কক্সবাজার
রিসোর্টে আগুন: যশোরের একই পরিবারের ৪ সদস্য এখনও নিখোঁজ
কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচ-সংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় যশোরের একই পরিবারের চার সদস্য এখনও নিখোঁজ।
এ চারজন হলেন যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান (৪১) ও তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই সন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।
নাহিদুর ঢাকার শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত। পরিবার নিয়ে তিনি ঢাকার মিরপুরের শ্যাওড়াপাড়াতে বসবাস করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নাহিদুরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন পরিবারের সদস্য ও সহকর্মীরা। তবে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
নাহিদুরের বড় ভাই ও যশোরোর মণিরামপুর পৌরশহরের বাসিন্দা জাহিদুর রহমান প্রিন্স জানান, কক্সবাজারের টুপটুপ রিসোর্টে বুকিংয়ের বিল দেখে তারা জানতে পারেন, নাহিদুর ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ওই রিসোর্টের একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। নাহিদুর ১১ অক্টোবর কক্ষটি বুকিং দেন এবং ১৮ অক্টোবর দুপুর ১টায় তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল।
নাহিদুর শুক্রবার কক্সবাজারে যাবেন বলে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। তাই শনিবার আগুনের ঘটনা জানার পর ছোট ভাইয়ের মোবাইল ফোনে কল দেন জাহিদুর। তবে তিনি নাহিদুর বা পরিবারের অন্য কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
জাহিদুর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাবা এখনও নাহিদুরদের নিখোঁজ হওয়ার কথা জানেন না। তারা বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও নিশ্চিত হতে পারিনি।
তিনি আরও বলেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান তাকে জানিয়েছেন, নাহিদ নামে একজন নিখোঁজ রয়েছেন। মরদেহ শনাক্ত করতে ডিএনএর নমুনা সংগ্রহ করা হচ্ছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়। এর মধ্যে চারজন নিহতের পরিচয় এখনও জানা যায়নি। সকাল ৭টা ২৩ মিনিটে কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের দল সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচ-সংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
উখিয়া থানার উপ-পরিদর্শক আশিস সূত্রধর শনিবার (১৮ অক্টোবর) রাতে মামলাটি করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিরা অজ্ঞাতপরিচয়। এতে রিসোর্টের মালিক মো. তানভীর ও নেওয়াজ মোর্শেদের নামও রয়েছে।
এর আগে রিসোর্টের ম্যানেজার জাহিদুল ইসলাম সুমনকে শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাকেও এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এর আগে শনিবার সকালে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল ৭টা ২৩ মিনিটে কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের দল সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতদের মধ্যে ছয়জন হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান (৩০) ও মিলিতা মেহেজাবিন (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান (২৭) ও নাফিসতা মিম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)। দুই নারী, এক শিশুসহ বাকি চারজন নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
৬ ঘণ্টা আগে
জুনেই অগ্নিঝুঁকি নিয়ে টুপটুপ রিসোর্টকে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস
কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকতের কাছে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টের অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ তথ্য জানিয়ে বলেন, জুন মাসে রিসোর্টটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এ বিষয়ে নোটিশও দেওয়া হয়েছিল। এর পরও রিসোর্টটির কার্যক্রম চালু ছিল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে দুর্গাপূজা উপলক্ষে অগ্নিনিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মহাপরিচালক জানান, তিনতলা রিসোর্টটির নিচতলায় একটি রেস্তোরাঁ ছিল, যেখানে খাবার তৈরি করা হতো। দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যটকদের থাকার জন্য ব্যবহৃত হতো।
নোটিশ দেওয়ার পরও লাইসেন্স নবায়ন না করা এবং রিসোর্টের কার্যক্রম চালু থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিসোর্টটি নিয়ম মেনে পরিচালিত হচ্ছিল না।
এর আগে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস রিসোর্টটিতে আগুন লাগার খবর পায়।
ব্রিগেডিয়ার জেনারেল জুনাইদ বলেন, ঘটনাস্থল থেকে নিকটতম ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, কী ঘটেছিল, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে তৈরি রিসোর্টগুলোর নিরাপত্তা ও অনুমোদনের অবস্থা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানই প্রয়োজনীয় অনুমতি নেয়নি।
সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সমিতিগুলোর মাধ্যমে অগ্নিনিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
