পিবিআই
এমএফএসের অপব্যবহার প্রতিরোধে ৩ জেলায় পুলিশ ও বিকাশের কর্মশালা
মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে নওগাঁ, নাটোর ও দিনাজপুরে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা পুলিশ ও বিকাশ।
অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল আর্থিক সেবার অপব্যবহার ঠেকাতে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই সমন্বিত কর্মশালাগুলোর আয়োজন করা হয়। কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য ব্যবহার করে কীভাবে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্প্রতি পিবিআই নাটোর ও নওগাঁ জেলা পুলিশের নিজ নিজ সম্মেলনকক্ষে এবং দিনাজপুর পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টারে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক পৃথক তিনটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিকাশ।
এই তিনটি কর্মশালায় জেলা পুলিশ ও পিবিআইয়ের ১৪০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন। এর আগে দেশের বিভিন্ন জেলায় বিকাশের নিয়মিত এই আয়োজনগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ৪ হাজার তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
স্ব স্ব জেলায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী সহসভাপতি ও বহিঃসংযোগ বিভাগের প্রধান মেজর (অব.) এ কে এম মনিরুল করিম।
কর্মশালাগুলোতে প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের হারানো অর্থ অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন পর্যবেক্ষণের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উপায় এবং তদন্তের প্রয়োজনে বিকাশের কর্মকর্তাদের সঙ্গে তদন্ত কর্মকর্তাদের সহজ যোগাযোগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, কোনো অপরাধ সংঘটিত হওয়ার সময় তাৎক্ষণিক কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও আলোকপাত করা হয়।
আয়োজকরা জানান, ডিজিটাল লেনদেনে প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ ও অনুসরণ করা সম্ভব হওয়ায় পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্ত কার্যক্রম আরও নির্ভুলভাবে পরিচালনা করা যায়।
২০১৭ সাল থেকে বিকাশ দেশের বিভিন্ন তদন্ত কর্মকর্তাদের নিয়ে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে আসছে।
৬ দিন আগে
তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিহত তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় এবার চারজন পুরুষের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের শুক্রাণু এবং আরও একজনের রক্তের নমুনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার (১৭ মে) রাতে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই সদর দপ্তরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানো এক চিঠির জবাবে প্রায় এক মাস আগে জানানো হয়, তনুর পোশাকে পাওয়া নমুনায় তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরদিন সকালে সেনানিবাসের পাওয়ার হাউজ-সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত প্রথমে পুলিশ, পরে ডিবি ও সিআইডির হাতে গেলেও দীর্ঘদিন দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পরে ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআই সদর দফতরে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছেন পরিদর্শক তরিকুল ইসলাম, যিনি ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর এই মামলার দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।
পিবিআই সূত্র জানায়, সন্দেহভাজন হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে তনুর পোশাকে পাওয়া আলামতের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। তবে গতকাল (রবিবার) পর্যন্ত সেই পরীক্ষার ফল পাওয়া যায়নি।
১২ দিন আগে
জিএম কাদের-চুন্নুর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে মামলা
নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদসহ দশজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত। এরপর মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ মামলার এজাহার গ্রহণ করেন। এর আগে, গত ১৭ মে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি এ আবেদন করেন। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ২৬ মে দিন ধার্য করেন।
