বিআইডব্লিউটিএ
মুন্সীগঞ্জে লঞ্চঘাটে ৩২ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ
মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ছোটবড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রবিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে এসব স্থাপনা গড়ে উঠেছিল। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে জায়গা দখল করে স্থাপনাগুলো নির্মাণের অভিযোগও রয়েছে।
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযান প্রসঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, ‘আগে কী হয়েছে সেটা দেখার বিষয় নয়। অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারের স্পষ্ট বার্তা রয়েছে। সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।’
মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার বলেন, লঞ্চঘাটের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি আমাদের নজরে ছিল। বিআইডব্লিউটিএর উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে। সরকারি জায়গা দখল করে কেউ যাতে পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠে। সেগুলো উচ্ছেদ করতেই এবার অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, লঞ্চঘাটের জায়গা দখল করে ভবিষ্যতে যাতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হবে। উচ্ছেদে এক একর জমি দখলমুক্ত করা হয়, যার মূল্য শত কোটি টাকা।
১৪ ঘণ্টা আগে
বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মুহিদুল ইসলাম।
মুহিদুল ইসলামকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের পদে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার স্থলাভিষিক্ত হবেন তিনি।
এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি কিশোরগঞ্জ ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
মুহিদুল ইসলাম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের অধীন বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয় থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
৮২ দিন আগে
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং নৌ-দুর্ঘটনা রোধে একগুচ্ছ নির্দেশনা ও সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (১৪ মে) এক জরুরি নৌ-বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি যাত্রী ও সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে নৌপথে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যাত্রী চলাচল করে। এই সময়ে জীবন ও সম্পদের ঝুঁকি এড়াতে যাত্রীদের টিকিট কেটে লঞ্চে ওঠার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে বলা হয়েছে।
নৌ-দুর্ঘটনার প্রধান কারণগুলোর একটি ‘অতিরিক্ত যাত্রী’ উল্লেখ করে বিআইডব্লিউটিএ জানায়, কোনোভাবেই অতিরিক্ত যাত্রী হয়ে বা লঞ্চের ছাদে ভ্রমণ করা যাবে না। ছাদে যাত্রীর কারণে নৌযান ভারসাম্যহীন হয়ে পড়ার ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। এছাড়া তাড়াহুড়া না করে শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে আরোহণ ও অবরোহনের জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে হবে এবং দুর্যোগপূর্ণ বা খারাপ আবহাওয়ায় কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করা যাবে না। মাঝ নদীতে ট্রলার থেকে চলন্ত লঞ্চে ওঠানামা করা থেকেও বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চে আরোহণের পর লাইফ জ্যাকেট ও লাইফ বয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া অজ্ঞান পার্টি, পকেটমার ও ছিনতাইকারীদের কবল থেকে বাঁচতে অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ না করতে এবং মালামাল নিজ দায়িত্বে রাখতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঈদের ভিড় এড়াতে সম্ভব হলে আগেভাগেই পরিবার-পরিজনকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া এবং ঘাটে লঞ্চ না আসা পর্যন্ত টার্মিনালের ভেতরেই অপেক্ষা করা উচিত।
