সংসদ নির্বাচন
রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোস্ট গার্ড অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান, ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না।
তিনি বলেন, নির্বাচনে যারা নীতিবিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোস্ট গার্ড সদস্যদের অবদান তুলে ধরে উপদেষ্টা বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রমে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি কোস্ট গার্ড আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এ সময় দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে দেয়।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক প্রদান করা হয়। কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে ভোটের মাঠে আব্দুল আউয়াল মিন্টু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। মিন্টু হলফনামায় উল্লেখ করেছেন, তিনি গত ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
ব্যবসায়ী মিন্টুর মোট সম্পদ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা। নিজের নামে কোনো ঋণ নেই, তবে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর নামে ২৯৪ কোটি টাকা ঋণ রয়েছে। স্থাবর সম্পত্তির বাজার মূল্য ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা, যার মধ্যে অকৃষি জমি ৭ কোটি ১৫ লাখ, আবাসিক-বাণিজ্যিক ভবন ৪২ লাখ এবং বাড়ি ও অ্যাপার্টমেন্ট ৩০ লাখ টাকা। অস্থাবর সম্পদ ১৭৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার, নগদ ৩ কোটি ৩৬ লাখ টাকা, ব্যাংকে ১ কোটি টাকা, শেয়ার ও বন্ডে ১৫১ কোটি টাকা।
হলফনামায় তার স্ত্রী নাসরিন ফাতেমার সম্পদ ৯৯ কোটি ২৪ লাখ, বড় ছেলে তাবিথ আউয়াল ৫৯ কোটি, মেজো ছেলে তাফসির ৪৯ কোটি, ছোট ছেলে তাজোয়ার ২৬ কোটি টাকা। দেশে তার ২০২৫-২৬ অর্থবছরের আয় ১ কোটি ১২ লাখ, আয়কর ৩৯ লাখ ৩২ হাজার টাকা।
মিন্টুর বিরুদ্ধে ২৬টি মামলায় খালাস বা অব্যাহতি হয়েছে; তবে ধানমন্ডির সিএমএম আদালতে ২০০৭ সালে জামিনপ্রাপ্ত একটি মামলা স্থগিত রয়েছে। তিনি ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন, ফেনীর দাগনভুঞা উপজেলার আলাইয়াপুর ফরাজি বাড়িকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন এবং বর্তমানে গুলশানে বসবাস করছেন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
৩০ দিন আগে
সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনে একমত বেশিরভাগ দল: আলী রীয়াজ
আগামী সংসদ নির্বাচনে ১০০ নারী সদস্যের সংরক্ষিত আসনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
মঙ্গলবার (১৭ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘নারী আসন নিয়ে দুয়েকটি রাজনৈতিক দল বাদে কারও কোনো দ্বিমত নেই। তবে কোন পদ্ধতিতে সংরক্ষিত আসনে নারীরা সংসদে আসবেন; সেটি নিয়ে আলোচনা চলছে।’
‘নারী আসনের পদ্ধতি নিয়ে সারাদিন আলোচনা শেষে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। একদিনে এত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসবে সেটি আশা করাও ভুল। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে,’ যোগ করেন তিনি।
সংবিধানের ৭০নং অনুচ্ছেদে প্রায় সবকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে। এ ব্যাপারে অর্থ বিল এবং আস্থা ভোট বাদে সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রকাশে সবাই সম্মত বলে জানান আলী রিয়াজ।
এছাড়া সংসদের স্থায়ী কমিটি পাবলিক অ্যাকাউন্ট, প্রিভিলেজ, ইস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির সভাপতি পদ বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি সংখ্যানুপাতের ভিত্তিতে বিরোধী দলকে সুযোগ দেওয়ার প্রসঙ্গে সবাই একমত বলে জানান তিনি।
প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এ ব্যাপারে প্রায় সবকটি দল সংবিধান পরিবর্তনের পক্ষপাতী। তবে কোন প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ হবে সেই পদ্ধতিগত পরিবর্তন নিয়ে দ্বিমত আছে। এ ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।’
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় অনেক দল নীতিগতভাবে এখনো একমত না উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ‘এ ব্যাপারে আরও আলোচনার প্রয়োজন আছে। উচ্চকক্ষে ১০০ আসন দেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে দলগুলোর সঙ্গে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণ অধিকার পরিষদের পক্ষপাতের অভিযোগের ব্যাপারে রিয়াজ জানান, ‘যথাসম্ভব নিরপেক্ষ থেকে কমিশন সব রাজনৈতিক দল নিয়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ে একমতে আসার চেষ্টা করছে।’
আরও পড়ুন: জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত: আলী রিয়াজ
২৩২ দিন আগে
পাকিস্তানের সংসদ নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী ইমরানের মিত্ররা
প্রায় দুই বছর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্ররা অন্যান্য রাজনৈতিক দলগুলোর চেয়ে জাতীয় নির্বাচনে বেশি আসনে জিতেছে।
রবিবার(১১ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে এই চিত্র দেখা গেছে।
