নারী
ফেনীতে বাসচাপায় প্রাণ গেল পথচারী নারীর
ফেনীর পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় নাজমা আক্তার (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায়।
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, দুপুরে নাজমা আক্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে পুরাতন মুহুরীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আবু নোমান আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৯ দিন আগে
চাঁদপুরে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আরেক নারী আহত
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে জানালা ভেঙে বসতঘরে ঢুকে রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূকে হত্যা করেছে ডাকাতদল। এ সময় তাদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)। এ সময় ঘরে থাকা কিছু আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় ডাকাতরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে শাহরাস্তি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাওলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মিম ওই গ্রামের মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। নিহতের আড়াই বছর বয়সী একটি মেয়ে ও চার মাস বয়সী একটি ছেলে সন্তান আছে। তার স্বামী রনি ঢাকায় চাকরি করেন। ঘটনার সময় বাড়িতে দুই গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম এবং তিনটি শিশু ছিল।
আহত গৃহবধূ সুমাইয়া জানান, রাত ১২টার দিকে তিন মাস বয়সী সন্তানকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। পরে মুখ ঢাকা দুই ব্যক্তি তাদের ঘরে প্রবেশ করে ছুরি দেখিয়ে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র দিতে বলেন। তিনি ভয়ে আলমারিতে থাকা জিনিসপত্র নিয়ে যেতে বললে ডাকাতরা হঠাৎ তার ওড়না দিয়ে দুই হাত বেঁধে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তার কানের দুল, আলমারি থেকে আরেক জোড়া দুল ও একটি আংটি নিয়ে যান ডাকাতরা। এরপর তারা পাশের কক্ষে প্রবেশ করেন।
তিনি আরও জানান, পাশের কক্ষ থেকে বড় জায়ের কান্নার শব্দ শুনতে পেলেও হাত বাঁধা থাকায় তিনি তাকে সাহায্য করতে পারেননি।
প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, মিমের ঘর থেকে চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান। ভেতরে ধস্তাধস্তির শব্দ শুনে জানালার কাছে গিয়ে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া পাননি। তখন ডাকাতির সন্দেহ হলে তিনি চিৎকার করেন। এ সময় কয়েকজন প্রতিবেশী ছুটে আসেন।
কিছুক্ষণের মধ্যেই মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে স্থানীয়রা বাড়িটির বসতঘরের পূর্ব পাশের একটি জানালা খোলা দেখতে পান। ভেতরে তাকিয়ে মিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। এ সময় পুত্রবধূদের দাদা-শ্বশুর নুরুল ইসলাম গেট খুলে দিলে স্থানীয়রা ঘরে প্রবেশ করেন। তারা ছোট গৃহবধূকে হাত বাঁধা অবস্থায় কান্নারত দেখতে পান। পরে অন্য ঘরে গিয়ে মিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। স্বজনরা ওড়না খুলে তাকে জাগানোর চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয় একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সুমাইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, রাতে তিনি বাড়ির লোহার গেটে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। চিৎকার শুনে জেগে উঠে গেট খুলতে গিয়ে দেখেন, গেটটি বাইরে থেকে আটকানো থাকলেও তালাটি নেই। পরে বাড়ির বাইরে অক্ষত অবস্থায় তালাটি পাওয়া যায়।
খবর পেয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী ঘটনাস্থলে যান। পুলিশ আলামত সংগ্রহ ও মরদেহ উদ্ধার করে।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান ইউএনবিকে বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, ‘এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’
১১ দিন আগে
বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্ত আটক
রাজধানীর বাড্ডায় একটি বাসার সামনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজাউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বাড্ডার ডিআইটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝুমুর আক্তারের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার তিতকাটা গ্রামে। তার বাবার নাম জাফর হাওলাদার।
নিহতের স্বজন অজিফা আখতার জানান, ঝুমুর কিছুদিন আগে পটুয়াখালী থেকে বাড্ডায় তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় বাজার করে বাসায় ফেরার পর ঝুমুরের সাবেক স্বামী রেজাউল ফোনে তাকে গালমন্দ করেন এবং বাসার নিচে এসে ডাকেন।
একপর্যায়ে ঝুমুর নিচে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রেজাউল ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ছুরির আঘাতে ঝুমুরের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রেজাউলকে আটক করে বাড্ডা থানা পুলিশের হাতে তুলে দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, ঝুমুরের প্রথম স্বামীর সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়। সেই সংসারে তার ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরে রেজাউলের সঙ্গে প্রেম করে বিয়ে হলেও তিন বছর পর তাদের সংসার ভেঙে যায়। এরপর তিনি প্রবাসী একজনকে বিয়ে করে বসবাস করছিলেন। তার তৃতীয় সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১১ দিন আগে
শেরপুরে ঝড়ে গাছচাপায় নারী নিহত, বিধ্বস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি
শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছের নিচে চাপা পড়ে বেগম বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে নালিতাবাড়ির নন্নী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, আজ (শনিবার) সকাল থেকেই শেরপুর জেলার বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি শুরু হয়। সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করেই নালিতাবাড়ির ওপর দিয়ে তীব্র গতিতে ঝড় বয়ে যায়। এ সময় প্রবল গতিতে ঝড়টি টর্নেডোয় পরিণত হয়ে নালিতাবাড়ির যোগানিয়া, নন্নী পশ্চিমপাড়া, নন্নী উত্তরবন্দ, ছাইচাকুড়া ও হাতিপাগারসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। মাত্র দেড় মিনিটের এ টর্নেডোর আঘাতে এসব এলাকার বেশকিছু কাঁচা ও টিনশেড ঘরের চাল উড়ে যায় এবং বিধ্বস্ত হয়। এ ছাড়া বেশকিছু গাছও উপড়ে পড়ে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নন্নী পশ্চিমপাড়া গ্রামের নিজ বসতভিটার একটি বড় কাঁঠাল গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘরের বারান্দায় রান্না করতে থাকা অবস্থায় বেগম বিবি গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান রিটন জানান, বৃষ্টির সময় তিনি ঘরেই বসা ছিলেন। হঠাৎ করেই টর্নেডো আঘাত হানে। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল, মনে হচ্ছিল যে তার পাকা বাড়িটিই উড়িয়ে নিয়ে যাবে। ঝড় থামার পর বাইরে বেরিয়ে তিনি দেখেন, আশপাশের বেশ কয়েকটি কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে এবং বহু গাছপালা উপড়ে পড়ে আছে।
এ ব্যাপারে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, আকস্মিক এই ঝড়ে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকাগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রক্রিয়া চলছে।
৬৪ দিন আগে
রংপুরে নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৪
রংপুর নগরীর ধাপ কটকিপাড়া এলাকায় কর্মজীবী এক নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে জমি বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মিনহাজ আহমেদ (২৮), মহিম হাসান (২৫), শাহরিয়ার সরকার (২৮) ও আব্দুল মজিদ (২০)। তাদের সবার বাড়ি নগরীর ধাপ কটকিপাড়া এলাকায়।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারী নগরীর একটি কারুপণ্য প্রতিষ্ঠানের আলমনগর কারখানায় কর্মরত। সম্প্রতি তিনি তিন লাখ ৬০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেছেন। গতকাল (মঙ্গলবার) বিকেলে সেই টাকা ব্যাংকে জমা রেখে তিনি তার ধাপ কটকিপাড়ার ভাড়া বাসায় ফেরেন।
রাত ৮টার পর স্থানীয় কয়েকজন যুবক জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে ঘরে মাদক আছে এমন দাবি করে তল্লাশি চালান। একপর্যায়ে তারা বিছানার তোষকের নিচে ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেন। এরপর তারা বিষয়টি মীমাংসার কথা বলে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে ওই নারীকে মারধর করেন তারা। পাশাপাশি তার ব্যাংকের চেক বইয়ের পাতাও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
ভুক্তভোগীর অভিযোগ, জমি বিক্রির টাকার সন্ধানে তারা ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করে। পরিস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক গোপনে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও ধাপ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তদন্তে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইয়াবা-সদৃশ বস্তুগুলো ভুয়া বলে প্রতীয়মান হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মাদক দিয়ে ফাঁসানোর নাটক সাজিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নিরীহ মানুষকে হয়রানি করার বিরুদ্ধে আরএমপি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। নগরবাসীকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।
৬৭ দিন আগে
বান্দরবানে বন্যহাতি ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল নারীর
বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণ ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবি আক্তার দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুর শুক্কুরের স্ত্রী।
স্থানীয়রা জানান, পাহাড়ে খাদ্যের সংকট দেখা দেওয়ায় বন্যহাতির দল প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। এ সময় হাতির দল ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ফলজ বাগানে ঢুকে মৌসুমি ফল খেয়ে নষ্ট করে। এসব ক্ষতি থেকে রেহাই পেতে বাগান মালিকরা বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।
এ কারণে গিয়াস উদ্দিনের বাগানেও বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়েছিল। আজ (মঙ্গলবার) ভোর ৫টার দিকে ওই বাগানে যান রুবি আক্তার। সেখানে পাতা বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬৮ দিন আগে
কর্মস্থলে নারীদের মর্যাদা, নিরাপত্তা ও সমতা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা, সমান মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা একটি নৈতিক ও মানবিক দায়িত্ব বলে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, মাতৃত্বকালীন ছুটি এবং সমান কাজে সমান মজুরি নিশ্চিত করে একটি মানবিক কর্মসংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। আমি আশা করি, সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার শ্রম খাতে সরকারের উদ্যোগ ও নির্দেশনা বাস্তবায়নে এবং সেগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
বিশ্বের সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মে দিবসকে শ্রম অধিকারের জন্য ত্যাগ, সংহতি ও সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
