ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে মাটিতে পুঁতে রাখা ১১ ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি নির্মাণাধীন ঘরের মাটির নিচে পুঁতে রাখা ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহতের হয়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইকরামুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ককটেল মজুতের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় আপাতত সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
১৪ দিন আগে
বিস্ফোরণ-অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপতৎপরতায় সরকার মোটেই শংকিত নয় এবং জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বিভিন্ন স্থানে দুই দিন ধরে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি, পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আইসিটি কোর্টের (মানবতাবিরোধী অপরাধ আদালতের) একটা রায়ের প্রেক্ষিতে তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেটা মনে হয় আজকে ২০ তারিখ, লকডাউন না কি যেন নাম দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করে রাজধানীতে কিছু ককটেলবাজি করেছে, রাতের অন্ধকারে দুই-একটি জায়গায়।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, মোটরসাইকেলসহ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের ফটকের সামনে যারা একটা ককটেল মেরেছিল, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ীর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।’
বাসে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, ‘তারা কিছু বাস, পরিত্যক্ত বাস এবং কিছু বাস, যেগুলো চালক ও হেলপারবিহীন অবস্থায় বিভিন্ন জায়গায় পার্কিং করা থাকে রাতে, সেগুলো টার্গেট করে দুই-একটাতে অগ্নিসংযোগ করেছে। এগুলোও আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। তাদেরকে শনাক্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা তাদের অপতৎপরতা, আগে থেকেই দৃশ্যমান ছিল। এগুলোতে আমরা খুব একটা মনোযোগ দিচ্ছি না।’
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বরে ফেরার বার্তা দিয়েছেন এবং গত শুক্রবার গুলশানের ঘটনা ও আজকের লকডাউনের মতো কর্মসূচির প্রসঙ্গ টেনে আগামী কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যেতে পারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লকডাউন আমরা শব্দ শুনেছি, তো এখানে লকডাউন কি দৃশ্যমান হয়েছে? এগুলো জাতি প্রত্যাখ্যান করছে।’
তিনি আরও বলেন, ‘যেই আওয়ামী শক্তি ১৪০০ লোকের প্রাণ নিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা চালিয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট, আমাদের রিপোর্ট অনুসারে সেটা ২০০০-এরও বেশি, সেই গণহত্যাকারীরা এখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, ভুল স্বীকার করে নাই, উচ্চবাচ্য করছে বিদেশে বসে, তাদের এই সমস্ত অপতৎপরতায় আমরা মোটেই শংকিত না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই জাতি তাদেরকে কখনও এই দেশে রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। সুতরাং এগুলো অপাংক্তেয়। তারা ডিসেম্বরে ফিরবে বলে, না ফেব্রুয়ারিতে ফিরবে বলে, এগুলোতে আমাদের কোনো মনোযোগ নাই।’
এছাড়া বিরোধী দল যে লং মার্চ করছে, সেটার সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে কি না এবং রাজপথে নামার সুযোগ বিরোধী দলের কাছ থেকে পাচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দল যখন সমালোচনা করে, সেটা আমরা মনোযোগের সাথে নেই। বিরোধী দল কিছু দাবি নিয়ে লং মার্চ করেছে, করতেই পারে। এটা গণতান্ত্রিক সংস্কৃতি, তারা তাদের কর্মসূচি পালন করবে। আমাদের দায়িত্ব হচ্ছে তারা যেন শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি পালন করতে পারে, সহযোগিতা করা। আমরা করেছি।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে লং মার্চ করেছে, কোথাও কোনো দুর্ঘটনা হয় নাই, সহিংসতা হয় নাই, কোনো ক্ল্যাশ (সংঘর্ষ) হয় নাই। কালকে উত্তরাঞ্চলে লং মার্চ করেছে ঢাকা থেকে, শান্তিপূর্ণভাবে করেছে। তারা তাদের বক্তব্য দিয়েছে, এখন তাদের বিভিন্ন রকমের দাবি থাকতে পারে, সেই দাবির পক্ষে যদি জনগণ থাকে, তখন জনগণ কথা বলবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাঁচ বছর পরে নির্বাচন হবে বিধি মোতাবেক, নিয়ম মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তখন জনমত কাদের পক্ষে যায় সেটা তখন দেখা যাবে। এখন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় অংশ নিতে যাচ্ছেন। তার যাওয়ার সময়ে এক সপ্তাহ ধরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিশৃঙ্খলাগ্রস্ত দেশ হিসেবে উপস্থাপন করছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জাতিসংঘে সাধারণ পরিষদের সভায় যে অংশগ্রহণ, এটা প্রতিবছর একবার হয়ে থাকে, তিনি তাতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। তার সাথে এ সমস্ত ঘটনাবলীর কোনো সম্পর্ক নাই।’
