খোয়াই নদী
খোয়াই নদীর স্থায়ী সমাধানে ব্যারেজ বা স্লুইস গেইট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, হবিগঞ্জের খোয়াই নদীর সমস্যার স্থায়ী সমাধানে ব্যারেজ কিংবা স্লুইস গেইট—যেটি প্রযোজ্য, সে প্রকল্প গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেড় মাসের ব্যবধানে গত রবিবার সকালে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দেয়। এতে দ্রুত পানি লোকালয়ে প্রবেশ করে আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
হবিগঞ্জ শহরকে বন্যার পানিতে প্লাবিত হওয়া থেকে রক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হবিগঞ্জ শহর যাতে বন্যার পানিতে প্লাবিত না হয়, সেদিকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন এসব প্রকল্পের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্ষার শেষে সেই প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ শুরু হবে।
খোয়াই নদীর সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘ব্যারেজ নাকি স্লুইস গেট করতে হবে—স্থায়ী সমাধানের জন্য যে যে প্রকল্প নেওয়া উচিত দ্রুত সময়ের মধ্যে তা গ্রহণ করা হবে। আগামীতে যেন এই এলাকার মানুষ নদী ভাঙনের মুখে না পড়েন, সে ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করব।’
নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, যারা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদী যাতে ভাঙনের কবলে না পড়ে, সেদিকে প্রশাসন ও আমরা কঠোর অবস্থানে রয়েছি।
এ সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনসহ পানি সম্পদ মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১০ ঘণ্টা আগে
হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ পরিদর্শন করার পর পরই আবারও ভেঙে গেল খোয়াই নদীর বাঁধ।
রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাঁধ মেরামত কাজ পরিদর্শনে যান জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের এমপি জি কে গউছ। এ সময় তিনি কাজের মান দেখে বাঁধ টিকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন।
এর আগে, গত ৯ জুলাই রাতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ নামকস্থানে প্রবল স্রোতে নদীর ২০০ ফুট বাঁধ ভেঙে যায়। এতে আমন ধানের জমি, শাকসবজির খেতের ব্যাপক ক্ষতি হয়। প্রায় ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ পানিববন্দি হয়ে পড়েন। জরুরি বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় এক কোটি টাকার প্রকল্প গ্রহণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হুইপ পরিদর্শনের আধ ঘণ্টা পরই পানির তোড়ে বাধ ভেঙে যায়। এতে পুনরায় পূর্বের জমি অন্যান্য স্থানগুলোতে পানি প্রবেশ করছে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, বাঁধের কাজ খুবই নিম্নমানের হচ্ছে।
তবে ঠিকাদার টিপু আহমেদ কাজ সঠিকভাবে হচ্ছে জানিয়ে বলেন, হঠাৎ ভারতের অংশে স্লইসগেট খুলে দেওযায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ৮৮ লাখ টাকার কাজের মধ্যে দুই তৃতীয়াংশের কাজ শেষ হয়েছিল। এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়ে গেছে।
তিনি আরও জানান, প্রায় ২০০ ফুট লম্বা, ৩০ ফুট প্রস্থ ও ৩০ ফুট উচ্চতার এ কাজটিতে মাটি ভরাট, জিও ব্যাগ, জিও কার্পেট বসানো হবে। কিন্তু হঠাৎ পানি বেড়ে যাওযায় বাঁধের সমস্ত মাটি ও বালু ভেসে গেছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
২ দিন আগে
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত
গত দুই দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধ ভাঙনে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘ত্রিপুরা রাজ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ফলে খোয়াই নদীর উৎসস্থলে ব্যারেজের ৭টি গেইট খুলে দেওয়ায় বন্যা দেখা দিয়েছে।’
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে: এফএফডব্লিউসি
এছাড়া বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টায় নদীর পানি মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯০ ও বাল্লা পয়েন্টে ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী।
তিনি আরও বলেন, ‘হবিগঞ্জের জালালাবাদে পুরোনো ভাঙন দিয়ে প্রবলবেগে নদীর পানি বের হয়ে যাওয়ায় হবিগঞ্জ শহর রক্ষা বাধ ভাঙন থেকে রক্ষা পেয়েছে।’
এছাড়া শামীম হাসনাইন আশা করছেন যে, উজানে বৃষ্টিপাত বন্ধ হলে নদীর পানি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
আরও পড়ুন: কুমিল্লায় বন্যার আশঙ্কা, ফেনী-চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: এফএফডব্লিউসি
৭৩৪ দিন আগে
হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকার খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু জুনাইদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
জুনাইদ মিয়া (৮) উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার সন্তান।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জুনাইদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
উল্লেখ্য, মায়ের সঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে মোশাহিদ মিয়া ও জুনাইদ মিয়া বেড়াতে আসে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তার খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের খালাতো ভাই বাড়িতে এসে ডুবে যাওয়ার খবর দেয়। স্থানীয়রা চেষ্টা চালিয়ে মোশাহিদ মিয়ার লাশ উদ্ধার করে। অপর শিশু জুনাইদ মিয়ার খোঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৮৪৯ দিন আগে