ে তাদের ভয়ভীতি দেখানো বন্ধ করতে হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় গার্মেন্টস মালিক ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সাভারে বেক্সিমকো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩ গাড়িতে আগুন
ওই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজীব চন্দ্র ঘোষ বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিশৃঙ্খলার কারণে মালিকপক্ষ মামলা করে। আর তাই মামলা প্রত্যাহারের দাবিতে তারা রাস্তায় নেমেছে।
৬৪৯ দিন আগে
গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের অসন্তোষ, গাড়ি ও কারখানায় আগুন
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভকালে বেক্সিমকোসহ দুটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষের কারণে পার্শ্ববর্তী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
একপর্যায়ে উচ্ছৃঙ্খল শ্রমিকরা সাভারের একটি কারখানায় অগ্নিসংযোগের পাশাপাশি মহাসড়কে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে গাজীপুর ও সাভার এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে সকাল ৯টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে। অন্যদিকে ডরিন কারখানার শ্রমিকরা তাদের কারখানা পুনরায় চালুর দাবিতে রাস্তায় নেমে আসে।
শ্রমিকদের বরাত দিয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ব্যবসায়ী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর বেক্সিমকো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: সিলেটে মজুরি-রেশন পরিশোধের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল
সকালে কারখানা বন্ধ পেয়ে ডরিন কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ করে।
খবর পেয়ে শিল্প পুলিশ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ইউএনবির সাভার প্রতিনিধিকে জানান, বেক্সিমকো ও ডরিন কারখানার শ্রমিকরা আশুলিয়ার জিরানীর নবী টেক্সটাইল এলাকার অ্যামাজন নিটওয়্যার লিমিটেডে ঢুকে কর্তৃপক্ষকে তাদের উৎপাদন বন্ধ করতে বাধ্য করেছে।
একপর্যায়ে আমাজন কারখানার মালিক ও কর্মচারীরা কারখানার কয়েকজন শ্রমিককে মারধর করে।
পরে বহিরাগতরা কারখানার ভেতরে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এই আগুন শ্রমিক কলোনিতে ছড়িয়ে যাওয়ায় ২০টি কক্ষ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বেক্সিমকো কারখানার শ্রমিকরা গত সাত দিন ধরে বিক্ষোভ করছেন।
আরও পড়ুন: টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যানজট
চলমান শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান করা হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৭৪০ দিন আগে
মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিরপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার ইউনিফর্ম নামে একটি কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেন। এর ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টার পর থেকে ওই গার্মেন্টসের কর্মীরা রাস্তার সামনে নেমে চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
আরও পড়ুন: ৩৯ পোশাক কারখানার জন্য সহজ শর্তে ৫৪ কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, ইউনিফর্ম নামে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা সকাল ৯টা ১৫মিনিটে ক্যান্টনমেন্ট-মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। তারা চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন।
ওসি জানান, এ সময় মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। এরপরই আশেপাশে আরও ছয় থেকে সাতটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে কারখানার কর্তৃপক্ষ মঙ্গলবার (১৫ অক্টোবর) বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন। পরে সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: তৈরি পোশাকশিল্পে অসন্তোষ পতিত স্বৈরশাসকের সুবিধাভোগীদের পরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী
৭৭৫ দিন আগে
পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়া হয়েছে: সচিব
পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিতে সম্মিলিতভাবে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ের সভাকক্ষে এ তথ্য জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত), শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে সুপারমার্কেট, ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
শ্রমিকদের ১৮ দফা দাবি
১. সকল পোশাক কারখানায় শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত ২২৫ টাকা রাত ৮টার পর বিদ্যমান টিফিন বিলের সঙ্গে ১০ টাকা এবং নাইট বিল ১০ টাকা বৃদ্ধি করে ন্যূনতম ১০০ টাকা করা হবে।
২. আগামী অক্টোবর মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে।
৩. আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এছাড়া, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচিকেও শ্রমঘন এলাকায় সম্প্রসারিত করা হবে। শ্রমিকদের জন্য স্থায়ী রেশন ব্যবস্থার জন্য সরকারের সংশ্লিষ্টদের নিকট প্রস্তাব পাঠানো হবে।
৪. আগামী ১০ অক্টোবরের মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় দিতে হবে। অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫. বিজিএমইএ থেকে বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং করে শ্রমিকদের হয়রানির বিষয়টি মন্ত্রণালয়ে একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবরের মধ্যে প্রতিবেদন প্রদান করবেন।
৬. ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকের স্বার্থ বিবেচনায় এ বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. ২০২৩ সালের মজুরি আন্দোলনসহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলাগুলো রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। মজুরি আন্দোলনে নিহত ৪ জন শ্রমিকের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮) কাজের ধরণ অনুযায়ী নারী-পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান নিশ্চিত করা হবে।
৯. জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতারা একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে দাখিল করবে। প্রাপ্ত তালিকা প্রধান উপদেষ্টার দপ্তরের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।
১০. রানা প্লাজা এবং তাজরীন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকারের উদ্দেশ্যে ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম চলমান রয়েছে। গঠিত কমিটি অক্টোবর ২০২৪ এর মধ্যে করণীয় বিষয়ে সুপারিশ করবে। প্রাপ্ত সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১. শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন। নিশ্চিত করা হবে
১২. অন্যায় ও অন্যায্যভাবে শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না।
১৩. নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২০ দিন নির্ধারণ করা হলো।
১৪. শ্রমিক ও মালিক পক্ষের ৩ জন করে প্রতিনিধির সমন্বয়ে গঠিত অতিরিক্ত সচিবের (শ্রম) নেতৃত্বে একটি কমিটি নিম্নতম মজুরির বিধি-বিধান ৬ মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করবে।
১৫. শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) পুনরায় সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংশোধন কার্যক্রম সম্পন্ন করা হবে।
১৬. শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে। এ বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ২৭ ধারাসহ অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হবে।
১৭. কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচানার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থ-সামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮. নিম্নতম মজুরি পুন:নির্ধারণ কমিটি বর্তমান মূল্যস্ফীতি বিবেচনা করে শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা ও করণীয় বিষয়ে আগামী নভেম্বরের মধ্যে একটি সুপারিশ করবে।
আরও পড়ুন: ব্যাংকিং খাতের সংস্কার ও অর্থ পাচার রোধে আইএমএফের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা
৭৯৫ দিন আগে
পোশাক শ্রমিকদের উসকানিদাতা ছাত্রলীগ নেতা নেত্রকোণা থেকে গ্রেপ্তার
পোশাক খাতে নাশকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে শিল্পে অস্থিতিশীলতার উসকানিদাতা হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার
একটি ভিডিওতে তাকে পোশাক শ্রমিকদের লুটপাট ও রাস্তায় নামতে উসকানি দিয়ে রপ্তানিমুখী পোশাক খাতে অস্থিরতাকে উসকে দিতে দেখা গেছে।
সাধারণ মানুষ পরিচয় দিলেও তিনি আসলে ছাত্রলীগ নেতা ও নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বলে নেত্রকোনার পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহজাহান রাজধানীতে গ্রেপ্তার
৮১০ দিন আগে