সিগারেট
চট্টগ্রামে ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ সিগারেট, একটি ডাম্প ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ইকো পার্ক-সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন একটি ডাম্প ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট ‘প্যাট্রন’ ও এক হাজার ৮০০ প্যাকেট ‘অরিস’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে মোট ১৮ হাজার ৮৯০ প্যাকেট চোরাই সিগারেট ও সেগুলো পরিবহনে ব্যবহৃত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।
এছাড়া অভিযানকালে দুজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা সিগারেট ও ডাম্প ট্রাকের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা চোরাই সিগারেট, ডাম্প ট্রাকসহ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল জোরদার করা হয়েছে।
৮ দিন আগে
খুলনায় দুই ট্রাকে সিগারেট তৈরির মেশিন-উপকরণসহ ১,২৭৫ কেজি তামাক জব্দ
খুলনায় দুটি ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, বিভিন্ন সরঞ্জাম ও ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সিগারেট উৎপাদনের উপকরণ জব্দ করেছে ভ্যাট বিভাগ, বাগেরহাট।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার অধিক্ষেত্রাধীন ভ্যাট বিভাগ, বাগেরহাট গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করে।
আটক ট্রাক দুটি হলো—বগুড়া-ট-১১-০৭১৪ ও ঢাকা মেট্রো-ট-১৬-২৬৪০।
ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে সিগারেট তৈরির মেশিন, বিভিন্ন ধরনের সরঞ্জাম, কাটিং তামাক, সিগারেট ফিল্টার, ফয়েল পেপার, জেনারেটর, গাম, স্কচটেপ ও সিগারেট পেপারসহ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পাওয়া যায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি মেকিং মেশিন সেট (দুই পার্ট), একটি প্যাকিং মেশিন সেট (দুই পার্ট), ৫০টি প্লাস্টিক ক্যারেট, একটি জেনারেটর, ৫১ বস্তা কাটিং তামাক (প্রতি বস্তায় ২৫ কেজি), ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম/আটা, ৫৪ রোল ফয়েল পেপার, ছয় বক্স প্যাকেট তৈরির কাগজ, একটি হাওয়ার ট্যাংক এবং ১০০ পিস স্কচটেপ।
এনবিআর জানায়, প্রাথমিকভাবে জব্দ মালামালের নমুনা দেখে প্রতীয়মান হয়েছে, সিগারেট উৎপাদনের জন্য এগুলো মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ।
আটক ট্রাক ও জব্দ মালামালের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে বিধি অনুযায়ী জব্দ মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রমও চলছে।
৩৬ দিন আগে
শাহ আমানতে এক ফ্লাইটে ১,৮০২ কার্টন সিগারেট, ১৩ আইফোন জব্দ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
এক বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানিয়েছে, অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রী ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়।
অভিযানে যাত্রী এমডি মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন, অর্থাৎ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।
একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন, মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।
অপর যাত্রী নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইস্যি ব্র্যান্ডের সাত কার্টন, মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন জব্দ করা হয়।
এদিকে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
সিআইআইডি জানায়, সব মিলিয়ে এক ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।
জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ টিটিআই অনুযায়ী এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। ৫৮ শতাংশ টিটিআই অনুযায়ী এগুলোর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
সিগারেট ও মোবাইল ফোনের শুল্ক-করসহ জব্দ পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সিআইআইডি বলেছে, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজে আরও ১ হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানকে সাম্প্রতিক সময়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে সবচেয়ে বড় সিগারেটের চালান আটকের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চোরাচালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধ পণ্য আনার অপচেষ্টা রোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
৫৯ দিন আগে
কুষ্টিয়ায় গরুর খামার ভাড়া নিয়ে বানানো হচ্ছিল নকল সিগারেট
কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নকল সিগারেট উৎপাদন কারখানার সন্ধান মিলেছে। গরুর খামার ভাড়া নিয়ে সেখানে নকল সিগারেট তৈরি করা হচ্ছিল। অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের নকল সিগারেট ও কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের আহসান হাবিব মাস্টারের একটি গরুর খামার ভাড়া নিয়ে গড়ে তোলা ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানকালে কারখানার ভেতরে কাউকে পাওয়া যায়নি।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জয়রামপুর গ্রামের আজিরুদ্দিন সরকারের ছেলে শাকিল আহমেদ ও বৈদ্যনাথতলা গ্রামের ইনসার আলীর ছেলে লোকমান হোসেন লিওন খামারটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট তৈরি করে আসছিলেন।
অভিযানে মোট ২৫ লাখ ৫০ হাজার শলাকা নকল সিগারেট ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ৯৬ লাখ টাকা মূল্যের ১২ লাখ শলাকা ‘ডার্বি’, ৮৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১১ লাখ ৫০ হাজার শলাকা ‘রয়েলস’ ও ‘রয়েল নেক্সট’, ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ শলাকা ‘নেভি’ এবং ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৩০ বস্তা (২১০০ কেজি) পচা তামাক রয়েছে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।
অভিযানের বিষয়ে প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নিম্নমানের তামাক উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা আগেই পালিয়ে যায়। আইনশৃঙ্খলার স্বার্থে ও জনস্বাস্থ্যের হুমকিস্বরূপ এই অবৈধ কার্যক্রম বন্ধে কারখানার মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত শাকিল আহমেদ ও লোকমান হোসেন লিওনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।
৬৪ দিন আগে