জরুরি পরিস্থিতিতে বা যেকোনো সমস্যার সম্মুখীন হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে। সেইসঙ্গে দ্রুত যোগাযোগের জন্য বিআইডব্লিউটিএর নিজস্ব হটলাইন নম্বরসহ (১৬১১৩) জাতীয় জরুরি সেবা ৯৯৯, ৩৩৩ (সরকারি তথ্য ও সেবা), ১০২ (ফায়ার সার্ভিস), ১৬১১১ (কোস্ট গার্ড) ও নৌ-পুলিশের (০১৭৬৯-৭০২২১৫) নম্বরগুলোতে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
১০১ দিন আগে
ঈদে বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু
আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ কমাতে এবং বিকল্প নৌপথে যাতায়াত সহজ করতে বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (১৪ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাটে অতিরিক্ত যাত্রীচাপ কমানো এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা ব্রিজসংলগ্ন লঞ্চঘাট থেকে ছয়টি এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বছিলা লঞ্চঘাট থেকে সকাল ৭টায় এমভি টিপু লঞ্চ হাকিমুদ্দিনের উদ্দেশে ছাড়বে। সকাল ৮টা ৩০ মিনিটে এমভি ইমাম হাসান-৫ শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করবে এবং বেলা ১১টায় এমভি ঈগল-৪ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে।
এছাড়া দুপুর ১২টায় এমভি টিপু-৬ ইলিশার উদ্দেশে এবং দুপুর ১টা ৩০ মিনিটে এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩ গলাচিপার উদ্দেশে ছেড়ে যাবে। সেই সঙ্গে বিকেল ৫টা ৩০ মিনিটে এমভি ইয়াদ-১ ইলিশার উদ্দেশে যাত্রা করবে।
অন্যদিকে, শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে সকাল ৮টায় এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং সকাল ৯টায় এমভি সমতা সমৃদ্ধি-১ একই গন্তব্যে যাত্রা করবে। এছাড়া সকাল ৮টায় এমভি রাজারহাট বি বরিশালের উদ্দেশে ছাড়বে এবং সন্ধ্যা ৭টায় বরিশাল থেকে শিমুলিয়ার উদ্দেশে ফিরতি যাত্রা করবে।
ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন সদরঘাট টার্মিনাল এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল (ব্যবসায়িক পণ্য ছাড়া) বহনের জন্য বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। একই সময়ে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য সদরঘাট ও বরিশাল নদী বন্দরে হুইলচেয়ার সেবাও চালু থাকবে।
বিআইডব্লিউটিএ আশা করছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে। এজন্য যাত্রীদের সার্বিক সহযোগিতাও কামনা করা হয়েছে।
১৬২ দিন আগে
রাজধানীতে চোর সন্দেহে গণপিটুনিতে আহত সেই যুবকের মৃত্যু
রাজধানীর শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনির শিকার আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আব্দুর রহিমকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রহিমকে হাসপাতালে নিয়ে আসা বিআইডব্লিউটিএ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রকল্পের ভেতরে রড চুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
১৮১ দিন আগে
সরকার পতনের পর চাপে বিআইডব্লিউটিএ, প্রকল্পে ধীরগতি
গত বছর সরকার পতনের প্রভাব পড়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উন্নয়ন কর্মকাণ্ডে। একদিকে মূল প্রকল্পগুলোতে অগ্রগতি কমে গেছে, অন্যদিকে নানা অভিযোগ ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযানের কারণে মনোবল হারাচ্ছেন কর্মকর্তারা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিআইডব্লিউটিএ নতুন কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেয়নি। বর্তমানে চলমান ১২টি প্রকল্পের কাজ খুবই ধীরগতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে নদীপথের নাব্য রক্ষা ও অবকাঠামো উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পও রয়েছে।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কর্মকর্তাদের আওয়ামী লীগ-সম্পৃক্ত বলে মিথ্যা প্রচার চালাচ্ছে। তাদের ভাষ্যে, ওই মহলটি অনৈতিক সুযোগ-সুবিধা দাবি করছে। সেটি না পেলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিচ্ছে।
কর্মকর্তারা বলছেন, এসব অভিযোগ প্রায়ই গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই সত্য হিসেবে প্রকাশিত হচ্ছে, যার ফলে প্রতিষ্ঠানের মধ্যে ভয় ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