এ মামলার অপর আসামিরা হলেন—জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, উত্তরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ডিসি আকরাম, ডিবি উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার এবং ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য মো. সাঈদুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী এডিএম জোবায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের ঘটনায় জিএম কাদেরসহ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে আমরা চাঁদাবাজির একটি মামলা করেছি। আদালত বাদীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে আদেশ অপেক্ষমাণ রাখেন। আজ মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, জি এম কাদেরের সরাসরি মদদে অন্য আসামিরা ২০২৪ সালের ডামি জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয় এবং বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে ক্ষুদে বার্তা পাঠায়। এ নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায়।
এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতিগ্রস্ত সাবেক কর্মকর্তাদের সহযোগিতায় ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন লোক আসামিকে নিয়ে ২০২৩ সালের ১০ অক্টোবর রাত সাড়ে ৮টায় বাদীর বাসার দরজা ভেঙে প্রবেশ করে আসবাবপত্র, ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, মোবাইল, ল্যাপটপসহ মালামাল লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন: আদালতের টয়লেটে পড়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল আহত
বাদী নাজমিন সুলতানা তুলি এসব নিয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে মামলার বাদী নাজমিন সুলতানা তুলি বলেন, ‘আওয়ামী সরকারের পতন হওয়ার পরও তারা বিভিন্নভাবে শক্তি সঞ্চয়ের চেষ্টায় লিপ্ত রয়েছে।’
তিনি বলেন, ‘ওই ঘটনার পর আমি দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত (ট্রমায়) ছিলাম এবং সামাজিকভাবে লাঞ্ছিত হয়েছি। যারা রাজনীতিকে কলুষিত করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
৩৬৯ দিন আগে
বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন: পিবিআই
বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইয়ের) তদন্তে এমন তথ্যই উঠে এসেছে।
নয়ন বড়ুয়া নামের এক ব্যক্তি তার প্রেমিকাকে হত্যা করেছেন বলে তদন্তে উঠে আসে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২২ মার্চ চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের নীচ থেকে বস্তাবন্দী তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা তদন্ত করতে গিয়ে চট্টগ্রামের মোহরা এলাকা থেকে নয়ন বড়ুয়া নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পিবিআই।
আরও পড়ুন: সিলেটে যুবককে খুন করে টাকা ও মোটরসাইকেল ‘ছিনতাই’
তারা আরও জানায়, হত্যার পর গুম করতেই লাশটি কম্বল পেচিয়ে বস্তাবন্দি করে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে ফেলে যায় ঘাতক।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘একটি তৈরি পোষাক কারখানায় কাজ করার সময় নয়ন বড়ুয়ার সঙ্গে প্রেম হয় জ্যোস্না বেগম নামের যুবতীর। স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসকালে নয়নকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার জন্য চাপ দিয়ে আসছিলেন জ্যোস্না বেগম। এর জের ধরে জ্যোস্নাকে গলা টিপে হত্যা করে নয়ন। এরপর বন্তাবন্দি করে লাশ ফেলে দেওয়া হয়।’
আটক হবার পর আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
৪৩১ দিন আগে
আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সোমবার মামলাটি পিবিআইয়ে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: ক্রিকেটারদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করলেন গাজী আশরাফ
রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। এখন মামলার তদন্ত করবে পিবিআই।’
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড় এলাকায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়।
এ ঘটনায় ১৭ জুলাই তাজহাট থানায় মামলা করা হয়। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।
আরও পড়ুন: আবু সাঈদ সবার হৃদয়ে রয়েছেন: অধ্যাপক ইউনূস
আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের কিশোরের জামিন
