দিনাজপুর
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
দাবি আদায়ে ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট পালনের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল থেকে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা এ ধর্মঘট শুরু করেছেন। পশ্চিমবঙ্গের সোনামসজিদসহ অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দরেও পণ্য তালিকা অনুমোদন দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশের সঙ্গে ভারতের অন্যান্য স্থলবন্দরে আমদানি-রপ্তানির পণ্য তালিকা দীর্ঘ হলেও হিলি স্থলবন্দরে তালিকা অনুযায়ী সীমিত সংখ্যক পণ্য আমদানি-রপ্তানির অনুমতি থাকায় ব্যবসায়ীরা পিছিয়ে পড়াসহ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অন্যান্য স্থল বন্দরের মতো হিলিতেও সমান সুযোগ-সুবিধা চান তারা।
ধর্মঘটের বিষয়ে বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন ভারতীয় এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল।
চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে হিলি দিয়ে তাদের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এসব বৈষম্য দূর করে সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী জানান, ধর্মঘটের বিষয়ে ভারতীয় ব্যবসায়ী সংগঠন একটি চিঠি পাঠিয়েছে।
এলসিতে আসা গম, ভুট্টা, ভুষি, ডাল, ছোট সাইজের পাথরসহ বিভিন্ন ধরনের পণ্যবোঝাই ট্রাক ভারতীয় এলাকায় আটকা পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন বাংলাদেশি আমদানিকারকরা।
৯ দিন আগে
দিনাজপুরে তিনটি ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৪
দিনাজপুরের বিরামপুরের তিনটি ট্রাকের সংঘর্ষে বিপরীতমুখী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক ট্রাকের চালক ও সহকারীসহ মোট ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিজুল বাজার এলাকায় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক রশিদুল ইসলাম (৩৪) দিনাজপুরের জেলা সদরের শেখপুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরের বিজুল বাজার-সংলগ্ন বিজুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিরামপুর থেকে ছেড়ে আসা মালবোঝাই করা অন্য একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় একই দিকে যাওয়া আরেকটি ট্রাক সামনের ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সামনেও মালবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসার আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মালবাহী ট্রাকের চালক রশিদুল ইসলাম দুর্ঘটনাস্থলেই নিহত হন, আর অন্য ট্রাকের চালক ও সহকারীসহ চারজন আহত হন।
খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেন বিরামপুর এবং ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। আহত চারজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
১৪ দিন আগে
সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দিনাজপুর বোর্ডে
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে বড় পতন হয়েছে। চলতি বছর এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৫ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।
শুধু পাসের হার নয়, এবার উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে। বোর্ডের গত সাত বছরের ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অর্থাৎ ৭৮ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ ছাড়া ২ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮২ হাজার ২৩৪ জন। উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। সে হিসাবে এবার উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৭ হাজার ২২১ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সাত বছরের ফলাফল পর্যালোচনা করলে এবারের পতনের চিত্র আরও স্পষ্ট হয়। ২০২১ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৮১ দশমিক ১৬ শতাংশে। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। ২০২৪ সালে সামান্য বেড়ে হয় ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এরপর ২০২৫ সালে তা নেমে আসে ৬৭ দশমিক ৩ শতাংশে। এবার আরও কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৫ শতাংশে।
অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে ৩৬ দশমিক ৭৫ শতাংশ। আর গত বছরের তুলনায় কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।
পাসের হারের পাশাপাশি সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও পতন হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৪৮৭ জন এবং ছাত্রী ৭ হাজার ১৫২ জন।
