যাত্রাবাড়ী
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: ডিবির অভিযানে গ্রেপ্তার ৪
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল অপরাধীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এছাড়া গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানা এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন: মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।
নিয়াজ মেহেদী জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালায়।
তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।
পরে রায়হান উদ্দিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পার্কিংয়ের মাঝের একটি পিলারের পাশে ইটের সুরকির বস্তার মধ্যে লাল স্কচটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
পরে ডেমরা থানাধীন ডগাইর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রের বরাত দিয়ে নিয়াজ মেহেদী জানান, রায়হান উদ্দিন এর আগে মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৮ দিন আগে
যাত্রাবাড়ীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় রিয়া (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
রিয়া উইলস লিটল কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রুবেল গাজীপুরের কাপাসিয়ার সালুয়া দিগি এলাকার বাসিন্দা। তবে বর্তমানে পরিবারটি যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বসবাস করে।
রিয়ার বাবা রুবেল বলেন, আজ (সোমবার) দুপুর ১টার দিকে পেটে ব্যথা নিয়ে বাথরুমে যায় রিয়া। সেখানে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার গলায় দাগ দেখা যায়।
তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে গলায় দাগ দেখে ফাঁসের কথা বলেছেন। আমার মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কি না, সেটা আমরা জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, শনির আখড়া এলাকা থেকে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বাথরুমে পড়ে গিয়ে মেয়েটি আহত হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার গলায় দাগ দেখে রহস্যজনক মনে হচ্ছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
১৪ দিন আগে
যাত্রাবাড়ীতে গাড়িচাপায় প্রাণ গেল যুবকের
রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইরফান বলেন, খবর পেয়ে আমরা যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করি । পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানা যায়, রাত আড়াইটার দিকে আসমা আলী পাম্পের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়িচাপায় তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
১৭২ দিন আগে
যাত্রাবাড়ীতে তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হচ্ছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আজ (রবিবার) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এবং সাবেক উপপরিদর্শক (এসআই) শাহাদাত আলী।
পলাতকরা হলেন— ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।
এদিন আসামিদের অভিযোগ পড়ে শোনান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর মধ্যে আবুল হাসানসহ প্রথম আসামির বিরুদ্ধে হত্যা, কমান্ড রেসপনসেবলিটিসহ তিনটি অভিযোগ আনা হয়। ৮-১০ নম্বর আসামির বিরুদ্ধে আনা হয় দুটি অভিযোগ। আর শাহাদাত আলীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে নিপীড়নের অভিযোগ আনা হয়। অর্থাৎ তিনি মিথ্যা সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে জুলাই আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা করা হয়।
অভিযোগ পড়া শেষে কাঠগড়ায় থাকা আবুল হাসান ও শাহাদাত আলীকে দোষ স্বীকার করবেন কিনা জিজ্ঞেস করেন বিচারক শাহরিয়ার কবির। এ সময় আসামিরা দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া সূচনা বক্তব্যের জন্য আগামী ২৯ মার্চ দিন নির্ধারণ করা হয়।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।
গ্রেপ্তার দুজনের পক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান। এছাড়া পলাতক ৯ জনের পক্ষে ছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী এম হাসান ইমাম ও লোকমান হাওলাদার।
এর আগে, গত ২৮ জানুয়ারি প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। গত বছরের ২৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই অভ্যুত্থান চলাকালীন ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হাবিব-সুদীপসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে খুব কাছ থেকে গুলি চালিয়ে নির্মমভাবে তাইমকে হত্যা করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বন্ধু রাহাতের ওপরও গুলি চালায় পুলিশ। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, উস্কানি-প্ররোচনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়াও পুলিশের একজন কর্মকর্তা। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে উপপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
২১৮ দিন আগে
যাত্রাবাড়ীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মীরহাজারীবাগে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার পিতার নাম সালামৃধা। সাইফুল ইসলাম একটি মোটরের দোকানে কর্মচারী ছিলেন। তিনিও সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার পিতার নাম লোকমান খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
২১৮ দিন আগে
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী খুন
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকত। স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে সে পড়ত বলে জানিয়েছেন তার স্বজনরা।
নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, রবিবার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কিছু জানতে পারেননি তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
২২৪ দিন আগে
বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরা হলো না দুই বন্ধুর
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেআরোহী খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭) নামের দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খাইরুলকে এবং রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খাইরুল কিশোরগঞ্জ সদরের মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, একই ঘটনায় মোটরসাইকেলচালক ইয়াসিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। দুই বন্ধু ভাষানটেক এলাকায় থাকতেন।
নিহত খাইরুল হোসাইনের ভগ্নিপতি মহসিন জানান, ওরা দুই বন্ধু মিলে গতকাল (শনিবার) সকালে মোটরসাইকেলে করে নোয়াখালীতে গিয়েছিল এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে ফেরার সময় শনির আখড়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে কিছুক্ষণের ব্যবধানেই ঢামেক হাসপাতালে দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশ জব্দ করে হেফাজতে নিয়েছে বলে জানতে পেরেছি।
পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
২৪৬ দিন আগে
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশিষ মাগুরা সদরের পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আল-আমিন জানান, গত রাত ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এ সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী তার পথ রোধ করে দাঁড়ায় এবং ছুরি দিয়ে আঘাত করে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা তার কাছ থেকে কোনো কিছু নিতে না পেরে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
২৮১ দিন আগে
যাত্রাবাড়ীতে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় মশার কয়েল ধরানোর পর বিস্ফোরণ ঘটলে এক শিশুসহ এক পরিবারের তিন সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ৩১/১ নম্বর শহিদ ফারুক রোডের একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি খাদেমুল কোরআন মহিলা মাদরাসা গলির পাশে অবস্থিত।
দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন— রিপন মিয়া (৪০), তার স্ত্রী ইতি বেগম (৩০) ও মেয়ে রাফিয়া (৪)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, কলেজছাত্রী দগ্ধ
হাসপাতাল সূত্রে জানা যায়, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ ও রাফিয়ার ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। রিপনকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ), ইতিকে ইনস্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ও তাদের মেয়ে রাফিয়াকে এইচডিইউতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঘরে মশার কয়েল জ্বালানোর পরই আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
৪৪৫ দিন আগে
সাত দিনের রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র সাকিব হাসান নিহতের মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এদিন আবুল হাসানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম।
রিমান্ড বাতিল চেয়ে আবুল হাসানের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী।
শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর বিকালে কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গত ১৮ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা বিশ্বরোডে গুলিতে ও মারধরে সাকিব হাসানের মৃত্যু হয়।
এ ঘটনায় ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন তার স্বজন আবু বক্কর।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেপ্তার
৭৩৯ দিন আগে