৬৫৫ দিন আগে
নরসিংদীতে 'অটোরিকশার জন্যে খুন', গ্রেপ্তার ৭
নরসিংদীর শিবপুরের অটোরিকশাচালক রবিউল ইসলাম রবিকে হত্যায় অভিযুক্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (৩ জুলাই) ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদী পিবিআইয়ের সুপার এনায়েত হোসেন মান্নান।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে অমি, নেহাল ও হাসিব নামে তিনজনকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে সাতজনকে আটক করা হয়েছে।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর মামলা দায়ের করেন রবির মা নাজমা বেগম।
সংবাদ সম্মেলনে এনায়েত হোসেন বলেন, ‘সম্ভবত অটোরিকশাটির জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। চুরি ও বিক্রি সহজ হবে ভেবে রবির গাড়িটিকে টার্গেট করে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অভিযুক্তরা।
তিনি আরও জানান, ‘অপরাধীরা ভেবেছিল তারা সহজেই রবির থেকে অটোরিকশাটি ছিনতাই করে বিক্রি করে দেবে। রবিকে গলা কেটে হত্যা করেছে তারা।
এনায়েত হোসেন বলেন, ‘মালিকের বর্ণনার ভিত্তিতে অটোরিকশাটি উদ্ধার করা হয়। গাড়ির রং বদলে ফেলা হলেও রাস্তার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তদন্তের মাধ্যমে অভিযুক্তদের ধরা সম্ভব হয়।
নিহত রবির মা নাজমা বেগম দুঃখ প্রকাশ করে বলেন,‘শুধুমাত্র অটোরিকশার জন্য ওরা আমার ছেলেকে মেরেছে। রাত ৩টা পর্যন্ত ছেলেকে খুঁজে বেরিয়েও তার সন্ধান পাইনি। পরদিন ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে খবর পাই শিবপুরের সাতপিকা এলাকায় একটি লাশ পাওয়া গেছে।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
৬৯৬ দিন আগে
চট্টগ্রামে পুত্রবধুকে নিয়ে হাসানের মাথার খোঁজে পিবিআই
চট্টগ্রামে লাগেজ ভর্তি খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় নিহত হাসানের মাথার সন্ধানে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (২ অক্টোবর) হাসানের পুত্রবধূ আনারকলিকে নিয়ে দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালায় পিবিআই টিম। তবে আনারকলির দেখানো মতে সাগর পাড়ে বড় বড় পাথরের ফাঁকে তন্নতন্ন করে খুঁজেও ভুক্তভোগীর কাটা মাথার সন্ধান পাওয়া যায়নি।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক মো. ইলিয়াস খান জানান, আনারকলিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার আদালতে হাজির করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন: চট্টগ্রামে ৮ টুকরো লাশের রহস্য উদঘাটন
তিনি বলেন, আনারকলি হাসান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত নয়। তবে তিনি হত্যার আলামত গোপনে সহযোগী। প্রথমে তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়। এরপর রবিবার ও সোমবার তাকে নিয়ে ভুক্তভোগী হাসানের কাটা মাথা উদ্ধারে অভিযানে যাই। কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি।
মো. ইলিয়াস খান জানান, পতেঙ্গায় টানেলের প্রবেশমুখে একটি পুলিশ বক্স আছে। এর পেছনে পাথরের ব্লকের ভেতরে খণ্ডিত মাথাটি আছে বলে আনারকলি আমাদের দেখিয়ে দেন। আমরা কয়েকঘণ্টা তল্লাশি চালিয়েছি। সেখানে লাশ পচা দুর্গন্ধও পেয়েছি, কিন্তু জোয়ার চলে আসার কারণে মাথাটি পাওয়া যায়নি। আমাদের ধারণা, ব্লকের ভেতরে মাথাটি এখনও আটকে আছে। আগামীকাল (মঙ্গলবার) ভোরে ভাটার সময় আবারও তল্লাশি চালানো হবে।
খুনের শিকার মো. হাসান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে। সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে বিরোধের জেরে মা ছেনোয়ারা বেগমের সহযোগিতায় বড় ছেলে মোস্তাফিজুর রহমান বাবাকে হত্যা করেছে বলে পুলিশ জানায়।
গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেইটে একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। কফি রঙের ট্রলিব্যাগে ছিল মানব শরীরের দুই হাত, দুই পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। এ ঘটনায় পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ভুক্তভোগী হাসানের স্ত্রী ছেনোয়ারা বেগম (৫০) ও তাদের বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। গত ২৭ সেপ্টেম্বর অভিযুক্ত মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বাবাকে হত্যার কারণ, কীভাবে হত্যা করা হয় এবং কীভাবে মরদেহ ফেলে দেওয়া হয় তার বর্ণনা দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