আসন্ন শুষ্ক মৌসুমে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে মহাপরিচালক সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
নোটিশ দেওয়ার পরও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান চালু থাকলে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, জানতে চাইলে মহাপরিচালক বলেন, বিদ্যমান আইন ও নজরদারির সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের দায়িত্ব ও করণীয় পর্যালোচনা করা হবে।
পুরান ঢাকায় ঘন ঘন অগ্নিকাণ্ড এবং অনুমোদনহীন কারখানা, গুদাম ও বিস্ফোরক পদার্থের কারণে সৃষ্ট ঝুঁকি নিয়ে তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় সরু সড়ক ও ভবনগুলোর মধ্যে পর্যাপ্ত জায়গা না থাকায় অগ্নিনির্বাপণকাজে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়।
এসব কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ও সরঞ্জাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে বলেও উল্লেখ করেন তিনি।
সুলতানুল আফরীন জুনাইদ বলেন, ভবন নির্মাণের সময় সংশ্লিষ্ট বিধিবিধান ও নির্মাণবিধি মেনে চলা জরুরি। তবে পুরোনো বসতি ও স্থাপনাগুলোতে একসঙ্গে সব প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা বাস্তবে কঠিন এবং এ জন্য সময় প্রয়োজন।
নতুন ভবন নির্মাণ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ম মেনে চলতে বারবার সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
ঘনবসতিপূর্ণ এলাকায় ফায়ার সার্ভিসের কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন মহাপরিচালক।
তিনি বলেন, সরু সড়ক দিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বিশেষ ধরনের তিন চাকার যান ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এছাড়া অগ্নিনির্বাপণকর্মীরা মোটরসাইকেলে হোসপাইপ বহন করে কাছাকাছি ভবনের পানির রিজার্ভারের সঙ্গে সংযুক্ত করে আগুন নেভাতে পারেন কি না, তা-ও বিবেচনা করা হচ্ছে।
১ দিন আগে
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
কক্সবাজারের ইনানী এলাকায় একটি রিসোর্টে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে ইনানী বিচ-সংলগ্ন পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
তালহা বিন জসিম জানান, সকাল ৭টার দিকে টুপটুপ রিসোর্টে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বিলম্বের পর নিরাপদে ঢাকায় অবতরণ বিমানের ফ্লাইটের
বিলম্বের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য পরিচালনাগত ও কারিগরি কারণে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচালনাগত মান বজায় রাখার বিষয়ে নিজেদের সর্বোচ্চ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
৮ দিন আগে
কক্সবাজারে ‘অপহরণের’ ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের (২৮) হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর চার ঘণ্টা আগে তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিসান উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, গতকাল (রবিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাকারা সাবের সদর এলাকার একটি দোকানের সামনে থেকে সাদা রঙের মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জিসানকে তুলে নিয়ে যান। এরপর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করে হত্যার পর দেহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে রেখে যান হত্যাকারীরা।
চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি বলেন, ‘জিসান ছাত্রদলের একজন উদীয়মান ও সক্রিয় নেতা ছিলেন। তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে চকরিয়া উপজেলা ছাত্রদল সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।’
চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন বলেন, নিহত জিসানের দেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে এ হত্যাকাণ্ডের পর কাকারা ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
২০ দিন আগে
কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যার অভিযোগ
মহেশখালীর হোয়ানকে ঘরে ঢুকে শিল্পী রানী শীল (৫০) নামের এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোয়ানকের কালাগাজীর পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী শীল ওই এলাকার রবি শীল সওদাগরের স্ত্রী।
রবি শীলের ভাইপো নিকাশ শর্মা জানান, তার কাকা বাজারে দোকান করেন। কাকি বাড়িতে একা থাকেন। তাকে ছুরিকাঘাত করা হয়েছে শুনে দ্রুত বাড়িতে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রবি সওদাগরের পরিবারের সঙ্গে কারো বিরোধ নেই। রবি ও শিল্পী দম্পতির সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকেন।
নিজ বাড়িতে গৃহকর্ত্রী খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
৪০ দিন আগে
কক্সবাজারে সৈকতের বালিয়াড়িতে ৮ সপ্তাহ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ করার পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক, প্রকল্প পরিচালকসহ মোট চারজনের বিরুদ্ধে আদালতের রায় অমান্য করার অভিযোগে আদালত অবমাননার মামলা এবং পরিবেশবাদী সংগঠন বেলার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।