ভোট কারচুপি, নজিরবিহীন মোবাইল ফোন বন্ধ এবং ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টিকে (পিটিআই) ভোট থেকে বাদ দেওয়ার অভিযোগের মধ্যেই গত বৃহস্পতিবার নতুন পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাদের দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার পদক্ষেপের কারণে পিটিআইয়ের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর একটি পদক্ষেপের মধ্যে রয়েছে দলটির নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া, যা নিরক্ষর ভোটারদের ব্যালটে প্রার্থী খুঁজে পেতে সহায়তা করে। আরেকটি ছিল দলীয় সমাবেশ নিষিদ্ধ করা।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ইমরানকে। এরপর গত আগস্ট থেকেই কারাগারে রয়েছেন তিনি। ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়ার কারণে ইমরান খানকে ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নিষিদ্ধ করা হয়। এখনও তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বেশ কয়েকটি মামলা বিচারাধীন।
চূড়ান্ত হিসাব অনুযায়ী, ন্যাশনাল অ্যাসেম্বলি বা পার্লামেন্টের নিম্নকক্ষের ২৬৬টি আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন পেয়েছেন।
তিনবারের প্রধানমন্ত্রী ও সাবেক দণ্ডপ্রাপ্ত নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) ৭৫ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বিলাওয়াল ভুট্টো-জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পি) ৫৪টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ফলাফ স্থগিত করা হয়েছে এবং প্রার্থী নিহতের ঘটনায় আরেকটি আসনের ভোট স্থগিত করা হয়েছে। ২০২২ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রচারণার নেতৃত্বে ছিল পিএমএল-এন এবং পি।
আরও পড়ুন: পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বোমা হামলায় নিহত ১৪
কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার গঠন করতে পারেনি, তাই পাকিস্তানের সরকার গঠনে এবার জোট বাঁধতে হবে। নতুন পার্লামেন্ট দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবে।
নির্বাচনের ফলাফল নওয়াজ শরিফের জন্য বিব্রতকর। গত অক্টোবরে মসৃণভাবে দেশে ফিরে আসার কারণে শক্তিশালী নিরাপত্তা প্রতিষ্ঠানের পছন্দের প্রার্থী হিসাবে তিনি বিবেচিত হয়েছিলেন। পাকিস্তানের সামরিক বাহিনী বরাবরই প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা তুলে ধরেছে।
কারাদণ্ড এড়াতে নওয়াজ শরিফ চার বছর বিদেশে স্বেচ্ছা নির্বাসনে থাকলেও পাকিস্তানে আসার কয়েক সপ্তাহের মধ্যেই বাতিল হয়ে যায় তার সাজা।
এমনকি ভোটের দিনও নওয়াজ শরিফ জোর দিয়ে বলেছিলেন যে, তিনি জোট চান না এবং একটি দলকে পুরো পাঁচ বছরের মেয়াদ দেওয়ার দাবি করেন। শুক্রবার সন্ধ্যায় ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের পেছনে তার দল পিছিয়ে থাকতে দেখে তিনি জোটগঠন ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার কথা বলেন।
নওয়াজ শরিফ কখনোই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকেননি।
আরও পড়ুন: পাকিস্তানের নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছে ইসিপি
৭২৩ দিন আগে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ ইসি’র
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে, প্রথমে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে চাকরির বয়স ছয় মাসের বেশি হয়েছে তাদের বদলি করতে হবে। ইতোমধ্যে এ চিঠি জননিরাপত্তা সচিবকে পাঠানো হয়েছে।
ইসির উপসচিব মো. মিজানুর রহমানের সই করা চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে ইইউ মিশনের প্রতিনিধি দল
চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য ইসি সিদ্ধান্ত দিয়েছে।
এলক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে চাকরির বয়স ছয় মাসের বেশি হয়েছে তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ০৫/১২/২০২৩ তারিখের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন।
এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।
আরও পড়ুন: বিএনপি ভোটে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার: ইসি আনিছুর
ফুরিয়ে আসছে ইসিতে মনোনয়নপত্র দাখিলের সময়
৭৯৬ দিন আগে
নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: মুজিবুল হক চুন্নু
অবশেষে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
বুধবার বিকালে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি।
চুন্নু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে বলে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার আশ্বাসের ভিত্তিতে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, কোনো জোটে না গিয়ে দলটি প্রতিটি আসনে স্বতন্ত্রভাবে লড়বে।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি কোনো জোটে যাবে না। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবো।’
চুন্নু বলেন, ‘দুপুর পর্যন্ত আমরা প্রায় ১৪০০টি মনোনয়ন ফরম বিক্রি করেছি। প্রায় প্রতিটি আসনে একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’
চুন্নু বলেন, দল এবার কোনো আসনে আপস করবে না।
তিনি বলেন, ‘আমরা কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগিতে জড়িত হব না।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতিকে সমর্থন করে, দুর্নীতির অভিযোগমুক্ত একটি পরিচ্ছন্ন রেকর্ড বজায় রাখে। আমরা ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়েছি।’
৮০৫ দিন আগে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: অনলাইনে পাওয়া যাবে আ. লীগের মনোনয়ন ফরম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম অনলাইনে পাওয়া যাবে।
এ জন্য ‘স্মার্ট নমিনেশন অ্যাপ’ নামে একটি অ্যাপ চালু করেছে ক্ষমতাসীন দল।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপটি গুগল প্লে স্টোর বা আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করা যাবে।
