ডেলিভারি ম্যান
কুষ্টিয়ায় নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারি ম্যান
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ রয়েছে।
সজল উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের পণ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন তিনি।
এ ঘটনায় সজলের বাবা ও প্রতিষ্ঠানের মালিক থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন।
সজলের বাবার অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা তার ছেলেকে ক্ষতির উদ্দেশ্যে অপহরণ করেছে।
তিনি আরও জানান, এর আগে গত ৭ এপ্রিল রাতে ছেলেকে মারধরের পর তার কাছে থাকা নগদ প্রায় ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
অন্যদিকে, প্রতিষ্ঠান মালিকের অভিযোগ, সজল বাজার থেকে সংগ্রহ করা প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। এছাড়া ৭ এপ্রিল ছিনতাইয়ের নাটক সাজিয়ে তিনি প্রায় ৮৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় দ্বীন মোহাম্মদ সাচ্চুর ডিলারশীপের ব্যবসা আছে। তিনি এসিআই গ্রুপের টিস্যুসহ অন্যান্য মালামালের ডিলার (পরিবেশক)। সেখানে সজল শেখ ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত রয়েছেন।
২৯ এপ্রিল সকাল ৯টার দিকে সজল ডিলার পয়েন্ট থেকে ভ্যানে মালামাল নিয়ে বিভিন্ন দোকানে ডেলিভারি করেন এবং নগদ টাকা আদায় করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সজলকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক থেকে ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ।
আজ (সোমবার) সকালে ডিলার পয়েন্টের মালিক দ্বীন মোহাম্মদ সাচ্চু বলেন, ৭ এপ্রিল রাত ১০টার দিকে সজল এসে বলে, কুষ্টিয়া-রাজাবাড়ী সড়কের জিলাপিতলা থেকে ছিনতাইকারীরা তাকে মারধর করে ৮৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় ৯ এপ্রিল থানায় অজ্ঞাত আসামি করে একটি লিখিত অভিযোগ করা হয়। কয়েকদিন আগে ওই অভিযোগের তদন্ত করে দেখা গেছে ছিনতাইয়ের ঘটনা সজলের সাজানো ছিল।
সাচ্চুর মতে, কানাঘুষা করতে করতে তদন্তের বিষয়টি সজল টের পেয়ে যান। সেই ভয়ে ২৯ এপ্রিল রাতে সজল ভ্যান রেখে সারা দিনের আদায়ের প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। বিচারের আশায় থানায় আবারও লিখিত অভিযোগ করেছেন তিনি।
সজলের বাবা শফিক শেখ বলেন, এর আগে ছিনতাইয়ের শিকার হয়েছিল সজল। আবার ২৯ এপ্রিল রাত থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সে আসলেও জীবিত না মৃত, তাও বুঝতে পারছি না। তাকে পাওয়া গেলে দুটি ঘটনারই আসল কারণ জানা যাবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভুক্তভোগী স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধারের পর সবকিছু নিশ্চিত হওয়া যাবে।
২ দিন আগে
মেয়র তাপসকে নিয়ে অবমাননাকর ফেসবুক পোস্ট: ২ জনের বিরুদ্ধে মামলা
নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দুই ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।
এর আগে ১৮এপ্রিল মধ্যরাতে এবং পরবর্তী সময়ে, নিউমার্কেট এলাকায় নিউমার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে একজন ডেলিভারি ম্যান এবং একজন ব্যবসায়ী নিহত এবং সাংবাদিকসহ প্রায় ৪০ জন আহত হয়।
সংঘর্ষের ঘটনায় ১৩০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
১৪৬৯ দিন আগে
ডেলিভারি ম্যান নাহিদ হোসেন হত্যা: ২ জন শনাক্ত
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ডেলিভারি ম্যান নাহিদ হোসেন হত্যার ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (নিউ মার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, একটি ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই করে পুলিশ দুজনকে শনাক্ত করেছে।
তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করে অন্য হামলাকারীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার
ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান ২০ বছর বয়সী নাহিদ হোসেন নিউমার্কেটে সংঘর্ষের সময় গুরুতরভাবে আহত হয়ে ১৯ এপ্রিল মারা যান।
ওইদিন নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানদারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে নাহিদ ও আরেক যুবক নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
এদিকে, সংঘর্ষের ঘটনায় ২১ এপ্রিল ১৩০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেট এলাকার সংঘর্ষে আরও একজনের মৃত্যু
১৪৭৪ দিন আগে
ডেলিভারি ম্যানকে মারধর, ত্রাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বরখাস্ত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপির ব্যক্তিগত সহকারীর (পিও) পদ থেকে সাইদুর রহমান সুজনকে বরখাস্ত করা হয়েছে।
তার স্থলে আবু ওবায়দা নামে একজনকে নিয়োগ দেয়া হয়েছে।
এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহাসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যক্তিগত সুবিধা নেয়ার চেষ্টা করলে তাকে সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও তার সাথে কোনো ধরনের লেনদেন না করার বিষয়েও সকলকে সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, তার উদ্ধত আচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য ৩১ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয় এবং ওই পদে নতুন একজনকে নিয়োগ দেয়া।
আরও পড়ুন: সাভারে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
সংশ্লিষ্টরা জানান, আগে থেকেই তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে যাচাই-বাছাই করে তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। যে কারণে দীর্ঘদিন ধরেই সুজনকে প্রতিমন্ত্রীর আশেপাশে আর দেখা যাচ্ছিল না। কিন্তু বরখাস্ত হওয়া বিষয়টি গোপন করে সুজন নিজেকে বরাবরের মতোই প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিজেকে পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। সাধারণ মানুষকে বোকা বানাতে তিনি সবসময় প্রতিমন্ত্রীর বিভিন্ন স্ট্যাটাস কপি করে তা ফেসবুকে পোস্ট দিতেন।
সম্প্রতি ফুডপাণ্ডার এক কর্মীকে প্রকাশ্যে লাঞ্ছনা এবং মারধর করে আলোচনায় আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা পদ থেকে বরখাস্তকৃত সাইদুর রহমান সুজন।
বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসার পর সুজনের কর্মকাণ্ডে প্রতিমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সুজনের বিরুদ্ধে ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি পদটি কোন স্থায়ী পদ নয়। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ইচ্ছা অনুযায়ী নিয়োগ এবং সন্তুষ্টি সাপেক্ষে তাদের চাকরি নির্ধারিত হয়।
১৮৪৭ দিন আগে