বাড়ছে সব স্তরের সিগারেটের দাম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের তামাকপণ্য নিকোটিন পাউচের ওপর প্রথমবারের মতো কর আরোপ ও মূল্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার ন্যূনতম মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সেই হিসাবে প্রতি শলাকার দাম দাঁড়ায় যথাক্রমে ৬.২ টাকা, ৯.২ টাকা, ১৬ টাকা এবং ২১ টাকা।
এছাড়া নিকোটিন পাউচ ও হিটেড টোবাকো পণ্যের ক্ষেত্রেও নতুন কর কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী নিকোটিন পাউচে প্রতি ১০ গ্রামে ৫০০ টাকার ভিত্তিতে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক এবং হিটেড টোবাকোতে প্রতি ১০ শলাকায় ২১০ টাকার ভিত্তিতে ৬৭ শতাংশ শুল্ক নির্ধারণের কথা বলা হয়েছে।
অবৈধ তামাক বাণিজ্য নিয়ন্ত্রণে বাজেটে ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি চালুর প্রস্তাবও রাখা হয়েছে, যার মাধ্যমে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো সরবরাহ চেইন নজরদারির আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
১২৬ দিন আগে
শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্ক এলাকায় সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে।
২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না।
সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ সীমানার পরিধি বাড়াতে পারবে বলে অধ্যাদেশে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে।
২৮৮ দিন আগে
সিগারেটের ধোঁয়া ছাড়তে নিষেধ করায় ওসমানী হাসপাতাল-কর্মীদের ওপর হামলা
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নার্স ও স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের নায়েক সুবাশীষ, হাসপাতালের স্টাফ মিটু ও এক নার্সসহ মোট চারজন আহত হন।
আরও পড়ুন: মসজিদে হামলা-চাঁদাবাজি মামলায় জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার
আটকরা হলেন— জকিগঞ্জ শাহজালালপুরের বাসিন্দা ও বর্তমানে নগরীর মীরবক্সটুলা ভাই ভাই রেস্তোরাঁর কর্মচারী গিয়াস উদ্দিন রানা, তার ভাই মোস্তাক হোসেন এবং একই রেস্তোরাঁর কর্মচারী জকিগঞ্জের বাসিন্দা আব্দুর রহিম।
হাসপাতাল সূত্র জানায়, (সোমবার) রাত ৮টার দিকে নগরের মীরবক্সটুলায় দোকানে বসে চা পান করছিলেন উইমেন্স মেডিকেল কলেজের দুই (পুরুষ) নার্স। পাশেই সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছিলেন রেস্তোরাঁর কর্মীরা। এ সময় সিগারেটের ধোঁয়া ছাড়তে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেস্তোরাঁ থেকে হাতুড়ি ও লোহার রড নিয়ে ১০-১২ জন কর্মী গিয়ে দুই নার্সের ওপর হামলা করেন। হামলায় আহতরা চিকিৎসা নিতে হাসপাতালের জরুরি বিভাগে গেলে সেখানে গিয়ে ফের তাদের ওপর হামলা করেন রেস্তারাঁর কর্মীরা।
এ সময় একটি কক্ষে নার্সদের তালাবদ্ধ করে রাখেন তারা। আহতরা নার্স ও চিকিৎসকের সংরক্ষিত কেবিনে গিয়ে আশ্রয় নিলে সেখানে গিয়েও চেয়ার তুলে হামলাকারীরা আঘাত করেন বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।
খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালের ক্যাম্প পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপরও চড়াও হন রেস্তারাঁর উত্তেজিত কর্মীরা। পরে তাদের তিনজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় পুলিশ, বাকিরা পালিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে ডাকাতের হামলায় মাটি ব্যবসায়ী নিহত
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দাস বলেন, ‘সিগারেট ধোঁয়া ছাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে।’
তিনি বলেন, ‘হামলাকারীরা চিকিৎসাধীন অবস্থায় ফের আহতদের ওপর হামলা চালায়। তাদের হামলায় নার্স ও পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
৫৬৯ দিন আগে
খাগড়াছড়িতে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে এসব সিগারেট জব্দ করে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
অবৈধ পথে আসা ৬ হাজার ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।
সার্জেন্ট মো. হাসানের নেতৃত্বে টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিদেশি এসব সিগারেট জব্দ করে। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এই চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সিলেটে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
৬৪৬ দিন আগে
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ
পিরোজপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় ফারুক ভূইয়া নামে এক দোকানের মালিককে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ জুন) দোকান মালিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে গত শুক্রবার (৩১ মে) রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফারুক পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত নুরু ভূইয়ার ছেলে।
নিহতের স্ত্রী রিজিয়া বেগম বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তার স্বামী ফারুকের কাছে বাকিতে সিগারেট নিতে চায় স্থানীয় শাওন হাওলাদার, শাহিন ও সুমন। এ সময় তার স্বামী তাদের কাছে আগের পাওনা ১ হাজার ৪০০ টাকা চায় ও বাকিতে সিগারেট দিতে না চাইলে এতে ক্ষিপ্ত হন শাওন, শাহিন ও সুমন। এরপর তার স্বামীর উপর লোহার রড় দিয়ে হামলা চালায়। এতে তার স্বামী আহত হলে স্থানীরা তাকে উদ্ধার করে প্রথম মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে ফারুক ভূইয়া মারা যান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ হামলার পরে ৪ জুন ফারুক ভূইয়ার স্ত্রী রিজিয়া বেগম তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
আরও পড়ুন: ধামইরহাট থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মাকে হত্যার দায়ে ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড
৮৬১ দিন আগে
হবিগঞ্জে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫
হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন।
এই সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যানসহ বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
বৃহস্পতিবার রাতে ধুলিয়াখাল এলাকার এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার রাতে দুই যুবকের মধ্যে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে দুই যুবকের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষে ৭ পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০
আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের টানা তৃতীয় হার, আধিপত্য শ্রীলঙ্কার
৯৩৭ দিন আগে