এ ছাড়া, nomination.albd.org ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনেও মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। অনলাইনে ফর্ম পূরণ এবং জমা দেওয়ার জন্য, প্রথমে একজন মনোনয়নপ্রার্থীকে অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং নিবন্ধন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লগ ইন করার পর, নিয়মানুযায়ী ইলেকট্রনিকভাবে ৫০ হাজার টাকা পরিশোধ করে মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।
আরও পড়ুন: শনিবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে আওয়ামী লীগ
আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ
৮১০ দিন আগে
শনিবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে আওয়ামী লীগ
আগামী শনিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ।
শুক্রবার গভর্নিং কমিটির বৈঠক শেষে অনলাইনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে।
মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্দিষ্ট বুথ থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।
আরও পড়ুন: নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী
কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে।
এদিকে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীরা কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন প্রত্যাশীদের নিজেরাই বা প্রার্থীদের যোগ্য প্রতিনিধিদের মাধ্যমে কোনো অতিরিক্ত জনসমাবেশ ছাড়াই আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।
মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রার্থীকে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর, যেখানে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।
আরও পড়ুন: এখন সংলাপের আর সুযোগ নেই: কাদের
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: শাহরিয়ার আলম
৮১১ দিন আগে
রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা গণ অধিকার পরিষদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একাংশ।
নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে দলের সভাপতি নুরুল হক নুর এ ঘোষণা দেন।
তিনি বলেন, রবিবার সকাল ৬টায় শাটডাউন শুরু হবে এবং মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।
নূর বলেন, ‘অবৈধ নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ শুরু হয়েছে। এই সরকারকে আর কোনোভাবে সাজানো নির্বাচন করতে দেওয়া হবে না।’
দেশের অস্তিত্ব ও ভোটাধিকার রক্ষায় ৪৮ ঘণ্টার হরতাল পালনের জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে, বুধবার বাংলাদেশ লেবার পার্টি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে রবিবার ও সোমবার (১৯-২০ নভেম্বর) দেশব্যাপী হরতালের ডাক দেয়।
অন্যদিকে, নির্বাচনের তফসিলের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল এবং গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করে।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
৮১১ দিন আগে
নির্বাচনে অপপ্রচার রোধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক: ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অপপ্রচার রোধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ইসির সঙ্গে বৈঠকে বসে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের একটি প্রতিনিধি দল।
কমিশনের পক্ষে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকটি হওয়ার থাকলেও পরে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে পৌনে এক ঘণ্টার বৈঠক হয়।
অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নানা কর্মসূচি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সময় যত গড়াবে নির্বাচন নিয়ে তৎপরতাও তত বাড়বে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানোর আশঙ্কা রয়েছে।’
আরও পড়ুন: অপপ্রচার রোধ: ফেসবুকের সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার
এমন পরিস্থিতিতে অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা নিতে চায় ইসি, উল্লেখ করেন তিনি।
মেটা’র বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারোয়ারের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকটিতে অংশ নেন। প্রতিনিধি দলে বাকিরা হলেন- এপিএসি গ্লোবাল রেসপন্সের প্রধান এইড্যান হো এবং নিয়ন্ত্রক বিশেষজ্ঞ ইউজিন পো।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বৈঠক শেষে অশোক কুমার বলেন, ‘আজকে আমরা ফেসবুকের একটা টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। মূল বিষয়টি হচ্ছে, ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয় সেগুলো তারা ডিলিট করবে, ব্লক করবে। মূলত এই ছিল মিটিংয়ের বিষয়।’
আজকের আলোচনাকে প্রাথমিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরবর্তী নির্বাচন কমিশনের ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করা হবে তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। আমাদের কাছে যেটা ‘নেগেটিভ’ মনে হবে আমরা তাদের সেটা জানাব। পরে তারা সেটাকে রিমুভ করবে।’
শুধু নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্টের বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, ‘তফসিল ঘোষণার পর এই কার্যক্রম শুরু হবে। কমিশন নয়, ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই কমিশনের কাছে সময় চেয়েছিল।’
আরও পড়ুন: সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন: মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি
৯১৬ দিন আগে