বর্তমানে যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে, তার মধ্যে রয়েছে নদীর নাব্যত রক্ষা ও পুনরুদ্ধারে বড় পরিসরের ড্রেজিং কার্যক্রম। এর আওতায় রয়েছে— জামালপুরে ব্রহ্মপুত্র ও ঝিনাই নদী, কুড়িগ্রামে ধরলা নদী, দিনাজপুরে টোলাই ও পুনর্ভবা নদী, টাঙ্গাইলে বংশী নদী, গাইবান্ধায় ঘাঘট নদী, গাজীপুরে নাগদা নদী এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় কয়েকটি নদী।
আরও পড়ুন: সরকারি ক্রয় পদ্ধতি ডিজিটাল করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার
অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকাকে ঘিরে একটি বৃত্তাকার ওয়াকওয়ে নির্মাণ, নদীর সীমানা নির্ধারণে পিলার স্থাপন এবং ৩৫টি নতুন ড্রেজার সংগ্রহ। যদিও ড্রেজার সংগ্রহ কার্যক্রমও বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান জানান, চলমান প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে তারা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন।
তার দাবি, কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং অবৈধ সুবিধা আদায়ে কর্মকর্তাদের আওয়ামী লীগপন্থি হিসেবে চিহ্নিত করে ভয় দেখাচ্ছে। এতে তাদের কাজের গতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তথ্য যাচাই করে গণমাধ্যমকে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যম যদি আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে আমরা সঠিক তথ্য দিতে পারব। এতে বিভ্রান্তি কমবে এবং কর্মকর্তাদের মনোবলেও আঘাত আসবে না।’
বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম আরিফ উদ্দিনও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সঠিক ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রয়োজন, যাতে কর্মীদের মনোবল অটুট থাকে এবং সরকারি প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন সম্ভব হয়।’
৩৮৮ দিন আগে
বৈরী আবহাওয়া: ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ-সি-ট্রাক বন্ধ
মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় গত তিন দিন ধরে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।
শুক্রবার (২০ জুন) ভোর থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী পড়েছেন চরম বিপাকে।
এদিন সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চঘাটে দেখা গেছে, নারী-শিশু, বৃদ্ধসহ কয়েক হাজার যাত্রী অপেক্ষা করছেন গন্তব্যে পৌঁছানোর আশায়, কিন্তু লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক যাত্রী নিষেধাজ্ঞা অমান্য করে নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই রুটে ছোট ছোট ট্রলার এবং স্পিডবোটে পারাপার হচ্ছেন। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর থেকে ইলিশা ফেরি ও লঞ্চঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এ সময় লঞ্চ ও সি-ট্রাক ঘাটে বাঁধা থাকলেও যাত্রী পার করেনি, কিন্তু অবৈধ ট্রলারে করে যাত্রীরা পারাপার হচ্ছেন। পরিস্থিতির সুযোগ নিয়ে এসব ট্রলারে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।।
এসব ট্রলারের উপরে কোনো ছাউনি নেই। বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এতে করেই দেড়-দুই ঘণ্টার উত্তাল নৌপথ পাড়ি দিচ্ছেন যাত্রীরা।
আরও পড়ুন: শরণার্থীদের বোঝা সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর: গুতেরেস
তবে অবৈধ এসব ট্রলারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে যাত্রীদের অভিযোগ, আমরা ভোলার মানুষ এমনিতেই অবহেলিত। আমাদের কাজকর্ম আছে। আমরা অনেকেই চট্টগ্রামে কোম্পানিতে কাজ করি। আমাদের সময়মতো কাজে যোগদান করতে হয়। এ কারণে আমরা ভোলার ইলিশা লঞ্চঘাটে এসেছি। সকাল বেলা আকাশ পরিচ্ছন্ন ছিল। কোনো ঝড়-বাতাস ছিল না। লঞ্চ-সি-ট্রাক বন্ধ; অথচ অবৈধ ট্রলার, স্পিডবোট ঠিকই চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ বড় লঞ্চ আটকে রেখেছে, কিন্তু অবৈধ ছোট ট্রলারগুলোকে চলতে দিচ্ছে। চাকরিতে সময়মতো যোগ না দিলে চাকরি থাকবে না। চাকরি না থাকলে আমাদের সংসার চলবে না। এর দায়ভার কে নেবে?