তিনি আরও বলেন, ‘আর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এগুলো করে আসছে আরও দুই বছর আগে থেকেই। এটা কন্টিনিউয়েশন। বিরোধী দলের কর্মসূচির সাথে তাদের কোনো যোগসূত্র আছে কি না সেটা আপনারাই খুঁজে বের করুন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’
তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সমস্ত দাবি-দাওয়া বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তেল, গ্যাস, বিদ্যুতের সংকট সমাধানের জন্য, তারা আলোচনা করতে চেয়েছে সংসদে, আমরা দীর্ঘ আলোচনা করেছি। এ বিষয়ে কমিটি করতে চেয়েছে, বিরোধী দল-সরকারি দল মিলায়ে কমিটি করে তারা পরামর্শ দিয়েছে। তো এই বিষয়টায় ওখানেই শেষ হওয়া উচিত ছিল।’
১৫ দিন আগে
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: ডিবির অভিযানে গ্রেপ্তার ৪
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল অপরাধীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এছাড়া গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানা এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন: মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।
নিয়াজ মেহেদী জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালায়।
তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।
পরে রায়হান উদ্দিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পার্কিংয়ের মাঝের একটি পিলারের পাশে ইটের সুরকির বস্তার মধ্যে লাল স্কচটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
পরে ডেমরা থানাধীন ডগাইর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রের বরাত দিয়ে নিয়াজ মেহেদী জানান, রায়হান উদ্দিন এর আগে মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৫ দিন আগে
কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণ, আহত ৩
কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত ও মসজিদের মুসল্লিসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের ঠাকুরপাড়া বাগান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— বাগানবাড়ি কালিগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী ও বাগানবাড়ি এলাকার বাসিন্দা আবদুল বারেক ও জিহাদ।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মন্দিরে শনি পূজা চলছিল। কয়েকজন নারী ও পুরোহিত পূজা করছিলেন। একজন কিশোর পশ্চিম দিক থেকে দৌড়ে সালাউদ্দিন হোটেলের দিকে চলে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই আগুন ধরে যায়।
বাগানবাড়ি এলাকার স্থানীয় দোকানি মো. ইব্রাহিম খলিল বলেন, আমি দোকান বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। একটু সামনে এগুতেই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। মুসল্লিরা অনেকেই মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিল। সবাই দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভবনে আশ্রয় নেয়। দুষ্কৃতকারী তিন-চারজন দৌড়াতে দৌড়াতে পূর্ব দিকে চলে যায়।
আহত আবদুল বারেক বলেন, আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলাম। এ সময় বিকট শব্দ শুনতে পাই। আচমকা পায়ের ওপর কিছু একটা এসে পড়েছে মনে হয়। তবে আমি কাউকে দেখিনি।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক তাপস বকশি বলেন, এটি সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে হামলা হয়ে থাকতে পারে। পুলিশ কিছু আলামত জব্দ করেছে। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল ও ব্যাগ জব্দ করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি।
পূজা ফ্রন্ট কুমিল্লা মহানগরের সভাপতি শ্যামল কৃষ্ণ সাহা বলেন, এ হামলা সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে করা হয়েছে। এখানে বৌদ্ধ মন্দির, হিন্দুদের দুটি মন্দির ও মসজিদসহ একাধিক স্পর্শকাতর জায়গা রয়েছে। এ জায়গা লক্ষ্য করেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা উসকানিমূলক কথাবার্তা বলে, তারাই এ হামলা ঘটিয়েছে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত ও পথচারীসহ তিনজন আহত হয়েছেন। দুষ্কৃতকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
২১১ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১
কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর কার্যালয় লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন।
