মৃত্যু
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
সিলেটের জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল সড়কের পৃথক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার বিরাইমারা সেতুর পাশে সিলেট-তামাবিল সড়কে দুটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার যাত্রী আহত হয়।
জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত তিন মাস বয়সী আয়াত গোয়াইনঘাট উপজেরার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
এ দুর্ঘটনায় আহতদের মধ্যে মারজানা আক্তার (৩৫) নামের একজন পথচারীও রয়েছেন। তিনি পায়ে গুরুতর আঘাত পেয়ে ওসমানী হাসপাতালে ভর্তি আছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে দুপুর সোয়া ১২টার দিকে জৈন্তাপুরের ফেরিঘাট কাটাগাং এলাকায় সিলেট-তামাবিল সড়কে জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।
এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়। স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, তামাবিল সড়কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসচালক ও এক নারী যাত্রী রয়েছেন। হাসপাতালে আরও পাঁচজন ভর্তি রয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সিলেট কোতয়ালী থানাধীন পল্লবী রোড এলাকার আলী আহমদের ছেলে কাওসার (৪৮) এবং তার মেয়ে আতিশা (১০) ও ছেলে আলিফ (১৬)।
আহতদের স্বজনরা জানান, রাজবাড়ী জেলা থেকে ছয় দিনের সফরে সিলেট ভ্রমণে এসেছিলেন একদল পর্যটক। আজ দুপুরে বাসে করে তারা জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে ফেরিঘাট এলাকায় পৌঁছালে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কাদায় পড়ে যায়।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারিচালিত অটোরিকশায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ এলাকার শিবের ডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চরলাকান্দা গ্রামের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪২), তার দুই সন্তান রিশাদ (১২) ও তুবা মনি (৭) এবং লিপি বেগমের বোন কত্তিমারী এলাকার বাসিন্দা বাদল মিয়ার স্ত্রী শরিফা খাতুন (৫০)। নিহত আরেক ব্যক্তি হলেন অটোরিকশাটির চালক। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে অটোরিকশাটি শিবের ডাঙ্গী সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে সায়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে উদ্ধার করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রৌমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী (ওসি) জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
এদিকে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সায়দাবাদ ও চরলাকান্দা গ্রামে বিরাজ করছে শোকের আবহ।
২ ঘণ্টা আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ১,৮৭২
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুই ও একজন করে মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১০ হাজার ৩১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৪ হাজার ১৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
৩ ঘণ্টা আগে
সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত যুবকের মরদেহ দেশে ফিরল
সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত যুবক খালেদ আহমদের (২৩) মরদেহ দেশে এনেছেন তার স্বজনরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে স্থানীয় বাসিন্দারা ভারতের আকুয়া সীমান্ত এলাকা থেকে তার মরদেহ নিয়ে আসেন।
নিহত খালেদ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। গতকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে ভারতের অভ্যন্তরে আকুয়া সীমান্ত এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১০ জনের একটি দলের সঙ্গে দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলার-সংলগ্ন মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতের আকুয়া এলাকায় যান খালেদ। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে খালেদের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দারা ভারতের অভ্যন্তর থেকে খালেদের মরদেহ দেশে নিয়ে আসেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এক যুবকের মরদেহ দেশে এনেছেন তার স্বজনরা। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
২৩ ঘণ্টা আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১,১৮১
দেশে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে ঢাকা বিভাগে দুজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৮ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ২ হাজার ২১০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
১ দিন আগে
হাম উপসর্গে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,২১০
দেশে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০টি শিশু।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৮২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৮৬ শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৪৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৪। এই সময়ে ১ হাজার ৩২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৩৩টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৪০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৯৭২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
১ দিন আগে
হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ১,৩৯২
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২টি শিশু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৮১টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬। এই সময়ে ১ হাজার ১৯৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৭১টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৮৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৯২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
২ দিন আগে
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩
নরসিংদী, ১৫ অক্টোবর (ইউএনবি)— নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
এদিন দুপুরে রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে একজন নিহত হন। এ সময় চালকসহ আরও ১১ জন আহত হন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে নরসিংদীর আরশিনগর স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা রায়পুরায় যাচ্ছিল। অটোরিকশাটি মাহমুদনগর ১০ নম্বর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংর্ঘষ হয়ে। এতে একটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে যায়। এতে দুটি অটোরিকশাই দুমড়ে-মুচড়ে যায়।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে উজ্জ্বল শীল (৩৫) নামের এক যাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার ১২ জন রোগী আমাদের কাছে আসে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাই। অহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত ছাব্বির মিয়া উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
এছাড়া সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় আলিশা আক্তার নোহা (৩) নামের এক শিশু ইটবাহী ট্রলির চাপায় মারা যায়। সে পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।
মৃত্যুর ঘটনাগুলো নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া ও বেলাব থানার ওসি এস এম আমানউল্লাহ।
২ দিন আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৩
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে তিন ও চারজন করে মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭ হাজার ২৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ১ হাজার ৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যাত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর-ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম উদ্দিন (৩২) শিবগঞ্জ উপজেলার চৌকা এলাকার হাসানুলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর-ফুলতলা এলাকায় পৌঁছায়। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আটোরিকশার যাত্রী আজিম উদ্দিন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং আজিমকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
৩ দিন আগে