অনুপ্রবেশ
ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি গুলিবিদ্ধ, বিজিবির মামলা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. বাবলা লিটন (২৮) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনাটি জানাজানি হয়। এর আগে মঙ্গলবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) তামাবিল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা এ ঘটনায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
বাবলা লিটনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সকালে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ গুলি করলে তা লিটনের হাতে লাগে।
বাবলা লিটন নলজুড়ি এলাকার বাসিন্দা। ঘটনার সময় তার সঙ্গে আরও সাত থেকে আটজন ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় বিজিবির মামলায় তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সীমান্তের ১২৭৮/৪ নম্বর পিলারের কাছ দিয়ে বাবলা লিটনসহ সাত থেকে আটজন ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। তখন তারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়লে বিএসএফ সদস্যরা চারটি গুলি ছোড়েন। এতে বাবলা লিটন গুলিবিদ্ধ হন।
এজাহারে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পরও বাবলা লিটনসহ অন্যরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন। পরে খবর পেয়ে সিলেট বিজিবির তামাবিল ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও ইট-পাথর ছোড়া হয়। এতে বিজিবির কয়েকজন সদস্য সামান্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন এবং অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে সতর্কতামূলকভাবে চার থেকে পাঁচটি গুলি ছোড়া হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।
১১ দিন আগে
অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে সিলেটে আটক ৭
উচ্চ বেতনের চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে সিলেটের গোয়াইনঘাটে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দালালদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অনুসন্ধান চলছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আটকদের সিলেট আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল (মঙ্গলবার) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বাগেরহাটের বকুলতলা গ্রামের মো. সাইফুল (২১), খুলনার দিগলদিয়া থানার বাগমারা গ্রামের মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জ মোগলা গ্রামের মো. কাউছার (১৬), বাগেরহাটের বকুলতলা গ্রামের মো. ওমর ফারুক (১৮), মোড়লগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মো. পারভেজ হাসান (২১), নড়াইলের কালিয়া উপজেলার ভমবাগ গ্রামের শম্পা (২৪) ও ঢাকার যাত্রাবাড়ীর মুন্নি (১৬)।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, অজ্ঞাত এক দালালের মাধ্যমে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সিলেটের জাফলং এলাকায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুই নারীকে ভারতে বাসাবাড়িতে মাসিক ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবককে বিভিন্ন কোম্পানিতে মাসিক ৩৫ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার কথা বলা হয়।
পরবর্তীতে মিজান নামের এক ব্যক্তি তাদের নলজুরি বড়ইতলা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থান করে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গোয়াইনঘাট থানার তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় দুই নারীসহ সাতজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, উচ্চ বেতনের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ওই সাতজন নলজুরি বড়ইতলা এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দালালদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
১২ দিন আগে
সিলেট সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি সেতুর কাছ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১২) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘিলাতৈল ফুলবাড়ি সেতু এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হবে।
৩৩ দিন আগে
টেকনাফ সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনীর ৩ সদস্য আটক
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির হাতে দীর্ঘদিন জিম্মি থাকার পর পালিয়ে নাফ নদ পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সরকারি বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) আদালতে হাজির করা হলে আদালত তাদের কক্সবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটকরা হলেন— বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য ও একজন দেশটির সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গতকাল (সোমবার) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদ সীমান্ত দিয়ে পানির পাত্রের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন তিনজন। এরপর সীমান্তে দায়িত্বরত টেকনাফ-২ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানান, তারা প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি ছিলেন। সম্প্রতি তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে নাফ নদ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। আজ (মঙ্গলবার) কক্সবাজার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠান।
৭৬ দিন আগে
অনুপ্রবেশ বরদাশত করা হবে না, বৈধ বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো ধরনের অনুপ্রবেশ বাংলাদেশ বরদাশত করবে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বৈধ বাংলাদেশি নাগরিকদের তালিকা পাঠানো হলে জাতীয়তা যাচাই করে আইনানুগ প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের শহিদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ-ইন’-এর অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত সতর্ক অবস্থানে আমরা প্রতিটি পুশ-ইন সফলভাবে প্রতিহত করেছি।
তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে এ ধরনের প্রচারণা চালানো হতে পারে, যার সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সবসময় ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, যদি বৈধ বাংলাদেশি নাগরিকদের উপস্থিতির সুনির্দিষ্ট তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিধি অনুযায়ী পাঠানো হয়, তবে বাংলাদেশ সরকারের যথাযথ আইনি প্রক্রিয়ায় জাতীয়তা যাচাইয়ের মাধ্যমে তাদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে কোনো ধরনের অনুপ্রবেশ বরদাশত করা হবে না।
জাতীয় নিরাপত্তা জোরদার ও সীমান্ত সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিজিবির প্রস্তাবের ভিত্তিতে ১০৮ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এটি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
৭৭ দিন আগে
দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৫টার দিকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। প্রাথমিক আইনগত কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রক্রিয়া চলছে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কর্নেল নাজমুল হাসান।
১২৭ দিন আগে
কারাভোগ শেষে ভারতে ফিরলেন অনুপ্রবেশকারী নারী
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে আটকের পর ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নারীকে দেশটির অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ক্যাম্পের সুবেদার মো. এনামুল হক। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ক্যাম্পের সহকারী কমান্ডার রাজেশ কুমার।
ফাল্গুনী রায় ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার শিংড়ি টেংরা কলোনি গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক তুহিন জানান, গত ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দালালের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ফাল্গুনী রায়। পরে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন।
দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে আট মাস সাজাভোগ শেষে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দর্শনা সীমান্ত দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন উপপরিদর্শক তুহিন।
২১১ দিন আগে
ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে ফেনীতে বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক
জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের দায়ে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তাদের মধ্যে ১৩ জনকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী রিটার্নিং কর্মকর্তা পৃথা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এ সময় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। আটকদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১৩ জনকে জরিমানা করা হয়েছে। অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
২৩৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আজ (রবিবার) সকাল পৌনে ৮টার দিকে বিভীষণ সীমান্তের ২১৯/৭১-আর নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে অনুপ্রবেশকারী ৫ জনকে আটক করে বিওপির টহল দল।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান যে তারা বাংলাদেশি নাগরিক। নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা তারা। কাজের জন্য তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে পুলিশের হাতে ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ তারা দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করেছে।
তিনি আরও জানান, আটকদের ঠিকানা ও বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত হওয়ার জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, বিজিবি আটকদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
২৮১ দিন আগে
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বেনাপোলে গ্রেপ্তার ২
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম (২২) পাবনা জেলার সদর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলাম (২২) সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে ধান্যখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন জাহিদুল ও জহিরুল। সে সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা ক্যাম্পের বিজিবির একটি টহলদল তাদের জেলেপাড়া নামক এলাকা থেকে আটক করে।
আরও পড়ুন: গোয়াইনঘাট সীমান্তে উত্তেজনা, স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, পাঁচ বছর আগে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ বিষয়ে ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া বিজিবি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, আটকদের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
৫১৩ দিন আগে