শনিবার (৭মার্চ) রাত পৌনে ৯টার দিকে ভেড়ামারায় দক্ষিণ রেলগেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) রাতে ৪-৫ জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলুর অফিসের নিচে এসে তাকে গালিগালাজ করে। এ সময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জল স্বর্ণকারকে খুঁজতে থাকে। এরপর ডাবলুর অফিস লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোঁড়ে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের পাশের চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। অফিসের অন্য পাশের দোকানের বেশ কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে যায়। ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা অফিসেই ছিলেন।
ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, গতকাল সারাদিনই বালু ঘাটের পরিস্থিতি নিয়ে ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের কার্যালয় ভাঙচুর করে। এ সময় একটি পেলুটারসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। মূলত আগের ঘটনার জেরেই পৌর বিএনপি সাধারণ সম্পাদকের কার্যালয়ে রাতে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ চা দোকানি শুকুর আলী বলেন, হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত গুলি ও ককটেল বিস্ফোরণ করে স্থান ত্যাগ করে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু বলেন, আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুঁড়েছে। চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছেন। তারা আমার অফিস গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণীর ঠিকাদার। শত্রুতার জেরে কেউ এমন কাজ করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের আটক করার জন্য কাজ করছে।
২১১ দিন আগে
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণ, আটক ৬
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে কয়েক দফা ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কিছু সময়ের জন্য কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ ছিল। এসব ঘটনায় সেনাবাহিনীর তৎপরতায় ৬ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে প্রথম দফায় ককটেল বিস্ফোরণের পর সকাল সোয়া ১০টার দিকে মোল্লাকান্দির মহেশপুর থেকে নাহিদ নামের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ১টি আগ্নেয়াস্ত্র ও ২০টি ককটেল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের আহমেদ অর্ণব জানান, প্রথমে সকাল সোয়া ১০টার দিকে এক যুবককে আটক করা হয়। এরপর দুপুর ১২টার দিকে আবারও দুই দফা ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে কিছুটা দূরে থাকা সেনা সদস্যরা ছুটে আসেন। সেনাবাহিনী দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে আরও ৫ জনকে আটক করা হয়। পরে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে সেনাবাহিনী।
আটকরা হলেন— রহমত মাঝি (৪২), পারভেজ মাঝি (২৭), মো. কামাল (৩৭), আরশাদ মাঝি ও সালিম মাঝি। আর সকালে আটক হন নাহিদ।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা তিতুমীর জানান, সকাল সোয়া ১০টা থেকে আবার কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়। এখনও ভোট গ্রহণ চলছে।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে দৌড়াদৌড়ি শুরু হয়, পরে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছালে ৭-৮ মিনিট পর ফটক খুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, ‘ফুটবল’ ও ‘ধানের শীষ’ সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে এই বিস্ফোরণ ঘটে।
খবর শুনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো মেনহাজুল আলম ঘটনাস্থাল পরিদর্শন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন আলী জানান, কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।
২৩৫ দিন আগে
গাংনী থানার অদূরে ককটেল ফাটিয়ে ফের গণডাকাতি
এক মাসের ব্যবধানে গাংনী থানা থেকে মাত্র তিনশ গজ দূরে বিস্ফোরণ ঘটিয়ে আবারও গণডাকাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পথচারীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে ডাকাতদল।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মেহেরপুরের গাংনী-ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির কাছে হারেজ মোড়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের কাছে হাতবোমা ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র ছিল বলে জানান ভুক্তভোগীরা।
২০ জন পথচারীর কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা লুট করেছে ডাকাতদল। ভুক্তভোগীদের বাড়ি গাংনী উপজেলার ধানখোলা, মহিষাখোলা ও আড়পাড়া এলাকায়।