২০২৫ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৬২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৪২৩ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে অবশ্য এবারও ছাত্রীরা এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৭ হাজার ১৫২ জন।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ মোবাইল ফোনে বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আমি এখনও দুই মাসও পূর্ণ করিনি। আমি শুধু ফলাফল প্রকাশ করেছি। ফলাফল কেন কমেছে, এর কারণ জানতে হলে বিষয়টি খতিয়ে দেখতে হবে। কোথায় সমস্যা হচ্ছে, তা পর্যালোচনা না করে এখনই বলা সম্ভব নয়। আমরা আগে ফলাফল পর্যালোচনা করব। মোটামুটি এবার সব শিক্ষা বোর্ডেই ফলাফল কিছুটা কমেছে।’
২৯ দিন আগে
দিনাজপুরে অটোরিকশার ওপর গাছ উপড়ে পড়ে চালক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তার পাশের একটি মরা গাছ উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে আব্দুল গফুর নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কাঁচদহ-খালাশপীর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গফুর অটোরিকশা চালিয়ে কাঁচদহ থেকে খালাশপীরের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশের একটি মরা গাছ হঠাৎ অটোরিকশার উপড়ে ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রংপুরের পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, আজ (বুধবার) সকাল ১০টার দিকে রাস্তার পাশের একটি মরা গাছ উপড়ে পড়ায় অটোরিকশার চালক নিহত হন। পরে গাছটি অপসারণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৬২ দিন আগে
দিনাজপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলআরোহী মা-ছেলে নিহত
দিনাজপুরের বীরগঞ্জে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তার ৩ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক গৃহকর্তা নাজমুল হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে নাস আব্দুল্লাহ।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) ভোরে স্ত্রী ও সন্তানকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে নিয়ে যেতে কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা দেন নাজমুল হোসেন।
পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর মোড়ে মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয় একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান। এ সময় ফাহিমা আক্তার ও তার ছেলে রাস্তায় ছিটকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
ওসি আরও জানান, মোটরসাইকেলচালক নাজমুল হোসেন দূরে ছিটকে পড়ায় আহত হয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৬৩ দিন আগে
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের প্রাণহানি
দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিউর রহমান রবি নামে এক যুবক নিহত হয়েছেন। একই দিনে জেলার খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে পৃথক স্থানে এ দুটি প্রাণহানির ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত রবির পরিবারের সদস্যরা জানান, আজ (রবিবার) ভোরে ফজরের নামাজ পড়ে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার পথে উপজেলার গোলাপগঞ্জ এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে দিনাজপুর শহরের জিয়া ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে নেওয়ার পথে তিনি মারা যান।
পরিবারের সদস্যদের দাবি, রবি মাঝে মধ্যে ভারসাম্য হারানোর মতো আচরণ করতেন।
অন্যদিকে, খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ধীরেনপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শিশুটির মা বাড়ির পাশের ব্র্যাক স্কুলে শিক্ষকতা করেন। আজ সকালে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে স্কুলে যান। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি স্কুল-সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬৪ দিন আগে
দিনাজপুরে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা: সাংবাদিকসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপহরণ এবং ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় নাগরিক টেলিভিশনের হিলি প্রতিনিধি তাহাকিক হাসানসহ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকা থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২ জুলাই ইউসুফ ও মোজাম্মেল হোসেন মুকুল নামে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার তাহাকিক হাসান হাকিমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অভা জাকির জানান, জীবনানন্দ সরকার নামের একজন ‘টি বয়’-কে গত ৩০ মে অপহরণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের শাটারে তালা মেরে ভেতরে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা। এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা করেন জীবনানন্দের বাবা মনিন্দ্রনাথ সরকার। এরপর প্রায় ৩৬ ঘণ্টা পর অভিযান চালিয়ে ওই দোকানের ভেতরে আটকাবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ সময় জিম্মিকে পাহারা দেওয়া ইউসুফ এবং মোজাম্মেল হোসেন মুকুল নামে ২ জনকে গ্রেপ্তার করেন পুলিশ। এরপর মামলায় অভিযুক্ত অন্যান্যরা আত্মগোপন হয়ে যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তার সাংবাদিক তাহাকিক হাসানের ভাই মেহেদি হাসান ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতোপূর্বে স্বর্ণ চোরাচালানেরর মামলা রয়েছে।