৯৭০ দিন আগে
চাঞ্চল্যকর মামলার তথ্য উদঘাটন করায় পিবিআই'র ভূয়সী প্রশংসা আইজিপির
দেশের বহুল আলোচিত কয়েকটি হত্যা মামলা সমাধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাফল্যের প্রশংসা করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তর পরিদর্শন এবং মামলার তদন্ত ও সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময়কালে আইজিপি বলেন, পিবিআই মামলা তদন্তে দক্ষতার নতুন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন: সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
তিনি বলেন, পুলিশের বিভিন্ন তদন্ত সংস্থার মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে তদন্তের মান বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ৯৫ শতাংশ মামলার নিষ্পত্তি হচ্ছে।
পুলিশ প্রধান বলেন, পিবিআই উদ্ভাবনী ধারণা নিয়ে মামলাগুলো তদন্ত করছে। আইজিপি আশা প্রকাশ করেন, পিবিআই দীর্ঘদিন ধরে তদন্তে উচ্চমান বজায় রেখে জনগণের মধ্যে যে আস্থা তৈরি করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পিবিআই প্রধান (অতিরিক্ত আইজিপি) বনজ কুমার মজুমদার মামলার তদন্ত ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।
তিনি শিশু হত্যার কারণগুলো নিয়ে গবেষণার উপরও জোর দেন।
পিবিআই ২০১২ সালে ৯৭০ জন জনবল নিয়ে যাত্রা শুরু করে। ২০১৬ সালের ৫ জানুয়ারি বিধিমালা প্রণয়নের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করে পিবিআই।
বর্তমানে পিবিআই ২ হাজার ৩১ জনের জনবল নিয়ে হত্যা, ডাকাতি, জালিয়াতি, মানবপাচারসহ বিভিন্ন ধরনের অপরাধের তদন্ত করছে।
আরও পড়ুন: নির্বাচনের আগে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি আইজিপির
কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
৯৭৮ দিন আগে
সাংবাদিক রোজিনা ইসলামের মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ আগস্ট
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ আগস্ট ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ আগস্ট) মামলাটি অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।
এদিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি।
এজন্য ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
ডিবি পুলিশ তদন্ত শেষে গত বছর ১১ অক্টোবর রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
আরও পড়ুন: অব্যাহতির পর রোজিনা ইসলামের বিরুদ্ধে বাদীর নারাজি দেয়ায় বিএসআরএফ’র উদ্বেগ
গত ২৩ জানুয়ারি বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।
২০২১ সালের ১৭ মে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ স্বাস্থ্য সচিবের পিএসের রুম থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়।
এরপর মধ্য রাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন শিব্বির আহমেদ।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনা ইসলামকে শুভেচ্ছা জানিয়েছে আর্টিকেল ১৯
মন্ত্রী, সচিব বা রোজিনা ইসলাম কেউই আইনের ঊর্ধ্বে নন: তথ্যমন্ত্রী
১০২৩ দিন আগে
বাবুলসহ ৩ জনের বিরুদ্ধে করা ডিএসএ মামলা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ আদালতের
পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চারজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমামের আদালত এ আদেশ দেন।
এদিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়।
এরপর আদালত মামলাটি পরবর্তী বিচারের জন্য ঢাকার সাইবারে ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।
এর আগে, গত ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম বাবুল আকতার, ইলিয়াস হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে মিতু হত্যা: সাবেক এসপি বাবুলসহ ৭ জনের বিচার কাজ শুরু
অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি হলেন- বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া।
আসামিদের মধ্যে ইলিয়াস হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
সিএমএম আদালতে ধানমন্ডি থানার জেনারেল রেকর্ডিং অফিসার উপপরিদর্শক মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে গত বছর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাইবার মামলায় জামিন পেলেন বাবুল আক্তারের বাবা ও ভাই
জামিন পেলেন সাবেক এসপি বাবুল আক্তারের বাবা ও ভাই
১১১৪ দিন আগে