ভোলা আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গত বুধবার সকাল ৯টা থেকে শুক্রবার ৯টা পর্যন্ত ভোলায় ৬৭ দশমিক ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে ঘণ্টায় ৩ নটিক্যাল মাইল বেগে দমকা হাওয়া বইছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিএর ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেউ নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অবৈধ ট্রলার চলাচল বন্ধে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছেন বলেও জানান এ কর্মকর্তা।
৪২৯ দিন আগে
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস উদ্বোধন সোমবার
বহুল প্রতীক্ষিত চট্টগ্রামের বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে আগামীকাল সোমবার। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিষেবাটি চালু হতে যাচ্ছে।
ফেরি সার্ভিস উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
এ উপলক্ষে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
চট্টগ্রাম-সন্দ্বীপ সরাসরি ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। এর মাধ্যমে সন্দ্বীপবাসী একটি নিরাপদ নৌযোগাযোগ ব্যবস্থা পাবে বলে আশাবাদী বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
ফেরিতে বাস, ট্রাক, ট্যাংক-লরি, মিনিবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচল করার সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাবে বলেও আশা করছে সরকার।
আরও পড়ুন: নৌপথে মানুষের হয়রানি যাতে না হয়: উপদেষ্টা সাখাওয়াত
ফেরি সার্ভিস চালু হলে সন্দ্বীপে পর্যটকসহ পর্যটনের সংখ্যাও বাড়বে। একই সঙ্গে জায়গাটি অচিরেই দেশের অন্যতম পর্যটন এলাকায় পরিণত হতে পারে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার; প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মো. খোদা বখস চৌধুরী ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
৫১৮ দিন আগে
আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার পাইপে আগুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটি’র ড্রেজিং মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটি’র ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: শ্যামপুরের ডায়িং কারখানায় আগুন
বিআইডব্লিউটি’র ওয়াচম্যান তোতা মিয়া বলেন, লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫টি পাইপে আগুন লাগে।
আগুনের সূত্রপাতের বিষয়টি এখনও বোঝা যাচ্ছে না বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে মোট তিনটি ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষযয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না।’আরও পড়ুন: কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে
৬৪৭ দিন আগে
১০ বছরে ২৬ হাজার ১৮১টি নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ: নৌপ্রতিমন্ত্রী
২০১৪-২৪ সালের মধ্যে নদীর তীর থেকে ২৬ হাজার ১৮১টি ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এছাড়া এসময়ে ১ হাজার ১৬০ দশমিক ৬২ একর নদী তীরবর্তী দখল হওয়া জমি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য খসরু চৌধুরীর এক প্রশ্নের জবাবে নৌপ্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
বিআইডব্লিউটিএ নদী তীরগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে বলেও জানান নৌপ্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাজধানী ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথের মোট দৈর্ঘ্য ১১০ কিলোমিটার। ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী ও মিরকাদিমে চারটি অভ্যন্তরীণ নদীবন্দর রয়েছে যেগুলো অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। নির্বিঘ্নে পণ্য পরিবহন ও যাত্রী পরিবহনের জন্য এসব অভ্যন্তরীণ নদীবন্দর পরিচালনার দায়িত্বে রয়েছে বিআইডব্লিউটিএ।
মন্ত্রী বলেন, নদী পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের একটি সমীক্ষা করা হয়েছিল। নদী পুনরুদ্ধারের জন্য সকল অংশীদারদের নিয়ে একটি আমব্রেলা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (ইউআইপি) প্রস্তাব করেছে বিশ্বব্যাংক।
এই প্রস্তাবটি বাস্তবায়নে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং কাজ চলছে বলে জানান তিনি।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘এটি বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো সম্পূর্ণ দূষণমুক্ত হবে এবং পরিবেশের টেকসই উন্নয়ন সম্ভব হবে।’
সরকারি দলের সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এবং কনটেইনার পণ্যের প্রায় ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হ্যান্ডলিং করা হয়।
৭৮৯ দিন আগে