আর্জেন্টিনা সমর্থক
পটুয়াখালীতে আর্জেন্টিনা সমর্থক চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা
ফুটবল বিশ্বকাপের আবহে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক এই চিকিৎসক ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের কাছ থেকে অর্ধেক ভিজিট ফি নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লিখেছেন, বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে আসলে ভিজিট ফি হাফ।
ডা. হাবিবুর রহমান জানান, তার চেম্বার পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে। বর্তমানে তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা। তবে এই বিশেষ অফারের আওতায় আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য ফি হবে ৩০০ টাকা।
ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এটিকে বিশ্বকাপ উন্মাদনার আনন্দঘন প্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করার এই উদ্যোগকে অভিনব ও ব্যতিক্রমী বলেও মন্তব্য করেছেন।
বর্তমানে ডা. হাবিবুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
এ নিয়ে ডা. হাবিব বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দকে ভিন্নভাবে উদযাপন করার ভাবনা থেকেই এই উদ্যোগ। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য আমার পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা। এতে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না; বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের একটি উপলক্ষ তৈরি হবে।
চিকিৎসকের এমন ঘোষণায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও বেশ উৎসাহ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
পটুয়াখালী শহরের বাসিন্দা সাকিল ইসলাম বলেন, বিশ্বকাপ উপলক্ষে নানা ধরনের অফার দেখা গেলেও কোনো চিকিৎসকের পক্ষ থেকে এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী।
আরেক সমর্থক জুবায়ের আহম্মেদ বলেন, আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত। ডাক্তারের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে এবং বিশ্বকাপের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত বিশ্বকাপেও ডা. হাবিবুর রহমান আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছিলেন। এবারও তার ব্যতিক্রমী উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
২০ দিন আগে
ফিফা বিশ্বকাপ: বাহুবলে প্রতিপক্ষের হামলায় আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত
হবিগঞ্জের বাহুবলে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার জেরে প্রতিপক্ষের হামলায় এক আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত শাহ মো. আব্দুস সহিদ (৫৫) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্রাজিল দল ক্রোয়েশিয়ার কাছে হেরে গেলে আর্জেন্টিনা সমর্থকরা আদিত্যপুর গ্রামে আনন্দ মিছিল বের করে।
আরও পড়ুন: হবিগঞ্জে শিক্ষা কর্মকর্তার দীর্ঘ বক্তৃতা, ১৮ ছাত্রী অসুস্থ
মিছিল চলাকালীন সময় আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মো. রোকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে আর্জেন্টিনা সমর্থক রোকনের বাবা আব্দুস সহিদকে একা পেয়ে টেনু মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়।
হামলার এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন তিনি। তাৎক্ষণিক উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সকালে আব্দুস সহিদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সহিদ মারা যান।
ঘটনার সঙ্গে জড়িতের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
১২৯৫ দিন আগে