নাটোর
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত
গ্রাহকের অর্থ আত্মসাৎ, ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া গত ২৩ সেপ্টেম্বর তাদের মধ্যে দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এর আগে ২২ সেপ্টেম্বর ব্যাংকের জিএম মো. শওকত জামানের স্বাক্ষরত চিঠিতে প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার এই কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
লিটন কুমার ও বিপুল পাল নাটোর থেকে বদলি হয়ে সর্বশেষ নওগাঁ জেলায় কর্মরত ছিলেন। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া বাকি তিন কর্মকর্তা হলেন এইচ এম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামান। তারা নাটোরের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।
লিটন কুমারের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৯২ লাখ ৭ হাজার টাকা ও বিপুল পালের বিরুদ্ধে প্রায় ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। নাটোরে কর্মরত থাকা অবস্থায় বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে প্রভাব বিস্তার করে তারা এসব অপকর্মে লিপ্ত হন বলে অভিযোগে রয়েছে।
এছাড়া বাকি তিন কর্মকর্তার বিরুদ্ধেও বিপুল অঙ্কের ভুয়া ঋণপত্র ও অতিরিক্ত আমানত সৃষ্টির অভিযোগ রয়েছে।
নাটোর সোনালী ব্যাংকের ডিজিএম আহসান রেজা বিষয়গুলো নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি।
৬ দিন আগে
নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১
নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালক স্বপন চন্দ্র (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর উপজেলার খানপুর এলাকার গোবর জৈনের ছেলে।
পবা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী জানান, আজ (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে চালক স্বপন অ্যাম্বুলেন্স নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ফিরছিলেন। পথিমধ্যে নাটোর সদরের চাঁদপুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক স্বপন।
খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এএসআই হায়দার আলী।
১৩ দিন আগে
নাটোরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ১০৬ ভর্তি
নাটোর শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে নাটোর জেনারেল হাসপাতালে ১০৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি রোগীদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৭ জন নারী। রোগীদের অধিকাংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমান জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও প্রস্তুতি রাখা হয়েছে।
তিনি জানান, আবহাওয়া ও পানির কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে থাকতে পারে।
২৪ দিন আগে
নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আবু বকর সিদ্দিক (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শারমিন আখতার এ রায় দেন।
রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে তা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের মিয়া জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই এলাকার বখাটে যুবক আবু বকর সিদ্দিক।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা ইমরান আলী বাদী হয়ে সিংড়া থানায় মামলা করলে তদন্ত শেষে চার্জশিট দাখিল করে পুলিশ। ঘটনার মাত্র দেড় বছরের মধ্যে নিম্ন আদালতে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষ করা হয় বলে জানান বিশেষ পিপি।
২৮ দিন আগে
নাটোরে দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে জখম, ২০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ
নাটোর শহরের ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলারের দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে ২০ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
রবিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কান্দিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী ফেরদৌস জানান, হুমায়রা ট্রেডার্স নামে তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল কাইয়ুম (৬৪) দুপুরে জমি বিক্রির ২০ লাখ টাকা ও সরকারি আটা ক্রয়ের ২০ হাজার টাকা নিয়ে কান্দিভিটা এলাকার দোকান হুমায়রা ট্রেডার্সে অবস্থান করছিলেন। এ সময় তুষার নামে স্থানীয় এক যুবক ডাব কাটা হাসুয়া দিয়ে কাইয়ুমের মাথায় আঘাত করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, তারা বিষয়টি তদন্ত করছেন।
৩৫ দিন আগে
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত
নাটোরের রামাইগাছি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে শহরের অদূরে নাটোর-রাজশাহী মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কে ব্যাটারিচালিত একটি ভ্যান শহরের হরিশপুর বাইপাসের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও অপর এক যাত্রী ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়। প্রবল ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। পরে যাত্রীবাহী বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাইদ মিয়া (৪৫) এবং যাত্রী সাব্বির হোসেন (২৩) নিহত হন।
পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত দুজনই জেলার বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর এবং জয়নগর পূর্বপাড়ার গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান।
৪৩ দিন আগে
নাটোরে সাংবাদিকদের মারধর: ৩ ছাত্রদলকর্মীকে বহিষ্কার
নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধর করায় তিন ছাত্রদলকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কৃত ছাত্রদলকর্মীরা হলেন: জাহিদ হোসেন, শফিকুল ইসলাম ও মামুন আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট লালপুর ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের ঘটনায় সরকারি দলের কর্মীরা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে। ঘটনাটি কাভারেজের সময় এনটিভি অনলাইনের নাটোর প্রতিনিধি সজিবুর ইসলামসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে মারধর করেন ছাত্রদলকর্মীরা।
একই ঘটনা ঘটে বাগাতিপাড়া উপজেলাতেও। তবে সেখানে এখনও দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনার প্রতিবাদে জেলার সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেন। ইতোমধ্যেই দুই উপজেলার তথ্য সংগ্রহকারীদের তালিকা বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৫০ দিন আগে
নাটোরে ভটভটির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গরুবাহী ভটভটি ও বাসের সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আব্দুর রহমান, আক্কাছ আলী এবং তার বড় ভাই জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।
পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে নাটোরের বড়াইগ্রাম থেকে চান্দাইকোনা গরুর হাটগামী ভটভটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ভটভটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৫৭ দিন আগে
নাটোরে পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর হাজীপাড়া এলাকার একটি পুকুর থেকে মিলন প্রাং (৪৫) নামে নিখোঁজ এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুর হাজীপাড়া গ্রামের বাসিন্দা মিলন প্রাং গত বুধবার (২৭ মে) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
পরদিন বৃহস্পতিবার (২৮ মে) সকালে বাড়ির পাশের কালামের পুকুরপাড়ে তার ব্যবহৃত জামা ও জুতা পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন সেগুলো বাড়িতে নিয়ে যান। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে ওই পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পান তার স্ত্রী শাবানা খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মিলনের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, মিলন প্রাং দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন।
তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে জানিয়েছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি) নুরে আলম বলেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
১২৮ দিন আগে
দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজারে চামড়া সংগ্রহ শুরু
ঈদুল আজহার নামাজ শেষে দেশজুড়ে চলছে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানি। এরই পরিপ্রেক্ষিতে কেনাবেচায় সরগরম হতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মার্কেট নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলো।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর শহরের বিভিন্ন পাড়া, মহল্লা ও শহরতলী এলাকা থেকে মার্কেটে আসতে শুরু করেছে পশুর কাঁচা চামড়া।
সরেজমিনে দেখা গেছে, আড়তদাররা দরদাম করে কিনছেন কাঁচা চামড়া। ইতোমধ্যেই এখানে মানভেদে গরুর চামড়া ৩০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। ছাগলের চামড়া বরাবরের মতোই কম দামে বিক্রি হচ্ছে। ছাগলের চামড়া প্রতিটি ৪০/৫০ টাকায় বেচাকেনা চলছে।
সময় যত বাড়বে মার্কেটের কেনাবেচা ও ব্যস্ততা ততই বাড়বে বলে জানান কাঁচা চামড়া ব্যবসায়ীরা।
নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, এবারের কোরবানিতে নাটোর মার্কেটে প্রায় ১২ লাখ চামড়া সংগ্রহ হতে পারে।
তিনি জানান, গত বছর প্রায় ৮ লাখ কাঁচা চামড়া সংগৃহীত হয়েছিল নাটোর মার্কেটে। এবার কোরবানিতে এ সংখ্যা বাড়বে বলে ধারণা তার।
১২৯ দিন আগে