১৮৮৬ সালে শিকাগোতে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিক আন্দোলনে নিহতদের আত্মত্যাগ স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের সেই সংগ্রাম বিশ্বব্যাপী মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক নতুন অধ্যায় সূচনা করেছিল। একইসঙ্গে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, শ্রম অধিকার আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত ও নির্যাতিত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দেশের উন্নয়নে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকেরাই দেশের উন্নয়নের মূল কারিগর। দেশের শিল্পকলকারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম ও নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে।
তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো বিশাল রেমিট্যান্স এবং তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের শ্রম ও ঘামের বিনিময়ে অর্জিত আয় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির প্রাণশক্তি।
শ্রমিক কল্যাণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপ্রধান বলেন, জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রমকল্যাণের ভিত্তিকে শক্তিশালী করেছে। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার। এ সময় তিনি মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন। এই উদ্যোগই পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে।
মো. সাহাবুদ্দিন আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সব কটি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনিকল, রেশম ও পাটকলসহ শিল্পকলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে ছয়টি পাটকল চালু করার চিন্তাভাবনা রয়েছে।
সুষ্ঠু শিল্প সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, শ্রমিক ও মালিকের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা এবং শ্রমিক-মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ দিতে এই সরকার সচেষ্ট।
আইনি সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও সুরক্ষা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০২৬’ পাস করা হয়েছে। শ্রম মান উন্নয়নে বাংলাদেশ এ পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৯টি কনভেনশন এবং একটি প্রটোকল অনুসমর্থন করেছে।
সম্প্রতি মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গুদামে আগুনে ১৩ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কর্মস্থলে দুর্ঘটনা রোধে কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে সমন্বিত পরিদর্শন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। শিল্প-কারখানার নিরাপত্তা ত্রুটি দূর করতে শ্রম মন্ত্রণালয়, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বিজিএমইএ এবং বিকেএমইএ-সহ সংশ্লিষ্ট সকল সংগঠনকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।
এ বছরের মে দিবসের প্রতিপাদ্য— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এর কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতীয় সমৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে শ্রমিকের শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন উপস্থিত ছিলেন।
৮৬ দিন আগে
চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেওয়াল ধসে প্রাণ গেল নারীর
চট্টগ্রামের কর্ণফুলীতে অতিবৃষ্টির কারণে দেওয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার শিকলবাহা মাস্টারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেওয়াল ধসে পড়ে। এ সময় দেলোয়ারা বেগম দেওয়ালটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘দেওয়াল ধসে একজন নারীর মৃত্যু এবং দুই শিশু আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
৮৮ দিন আগে
নড়াইলে তীব্র গরমে নারীর মৃত্যু
নড়াইলে সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকালে লাভলী বেগম নড়াইল শহরের মাছিমদিয়ার সরদার ফিলিং স্টেশনে ডিজেল নিয়ে ফেরার পথে সেলিম নামক এক দোকানির দোকানে আটা কিনতে যান। আটা কিনে ফেরার পথে তীব্র গরমে মাছিমদিয়া মসজিদের সামনে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ওসমান শেখ ঘটনাটি নিশ্চিত করেন।
চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৯৭ দিন আগে
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারী নিহত
রাজবাড়ীতে রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার ঝরনা (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পান্না চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার ঝরনা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের প্রয়াত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি অনলাইন সাংবাদ পোর্টাল বার্তা২৪-এর রাজবাড়ী স্টাফ রিপোর্টার, দৈনিক সমকাল বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি এবং বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা।
স্থানীয়রা জানান, সেলিনা আক্তার ঝরনা সকালে বালিয়াকান্দির নিজ বাড়ি থেকে পালিত এক নাতনি ও জামাইয়ের সঙ্গে জরুরি কাজে রাজবাড়ী শহরে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে তাদের আদালতপাড়া এলাকায় রেখে তিনি রিকশায় শহরের রেলগেট এলাকায় একটি হোটেলে নাশতা করার উদ্দেশ্যে রিকশায় চড়ে রওনা হন। পথে শহরের পান্না চত্বর পার হওয়ার সময় অসাবধানতাবশত তার গলায় পেঁচানো ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে তিনি সড়কে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। তার মাথা ফেটে রক্ত ঝরছিল।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাজীব দে সরকার জানান, সকাল পৌনে ১০টার দিকে তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাংবাদিক সোহেল মিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।
১১১ দিন আগে