একইসঙ্গে আট সপ্তাহ কক্সবাজারের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও, আদালত অবমাননার মামলাটি আট সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, আদালতের রায় অমান্য করে বালিয়াড়িতে নির্মাণ কাজের সংবাদ মিডিয়ায় প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি আদালত অবমাননার মামলা করে এবং বেলার পক্ষ থেকে উক্ত প্রজেক্ট এর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে একটি রিট পিটিশন করা হয়।
জনস্বার্থে এইচআরপিবির দায়ের করা রিট পিটিশনে ইতোপূর্বে হাইকোর্ট ডিভিশন রুল জারি করে এবং শুনানি শেষে ২০১১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা এবং বালিয়াড়িতে নির্মাণকৃত সকল স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা অনুসারে ইতোপূর্বে দুইবার বালিয়াড়িতে স্থাপিত বিভিন্ন স্থাপনা আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয়। তা সত্ত্বেও কক্সবাজার পৌরসভা একটি প্রজেক্ট গ্রহণ করে বালিয়াড়ির ভেতর দিয়ে রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করে।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী। তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত এলাকাটি ইকোলজিকাল ক্রিটিকাল এরিয়া (ইসিএ) এলাকার অন্তর্ভুক্ত। এখানে কাজের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়। কিন্তু যারা এই নির্মাণ কাজ করছেন, তারা শুধুমাত্র ভূমি ব্যবহারের অনুমতি নিয়েছেন এবং কাজ শুরু করেছেন যেটা সম্পূর্ণ অবৈধ।
তিনি আরও বলেন, সমুদ্র সৈকতের ৩০০ মিটার পর্যন্ত কোনো ধরনের নির্মাণ কাজ নিষিদ্ধে আইন থাকা সত্ত্বেও পৌরসভা তা অমান্য করে নির্মাণ কাজ শুরু করছে।
শুনানিতে এইচআরপিবির পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ২০১০ সালে যখন সমুদ্র সৈকত দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছিল, তখন জনস্বার্থে বিবেচনা করে এইচআরপিবির পক্ষে রিট পিটিশন করে সমুদ্র সৈকত সুরক্ষার নির্দেশনা চাওয়া হয়েছিল। শুনানি শেষে সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখতে বালিয়াড়িতে স্থাপিত সকল স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত। দীর্ঘ আইনি লড়াই শেষে নির্দেশনা বাস্তবায়িত হয়। বর্তমানে কক্সবাজার পৌরসভার উদ্যোগে সমুদ্র সৈকতের বালিয়াড়ির ভেতরে রাস্তা নির্মাণ করে সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য ধ্বংস করছে যা আদালত অবমাননার শামিল।
সরকার পক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী বলেন, কক্সবাজারের উন্নয়নের জন্য প্রকল্প তৈরি করে সরকারের অনুমতি নিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে জনগণের চলাচলের স্বার্থে। উক্ত মামলায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আজ শুনানিতে অংশগ্রহণ করেন এবং অন্তর্বর্তীকালীন যেকোনো আদেশ না দেওয়ার প্রার্থনা জানান।
আদালত অবমাননা পিটিশনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট জাহিদুল হক, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল এবং অ্যাডভোকেট নাসরিন সুলতানা।
বেলার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং ডিএজি নূর মোহাম্মদ আজমী।
৪৬ দিন আগে
কক্সবাজারে ট্রলারডুবিতে নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সমিতিপাড়া সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নৌকাডুবির ঘটনায় পরিবারের চার সদস্যই পানিতে পড়ে যান। তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আলবার্ট জং নিখোঁজ ছিলেন। পরে আজ বুধবার বিকেলে তার মরদেহ ভেসে আসে।
উদ্ধার হওয়া এডওয়ার্ড, তার স্ত্রী বেলা এবং ১৩ বছর বয়সী ছেলে রালফ বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
গতকাল সকালে নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নিখোঁজ আলবার্টকে উদ্ধারে ওই দিন রাতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সমুদ্রে অভিযান চালায়। পরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও একটি দ্রুতগামী বোটও উদ্ধার অভিযানে যোগ দেয়।
নিউজিল্যান্ড থেকে আসা পর্যটক পরিবারটি দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিল বলে জানা গেছে। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় সম্প্রতি তারা নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
৫৩ দিন আগে
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অক্টোবরে: বিমানমন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির উদ্বোধন করবেন বলে জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। অক্টোবরে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
তিনি বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনা করবে। ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে মন্ত্রী বলেন, টার্মিনালটি ডিসেম্বর মাসে চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাসে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের সক্ষমতা ও যাত্রীসেবার মান আরও বাড়বে এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
সৌজন্য সাক্ষাৎকালে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী হিসেবে তার নেতৃত্বে দেশের এভিয়েশন ও পর্যটন খাত আরও এগিয়ে যাবে।
এ সময় এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
৫৫ দিন আগে