রেলওয়ে স্টেশন
নওগাঁয় রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ জুন) সকালে আত্রাই উপজেলার শাহাগোলা রেল স্টেশনের পাশে শিমুলিয়া নামক স্থান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন।
নিহতের স্বজনদের দাবি, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
ঘটনার শিকার নেয়ামুল বাশিরের ভাই মিজানুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় তার বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর তার বাড়ি ফেরার কথা ছিলো। সে মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ শাহাগোলা রেলওয়ে স্টেশন-সংলগ্ন শিমুলিয়া নামক স্থানে নির্জন সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর রহমান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে।’
তিনি বলেন, ‘ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাভুক্ত হওয়ায় সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে এবং মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ‘সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা করা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
৮ দিন আগে
রেলে বেসরকারি বিনিয়োগের ব্যাপারে সরকারের চিন্তাভাবনা রয়েছে: প্রতিমন্ত্রী
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রেলওয়ের লাইন, সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধু লোকোমোটিভ (স্বচালিত রেলযান) ও কোচ পরিচালনায় বেসরকারি বিনিয়োগে উৎসাহিত করার ব্যাপারে সরকারের চিন্তাভাবনা রয়েছে। বেসরকারি বিনিয়োগ বাস্তবায়ন করা গেলে লোকোমোটিভ এবং কোচ আমদানির সময় সংক্ষিপ্ত করা সম্ভব হবে। সঙ্কট থেকে উত্তরণের জন্য এবং রেলের সমস্যাগুলো দূর করতে আরও দুই বছর সময় প্রয়োজন লাগবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সিটি করপোরেশনের শহীদ শাহাবউদ্দিন হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি মাত্র তিন মাস হয় সরকারে এসেছে। আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে। সমস্যাগুলোকে উত্তরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, কারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের রেলের লোকোমেটিভ, ইঞ্জিন, কোচ এগুলোর স্বল্পতা রয়েছে। রেলের যে সমস্যাগুলো রয়েছে আমাদের সক্ষমতা সীমাবদ্ধ রয়েছে। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্ঠা করছি।
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ঢাকা-ময়মনসিংহ রুটসহ সারা বাংলাদেশে ডুয়েলগেজ ডবল রেল লাইন, ঢাকার সঙ্গে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু করা, ময়মনসিংহ স্টেশনের আধুনিকায়ন ও রিমডেলিং, যানজট নিরসনে লেভেল ক্রসিংগুলোর আধুনিকায়ন, বন্ধ লোকাল ট্রেন চালুকরনের বিষয়ে উদ্যোগ গ্রহণ, ইঞ্জিন সঙ্কট দূরীকরণসহ যাত্রীসেবার মান বৃদ্ধি করার বিষয়টি পরিকল্পনায় রয়েছে।
ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী মতবিনিময়ের আগে সিটি করপোরেশনের নিম্ন আয়ের পরিবারের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন। এর আগে, মন্ত্রী ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটওভার ব্রিজের স্থান ও বাসস্ট্যান্ড পরিদর্শন করেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪২ দিন আগে
নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে শ্লীলতাহানী, আটক ১
নরসিংদী রেলওয়ে স্টেশনে পাশ্চাত্য পোশাক পরাকে কেন্দ্র করে এক তরুণীকে হেনস্থা ও শ্লীলতাহানির ঘটনায় ইসমাইল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, নরসিংদী জেলা প্রশাসনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকেল ৫টার দিকে রেলস্টেশনে গিয়ে ঘটনার বিষয়ে জেনে এবং সিসিটিভির ফুটেজ দেখে ইসমাইলকে আটক করে।
এই ব্যাপারে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুছা জানান, গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন অন্য যাত্রীদের সঙ্গে দুই তরুণ এবং এক তরুণী। তাদের পরনে ছিল আধুনিক পোশাক। এক তরুণের হাতে ছিল ট্যাটু। তা দেখে স্টেশনে অবস্থানরত এক নারী বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে ওই নারী ইচ্ছে করেই তাদের সঙ্গে ঝগড়ায় জড়ান। এ সময় রেলস্টেশনের কিছু বখাটে লোকজন ছুটে এসে তরুণ-তরুণীদের মারতে শুরু করেন এবং তরুণীকে শ্লীলতাহানি করেন। পরে ভুক্তভোগী ওই তরুণী নিজেকে বাঁচাতে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেন। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় ঘটনাটির সুরাহা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, নরসিংদী গোয়েন্দা পুলিশ তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কারো অভিযোগ নেই। তাই আমরা তাকে গ্রেপ্তার দেখাতে পারছি না।
আরও পড়ুন: নরসিংদীতে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ: ৪ জনের যাবজ্জীবন
নরসিংদীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৫
১৪৯৬ দিন আগে
ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে জয়নব আরা বেগম (৪৮) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার সকালে পৌনে ১০ টায় পোড়াদহ রেলওয়ে স্টেশনে স্বজনসহ শত শত মানুষের চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নব আরা বেগম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী। তিনি পাটিকাবাড়ি ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারের বন্দি নাইজেরিয়ান নারীর মৃত্যু
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেক্স টেনে রাজশাহী যাওয়ার জন্য পোড়াদহ স্টেশনে অপেক্ষা করছিলেন জয়নব আরা বেগম। তিনি রাজশাহীতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যাচ্ছিলেন। ট্রেন আসলে দ্রুত ট্রেনে উঠতে গেলে পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাড়ীর ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
১৫৫৭ দিন আগে
সীতাকুণ্ডে ট্রেন-লরি সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এসকেএম জুট মিলের সামনে রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর থেকে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষে লরি এবং ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখি তূর্ণা নিশীথা ট্রেন বাড়বকুণ্ড স্টেশনের আগে এসকেএম জুট মিলস এলাকায় রেলক্রসিং অতিক্রমকালে একটি লরি রেলাইনে উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনার পর চট্টগ্রামের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ে রেললাইন সচল করতে কাজ করছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
১৬৩৯ দিন আগে
দর্শনা বন্দর দিয়ে আরও পেঁয়াজ আমদানি
চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আরও ১৩০০ মেট্রিকটন পেঁয়াজ বাংলাদেশে এসেছে।
সোমবার সন্ধ্যায় ৪২টি রেলওয়াগনে এ পেঁয়াজ আমদানি হয়।
দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রায়হান ও রফিকুল ইসলাম জানান, দু’জন আমদানিকারক চাঁপাই নবাবগঞ্জের টাটা ট্রেডার্স ৫৯৯ দশমিক ৯৭০ মেট্রিক টন ও ফেনীর রূপসী বাংলা ৭১৩ দশমিক ৫৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। প্রতি টন পেঁয়াজের ইনভয়েস মূল্য ২৫০ ডলার।
আরও পড়ুন: দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
তবে শতকরা ১০ ভাগ শুল্ক আরোপ করায় পেঁয়াজ আমদানিতে খুব একটা লাভ হচ্ছে না বলে জানান আমদানিকারকের প্রতিনিধিরা।
দর্শনা আর্ন্তজাতিক রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, আমদানি করা পেঁয়াজ যশোর নওয়াপাড়ায় বুকিং নিয়েছে আমদানিকারকরা।
আরও পড়ুন: পেঁয়াজ বীজে সমৃদ্ধির স্বপ্ন দেখছেন মাগুরার কৃষকরা
এর আগে গত শুক্রবার ১৫০০ মেট্রিন টন পেঁয়াজ আমদানি হয় দর্শনা বন্দর দিয়ে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ বন্দর দিয়ে ভারত থেকে আরও বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
১৯১৩ দিন আগে