অন্যদিকে, অপহরণের শিকার জীবনানন্দ সরকার ‘টি বয়’ হিসেবে কাজ করতেন। তার পরিবারের পক্ষে ১৮ লাখ দূরের কথা ১৮ হাজার টাকা দেওয়ার সক্ষমতা নেই। তাছাড়া জীবনানন্দ সরকারের কাছে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়েছেন অপহরণকারীরা। সব বিষয় মাথায় রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি জানান, গ্রেপ্তার ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
৬৫ দিন আগে
দিনাজপুরে ট্রাকচাপায় ভাই নিহত, বোন আহত
দিনাজপুরের নবাবগঞ্জে একটি মক্তবে পড়তে যাবার সময় ট্রাকচাপায় ছোট ভাই আল আমিন নিহত এবং গুরুত্বর আহত হয়েছে ১২ বছর বয়সী বড় বোন সুমনা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নবাবগঞ্জের ভাদুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ ট্রাক জব্দ করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
নিহত আল আমিন (১০) এবং আহত সুমনা নবাবগঞ্জের ভাদুরিয়ার শামিমের সন্তান।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক সাজেদুল জানান, সকালে পায়ে হেঁটে দুই ভাইবোন স্থানীয় মক্তবে আরবি পড়তে যাবার সময় দিনাজপুরমুখী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলে আল আমিন নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় তার বড় বোন সুমনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
৯৬ দিন আগে
দিনাজপুরে লিচুর লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) রবিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের দাবি, আজ (রবিবার) জনি মাস্টারের বাগানে সকালে লিচু কুড়াতে গিয়েছিল ভুক্তভোগী শিশু। রহিম ঋশি ওই লিচু বাগানের পাহারাদার। এ সময় তার হাতে কিছু লিচু তুলে দিয়ে তাকে পাশ্ববর্তী ভূট্টাখেতে নিয়ে যান রহিম। এ সময় তাকে ধর্ষণ করতে গেলে শিশুটির চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। এরপর রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় রহিম ঋশিকে আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
১০০ দিন আগে
দিনাজপুরে শখের মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ
দিনাজপুরে শখের মোটরসাইকেল কেড়ে নিল কিশোর জাবির খালেদ ও তার বন্ধু রিয়াদ হোসেন নামের দুই যুবকের প্রাণ। সম্পর্কে তারা পরষ্পরের বন্ধু ছিলেন।
শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ফতেজংপুর ইউনিয়নের চাম্পাতলী এলাকায় দশমাইল হাইওয়ে পুলিশ থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাবির খালেদ (১৮) চিরিরবন্দরের বাসিন্দা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক (সার্জন) ডা. আশরাফ খালেদ সাগরের একমাত্র ছেলে। আর রিয়াদ হোসেন চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর শাহাপাড়ার দুলাল হোসেনের ছেলে। তারা দুজনই চিরিরবন্দরের আমেনা বাকী মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) সন্ধ্যার দিকে গাড়োডাঙ্গি সেতুর ওপর একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলচালক জাবির খালেদ এবং আরোহী রিয়াদ হোসেন গুরুত্বর আহত হন। সৈয়দপুরে প্রাথমিক চিকিৎসা শেষে উভয়কে রংপুরের ডক্টরস হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পছন্দের মডেলের মোটরসাইকেল কেনার আবদার করে আসছিলেন খালেদ। মোটরসাইকেলটি কেনার পর সেটির চাবির একটি ছবি আলহামদুল্লিলাহ লিখে গত বছরের ২২ মে নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছিলেন তিনি। গতকাল বন্ধুকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে সৈয়দপুরের দিকে রওনা দিয়েছিলেন খালিদ। পথিমধ্যে গতি হারিয়ে একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে সব কিছু শেষ হয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত জানান, দুর্ঘটনার কারণে প্রাইভেটকারের চালককে আটকসহ জব্দ প্রাইভেটকার চিরিরবন্দর থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে নিহত রিয়াদ হোসেনের চাচা আতাউর রহমান বাদী হয়ে গতকাল (শনিবার) রাত ১২টার দিকে প্রাইভেট কারচালক ফটিক রায় সুমনকে (২২) আসামি করে একটি মামলা করেছেন।
১০০ দিন আগে