ভুক্তভোগী ইয়াসির আরাফাত আলীর কাছ থেকে ৭ হাজার টাকা, আব্দুল হালিমের কাছ থেকে ৬০০ টাকা, শাহজামাল আলীর কাছ থেকে ৫ হাজার টাকা, রেজিয়া খাতুনের কাছ থেকে ৭০০ টাকা, মিন্টু হোসেনের কাছ থেকে আড়াই হাজার টাকা, মহব্বত আলীর কাছ থেকে ২ হাজার ২০০ টাকা, মিন্টু আলীর কাছ থেকে পৌনে ১০ হাজার টাকা, কুরসিয়া খাতুনের কাছ থেকে আড়াই হাজার টাকাসহ অন্যান্যদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, সাত/আটজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ রাস্তা অবরোধ করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তারা পথচারী অন্তত ২০ থেকে ২৫ জনের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ডাকাতরা প্রায় ১০ মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটিয়ে দ্রুত সটকে পড়ে।
খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত ডাকাতি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’
এদিকে এমন ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাতে চলাচলকারী সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত পুলিশি টহল জোরদার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
আরও পড়ুন: মেহেরপুরে হাতবোমা ফাটিয়ে গণডাকাতি
প্রসঙ্গত, কয়েক মাস আগে একই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি হয়। কয়েকদিন পর পাশের পুড়াপাড়া-জুগিন্দা সড়কেও একই ঘটনা ঘটে। এভাবে একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, গাংনী থানা পুলিশের ডিএসবি শাখার অধিকাংশ সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল তাদের মূল কাজ ফেলে পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেনদরবার ও দোসরদের সঙ্গে চামচামি করে সময় কাটিয়ে থাকেন।
বিষয়টি নিয়ে মেহেরপুরের পুলিশ সুপার এবং জেলা বিশেষ শাখায় দায়িত্বরত অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
৪২৫ দিন আগে
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন।
সোমবার (২৩ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
আহত চারজন হলেন— শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপি সদস্য আসিফ উদ্দিন সম্রাট।
আরও পড়ুন: ঐকমত্য কমিশন ‘পক্ষপাতদুষ্ট’, অভিযোগ এনসিপি ও গণ অধিকার পরিষদের
তবে কে বা কারা এই কাজ করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা উল্লেখ করে মুশফিক বলেন, ‘আমাদের দলকে যারা চায় না, তারাই করে থাকবে। তবে কারা হামলা করেছে, সুনিশ্চিত করে তো বলা যাচ্ছে না।’
তিনি জানান, অফিস ভবনের সামনে যখন ককটেল বিস্ফোরণ ঘটেছে, তখন দলের সদস্য সচিব আখতার হোসেন নিচে দাঁড়িয়েছিলেন।
৪৬৮ দিন আগে
ঝিনাইদহে বিএনপি নেতার সমাবেশে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ জুন) বিকালে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য উপজেলার রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপির একাংশ। জয়ন্ত কুমার কুন্ডু বিকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে মাঠের একপাশে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বত্তরা পালিয়ে যায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।এদিকে এ ঘটনার প্রতিবাদে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিক্ষোভ করেছে জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, রামচন্দ্রপুর বাজারে একটু উত্তেজনা হয়েছিল। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাকে তিনি পটকা বা বাজি ফাটিয়েছে বলে উল্লেখ করেন।
৪৭৯ দিন আগে
বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত তিন শিশু
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেলকে টেনিস বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। আহত শিশুরা সম্পর্কে ভাই-বোন।
সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় শাহাদাত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো— আহত শিশুরা হলো, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) এবং আয়েশা খাতুন (৩)। আহত শিশুদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহতদের স্বজনরা জানান, পাঁচ বছর বয়সী খাদিজা আজ (সোমবার) সকালে বাড়ির পাশে ছোটনের মোড়ের মাঠে খেলতে যায়। সেখানে পড়ে থাকা একটি ককটেলকে টেনিস বল ভেবে সে বাড়িতে নিয়ে আসে। পরে ওই বল দেখে তার ভাই সজিব আহমেদ ও বোন আয়েশা সুলতানা একসঙ্গে খেলায় অংশ নেয়। খেলার একপর্যায়ে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হলে তিনজনই গুরুতর আহত হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার
পরে তাদের যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হলে খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আহত তিন শিশুই একই পরিবারের সদস্য।
৫০৪ দিন আগে