হত্যাচেষ্টা মামলা
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতি কারাগারে
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত একটি হত্যাচেষ্টা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও হতে পারে।
এর আগে মধ্যরাত ৩টার দিকে উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি দীর্ঘ সময় চিকিৎসা নেন।
এরপর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২০২৫ সালের ৩ মে মামলাটি করেন। এ মামলায় জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়।
অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া একই মামলায় জামিনে রয়েছেন।
৯ দিন আগে
এমপি নুসরাতের বাড়িতে ‘অগ্নিসংযোগের’ ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নুসরাত নিজেই বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এছাড়া দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে।
নুসরাতের অভিযোগ, হামলাকারীরা তার পরিবারের সদস্যদের হত্যা করার উদ্দেশ্যে পেট্রোল বোমা নিক্ষেপের পর তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
কুষ্টিয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তবে তদন্তের স্বার্থে মামলার এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে তিনি রাজি হননি।
১৫ দিন আগে
এবার হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে দিলীপ কুমার আগারওয়ালা
মানিলন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এদিন পৃথক দুটি আবেদন করেন।
একটি আবেদনে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার দেখানোর এবং অপরটিতে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চাওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক প্রথমে গ্রেপ্তার দেখানোর আবেদন মন্জুর করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মন্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১২টায় উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থিত বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। এরপর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার নিজেই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গতকাল (সোমবার) রাজধানীর বনানী থেকে মানিলন্ডারিংয়ের মামলায় দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানের অভিযোগ করা হয়, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডকে ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে অবৈধ সোনা ও হীরা কেনাবেচা করে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা উপার্জন করেছেন দিলীপ।
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। ওই সময় বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন নিয়ে ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।
৩৮ দিন আগে
সিলেটে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা থেকে খালাস বাবর, আরিফ ও গৌছ
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
এই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এর আগে, গত এপ্রিল মাসে আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেইসঙ্গে গত ৭ এপ্রিল একই আদালতে ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চান বিচারক। শুনানিতে অংশ নিয়ে অভিযুক্তদের মধ্যে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর নিজেদের নির্দোষ দাবি করেন।
জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনি এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত।
ওই ঘটনায় দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী রয়েছেন।
১৫৬ দিন আগে
জামিন পেলেন সেই রিকশাচালক আজিজুর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্টে শ্রদ্ধা জানাতে গেলে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো রিকশাচালক আজিজুর রহমানকে ঢাকার একটি আদালত জামিন দিয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) আজিজুরের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখির জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম। এর আগে শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করা হয়।
গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে মারধরের শিকার হন আজিজুর। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট আন্দোলনের সময় মামলার বাদী আরিফুল ইসলাম নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবমুখী মিছিলে অংশ নেন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে আসামি (আজিজুর) গুলি চালান এবং পেট্রল বোমা ও হাতবোমা নিক্ষেপ করেন। একটি গুলি আরিফুলের পিঠে লাগে, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।
পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে রিকশাচালক আটক: ওসির কাছে ব্যাখ্যা তলব
গত ২ এপ্রিল আরিফুল বাদী হয়ে ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এর আগে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে ধানমন্ডি থানায় সোপর্দ করা হয়।
গতকাল (১৬ আগস্ট) ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
৪৬৮ দিন আগে
ধানমন্ডি ৩২ নম্বরে রিকশাচালক আটক: ওসির কাছে ব্যাখ্যা তলব
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
রবিবার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্তের ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসি ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
পড়ুন: ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
এর আগে গত ১৫ আগস্ট শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে ধানমন্ডি থানায় সোপর্দ করা হয়।
গতকাল (১৬ আগস্ট) তাকে একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান। চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি।
৪৬৮ দিন আগে
রংপুরে হত্যাচেষ্টা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিরও সদস্য।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এর আগে গতকাল (বুধবার) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।
আরও পড়ুন: রাজবাড়ীর পাংশা উপজেলা আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৭
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে আতাউর জামান আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার অভিযোগ রয়েছে।
ওসি আতাউর রহমান জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার এক নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার পাঁচ নম্বর আসামি। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে।
৪৭১ দিন আগে
হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিন
জুলাই গণঅভ্যুত্থানের সময়কার রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (১৩ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্টেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দশ হাজার টাকা মুচলেকায় এই জামিন আদেশ দেন।
এর আগে, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, তিনি গত বৃহস্পতিবার (১০ জুলাই) নিম্ন আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১৯ জুলাই আন্দোলেনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে ভাটারা থানার সামনে গুলি করা হয়। এতে, এনামুল পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এ ঘটনায় চলতি বছরের মার্চ মাসে হত্যাচেষ্টার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভুক্তভোগী এনামুল নিজেই বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানায় গত ২৯ এপ্রিল এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়।
আরও পড়ুন: সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামী করা হয়।
ছাত্র- বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এ সব অভিনেতা-অভিনেত্রীদের আসামি করা হয়। মামলায় তাদের আওয়ামী লীগের ‘অর্থের জোগানদাতা’ বলা হয়েছে।এর পরিপ্রেক্ষিতে, গত ১৮ মে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে, ২০ মে আদালত নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।
৫০৩ দিন আগে
রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইফতেখারুল ইসলাম শুভ রংপুর নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
আজ (রবিবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
আরও পড়ুন: হবিগঞ্জে এসএসসি ফলপ্রত্যাশীকে হত্যা, ঘাতক গ্রেপ্তার
ওসি আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে গত বছরের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। শুভর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, আহত জয়নাল আবেদীন বাপ্পী, আহত রমজান আলী ও আহত শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
৫০৩ দিন আগে
নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ
হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিনের শুনানির জন্য আগামী ২২মে দিন ধার্য করা হয়েছে।
সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম)ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। ঘণ্টা খানেক বাদে তাকে এজলাসে নেওয়া হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গতকাল (রবিবার) দুপুরের দিকে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকে আসামি করা হয়।
আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।
আরও পড়ুন: চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
আদালত সূত্রে আরও জানা যায়, মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকাকে।
রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সাড়া ফেলে দেন তিনি। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন।
২০২৩ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত।
৫৫৮ দিন আগে